২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিদিনের বইমেলায় শোকের ছায়া

অমর একুশে গ্রন্থমেলায় জমজমাট ভিড়। বইপ্রেমী ক্রেতাদের মনে আনন্দ। ফি বছর এই মৌসুমে সব ধরনের প্রকাশক ও বিক্রেতার মনেও আনন্দ একটু বেশি থাকে। কিন্তু এই বইমেলার মাসেই মুখ থেকে হাসি মুছে গেছে এক ধরনের বইবিক্রেতার। এর ফুটপাতের বই বিক্রেতা। নীলক্ষেত, পল্টনসহ শহরের বিভিন্ন আনাচে কানাচে এরা মূলত পুরোনো বইয়ের পসরা নিয়ে বসেন প্রতিদিন। বহুবিচিত্র ধরনের, দেশ বিদেশের বিভিন্ন বই অল্প দামে বিক্রি করেন এরা। স্বল্প আয়ের লোকের পাঠতৃষ্ণা নিবারণে এদের ভূমিকা অসামান্য। এমনকি বিদ্বৎজনেরও পছন্দের জায়গা এই এলাকাগুলো। কারণ নিত্যদিনের দরকারি বই ছাড়াও অনেক দুষ্প্রাপ্য বইয়ের সন্ধান মেলে এই নিত্যদিনের বইমেলায়। কিন্তু এখন আর এই বইমেলা চলছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 01:35 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

নতুন তত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহনের পর থেকেই ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযানের ফলে উঠে গেছে এইসব ফুটপাতের দোকান। সে অভিযানের ধাক্কায় নীলক্ষেত-পল্টন মোটামুটি সাফ।

এই শুন্যতা হকারদের মনে যে হাহাকার জাগিয়ে তুলছে, কিছু ক্রেতার মনেও তার অনুরণন টের পাওয়া যায়। নিয়মিত এখানে বই কিনতে আসতে বাবুল খন্দকার। এখনো আসেন ভিতরের কিছু দোকান থেকে বই কিনতে। বললেন, ফুটপাতের দোকান বন্ধ করা খুবই ভালো হয়েছে। কিন্তু তাদের অন্য কোথাও বসার ব্যবস্থা না করে এটা করায় ক্রেতা  -  বিক্রেতা দু পক্ষেরই অসুবিধা হচ্ছে। এখন ওরা যদি এই পেশা বদলে ফেলে তাহলে সেটা আমাদের মতো লোকদের বিপদে ফেলবে।

পেশা তারা চট করে বদলাবে কিনা সেরকম কিছু জানা গেল না। বিক্রেতাদের অধিকাংশই এখনো আশায় আছে, কিছুদিন পর হয়তো আবার তারা এখানে বসতে পারবে। এই দুর্ভোগ সাময়িক। একারণেই অনেকেই এখনো এ জায়গা ছেড়ে নড়ছে না। বিক্রি বাট্টা তেমন না হলেও প্রতিদিনই হাতে বই নিয়ে তারা দাঁড়িয়ে থাকে। চোখে পরল ওদের কয়েকজন ফুটপাতের রেলিংধরে দাঁড়িয়ে আছে। হাতে ২৫/৩০টা করে বই। একটু পরপর একএক জন করে দাঁড়ানো।

- আপনারা বই বিক্রি করেন ?

- জ্বি, কি বই লাগবে ?

- বই লাগবে না, একটু কথা বলতাম। এখান থেকে হকার উচ্ছেদ করা হয়েছে, তবুও বই বিক্রি করছেন....?

- করছি, কিছু করে তো খেতে হবেরে ভাই।

- আর্মি এদিকে আসে না ?

-আর্মি দেখলে ফট্টাশ করে দৌড় লাগাই, সমস্যা হয় না।

- বিক্রি বাট্টা কেমন ?

- সেল একদম খারাপ। তবুও এখানে দাঁড়াই শুধু জায়গাটার দখল রাখার জন্য।

- মানে...?

