‘স্বনন’ এর ২৫ বছর পূর্তিতে রাবিতে আবৃত্তি উৎসব
‘মিছিলের আভা জেগে ওঠে’ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আবৃত্তি সংগঠন ‘স্বনন’ এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আবৃত্তি উৎসব।
সকাল সাড়ে ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি মাহবুবুল আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক এবং রাবির সাবেক অধ্যাপক সনৎ কুমার সাহা।
উৎসব উপলক্ষে সকাল ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয কেন্দ্রীয় শহীদ মিনারে ২৫টি প্রদীপ জ্বালিয়ে দেশের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান স্বননের কর্মীরা।
প্রয়াত কবি শামসুর রহমানের ‘মিছিলের আভা জেগে ওঠে’ এবং নাজিম মাহমুদের ‘উজিরের ঘোড়ার গপ্প’ শিরোনামে একটি দ্বৈত এবং ১৫টি একক আবৃত্তি পরিবেশন করা হয়। একক আবৃত্তি পরিবেশন করেন স্বনন এর আহবায়ক মাসুদ পারভেজ ও লিখা।
এছাড়া মোহাম্মদ কামাল, নিশাত জাহান, তৌফিক আলী, মাসবুরে সাত্তারসহ সংগঠনের অন্যান্য কর্মীরাও একক আবৃত্তিতে অংশ নেন।
স্বনন এর আহ্বায়ক মাসুদ পারভেজ জানান, প্রয়াত কবি শামসুর রাহমানকে উৎসর্গ করা হয়েছে উৎসবটি।
