তথ্যকেন্দ্রের তথ্য দর্শনার্থীদের কাজে লাগছে বেশ
লাউড স্পিকার অথবা মাইকে দেওয়া পৃথিবীর সকল ঘোষণা কেন জানি নাকিস্বরে শোনা যায়। বইমেলাও এর ব্যতিক্রম নয়। সেখানে কিছুক্ষন থাকলেই যে কেউই শুনতে পাবে মাইকে কিছুক্ষণ পর পর একজন ভদ্রমহিলা নাকিসুরে মেলায় আসা নতুন বইয়ের নাম ঘোষণা করছেন। উৎস অনুসন্ধান করলে দেখা যায় জায়গাটার নাম তথ্যকেন্দ্র। চেয়ার সাজিয়ে বেশ কয়েকজন মহিলা নিজেদের ভেতর গল্পগুজব করছে আর একজন হয়তবা মাইক্রোফোন হাতে নিয়ে নাম ঘোষণা করে যাচ্ছে।
সমস্যাটা আসলে কোথায় সেটা বোঝা বড় দায়। নাকি কন্ঠে কথা বলার যোগ্যতা দেখে ঘোষক নিয়োগ দেওয়া হয় নাকি কথা যখন মাইক্রোফোনের তার গলে বাইরে বের হয় তখন সেটা নাকি কন্ঠের হয়ে যায় সেটা গবেষণার বিষয় হতে পারে। তবে আমাদের একুশের বইমেলার ঘোষণা বইমেলায় আগতদের বেশ কাজেই দিচ্ছে জানালেন কয়েকজন।
মোহাম্মদপুর থেকে আসা পারিসা ইসলাম জানালেন, “একটু আগে যে বইটার ঘোষনা দেওয়া হলো সেটাই এখন খুঁজছি। কিন্তু স্টলটা খুঁজে পাচ্ছি না। ঘোষণা না দিলে বইটা হয়তো খুঁজতামই না।”
তবে ভাবার কোনো অবকাশ নেই যে তথ্যকেন্দ্রে থেকে শুধু বই প্রকাশের ঘোষণাই দেওয়া হচ্ছে। সেখানে দেওয়া হচ্ছে হরেক রকমের ঘোষণা। নতুন বইয়ের মোড়ক উন্মোচনের খবর তো থাকেই। কোন স্টলে বিদ্যুৎ সমস্যা দেখা দিলেই তথ্যকেন্দ্রের মাইকে ডাক পড়ে বিদ্যুৎকর্মীর। সোমবার একজনের পকেটমারের ঘটনারও জানান দেয়া হলো সেখান থেকে। ফলে অন্যরা পকেটমার থেকে সাবধাণ হয়ে গেলেন দ্রুত।
এটা যেহেতু একপ্রকার মেলা কাজেই সেখানে নানা ধরনের শব্দ দূষণ থাকবেই। ঘোষণার বিপক্ষে না হলেও ইস্কাটনের এমদাদুল হক জানালেন, “খেয়াল করে দেখেন যেসব বইয়ের নাম উচ্চারিত হচ্ছে তাদের ভেতর কয়জনকে আপনি চেনেন বা ভালো বইয়ের নাম কয়টি।”
“প্রতিদিনই বইমেলায় গড়ে প্রকাশিত হচ্ছে অর্ধশতাধিক বই। তার ভেতর ভালো বই খুঁজে পাওয়াই মুশকিল। প্রকাশকরাই যে কেন টাকা গচ্ছা দিয়ে এসব বই প্রকাশ করে জানি না।” সেই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তানাজ্জুম যোগ করলেন, “একটা ভালো বই অনেকখানি চেনা যায় তার নাম দেখেই।”
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আজ বইমেলায় যেসব বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে তার মধ্যে রয়েছে আলফ্রেড খোকনের ‘মধুবৃক্ষ প্রতারণা বিষ’। প্রকাশক পাঠসূত্র। মোড়ক উন্মোচন করেছেন লেখক নিজেই। বিশিষ্ট উন্মোচনকারী পাওয়া যায়নি বলে নয়, এটাই পাঠসূত্র স্টাইল হিসেবে নিয়েছে বলে জানালেন পাঠসূত্রের স্বত্বাধিকারী রাজীব নূর।
তথ্যকেন্দ্রের হিসেব মতে মেলায় আজ বই এসেছে ৫৬টি।
