২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ মার্চ থেকে শুরু জেন্ডার এবং উন্নয়ন যোগাযোগ মেলা

সমাজ পরিবর্তনে সামাজিক যোগাযোগ-- এই শ্লোগান সামনে রেখে প্রথমবারের মতো জেন্ডার ও উন্নয়ন বিষয়ক ভিন্নধর্মী এক মেলা আয়োজন করতে যাচ্ছে উন্নয়ন সংস্থা স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট (এসটিডি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 04:57 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

নারী নির্যাতন প্রতিরোধে চিত্রকর্ম, পোস্টার, কার্টুন, পটচিত্র, রিকশা পেইন্টিং এবং অডিও-- ভিজ্যুয়াল বিভিন্ন উপকরণের মাধ্যমে আয়োজিত এই মেলা চলবে ৬ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত।

ঢাকার সাত মসজিদ রোডে নবনির্মিত ছায়ানট সংস্কৃতি ভবনে অনুষ্ঠেয় এ মেলায় আরও থাকবে স্লাইড শো, পাপেট শো, পটগান, বাউল গান এবং পালা গান।

রোববার এসটিডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার এসব কথা জানান। এসময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির পরিচালক শাহীন রহমান, অ্যাডভোকেসি সেলের নাজনীন শিফা এবং অডিও--ভিজ্যুয়াল শাখার সিনিয়র কর্মকর্তা শবনম ফেরদৌসী।

৬ মার্চ মঙ্গলবার বিকেল ৩টায় তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সুইডেনের রাষ্ট্রদূত ব্রিট এফ হ্যাগস্ট্রম। অতিথি বক্তা হিসেবে দৈনিক সংবাদ এর সম্পাদক বজলুর রহমান, সমকাল এর সম্পাদক আবেদ খান, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী ও লেখক মফিদুল হক উপস্থিত থাকার কথা রয়েছে।

মেলার প্রথম দিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, দ্বিতীয় দিন জেন্ডার সংবেদনশীল ও কার্যকর যোগাযোগ উপকরণ বিষয়ে সেমিনার এবং শেষদিন সামাজিক স্বেচ্ছাসেবক সমাবেশ।

রঞ্জন কর্মকার জানান, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে এ মেলা আয়োজন করা হয়েছে। এবার দিবসটিতে মূল বিষয় বেছে নেওয়া হয়েছে -- ‘রাস্তাঘাটে মেয়েদের উত্যক্ত করা এবং অশালীন মন্তব্য করা মানবাধিকার লঙ্ঘনের শামিল।’ এ প্রসঙ্গে তিনি বলেন, “ইভটিজিং এ মুহূর্তে আমাদের সামাজিক জীবনে একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ থেকে মুক্তি পেতে এসটিডি দেশের ১৮টি জেলার প্রায় ৫০০ স্কুলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।”

তিনি জানান, যেসব পটচিত্র মেলায় স্থান পাচ্ছে সেগুলোতে ব্যবসা থেকে শুরু করে রাজনীতিতে নারীর অংশগ্রহণ তুলে ধরা হয়েছে। তেমনিভাবে রিকশার পিছনে আঁকা ছবিতেও নারী-- পুরুষের সমতা বিষয়ক বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আরও কিছু ব্যতিক্রমধর্মী যোগাযোগ উপকরণের চিন্তা--ভাবনা করা হচ্ছে, ভবিষ্যতে সেগুলোকেও কাজে লাগানো হবে।