অলকেশ ঘোষের ‘প্রকৃতির রূপকাব্য’ বেঙ্গল গ্যালারিতে
সরল স্বীকারোক্তি অলকেশ ঘোষের-আঁকাআঁকি জিনিসটা সহজ, কিন্তু গুছিয়ে কিছু বলা অনেক কঠিন। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে কিছু একটা বলতে হবে এই ভয়টা তাড়িয়ে বেড়াচ্ছে তাকে অনেকদিন ধরে। অনেক চেষ্টার পরও মুক্তি পেলেন না তার হাত থেকে।
মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন তিনি। তেমন কিছুই বলার ছিল না। বরং প্রচারবিমুখ এই শিল্পী সম্পর্কে একটানা বলে গেলেন রফিকুন নবী, শিল্প উদ্যোক্তা আনিসুল হক এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
২১ এপ্রিল বেঙ্গল শিল্পালয়ে এভাবেই উদ্বোধন হয়েছে শিল্পী অলকেশ ঘোষের ‘প্রকৃতির রূপকাব্য’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী।
অলকেশ এবং আনিসুল হক একসঙ্গে স্কুলে পড়তেন জামালপুরে। কেমন ছিলেন সে সময়ের অলকেশ-জানাতে গিয়ে বললেন, “অর্ন্তমুখী স্বভাবের একটা ছেলে। অনেক কিছুই ভাবত, অথচ প্রকাশ করতে পারত না। এমনকি যে মেয়েটিকে তার ভালো লাগত তাকেও বলা হয়নি কিছুই। অন্যের হয়ে চিঠি দিয়েছে মেয়েটিকে, নিজে কিছু লেখেনি। অবশ্য তখন থেকেই তার কিছু ভাবনার বহিঃপ্রকাশ দেখতাম ওর খাতায়। ক্লাসের ফাঁকে ছবি আঁকত। ব্যক্তি অলকেশ তখন থেকেই পানির মতো সরল। অনেক কিছুর মধ্যে তার এই গুণটি চোখে পড়ত সবার আগে।”
শিল্পী রফিকুন নবী বলেন, “আমি অলকেশের জলরঙের ভক্ত। আমি নিজে জল রং বেশি করি সেজন্য কিনা জানিনা, যারা জল রং করে তাদের প্রতি আমার আলাদা একটা টান আছে। অলকেশকে আমি চিনি ১৯৬৭ সাল থেকে। তার সরলতা আমাকে বরাবরই আমাকে মুগ্ধ করেছে।”
তিনি আরো বলেন, “ছবি আঁকার মাধ্যম হিসাবে জল রং খুবই কঠিন একটি মাধ্যম। বলা যায় সবচেয়ে কঠিন মাধ্যম। এই কঠিন মাধ্যমে অলকেশ খুবই দক্ষতার সঙ্গে নিজেকে তুলে ধরেছে। আর এই বয়সে অন্যান্য শিল্পীরা যেখানে ১৬০টির মতো একক প্রদর্শনী করে ফেলে অলকেশের সেখানে এটি প্রথম প্রদর্শনী। কারণ তার ভেতর সারল্য আছে। সে আর সবার মতো না।”
এরপর তিনি প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর আগে ১৯৮১ সালে আমেরিকার বস্টনে একটি একক প্রদর্শনী করলেও বাংলাদেশে অলকেশের এটি প্রথম একক প্রদর্শনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, “একক প্রদর্শনী করতে আমার ভালো লাগে না। আর ভালো না লাগা ছাড়াও একক প্রদর্শনীর অনেক ঝামেলা। এত ঝামেলাও আমার ভালো লাগে না। প্রদর্শনীর জন্য ছবির ফ্রেম করতে হয়, সেটা বেশ টাকার ব্যাপার। যে টাকা লাগে প্রদর্শনী করতে তা দিয়ে উপকরণ কিনে আমি অনেক ছবি আঁকতে পারি। এসব কারণেই এতদিন একক প্রদর্শনী করা হয়ে ওঠেনি।”
প্রদর্শনীতে জল রংসহ অন্য মাধ্যমের ১৭৬টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী আগামী ৫ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
