অন্যদেশের বইমেলা কেমন হয়
একুশের বইমেলা কেমন হয় তা তো আমরা জানি। কিন্ত বিশ্বের অন্য অনেক দেশে যেসব বইমেলা হয় সেগুলো কেমন। ওইসব মেলায় ঘুরে আসা লেখক প্রকাশকদের সাথে কথা বলে জানাচ্ছেন সিমু নাসের।
চিড়িয়াখানায় গেছেন কখনো? সেখানে কি হয়, ছোট ছোট খাঁচার ভেতর বন্দী হয়ে থাকে পশুপাখি আর বাইরে থেকে লোকজন তাদের দেখে আনন্দ পায়। আমাদের বইমেলা অনেকটা চিড়িয়াখানোর মতোই। প্রকাশকরা খুপড়ি মতো একটা স্টলে বই সাজিয়ে বসে থাকে, মেলায় আগতদের মধ্যে গুটিকয়েক কিছু বই নেড়ে চেড়ে দেখে কিনে নিয়ে যায়। আর বেশিরভাগই আসে মেলা দেখতে। বইতো আর সাংসারিক পন্য না, এটাকে এভাবে বিক্রির কোন মানে হয়না।” অনেকটা খেদ নিয়েই কথাটা বললেন অবসর প্রকাশনার স্বত্বাধিকারী আলমগীর রহমান। দীর্ঘদিন থেকেই তিনি জড়িত আছেন প্রকাশনা শিল্পের সঙ্গে। সেই সূত্রে দেশ ছাড়াও দেশের বাইরের বিভিন্ন বইমেলাতেও অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।
দেশের বাইরের বিভিন্ন বইমেলার মধ্যে ভারতের কলকাতার বইমেলাটা আমাদের কাছাকাছি। গত ৮-- ১০ বছর হয় অবসর প্রকাশনা অংশগ্রহন করছে কলকাতা বইমেলায়। সেখানকার পরিবেশ এবং স্টল বিন্যাস নিয়ে বাংলাদেশের অনেক প্রকাশকই উচ্ছসিত।
কাঠামোগত দিক বিবেচনা করলে কলকাতার বইমেলা আবার পুরোপুরিই আলাদা। সেখানে বই বিক্রির জন্য খুপড়ি আকারে স্টল বানানো হয়না। থাকে বিশাল বিশাল সব প্যাভেলিয়ান। বিশাল জায়গায় লোকজন আনন্দ নিয়ে বই কেনে। আলমগীর রহমানের মতে, “সেখানকার লিটল ম্যাগাজিনের স্টলগুলোও আমাদের বড় স্টলগুলির চেয়েও বড়। প্রচুর স্পেস। জায়গার কোন সমস্যা নেই।”
অনেকটা একই চিত্র দেখতে পেয়েছিলেন তিনি আগরতলা বইমেলায়ও। ২০০৫ সালে ওই বইমেলায় অংশ নিয়েছিলেন আলমগীর।
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক তার বর্নাঢ্য জীবনে ঘুরেছেন বিভিন্ন দেশ। ১৯৯৬ সালে তিনি গিয়েছিলেন জার্মানিতে। সেই সুবাদে ঘুরে এসেছিলেন ফ্রাঙ্কফুর্ট বইমেলা।
ফ্রাঙ্কফুর্ট মেলার বিশালতা দেখেই মুগ্ধ তিনি। “সে এক বিশাল ব্যাপার। সেখানে ঢুকলে মনে হয় বইয়ের স্বর্গরাজ্যে এসে পড়েছি। চারদিকে বই আর বই। এবং বই সম্পর্কিত নানান ঘটনা ঘটে চলছে সবসময়ই ।”
ফ্রাঙ্কফুটের বইমেলা একটি আন্তর্জাতিক বইমেলা। সেখানে পৃথিবীর নানান ভাষার বইয়ের পসরা সাজিয়ে বসেন প্রকাশকরা। আমাদের বইমেলার মতো ইচ্ছে হলেই একটা বই কিনে ফেললাম এমন সুযোগ নেই সেখানে। খুচরা নয়, বই সেখানে বিক্রি হয় লট ধরে।
