শিলঙে রবীন্দ্রনাথ
তবে শিলঙে পৌঁছার পর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে কবির মন ভালো হয়ে যায়।
'রাণু, কাল এসে পৌঁচেছি শিলঙ পর্ব্বতে। পথে কত যে বিঘ্ন ঘটল তার ঠিক নেই।' ১২ অক্টোবর ১৯১৯ তারিখে শিলঙ থেকে রাণু অধিকারীকে লেখা চিঠিতে এ খবর দিয়েছিলেন রবীন্দ্রনাথ। এটি ছিল তাঁর প্রথম শিলঙ ভ্রমণ। ১৯১৯ সালের এপ্রিলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কবি নাইটহুড ত্যাগ করেন। এই ঝড়ো সময়ের শেষে বিক্ষুব্ধ মনের প্রশান্তির জন্যই হয়তো শিলঙের মতো কোনো জায়গা তাঁকে টানছিল।
যাত্রার শুরুতেই ঘটে হরিষে বিষাদ। অনিচ্ছাকৃত গঙ্গাস্নানের মধ্য দিয়ে নাজেহাল হন কবি। তিনি শান্তিনিকেতন থেকে প্রথমে কলকাতায় আসছিলেন। হাওড়া স্টেশানে নেমে নৌকায় গঙ্গা পার হতে হবে। কবিকে আড়কোলা করে নৌকায় তুলতে গিয়ে এক মাঝি ধপাস করে গঙ্গায় পড়ে যায় এবং ফলস্বরূপ জলে-কাদায় লুটোপুটির দশা হয় কবির। তবে দুর্ভোগ এখানেই শেষ হয়নি।
কলকাতা থেকে ট্রেনে সান্তাহার এসে গাড়ি বদল করে আসাম মেলে চড়লেন। সঙ্গে ছিলেন প্রতিমা দেবী, সস্ত্রীক দিনেন্দ্রনাথ ঠাকুর এবং পরিচারক সাধুচরণ। সম্ভবত গৌহাটির কাছে আমিনগাঁও নামের স্টেশানে নেমে খেয়া জাহাজে করে ব্রম্মপুত্র পাড়ি দিয়ে পাণ্ডুঘাটে আসেন এবং গাড়িতে চড়ে গৌহাটি যান। এবার পথে গাড়ি খারাপ হয়। সন্ধ্যা হয়ে যাওয়ায় গাড়ি সারানো গেল না। এখন রাত্রিযাপন কোথায় হবে! কাছে একটা ডাকবাংলোয় গিয়ে দেখা গেল সেখানে জায়গা নেই। নিরুপায় হয়ে ব্রম্মপুত্রের তীরে বাঁধা গোয়ালন্দগামী একটা জাহাজে আশ্রয় নেওয়া হলো। ঠাণ্ডা হাওয়ায় রাতে শুরু হলো দলের নারীদের কাশি আর হাঁপানি। পরদিন কোনোমতে একশ পঁচিশ টাকায় আরেকটা গাড়ি ভাড়া করা হলো। এ ভাড়া তখন আসামে একটা হাতির দামের চেয়ে বেশি। এবার নামল মুষলধারে বৃষ্টি। পাহাড়ি রাস্তায় বায়ুবেগে গাড়ি চালিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছা গেল শিলঙ পাহাড়ে। ওঠা হলো শহরের রিলবঙ এলাকায় 'ব্রুকসাইড' নামের বাংলোতে। অভিযান আর কাকে বলে!
