বইমেলায় দর্শক সমাগম কমেনি, বিক্রি কমেছে
একুশে ফেব্রুয়ারির পর বই মেলায় ভিড় পাওয়া ভার। তবে রবিবার এর ব্যাতিক্রম ঘটেছে। সন্ধ্যার পর থেকেই দর্শক সমাগম প্রচুর বলা যায়। প্রকাশকরা দর্শক দেখে খুশি হলেও দিন শেষে ক্যাশ মিলিয়ে মুখ পানসে করেই ঘরে ফিরেছেন। অর্থাৎ বিক্রি হয়নি খুব একটা।
তবে লেখক আর প্রকাশকরা হাত গুটিয়ে ছিলেন না একেবারে। তার প্রমান পাওয়া যায় ২৪ টা বইয়ের মোড়ক উন্মোচন দেখেই। এর মধ্যে আওয়ামি লীগ নেতা ওবায়দুল কাদেরের ‘রচনা সমগ্র’ অনেকের আগ্রহ কেড়েছে। এ বইটি উন্মোচন করেন লেখক রাহাত খান। বদরুল আলম নাবিলের লেখা ‘শামসুর রাহমানের পত্র ও প্রেমপত্র’ বইটির মোড়কও উন্মোচন হয় রবিবার। উন্মোচন করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। এসময়ে নজরুল মঞ্চে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আবু সাঈদ, আনিসুল হক, সাজ্জাদ শরীফ প্রমুখ।
রবিবার নতুন বই প্রকাশ হয়েছে মোট ৬৯ টি। এর মধ্যে ড. মুহম্মদ জাফর ইকবালের ‘লাবু এলো শহরে’, আব্দুল মান্নান সৈয়দের ‘নির্বাচিত উপন্যাস’ এবং ড. হায়াত মামুদের ‘বেইমান তর্জমা’ উল্লেখযোগ্য।