বইই যদি কিনতে না পারা যায় তাহলে সাধারণ লোকজন মেলায় যাবে কেন? এমন প্রশ্নের জবাবে সৈয়দ হক জানালেন, “বই ক্রয় করতে না পারলেও একটা নতুন বইয়ের ঘ্রান একজন গ্রন্থপ্রেমিকের কাছে বড্ড উপাদেয়। তাঁরা নেড়েচেড়ে দেখতে পারেন আনকোড়া সব বই। তাছাড়া সেখানে প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িতদের পাশাপাশি লেখকরাও আসেন। তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন পাঠকদের সঙ্গে। প্রকাশকরা চুক্তিবদ্ধ হন লেখকদের সঙ্গে। নানান বিষয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ন সেমিনার, আলোচনা অনুষ্ঠান ইত্যাদি। সবমিলিয়ে সে এক মহাভোজ।”
কলকাতা বইমেলা প্রসঙ্গে সৈয়দ হক জানালেন, “আকারে প্রকারে কলকাতা বইমেলাও বিশাল। এর সঙ্গে আমাদের ছোট্ট পরিসরের বইমেলার তুলনা করা ঠিক না। আমাদের বইমেলা আমাদের নিজস্ব রুচি, সংস্কৃতি ইত্যাদির সমন্বয়ে ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে। এখানে যে শুধু আমাদের দেশ থেকে প্রকাশিত বইই শুধু পাওয়া যায় এটাও এই বইমেলার একটা নিজস্বতা এবং একটা ভালো দিক বলে আমি মনে করি।”
একুশের বইমেলার কিছু কিছু বিষয় নিয়ে তিনি বেশ ক্ষুব্ধ। বিশেষ করে এক প্রকাশনীর বই অন্য প্রকাশনীর স্টলে বিক্রি বিষয়ে নীতিমালা ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহবান জানান তিনি।
প্রতিদিন মেলা মঞ্চে অনুষ্ঠিত সেমিনার প্রসঙ্গে তিনি বলেন, “সেমিনারের পুরো দায় দায়িত্ব বাংলা একাডেমীর হাতে থাকা ঠিক না। এটার আয়োজক বাইরের কেউও হতে পারে। ফাঙ্কফুর্ট বইমেলার অনুকরণে মেলার ২৮ দিন ২৮ জন লেখককে সেখানে উপস্থিত করা যেতে পারে। লেখকরা তাদের কথা বলবেন। পাঠকরা তাদের কৌতুহল নিবৃত্ত করতে পারবে প্রশ্নোত্তরের মাধ্যমে।”
সৈয়দ হক আরো বলেন, “বইমেলাটা এখন হয়ে গেছে শুধু বই বিক্রির মেলা। সেটার সঙ্গে লেখককে সম্পৃক্ত করলে মেলা আরো আকর্ষনীয় হয়ে উঠবে। প্রতিদিন একজন করে লেখক বা কবিকে যদি ২ ঘন্টার জন্য মঞ্চ ছেড়ে দেওয়া যায় সেটা মেলার একটা বিশেষ আকর্ষণ হয়ে উঠবে সন্দেহ নেই।”
বইমেলার অবকাঠামো নিয়ে হক বলেন, “ বইমেলায় একটা সহজবোধ্য মানচিত্র থাকতে পারে যেটা দেখে লোকজন সহজেই তাদের কাঙ্খিত স্টল খুঁজে পায়। মেলার আয়তন বাড়াতে মেলাকে শুধু বাংলা একাডেমীর ভেতর সীমাবদ্ধ না রেখে তা সোহরাওয়ার্দ্দী উদ্যান পর্যন্তও বিস্তৃত করা যেতে পারে। এখন বইমেলার যে অবস্থা তাতে মানুষ বই দেখবে কি, ভিড় ঠেলে সামনে এগুনোই তো দায়।”
সময় প্রকাশনীর ফরিদ আহমেদ ৮-- ১০ বছর ধরে অংশগ্রহণ করছেন কলকাতা বইমেলায়। সেখানকার অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি জানান, “প্রতি বছর কলকাতার ময়দানে বইমেলা শুরু হয় জানুয়ারির শেষ বুধবার। আয়তনে অনেক বড় হলেও চারিত্রগত দিক থেকে আমাদের মেলার সঙ্গে এর বেশ মিল আছে। ”
