শিল্পীদের বড়বেলায় ছোটবেলার বড়দিন
খৃষ্ট ধর্মানুসারী যে সব শিল্পী রয়েছেন বাংলাদেশে তারা ছোটবেলায় কীভাবে উদযাপন করতেন বড়দিন? আর এখনই বা কীভাবে করেন? সেটাই জানাচ্ছেন তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।
গির্জায় প্রতিবছর আমাকে কীর্তন পরিবেশন করতেই হতো
এন্ড্রু কিশোর, সঙ্গীতশিল্পী
আমার শৈশব, কৈশোর আর তারুণের স্বর্ণালী সময় কেটেছে রাজশাহী মিশনারী হাসপাতাল কোয়ার্টারে। মায়ের চাকুরির সুবাদেই সেখানে থাকতাম। বড়দিনে মুরুব্বীদের কাছ থেকে নতুন জামা, জুতা, নানারকম উপহার পেয়ে বেশ খোশ মেজাজে থাকতাম। গির্জায় প্রতিবছর আমাকে কীর্তন পরিবেশন করতেই হতো। এখনো মাঝে মধ্যে আমাকে রাজশাহীতে বড়দিন উদযাপন করতে যেতে হয়।
ঢাকার মিরপুরের গির্জাতে ২৫ ডিসেম্ববর সকালে আমার দুই সন্তানসহ পরিবারের সবাইকে নিয়ে প্রার্থনা করতে যাই। এবারো তাই করবো। সব বড়দিনেই বাবা, মায়ের আর্শীবাদ নিতাম। তবে এবার আর তাদের আর্শীবাদ নিতে পারবো না। মা মারা গেছেন মাস চারেক হলো। আর বাবাতো গত হয়েছেন বহুদিন আগে।
বড়দিনের পরের দিন রাজশাহীতে আমার একমাত্র বোনের বাড়িতে বেড়াতে যাব। এই দিনে কী করবো, কী পড়বো সবই ঠিক করে আমার স্ত্রী। বড়দিনের সময় দুই-তিনদিন সমস্ত কাজকর্ম থেকে দূরে থাকি।
প্রতিটি বড়দিনে আমি মায়ের কাছে থাকি
রিটন অধিকারী রিন্টু, সুরকার
ছোটবেলা থেকে এখন পর্যন্ত প্রতিটি বড়দিনে আমি মায়ের কাছে থাকি। আমার ছয় ভাই এক বোনও মায়ের সাথে বড়দিনটি কাটায়। পেশাগত কারনে দেশে বিদেশে যে যেখানেই থাকি না কোন বড়দিনে মায়ের কাছে সবাই ছুটে আসবই। মা’র বয়স ৯০ ছাড়িয়ে গেছে, থাকেন বরিশালে, বাপ-দাদার ভিটেয়। ছোটবেলায় বড়দিনকে মনে হতো স্রেফ আনন্দের উৎসব। আর এখন উৎসবের পাশাপাশি একে ত্যাগের শিক্ষাও মনে হয়। যীশু মানুষের মুক্তির জন্য যে ত্যাগ, তিতিক্ষা করেছেন সেটা মান্য করার প্রত্যয়েই আজকের বড়োদিনের উৎসব উদযাপন করা আমার প্রধান লক্ষ্য।
এবারের বড়দিনে আমি বরিশাল শহরের গীর্জায় প্রার্থনা করতে যাবো ২৫ তারিখ ভোর বেলায়। তারপর যথারীতি আত্মীয়-স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময়ে ব্যস্ত থাকবো সারাদিন।
পুরানো ঢাকার গীর্জায় কীর্তন প্রতিযোগিতায় অংশ নিতাম
অনিমা ডি কস্টা, সঙ্গীতশিল্পী
ছোটবেলায় বড়দিন এর ছুটিতে ভীষন মজা হতো। কাকাতো, মামাতো, ফুফাতো সব ভাই বোনেরা একসঙ্গে হৈচৈ করে ক্রিসমাস ট্রি সাজাতাম। সান্তাক্লজের সঙ্গে মজা করতাম। বড়দের দেখাদেখি গির্জায় গিয়ে প্রার্থনা করতাম। পুরানো ঢাকার গীর্জায় কীর্তন প্রতিযোগিতা হতো। সেটাতে অংশ নিতাম। ইচ্ছে মতো ছোটাছুটি করতাম বলে মা খুব বকা দিতেন। ছোটবেলার সেইসব দিনগুলোকে খুব মিস করি।
এবারের উৎসবে স্বামীসন্তানসহ ফার্মগেটের গির্জায় প্রার্থনা করতে যাবো। আত্মীয়-স্বজনদের বাসায় যাবো। আর বাসার আসা অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকবো।
