রাজশাহীতে দুদিনব্যাপী আবৃত্তি উৎসব
‘উৎসব মানে মুক্তির পথ। একেকটি উৎসবে মানুষ সেইসব পথ ধরে নতুন হয়ে ওঠে। এখন মানুষ নানাভাবে রুদ্ধ হয়ে আছে। আমাদের চারপাশে কেবলই খাঁচা। সাংস্কৃতিক উৎসবগুলো পারে মানুষকে খাঁচা থেকে বের করে আনতে।’
শুক্রবার সকালে উপমহাদেশের প্রখ্যাত কথাশিল্পী হাসান আজিজুল হক রাজশাহীতে দু’দিনের আবৃত্তি উৎসবের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে এবং স্বনন ও রাজশাহী আবৃত্তি পরিষদের ব্যবস্থাপনায় রাজশাহীর পদ্মা মঞ্চে শুক্রবার সকালে আঞ্চলিক আবৃত্তি উৎসব ও কর্মশালার উদ্বোধন করেন অধ্যাপক কবি রুহুল আমিন প্রামাণিক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হাসান আরিফ, কবি মোহাম্মদ কামাল ও উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব শরীফ আহমেদ বিল্টু।
উদ্বোধনের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা নগরী প্রদক্ষিণ করে।
বিকেলে পদ্মা মঞ্চে আবৃত্তিতে অংশ নেয় রংপুর স্বনন, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বনন ও কথক আবৃত্তি সংগঠনের শিল্পীরা। এ ছাড়া বৃহত্তর রাজশাহীর বিভিন্ন সংগঠনের শিল্পীরা একক আবৃত্তিও পরিবেশন করেন।
উৎসবের দ্বিতীয় দিনে শনিবার বিকেলে উৎসবে অংশ নেবে বগুড়ার দৃষ্টি, নওগাঁ আবৃত্তি পরিষদ, সাতক্ষীরার সাম্প্রতিক আবৃত্তি সংসদ, প্রতিধ্বনি, রাজশাহী আবৃত্তি পরিষদ ও সুন্দরম।