“ কলকাতা বইমেলাতে প্রতিবছর একটি নির্দিষ্ট দেশকে ‘থিম কান্ট্রি’ ধরা হয়। বেশ কয়েক বছর আগে বাংলাদেশকেও একবার এ মর্যাদা দেওয়া হয়েছিলো। তবে কলকাতা মেলার সঙ্গে আমাদের পার্থক্য হলো আমাদের এখানে নিজেদের বই ছাড়া অন্য কোন দেশের বই প্রদর্শন এবং বিক্রির ব্যবস্থা নেই। আর কলকাতারটা হলো একটা আন্তর্জাতিক মেলা। সেখানে হরেক রকম বইয়ের পসরা সাজিয়ে বসেন বিভিন্ন দেশের প্রকাশকরা।”
দেশের বাইরেও প্রবাসী বাঙালিরা আয়োজন করে থাকে বইমেলার। এমনই কয়েকটি মেলায় যোগ দিতে এবছর আমেরিকা আর কানাডা যাওয়ার কথা বললেন তিনি। সেসব বইমেলার আয়োজন নিয়ে তিনি বললেন, “ প্রবাসী বাঙালিরা দেশ নিয়ে ব্যাপক উচ্ছসিত থাকে। সেখানে বইয়ের বিক্রিও যে মন্দ হয় তা না। জনপ্রিয় লেখকদের বইই বেশি বিক্রি হয়।”
কর্মসূত্রে আশির দশকে জার্মানিতে ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। সেখানেই তিনি দেখেছেন ফাঙ্কফুর্ট বইমেলা। স্মৃতিচারণ করে বললেন, “ফ্রাঙ্কফুর্টের মেলাটা আসলে বই বিপননের মেলা। সেখানে নানা ধরনের চুক্তি সম্পাদিত হয়। বইয়ের অনুবাদসত্ত্ব নিয়ে লেখক প্রকাশকদের আলোচনা হয়।”
কলকাতা বইমেলায় মিলন গিয়েছিলেন ১৯৯৭ সালে। সেবার কতকাতা বইমেলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিলো। তার কাছে মনে হয়েছে, “কলকাতার মেলাটা আসলেই এক এলাহি ব্যাপার। লোকজন টিকেট কেটে মেলায় ঢুকছে। আড্ডা মারছে, বই কিনছে। আমাদের বইমেলার আমেজ কিছুটা পাওয়া যায় সেখানে।”
অনন্যা প্রকাশনীর মনিরুল হক দেশের বাইরে বই নিয়ে গিয়েছেন কেবল কলকাতা আর উত্তর আমেরিকা বইমেলায়। দীর্ঘদিন ধরে অংশগ্রহন করছেন তিনি কলকাতা বইমেলায়। তিনি জানালেন, ওদের বইমেলা অংশগ্রহনকারীর সংখ্যা দিন দিন বাড়ছে আর আমাদেরটা মনে হয় কমে যাচ্ছে।
২০০৬ এর জুন মাসে তিনি গিয়েছিলেন উত্তর আমেরিকা বইমেলায়। সেখানে পাঠকদের কাছ থেকে যে ইতিবাচক সাড়া পেয়েছেন তাতে তিনি মুগ্ধ।
লেখক সৈয়দ মঞ্জুরুল ইসলাম দেশ বিদেশের বইমেলা প্রসঙ্গে সবসময়ই এগিয়ে রাখেন আমাদের ছোট্ট পরিসরের এই একুশের মেলাকে। তিনি মনে করেন এই মেলার সঙ্গে জড়িয়ে আছে আমাদের একান্ত অনুভূতি। যা অন্য মেলাতে নেই। তার দেখা অন্যসব মেলায় তিনি প্রকটভাবে খুঁজে পেয়েছেন বাণিজ্যের গন্ধ। তিনি বলেন, “আমাদের মেলা একটা প্রানের মেলা। নিজেদের লেখক, প্রকাশক আর পাঠকরা এসে এখানে নিজেদের মতো করে মেলাটাকে উপভোগ করে। এখানে নেই বিশ্বায়নের প্রভাব কোনো।”