বিভিন্ন টিভি চ্যানেলগুলোর ঈদের বেশ কয়েকটি গানের অনুষ্ঠানের শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি এখন। ২৫ ডিসেম্বরই হবে আমার উৎসব উদযাপনের একমাত্র দিন।
গ্রামের বন্ধুদের সঙ্গে কীর্ত্তন প্রতিযোগিতা ছিলো খুবই আনন্দের
প্রিয়া ডায়েস, উপস্থাপিকা ও অভিনেত্রী
ছোট বেলার বড়দিনের স্মৃতিগুলো ভীষন ভাবে এখনো নাড়া দেয় আমাকে। বিশেষ করে গ্রামের বন্ধুদের সঙ্গে বড়দিনের কীর্ত্তন প্রতিযোগিতা ছিলো খুবই আনন্দের। ২৫ ডিসেম্বর শুরু হবার দুই চারদিন আগে থেকেই সালাদ কেটে কেটে সারা বাড়ি সাজানো, বেলুন ফুলানো প্রতিযোগিতা, পটকা ফাটানোসহ নানাধরনের মজার মজার আয়োজনে ভরপুর ছিলো আমার ছোটবেলার বড়দিন। এখন বয়স হয়েছে, বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে এসেছি। তারপরের ছোটবেলার সেই স্মৃতিগুলো ভুলতে পারি না।
তবে এখকার বড়োদিনও কম মজার নয়। স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ীসহ আত্মীয় স্বজনদের নিয়ে বড়দিনের উৎসব উদযাপনের আনন্দও অন্যরকম।
এখন প্রত্যেক বড়দিনে যা করি সেটা হচ্ছে ২৪ ডিসেম্বর রাত ১২টার পর ফার্মগেট গির্জায় যাই। সেখানে দুই থেকে আড়াই ঘন্টা প্রার্থনা ও কীর্তন শুনে কাটাই। তারপর ফার্মগেটেই আমার ফুফুর বাড়ি আছে সেখানে বেড়াতে যাই। সারা রাত হৈ চৈ খাওয়া দাওয়া, নাচ, গান করে ভোর বেলায় নিজেদের বাড়ি ফিরে আসি। এবারো তাই করবো। এছাড়া সারাদিনে টনি আর আমার বন্ধু আর আত্মীয় স্বজনরা আসবে। তাদের আপ্যায়ন করবো। আড্ডা দেবো। পরদিন, মানে ২৬ ডিসেম্বর আমি আর টনি যাবো আমার বাবার বাড়ি গাজীপুরের পুবাইলে। এবারের বড়োদিনের পরিকল্পনাটা এরকমই হবে আশা করি।
নানাবাড়িতে গিয়ে পটকা, আতশবাজি, ফুটবল আর ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করতাম
টনি ডায়েস, অভিনেতা
ছোটবেলায় বড়দিনগুলো কেটেছে দুরন্তপনার মধ্যে। আমাদের গ্রামের বাড়ি নোয়াখালি হলেও ছোটবেলার বড়দিনগুলো কেটেছে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে। সেখানেই আমার নানাবাড়ি। নানাবাড়িতে আমাদের একটা দল ছিল। বড়দিনকে কেন্দ্র করে আমি আর আমার দল পটকা, আতশবাজি পোড়ানো, ফুটবল আর ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করতাম। ছেলেবেলার সেই স্মৃতি আর বন্ধুদের কাছে ফিরে যেতে চাইলেও ব্যস্ততার কারনে যাওয়া হয়ে ওঠে না।
এখনকার বড়দিন উদযাপন করি বন্ধবান্ধব. আত্মীয়-স্বজন নিয়ে। ছোটবেলায় সুবিধা ছিল বড়রা উপহার দিতেন। আর এখন আমাকে সে কাজটি করতে হয়। আমার ভালোই লাগে কাজটা করতে।
ধর্মীয় আচার অনুযায়ী ২৪ তারিখে বউকে নিয়ে ফার্মগেটের গির্জায় যাই। আর সেখানে কী কী করি আর কই কই যাই তাতো প্রিয়ার কাছ থেকেই জেনেছেন। তবে সত্যি বলতে নাটক আর চলচ্চিত্রে কাজের ব্যস্ততার ফাঁকে এই দুটি দিনই হবে আমার আর প্রিয়ার সবাইকে নিয়ে আনন্দ করার দিন। তারপর আবার সেই শুটিং, অ্যাকশন, ক্যামেরা, লাইট।
