মহাখালি মোটেই খালি নয়, ভিড়ে ভিড়াক্কার
ঢাকা ছেড়ে মানুষ চলে যাচ্ছে আপজনজনের সঙ্গে ঈদ উদযাপন করতে। মূল যানবাহনের একটি হচ্ছে বাস। এছাড়াও আছে ট্রেন, লঞ্চ।
মহাখালী বাসস্ট্যান্ডে গেলাম বেলা ১ টার দিকে। নামের কোন সার্থকতা নেই। মহাখালি বাসস্ট্যান্ড না রেখে এর নাম রাখা উচিত ছিল মহাভিড়। এখান থেকে মূলত টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, বগুড়া, নওগা প্রভৃতি জেলায় যাওয়ার বাস পাওয়া যায়।
ভিড়ে সূঁচ গলানোর জায়গা নেই। হেলপার-সুপারভাইজারদের বিচিত্র সুরে চীৎকার চেঁচামেচির তরজার সাথে, হকার ভিক্ষুকদের তেহাই বেশ ভালোই জমেছে। বিরক্ত না হয়ে উপভোগ করার চেষ্টা করলে খুব অসুবিধা হয় না।
বাসস্ট্যান্ডের যাবতীয় অনাচার ভুলিয়ে রাখার একটা ক্ষীন প্রয়াস কিনা কে জানে, একদিকের দেয়ালে দেখা গেল ‘জমেলা সুন্দরী’ নামক একটি সিনেমার বিশাল পোস্টার শোভা পাচ্ছে সেখানে।
তবে ভিড়ের মধ্যে ঢুকলে পরে আর কোন ‘সুন্দরী’ কাজে আসে না। বারে বারে মনে হয় কেন এলাম (এই দুনিয়ায় নয়, বাসস্ট্যান্ডে), ঈদে বাড়িতে না গেলে কি হয়, ফিরে যাই ইত্যাদি। কিন্তু ভিড়ে ঢোকার পর আর ফেরার চেষ্টা কোন কাজে আসে না। তখন মন বিদ্রোহী হয়ে উঠলেও শরীর ভিড়ের ইচ্ছাধীন। সে যেদিকে নিয়ে যাবে সেদিকে যাওয়া ছাড়া গত্যন্তর নেই। সুতরাং..।
অবশ্য যাদের শরীর ম্যাজ ম্যাজ করে তারা ভিড়ের একদিক দিয়ে ঢুকে আরেকদিক দিয়ে বের হয়ে এলে ফ্রি মাসাজের সুবিধা পাবেন।
মহাখালী থেকে সাতরাস্তার মোড়ের দিকে রাস্তার দুপাশেই ছিল যানজট। তাই বাস টার্মিনাল থেকে দূরপাল্লার গাড়ি বের হতে বেশ বেগ পেতে হচ্ছিল।
এদিকে শিকারী আর শিকারের খেলা তো আছেই। শিকারের মতো ওৎ পেতে আছে বাসের হেলপার এবং সুপারভাইজাররা। একজন যাত্রী পেলেই হলো। সকলে মিলে শুরু করে দেয় টানাটানি। ছোটবেলায় একটা ছড়া পড়েছিলাম, সেটা মনে পরে গেল। ‘একটি গাধার দুদিক দিয়ে টানছে দুদল ছেলে।’
বাসের হেল্পার-কন্ডাক্টর সবাই বোঝায়, তার বাসে সুযোগ-সুবিধা বেশি, তাড়াতাড়ি যাবে, ভাড়া নেয়া হবে সবার থেকে কম। এহেন অবস্থায় অনেক গোবেচারা যাত্রীর সপরিবারে ত্রাহি মধুসূধন অবস্থা।
তবে অনেক সেয়ানাও আছেন। তারা সুচতুর হরিণের মতো সবাইকে পাশ কাটিয়ে নিজের পছন্দমতো কাউন্টার থেকে টিকিটটি কেটে নেন।
টিকেট ন্যায্যমুল্যে পাওয়ার আশা নেই। ন্যায়নিষ্ঠ মানুষদের সাথে তাই কাউন্টারে চলে বচসা।
অধিক ভিড়, অধিক ভাড়া ইত্যাদি বিষয় নিয়ে পাশের চায়ের দোকানে আসর গরম করছেন অনেকে। সেখানে অনিবার্যভাবে চলে আসছে সমকালীন রাজনীতি। নিরাপত্তা কর্মীদের দেখা গেল নিয়মিত টহল দিতে।
এরই মধ্যে দেখা গেল টার্মিনালের দক্ষিন দিকের পাবলিক টয়লেটে এক মাঝবয়সী ভদ্রলোক ‘ছোট’ টয়লেট সেরে বের হলেন। বের হয়েই বিপত্তি, তার কাছে ভাংতি দুই টাকা নেই, আছে ১০০ টাকার নোট। কিন্তু ছোট কাজের জন্য ভাড়া দিতে হয় ২ টাকা। টয়লেটের টাকা নেয়ার লোক ১০০ টাকা ভাঙ্গানোর বিরোধিতা করে মোটামুটি একটা ভাষণ দিয়ে দিল। ভদ্রলোকও পাল্টা ভাষন দেবেন, কিন্তু সমস্যা হলো ভদ্রলোকের বউ-ছেলেমেয়ে বাসে উঠে বসে আছেন, বাস বারবার হর্ণ বাজাচ্ছে ছেড়ে দেবে বলে। ভদ্রলোক তখন বাসে বসা তার স্ত্রীর থেকে ভাঙতি এনে টয়লেট চার্জ পরিশোধ করে বাসে গিয়ে উঠলেন।
বাসভর্তি মানুষ কলকল করে কথা বলছে। খানিক আগের বিড়ম্বনার কথাই আলাপ করছেন অনেকে। কেউ কেউ মোবাইলে ফোন করে প্রিয়জনদের জানাচ্ছেন যাত্রারম্ভের কথা। একটা বাচ্চা এতোক্ষন তারস্বরে চীৎকার করছিল। বাস ছেড়ে দেয়ায় সেও কান্নাকাটি থামিয়ে দিয়েছে। তার বাবা-মার মুখেও হাসি ফুটেছে।
নানা বিড়ম্বনা সয়ে শেষ পর্যন্ত যে তারা বাড়িতে যেতে পারছেন সেই আনন্দ ছাপিয়ে উঠেছে সকলের মুখে। দেশের বাড়িতে ঈদ করার আনন্দে এখন সবাই বিভোর। এই আনন্দের কাছে এসব কষ্ট তখন তুচ্ছই মনে হয়।
