ভালোবাসায় কেটে গেল ভালোবাসার দিন
স্কুল পালিয়েছে তানিয়া। ধানমণ্ডি আট নম্বর ব্রিজ পেরিয়ে যে খোলা জায়গাটা সেখানে দাঁড়িয়ে আছে বিশ মিনিট ধরে। হাতে গোলাপ টোলাপ কিছু নেই, এমনকি কোন কার্ডের খামও না। তবে স্কুল ব্যাগটা বেশ ফোলা ফোলা। সেটার ভেতর কিছু থাকলেও থাকতে পারে। পাঁচ মিনিটের মধ্যে দেখা গেল রিকশা থেকে লাফ দিয়ে নামছে মি. রোমিও। এতক্ষণ বোবা সেজে থাকা মিস জুলিয়েটের মুখে যেন কথার খই ফুটলো এবার। একটানা হাত নেড়ে কথা বলে যাচ্ছে সে। মুগ্ধ হয়ে শুনছে ছেলেটি। তাদের চোখে মুখে ছড়িয়ে পরছে ভালোবাসার কোমল আভা।
বুধবার ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে ঢাকাসহ সারা দেশেই বিশেষ করে প্রেমিক প্রেমিকারা পরষ্পরের সাথে এভাবে শুভেচ্ছা বিনিময় করেছে। সবার চোখে মুখে ছড়িয়ে ছিল এরকম ভালবাসার আবেশ।
খুবই ব্যক্তিগত দিন এটি। তারপরও সংগঠনপ্রিয় বাঙালি বলে কথা। ছোটখাট কিছু সংগঠনও দিবসটি উপলক্ষে কিছু অনুষ্ঠানের আয়োজন করে। তবে বিশ্ব ভালবাসা দিবস উদযাপন পরিষদ প্রতি বছরের মতো এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করতে পারেনি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না পাওয়ায়। দেশে জরুরি অবস্থা থাকায় তাদের নিয়মিত কিছু আয়োজনেও বদল আনতে হয়েছে বলে জানান পরিষদের সভাপতি মুফতি আহমেদ। টিএসসি থেকে বাংলা একাডেমী বইমেলা পর্যন্ত র্যালির আয়োজন করেছে তারা বিকেল ৩টায়। প্রেমিক প্রেমিকাদের মধ্যে বিতরণ করেছে ১০০০ গোলাপ।
শুরুতে যে তানিয়ার কথা বলা হয়েছে তাকে জিজ্ঞেস করেছিলাম স্কুল পালিয়েছে কিনা। “কি করব ! নরমাল ড্রেস পরলে কি আম্মু আর আজকে বেরুতে দিত নাকি!” হাসতে হাসতে জানালো সে।
ছেলেটা বলল, “ নোভার স্কুল পলাতক মেয়ে গানটি শোনেননি?...‘রেশমি চুড়ি হাতে এলোমেলো চুল/ স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল...’ ও আমার স্কুল পলাতক মেয়ে।”
ধানমণ্ডি এলাকা জুড়ে বিস্তৃত যে লেক তার দু’পাড় জুড়েই রয়েছে অনেক সুন্দর সুন্দর বাসা। কিন্তু আজ সেসব বাসা নয়, তারচেয়ে অনেক সুন্দর আর সুন্দরতম ভালোবাসায় ছেয়ে ছিলো পুরো লেক এলাকা। চারদিকে কত যে আনন্দ!
মুমু আর সাকিব বসে আছে একবোরে লেকের কিনারা ঘেষে। একজনের হাতে একটা লাল গোলাপ অন্যজনের হাত খালি। জিজ্ঞাসা করলাম, “আরেকজনের গোলাপ কই?”
