২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যান্ডবিহীন ঈদের অডিও বাজার

ঈদুল আযহার পরপরই শুরু হবে নির্বাচনী তান্ডব। আর এই তান্ডবে অডিও বাজার যে খুব একটা বেশী জমবে না সেটা যেন আগেভাগেই টের পেয়ে গেছেন অডিও ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 04:35 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

তাই অন্যান্য বারের তুলনায় এই ঈদে অ্যালবামও প্রকাশ পাচ্ছে তুলনামুলক ভাবে কম। বিভিন্ন অডিও প্রতিষ্ঠান, রেকর্ডিং স্টুডিও এবং সংগীত শিল্পীদের কাছ থেকে এরকম তথ্যই পাওয়া গেছে।

অনেকেই বড় বাজেটের অ্যালবাম তৈরি করে রাখলেও বাজরে ছাড়ার সাহস পাচ্ছে না ফ্লপ হবার ভয়ে। ফলে বিশেষভাবে অভাব দেখা যাচ্ছে ব্যান্ড মিউজিকের। তার পরেও যাদের অ্যালবাম ঈদ উপলক্ষে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বা হতে যাচ্ছে তাদের মধ্যে আছেন-আসিফ, এস আই টুটুল, বাপ্পা মজুমদার, এস ডি রুবেল, মনির খান, এন্ড্রু কিশোরসহ বেশ কয়েকজন শিল্পী।

এ সময়ের ক্রেজ আসিফ এর ১৭তম একক অ্যালবাম ‘হৃদয়ের রক্তক্ষরণ’ বাজারে ছেড়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। অ্যালবামটিতে সুরারোপ ও সংগীত পরিচালনা করেছেন মনোয়ার হোসেন টুটুল, আজমীর বাবু, রাজেশ এবং পল্লব স্যানাল। গীতিকাররা হলেন-শহীদুল্লাহ ফরায়জী, প্রদীপ সাহা, আহমেদ রিজভী, মারজুক রাসেল, নীহার আহমেদ ও রবিউল ইসলাম জীবন। এছাড়াও আসিফ একাধিক মিশ্র এবং দ্বৈত অ্যালবামে কাজ করেছেন এবারে ঈদের জন্য।

যাদু মিউজিকের ব্যনারে শওকাত এর সুর ও সংগীতে প্রকাশিত হয়েছে ‘তুমি এলেনা’ অ্যালবামটি। যেটাতে আসিফ ও বিপ্লব এক সঙ্গে কন্ঠ দিয়েছেন। এতে গান লিখেছেন রাজীব আহমেদ. মারজুক রাসেল ও শওকত।

সাউন্ডটেক থেকে প্রকাশিত হয়েছে দ্বৈত অ্যালবাম ‘বেদনার অশ্রু’। এতে এন্ড্রু কিশোরের সাথে কণ্ঠ দিয়েছেন আসিফ। এই অ্যালবামের সবগুলো গানের কথা ও সুর দিয়েছেন হাসান মতিউর রহমান।

সিএমভি থেকে আসিফ, মনির খান ও এন্ড্রু কিশোরের অ্যালবাম ‘দুঃখ-কষ্ট-যন্ত্রণা’ প্রকাশিত হয়েছে। গানের কথা প্রদীপ সাহার, সুর করেছেন রাজেশ।

‘রং রঙ্গিলা’ অ্যালবামে রয়েছে আসিফ, মনির খান ও নাসিরের গান। প্রকাশিত হয়েছে স্যানবা মিউজিক থেকে। গীতিকার আহমেদ রিজভী ও সুরকার নাজির মাহমুদ।

বিউটি কর্ণার থেকে প্রকাশিত হয়েছে মনির খানের ৩৪তম একক অ্যালবাম ‘মনের মানুষ পাইলামনা’। এই অ্যালবামে সবগুলো গানের কথা লিখেছেন আহমেদ রিজভী ও সুর করেছেন নাজির মাহমুদ।

এস ডি রুবেলের ২৮তম একক অ্যালবাম ‘নিমন্ত্রন’ প্রকাশ করেছে সংগীতা। পল্লীকবি জসীমউদ্দিনের ‘নিমন্ত্রন’ কবিতাটিতে সুরারোপ করেছেন এস ডি রুবেল নিজেই। নিমন্ত্রন কবিতাটি গানে রূপান্তর করা ছাড়াও ৪টি নতুন গান লিখেছেন এস ডি রুবেল এই অ্যালবামে। বাকী গানগুলির কথা লিখেছেন দেলোয়ার হোসেন দুুলু ও জাকির মৃধা।

এন্ড্রু কিশোরের সঙ্গে ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবুর অ্যালবাম ‘বসন্তে বিরহ’ প্রকাশ করেছে ‘গাঙচিল’। এছাড়া এই প্রযোজনা সংস্থা ক্লোজআপ ওয়ান তারকা রাজীবের প্রথম একক অ্যালবাম ‘ডাংগুলি’ এবং ক্লোজআপ ওয়ানের শীর্ষ দশ তারকার একজন মাহাদীর একক অ্যালবামও প্রকাশ করেছে।

আরশী’র ব্যানারে শেষ মূহুর্তে বাজারে এসেছে এস আই টুটুলের প্রথম একক অ্যালবাম ‘রঙের মানুষ’। টুটুলের নিজের সুর ও সংগীতে অ্যালবামটিতে গান লিখেছেন জাহিদ আকবর, লুৎফর হাসান, সোমেশ্বও অলি ও কবির বকুল।

বাপ্পা মজুমদারের ৪র্থ একক অ্যালবাম ‘দিন বাড়ি যায়’ বাজারে এনেছে ইমপ্রেস অডিও। তার সুর ও সংগীতে অ্যালবামটিতে গান লিখেছেন-জুলফিকার রাসেল ও দীপন। এছাড়া এই প্রতিষ্ঠান থেকে বাপ্পা মজুমদারের সুর ও সংগীতে অভিনেত্রী-মডেল তিন্নির প্রথম একক অ্যালবাম প্রকাশিত হবে।

সদ্য প্রয়াত অডিও প্রযোজক আরজুকে উৎসর্গ করা অ্যালবাম ‘তোমার মনের মাঝে নেই প্রেম’ প্রকাশিত হয়েছে সোনালী থেকে। এতে গান করেছেন রবি চৌধুরী ও সাজু।

জনপ্রিয় লোকগানের শিল্পী মমতাজ এর একক অ্যালবাম ‘পিতলা ঘুঘু’ প্রকাশ করেছে সংগীতা।

এবারের ঈদে উল্লেখযোগ্য তারকাদের উপস্থিতি না থাকলেও অডিও প্রযোজনা সংস্থা জিসিরিজ থেকে বের হয়েছে ব্যান্ড তারকাদের মিশ্র অ্যালবাম জুুয়ের উইথ স্টারস। এছাড়া এই প্রতিষ্ঠান থেকে আরো কয়েকটি আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের অ্যালবাম প্রকাশিত হতে পারে বলে জি সিরিজ সূত্রে জানা গেছে।