সেন্ট নিকোলাসই কি সান্তা ক্লজ
যেকোন উৎসবেই শিশুদের আনন্দ সবসময়ই একটু বেশী। বিশেষ করে খৃস্ট ধর্মাবলম্বী শিশুরা সারা বছরই অপেক্ষা করে কবে বড়দিন আসবে। এই অপেক্ষার মূলে ধর্মীয় আবেগ যতটা না জড়িত তারচেয়ে বেশী জড়িত সান্তা ক্লজ।
সারা বছর ধরে বাচ্চারা পরিকল্পনা করে এবার সান্তা ক্লজের কাছে কি উপহার চাওয়া যায়। মোটাসোটা লাল স্যুট আর মাথায় হ্যাট পড়া সান্তা এখন তাই সারা বিশ্বের শিশুদের কাছে বড়দিনের আনন্দের প্রতীক। কিন্তু সান্তা ক্লজ লোকটি আসলে কে?
এ বিষয়ে জানতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। ঘটনাটা ২৮০ খৃস্টাব্দের। লিসিয়া শহরের প্যারারা নামক স্থানে জন্মগ্রহন করে এক শিশু। নাম তার নিকোলাস। পরে তিনি সেন্ট নিকোলাস নামে পরিচিত হন। নিকোলাস যখন সবেমাত্র কৈশোরে পা দেয় তখন তার বাবা মা দু’জনেই মারা যায়। উত্তরাধিকার সূত্রে ওই বয়সেই তিনি প্রচুর ধন সম্পত্তির মালিক হন।
ধনী হলেও তিনি ছিলেন খুব ধর্মভীরু। শিশুদের প্রতি মমতা ছিলো তার অপরিসীম। শিশুদের তিনি সবসময়ই আদর করে নানারকম উপহার দিতেন। এতে তাদের মুখে যে হাসি ফুটে উঠতো তা দেখে খুব আনন্দ পেতেন নিকোলাস।
তাকে নিয়ে নানা ধরনের লোককাহিনী প্রচলিত রয়েছে। তার একটা এরকম- একদিন সাগরে প্রচন্ড ঝড় ওঠে। সেই ঝড়ের কবলে পড়ে ডুবে মরো মরো অবস্থা হয় তিন নাবিকের। তখন তিনি তার অতিলৌকিক ক্ষমতা বলে থামিয়ে দেন সমুদ্রের সেই ঝড় এবং বেঁচে যায় তিন নাবিক। এ কাহিনী পরে নাবিকদের মুখে মুখে ফিরতে থাকে।
সবকিছু মিলিয়ে মাত্র ১৯ বছর বয়সেই প্রিস্টের পদমর্যাদা লাভ করেন নিকোলাস এবং পরে লিসিয়ার রাজধানী মায়রার বিশপ পদে অধিষ্ঠিত হন। তিনি মারা যান ৬ ডিসেম্বর ৩৪২।
সেন্ট নিকোলাস থেকে সান্তা ক্লজ নামটি পুরোটাই উচ্চারনগত পার্থক্যের কারনে হয়েছে। ডাচ ভাষায় সেন্ট নিকোলাস উচ্চারন করা হয় সিন্টারক্লাস। এই সিন্টারক্লাস পরিবর্তিত হয়ে সান্তা ক্লজ হয়েছে।
সান্তা ক্লজ বিষয়ে রাশিয়ান লোক কথাটি আবার একটু অন্যরকম। যিশুর জন্মের সময় তিন জ্ঞানী লোক যখন যিশুকে খুঁজে বেড়াচ্ছেন তখন বাবুস্কা নামের এক বৃদ্ধা তাদের ভুল পথে পরিচালিত করেন। এতে তিন জ্ঞানী লোক যিশুকে আর খুঁজে পায় না। কিন্তু কিছুদিনের ভেতরই বাবুস্কা ভুল বুঝতে পারে। ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে তারপর থেকে সে শিশু দেখলেই তাদের উপহার দিতে থাকে। তার আশা এর ভেতরই কোন শিশু হবে যিশু।
সান্তা ক্লজের ট্রেড মার্ক পোশাক হলো লাল আলখেল্লা আর লম্বা লাল টুপি। এটি এসেছে সেই সেন্ট নিকোলাসের পোশাক অনুসারে। ধারনা করা হয় বিশপ থাকা অবস্থায় নিকোলাস এই ধরনের পোশাক পরতেন।
উনিশ শতকের শেষদিকে এসে সান্তার অনেক কিছুতেই এসেছে পরিবর্তনের ছোঁয়া। কখনো সান্তা বেশ লম্বা চওড়া কখনোবা বেশ খাটো। তবে বেশীরভাগ সময়েই সান্তাকে বেশ মোটাসোটা গোলগাল আকারে দেখা গেছে। পোশাক আশাকেও এসেছে তার বেশ পরিবর্তন। লাল রংয়ের আলখেল্লার পরিবর্তে তাকে নীল, সবুজ আর বেগুনী রংয়ের ফার কোট অথবা স্যুট পড়তেও দেখা যায়।
সেন্ট নিকোলাস মূলত পায়ে হেঁটে তার উপহার সামগ্রী শিশুদের মধ্যে বিলি করতেন। কিন্তু সান্তাকে দেখা যায় নয়টি রেনডিয়ারের মাধ্যমে উপহার সামগ্রী বিলি করতে। তার মধ্যে সান্তাকে বহনকারী লাল নাকের রেনডিয়ার রুডলফ আবার উড়তেও পারে। সে উড়ে উড়ে এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে নিয়ে যায় সান্তাকে। সেখানে দেবদূতরা সান্তাকে খেলনা তৈরিতে সাহায্য করে। এইসব খেলনাই বছর শেষে সুবোধ শিশুদের মধ্যে বিলি করা হয়।