উত্তর এলো, “ও যা ভুলোমনা...সবকিছু এনেছে কিন্তু লাল গোলাপটাই আনতে ভুলে গেছে। আজকে এমন একটা চমৎকার দিন তাই তার সঙ্গে এটা নিয়ে আর ঝগড়া করলাম না।”
সকালের গুড়ি গুড়ি বৃষ্টি সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালবাসার উৎসব ছিল জমজমাট। মেয়েরা হলুদ শাড়ি আর ছেলেরা সাদা পাঞ্জাবি পরে ঘুরে বেরিয়েছে হেথা হোথা। তবে বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নিয়েছিল ছাদের নিচে।
২২ বছর বয়সের সাইফুলের হাতে ছিল তার প্রেমিকার হাত। বললো, “আমাদের সম্পর্ক হওয়ার পর এটাই প্রথম ভ্যালেন্টাইন’স ডে। ক্যাম্পাসেই আজ ঘুরে বেড়াবো ঠিক করেছিলাম। কিন্তু বৃষ্টির জন্য আটকা পরে গেছি।” ওরা বসেছিল কার্জন হলের এক করিডোরে। ওর প্রেমিকা লায়লাও অনেক লুকিয়ে চুরিয়ে আজ এসেছে এখানে। বাসায় টের পেলে সমস্যা হবে। তাই আজও ক্লাস ফাঁকি দিয়ে এসেছে ও সাইফুলের সাথে ভালোবাসার দিনটি উদযাপন করতে। সেও সাইফুলের হাতটা চেপে ধরে বললো, “আমি সাইফুলকে ভালবাসি। এই দিনটা ওকে ছাড়া কাটাবো এটা ভাবতেও পারি না।”
বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র ফয়সলের দয়িতা রিংকুর অতো লুকোছাপার ঝামেলা নেই। সে জানালো তারা প্রতিদিনই দেখা করে। কিন্তু আজকের ব্যাপারটা একটু অন্যরকম। “আমি মনে করি আজকের দিনটি অন্যদিন থেকে আলাদা। ভালবাসার মর্মবাণী উপলদ্ধি করার চেষ্টা করি এ দিনে।”
সান্ধ্যকালীন মাস্টার্স এর প্রতিবাদে সাংবাদিকতা বিভাগ ধর্মঘট ডাকায় লায়লার মন খারাপ। ওই বিভাগেরই তপন মাহমুদ বললো, ধর্মঘট না থাকলে দিনটা আরো মজার হতো আমাদের জন্য। তপন যদিও প্রেম করে না, তবুও ভালবাসার দিনটিকে সে তার মতো করে উদযাপন করে।
জগলুল হায়দার বুয়েটের ছাত্র। অপেক্ষা করছিলেন বান্ধবীর জন্য। বেশ ক’টা ক্লাস করে ক্লান্ত জগলুল, “তবু এই দিনে ‘ওর’ সাথে একটু দেখা একটু ঘোরাফেরা না করে কি থাকা যায়?” হায়দারের বান্ধবী পড়েন ঢাকা মেডিকেল কলেজে। তারও পরীক্ষার চাপ। তারপরও ভ্যালেন্টাইন’স ডের উপহার বিনিময় করতে ভুল করলো না ওরা।
যারা প্রেমে পড়েনি বা যাদের উপর প্রেমও পড়েনি তারাও বুধবার ভ্যালেন্টাইন’স ডে উদযাপন করেছে তাদের মতো করে। যেমন তপন। সে তার ছয় বন্ধুকে এই দিনের শুভেচ্ছা জানিয়েছে।
‘নো টু লাভ’ লেখা টি শার্ট পরে একদল তরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেরিয়েছে। এটা কেন? জিজ্ঞেস করায় তাদের একজন বলল, তারা ভালবাসার বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। আরেকজন বলল, “বুঝলেন না, এ্ভাবে যদি মেয়েদের মনোযোগ টানতে পারি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ফেরদাউস তার ছেলে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলেন। এই দিনটি তাদের কাছে বিশেষ কিছু না। “আমরা প্রতিদিনই ভালবাসি”। তারপরও এই দিনে উপহার বিনিময় করতে ভুল করেনি তারা।