তবে শিলঙে পৌঁছার পর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে কবির মন ভালো হয়ে যায়। পরের চিঠিতেই রাণুকে লিখেছেন: 'আজ এই সকালে উজ্জ্বল রৌদ্রালোকে চারিদিক প্রসন্ন। মোটা মোটা গোটাকতক মেঘ পাহাড়ের গা আঁকড়ে ধরে রোদ পোহাচ্ছে ... দেখতে পাচ্ছি দেওদার গাছগুলো লম্বা হয়ে দাঁড়িয়ে উঠে বাতাসে মাথা নেড়ে নেড়ে আকাশের মেঘের সঙ্গে ইসারায় কথা বলার চেষ্টা করছে। বাগানে ফুলগাছের চানকায় কত যে ফুল ফুটেচে তার ঠিক নেই -- কত চামেলি কত চন্দ্রমল্লিকা কত গোলাপ -- আরো কত অজ্ঞাতকুলশীল ফুল।'
এই ভ্রমণের মধ্য দিয়ে শিলঙ কবির মনে গভীর রেখাপাত করে। লীলা মজুমদার তাঁর আত্মজীবনী 'পাকদণ্ডী'তে জানিয়েছেন, কবিকে দেখতে শহরসুদ্ধ লোক ব্রুকসাইডে ভেঙে পড়েছিল। এক অনুষ্ঠানে 'রবীন্দ্রসংগীতের ভাণ্ডারী' হিসাবে খ্যাত দিনেন্দ্রনাথ তাঁর 'বাজের মতো গমগমে' কণ্ঠে গান করেন আর শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে কবি নিজে আবৃত্তি করেন 'পুরাতন ভৃত্য' কবিতা। ব্রুকসাইডের আশেপাশের মনোরম আবহ কবিকে জোগায় 'শেষের কবিতা' উপন্যাসের পটভূমি। হয়ত এখানেই তিনি কল্পনা করেছিলেন যোগমায়ার সেই বাড়ি যা অমিত-লাবণ্যের জীবনের নাটককে রসঘন করে তুলেছিল। কারো কারো মতে এ বাড়ির পাশে উমশিরপি নামের যে জলধারা রয়েছে সেটিই নাকি 'শেষের কবিতা'র নির্ঝরিণী, যার সঙ্গে অমিত তুলনা করেছিল লাবণ্যের: 'ঝর্না, তোমার স্ফটিক জলের স্বচ্ছ ধারা,/তাহারি মাঝারে দেখে আপনারে সূর্য তারা।'
আমাদের শিলঙ ভ্রমণের তৃতীয় দিন সকাল সকাল চলে গেলাম ব্রুকসাইড বাংলোতে। খুঁজে পেতে কোনো কষ্ট হলো না। শিলঙের ড্রাইভারদের কাছে এ জায়গা বেশ পরিচিত। বাইরের গেট পেরিয়ে পাইন আর ইউক্যালিপটাসের সারির মধ্য দিয়ে পৌঁছলাম অসমিয়া ডাকবাংলোর ডিজাইনে তৈরি সেই বাড়িতে। বাড়ির সামনে কবির ভাস্কর্য। তখন সাড়ে দশটা বাজে, কিন্তু হতাশ হয়ে লক্ষ করলাম 'রবীন্দ্রনাথ টেগোর আর্ট গ্যালারি' নামের মূল ভবন তালাবন্ধ। বৃষ্টির মধ্যে ঘণ্টাখানেক এদিক-ওদিক হাঁটাহাঁটি করার পর এসে উপস্থিত হলেন বাড়িটির নিরাপত্তা প্রহরী ববিকি। তত্ত্বাবধায়ক কোথায় নাকি গেছেন। ববিকিকে খুব অতিথিবৎসল লোক বলে মনে হলো না। কথা বলতেও অনাগ্রহী। যেন দয়াপরবশ হয়ে ঘরের তালা খুলে দিলেন আর আমরা ঘুরে ঘুরে দেখলাম কবির ব্যবহৃত পালঙ্ক, আরো কিছু আসবাব এবং তাঁর আঁকা ছবি। অল্পই জিনিস, তবু তো কবির স্মৃতি বহন করছে এগুলো।
শুনেছি এ বাড়িটি ভেঙে বহুতল ভবন নির্মাণের পাঁয়তারা চলছিল। সংস্কৃতিকর্মীদের চাপে ২০০৭ সালে মেঘালয় সরকার এটিকে হেরিটেজ ভবন হিসাবে ঘোষণা করে এবং ২০১১ সালে এর কিছু সংস্কার করা হয়। স্থানীয় লেখিকা উমা পুরকায়স্থ এবং আরো কয়েকজন ছিলেন এই বাড়ি-রক্ষা আন্দোলনের পুরোধা। ইতিমধ্যে একজন খাসিয়া পাখিপ্রেমী এসে গাছপালার নিচে পাখিদের দানা ছড়াচ্ছিলেন। তাঁকে জিজ্ঞেস করে জানলাম এখানে কিছু পাইন ও ইউক্যালিপটাসের বয়স এক-দেড়শ বছর পেরিয়ে গেছে। অর্থাৎ এরা রবীন্দ্রনাথের দৃষ্টির ছোঁয়া পেয়েছে! ভেবে রোমাঞ্চিত হওয়ার মতোই ঘটনা বটে!
