মধুর বসন্ত এসেছে
শীতকাল শেষ। বাতাসে এখনো ঠান্ডার আমেজ আছে বটে, তবে তাতে বসন্তের আগমনীও টের পাওয়া যাচ্ছে বেশ। হঠাৎ হঠাৎ দক্ষিণ সমীরণের আনন্দের দোলা বয়ে যাচ্ছে দেহেমনে। ঢাকা শহরে বসে টের না পেলেও একটু গ্রামাঞ্চলে গেলে আম্রমুকুলের মৃদু সৌরভও টের পাওয়া যাবে। গাছে গাছে নানাবর্ণের, নানা গন্ধের ফুল স্ফুটমান। রক্তাশোক, হিজল, রক্তপলাশ। কোকিলের কুহু রব, দোয়েল, পাপিয়া, শালিকের কিচির মিচির শব্দে যেন শীতের জড়তা ছেড়ে জেগে উঠতে চলেছে প্রকৃতি। দেহে মনে লাগছে মুক্তির দোলা। এ এমন ঋতু গৃহীরাও ঘর ছেড়ে বেরিয়ে আসে। কন্ঠে তাদেরও গুনগুনিয়ে ওঠে কত না সঙ্গীত। রবীন্দ্রনাথ থেকে আধুনিক, মিলন বিরহের নানাভাঁজে জেগে ওঠে সে। ‘মধুর বসন্ত এসেছে।’ ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে এসেছে দারুণ মাস....।’
পুরাণ বলে, যমুনার তীরে বসন্ত সমাগমে সবুজ বনে শত গোপীর মিলনমেলায় রাধা -- কৃষ্ণও রঙে রঙে রঙীন হয়ে উঠতেন একদা। তারই ফাগ হাজার হাজার বছর পেরিয়ে এখন বলিউড তক পৌছে গেছে। রুপালী পর্দায়ও তার ফল্গুধারা -- রং দে চুনারিয়া। তাতে শ্লীলতার মাত্রা কতটা থাকে সে নিয়ে আহাজারি করা খামাকাই। আদি দোলের রুপবিচার করতে গেলে একে নিতান্তই শিশুতোষ মনে হবে।
কবে থেকে দোলের শুরু নিশ্চিত করে বলা মুশকিল। নানা মুনির নানা মত। এর নামও বিভিন্ন। কোথাও দোরল কোথাও হোলি কোথাও ফাগুয়া। শান্তিনিকেতন রবীন্দ্রনাথ প্রবর্তন করেছিলেন বসন্তোৎসব।
বাংলাদেশে আমরা যে ‘পহেলা ফাল্গুন’ করি তার সাথে রবীন্দ্রনাথ প্রবর্তিত শান্তিনিকেতনের বসন্তোৎসবের মিল থাকলেও আদিতে তার সম্পর্ক কিন্তু হিন্দুদের দোলযাত্রার সঙ্গেই। তবে সুখের বিষয় হিন্দুদের এই উৎসবে ধর্মীয় দিকের চেয়ে তার লোকেৎসবের রূপটাই মুখ্য। তাছাড়া বাৎসায়ন তো কামসুত্রে বলেছেনই যে অনুষ্ঠানে সকলের সঙ্গে সম্মিলন হয়, ভাববিনিময় হয়, যেখানে আনন্দ সকলে ভাগ করে নেয় সেটাই উৎসব। বসন্তোৎসবের রঙের হোলিতে তাই বড় ছোট ভেদাভেদ থাকে না। জাতিবর্ণের বিচার হয় না।
কামসূত্রেও বসন্তোৎসবের উল্লেখ আছে। এটি তৃতীয় শতকের লেখা। কালিদাস বা শ্রী হর্ষের রচনাতেও (মালিবাগ্নিমিত্র কিংবা রতœাবলী) উল্লেখ রয়েছে এই উৎসবের। এবং সেটা দোলযাত্রার সুত্রেই। তবে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির কথা মানলে এটি ছয় হাজার বছর অগের প্রাচীন উৎসব। তিনি মনে করেন, বৈদিক যুগের বর্ষ আরম্ভের ধর্মীয় উৎসব ছিল এটি।
সেকালে সুর্যের উত্তরায়ন শুরুর সময়েই বছর গণনা শুরু হতো। দক্ষিণ দিক থেকে সুর্যের উত্তরের দিকে এই গতির পরিবর্তনকে বলা হতো দোলন। সেখান থেকেই এসেছে দোল।
দোলের সময় রং কাদা মেখে সং সাজারও একটা নৃতাত্বিক ব্যাখ্যা দিয়েছেন বিদ্যানিধি। আগে মানুষ মনে করতো বছরের পয়লা এভাবে নিজেদের কদাকার করে রাখলে যম তাদের দিকে ফিরে তাকাবে না। ফলে ওই বছরের জন্য বেঁচে যাবে তারা। উত্তর পশ্চিম ভারতে এখনো এই বিশ্বাসও লোকাচার প্রচলিত। এ ব্যাপারে আরেকটা লোককাহিনী আছে যার উৎস সম্পর্কে সঠিকভাবে কিছু জানা যায় না। তাতে বলা হয়, ফল্গু নামে এক দৈত্য ছিল। তাকে লিঙ্গপুরাণেও এ ব্যপারে একটা ভাষ্য রয়েছে। সেখানে দোলকে বলা হয়েছে ‘ফাল্গুনিকী’ এবং এ উৎসব লোকরঞ্জনের জন্য করা উচিত বলে উল্লেখ করা হয়েছে।