- দেশে আর্মি বেশিদিন থাকবে না। যখন তখন চলে যাবে, থাকবে শুধু পুলিশ। তখন আবার এখানে ব্যাবসা করবো। কিন্তু ওদের ভয়ে যদি এখনই চলে যাই তাহলে এই জয়গার দখল থাকবে না।

- আচ্ছা, আপনি তাহলে আগে এখানে পালঙ্ক ফেলে ব্যাবসা করতেন ?

- জ্বি।

- আপনার নাম ?

- আমার নাম রায়হান।

ফুটপাতের পাশের দোকানগুলোর কোন অসুবিধা হচ্ছে না। ওগুলো বৈধ দোকান। তাদের বিক্রিবাট্টা বরং আগের চেয়ে বেড়েছে। এরকমই একটি মিতা বুক সেন্টার। মিতার বিক্রেতা অবশ্য এই হকার উচ্ছেদে খুব খুশি না।

- আপনাদের দোকানের সামনে থেকে যে হকারদের উঠিয়ে দিয়েছে সেটা ভালো হয়েছে না খারাপ ?

- ভালো খারাপ দুটোই আছে।

- কেমন ?

- ওদের উঠিয়ে দেয়ায় ফুটপাতে চলাচল করতে সুবিধা হয়েছে। মানুষ এখন খুশি মনে যাতায়াত করছে। আগে যারা এখানে আসতে চাইতো না, গ্যাদারিং মনে করতো, তারা এখন বই কিনতে আসছে। তাছাড়া ওদের উঠিয়ে দেয়ায় আমাদের কাষ্টমারও বেড়েছে।

- এতো ভালোর ফিরিস্তি, খারাপ কি হলো বলেন ?

- গরীব মানুষগুলোকে ব্যাবসা করতে দিচ্ছে না, ওরা খাবে কি, সংসার চালবে কীভাবে বলেন ?

- এটা অবশ্য ভালো বলেছেন। আপনার নাম কি ভাই ?

- আমার নাম লিটন।

হকারদের কাছ  থেকে বই কিনছিলেন ইডেন কলেজের অর্থনীতির দ্বিতীয় বর্ষের ছাত্রী তাসলিমা বেগম। কথা হলো তার সাথে।

- হকার উচ্ছেদ সম্পর্কে আপনার মন্তব্য কি ?

- কী বলবো বুঝতে পারছি না। এখান থেকে মাঝে মাঝে নতুন-পুরনো বই কিনি, এখন সেটা করতে কিছুটা সমস্যা হচ্ছে, এই আর কি !

পল্টনের অবস্থাও অনেকটা নীলক্ষেতের মতোই। ফুটপাতের জমজমাট বই ব্যাবসা এখান থেকেও বিতাড়িত। তবুও আর্মি-পুলিশের ভয়কে উপেক্ষা করে দু-এক জন এদিক সেদিক বই নিয়ে বসেছেন। ফুটপাতে চাদর পেতে বই বিক্রি করছেন তেমনি একজন, তার বইয়ের সম্ভার খুব কম নয়।

- ফুটপাতে চাদর পেতে ব্যাবসা করছেন, সমস্যা হয় না ?

- সেপাইরা দেখলে সমস্যা। আপনি কে, পুলিশ ?

- একা এত বই নিতে পারেন ?

- না ভাতিজা আছে, এক সাথে কাজ করি।

- উঠিয়ে দেবার পর আপনাদের অবস্থা এখন কেমন ?

- আমাদের অবস্থা খুব খারাপ। আয় রোজগার নাই বললেই চলে। এভাবে দৌড়ে দৌড়ে কি ব্যাবসা চলে বলেন ? আমরা এখন অভুক্ত থাকি। আমাদের অভুক্ত রেখে সরকার দেশের কী রকম উন্নতি করছে তা সরকারই জানে।

- কিন্তু ফুটপাত দখল মুক্ত করাকে সবাই ভালো বলছে।

- আপনারাই ভালো বলেন আবার আপনারাই ফুটপাতে কেনাকাটা করতে আসেন।

- তাহলে কি করলে ভালো হয় ?

-  আমাদের ফুটপাতে বসা যদি কারও ভালো না লাগে তাহলে আমাদের জন্য মার্কেট ঘর করে দিলেই হয়।