এক হাজার সালের দিকে লেখা আলবেরুনীর ভারতত্বেও এর উল্লেখ দেখা যায়। “ ফাল্গুনী পূর্নিমাতে ওদাদ অথবা ধোলা (দোলা) নামক নারীদের একটি বিশেষ পর্বানুষ্ঠান হয়।” নারীদের কেন বলা হলো এটা ঠিক পরিষ্কার নয়।
বসন্তবরণের এই রেওয়াজ শুধু ভারতীয় ভাবলে ভুল হবে। অন্য অনেক দেশে এর প্রচলন ছিল। এবং অনেকটা একইরকম ভাবে। ইরানেও বসন্তকালে নানারকম খেলা আর উৎসবের বিবরণ পাওয়া যায়। বিশেষ করে আদি গ্রীসে যে মদনোৎসব হতো তার সাথে ভারতীয় দোলের ব্যপক মিল রয়েছে। বসন্ত উৎসবকে ‘হিন্দু সাটারনালিয়া’ বলেও উল্লেখ করেছেন অনেক বিদেশী গবেষক। বাসাম লিখেছেন, ‘দি ফেস্টিভাল স্টিল সারভাইভস আন্ডার দি নেম অফ হোলি, দো লাভ-গড প্লেজ নো পার্ট ইন ইট’।
প্রেমদেবের ওই উৎসবে সুরামত্ত হয়ে পশ্চিমারা যা করতো তার বর্ণনা করা মুশকিল। রোমনারা উলঙ্গ হয়ে রোমের রাস্তায় ছোটছুটি করতেন। একই কান্ড ঘটতো জার্মানিতেও। দোলে অতোটা না হলেও অতীতে এ দিনটিতে আনন্দ উৎসব একটু মাত্রাছাড়াই হতো। এখনো দোলের দিন ভারতে পুলিশকে সজাগ থাকতে হয়।
বাংলা মুলুকে দোল কবে থেকে উৎসবে পরিণত হয়েছে সেটা ঠিক ঠিক করে বলা মুশকিল। মোগল আর রাজপুত মিনিয়েচার, ইতিহাসের পাতায় আর রবীন্দ্রনাথের কবিতায় অত্র অঞ্চলে দোলের কিছু চিত্র ফুটে আছে। পন্ডিতেরা বলেন, আগে এখানের শবরদের মধ্যে যে শাবোরোৎসব প্রচলিত ছিল তার সাথে দোলের বেশ মিল আছে।
মোগল আমলে হারেমে দোল খেলা হতো বলে তৎকালীন কিছু বিবরণে উল্লেখ রয়েছে। তাতে মুসলমান বাদশারাও যোগ দিতেন। আকবরের সৌজন্যে এটা আরো সহজ হয়ে উঠেছিল, সন্দেহ নেই।
আরো পরে আসা ফুর্তিবাজ ইংরেজরাও এই আনন্দ থেকে নিজেদের বঞ্চিত করেননি। জোব চার্নক ১৬৯০ সালে তৃতীয়বারের মতো যখন সুতানুটিতে আসেন তখনো এখানে জমজমাটভাবেই বসন্তের এই উৎসব হতো। যদিও পয়লাবার এই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে জোবচার্নকের কিছু সঙ্গীসাথী দেশীয়দের হাতে উত্তম মধ্যম ভোগ করেছিলেন এরকম একটা বয়ান আছে রাধাপ্রসাদ গুপ্তের রচনায়। পরে কোম্পানির সাহেবরা বেশ ভালোভাবেই মিশে গিয়েছিলেন এই রঙের খেলায়।
আরো পরে বাবুদের কোলকাতায় নাগরিক আমেজে পালিত হতে থাকে দোলের হোলি। কবি ইশ্বরগুপ্তের বর্ণনায় এর একটা চেহারা পাওয়া যায় এরকম :
দেখা হয় পরষ্পরে/প্রিয় সম্ভাষন করে /হাসি ভিন্ন অন্য কথা নাই।/ যার ইচ্ছা হয় যারে/আবীর কুমকুম মারে/পিচকারি কেহ দেয় কায়।/ উড়ায় আবীর যত/ কুড়ায় লোকেতে কত/জুড়ায় দেখিলে মন তায়।/ঢালিয়া গোলাপ জল/ অঙ্গ করে সুশীতল/মাঝে মাঝে হয় কোলাহল।/ হরি হ্যায় হরি হ্যায়/ পথিকে পিচকারি দেয়/আহ্লাদ সাগরে ঢলঢল/.... অধরে অম্বর বারি/মনোহর পিচকারী/পয়োধরে কুমকুম প্রহার।
পাকিস্তান আমলে এদেশে বসন্তবরণ উৎসব পালন করা কঠিন ছিল। হিন্দু সম্প্রদায় তাদের মতো করে দোল এর আয়োজন করতেন। তবে স্বাধীনতার পর সে বাধ ভেঙে গেলেও জাতীয়ভাবে বসন্ত উৎসবের আয়োজন করতে বেশ খানিকটা সময় লেগেছে। এমনিতে বিভিন্ন সংগঠন আলাদাভাবে ঋতুবরণের আয়োজন করলেও জাতীয়ভাবে কাজটি শুরুটা হয় বাংলা ১৪০১ সাল থেকে প্রয়াত কবি শামসুর রাহমানের হাত ধরে। বহুজনের ভালবাসায় সিক্ত হয়ে এই উৎসব দিনে দিনে হয়ে উঠছে আরো প্রাণবন্ত, রংদার। আগামী দিনে যেন এতে অতিরঞ্জন না ঘটে বসন্তপ্রেমী সবার কাছে এটাই কাম্য।