তারপর গেলাম কাছেই আরেকটি বাড়ি 'জিৎভূমি' দেখতে। এখানে রবীন্দ্রনাথ ১৯২৩ সালের এপ্রিলে এসে উঠেছিলেন। ইতিমধ্যে এ বাড়ি হাতবদল হয়েছে। এখানেও কবির স্মৃতিজড়ানো কিছু বাদ্যযন্ত্র ও অন্যান্য জিনিস সংরক্ষিত আছে। এবারের শিলঙ ভ্রমণের বর্ণনা বেশ মজা করে কবি নিজেই দিয়েছেন জিৎভূমিতে বসে লেখা 'পূরবী' কাব্যের 'শিলঙের চিঠি' কবিতায়:
'গর্মি যখন ছুটল না আর পাখার হাওয়ায় শর্বতে,
ঠাণ্ডা হাওয়ায় দৌড়ে এলুম শিলঙ নামের পর্বতে।
মেঘ-বিছানো শৈলমালা গহন-ছায়া অরণ্যে
ক্লান্তজনে ডাক দিয়ে কয়, "কোলে আমার শরণ নে।"
ঝর্না ঝরে কলকলিয়ে আঁকা-বাঁকা ভঙ্গিতে,
বুকের মাঝে কয় কথা যে সোহাগ-ঝরা সংগীতে।
বাতাস কেবল ঘুরে বেড়ায় পাইন-বনের পল্লবে,
নিশ্বাসে তার বিষ নাশে আর অবল মানুষ বল লভে।
পাথর-কাটা পথ চলেছে বাঁকে বাঁকে পাক দিয়ে
নতুন নতুন শোভার চমক দেয় দেখা তার ফাঁক দিয়ে।'
হালকা সুরে স্বরবৃত্তে লেখা কবিতাটি বেশ দীর্ঘ। শিলঙের সৌন্দর্যের পাশাপাশি 'মাছি কাশি হাঁচি'র উৎপাতের কথাও কবি লিখেছেন। তবে এ কবিতায়ই আছে তাঁর বিখ্যাত দুই পঙক্তি: 'আমার মতে জগৎটাতে ভালোটারই প্রাধান্য/মন্দ যদি তিন-চল্লিশ ভালোর সংখ্যা সাতান্ন।'
জানা গেল, শিলঙে তখন উপস্থিত ছিলেন অধ্যাপক রাধাকুমুদ মুখোপাধ্যায় এবং ডাক্তার বিধান রায়। তাঁদের সঙ্গে কবির নিয়মিত দেখা হতো। এর কিছুদিন আগে রাধাকুমুদ বোম্বাইয়ের শিল্প এলাকায় গিয়েছিলেন। তাঁর কাছে কবি শিল্প-শ্রমিকদের দুরবস্থা সম্পর্কে এক মর্মস্পর্শী বর্ণনা শোনেন। এই বর্ণনাই কবির মনে 'রক্তকরবী' নাটকের বীজ বুনে দেয়। জিৎভূমিতে বসে লেখা শুরু করেন 'যক্ষপুরী।' পরে এর নাম দেন 'নন্দিনী।' দশবার সংশোধনের পর ১৯২৬ সালে তা 'রক্তকরবী' নামে বই হিসাবে বের হয়। এ যাত্রায় মীরা দেবী, প্রতিমা দেবী, পুপে এবং রাণু অধিকারী কবির সঙ্গে ছিলেন। রক্তকরবীর আভায় উদ্ভাসিত, উচ্ছল, বাঙ্ময় রাণুকে দেখে রবীন্দ্রনাথ যক্ষপুরীতে প্রাণের প্রতীক নন্দিনীর চরিত্র কল্পনা করেন এবং এ চরিত্রে অভিনয়ের জন্য রাণুকে মনোনীত করেন।
কবি তৃতীয় বার শিলঙ এসেছিলেন ১৯২৭ সালের মে মাসে। এবার ওঠেন আপল্যান্ডস রোডের 'সলোমন ভিলা' নামের সাহেবি বাড়িতে। ফিটফাট, কার্পেট পাতা, চারদিকে পরদা টানা এ বাড়িতে থেকে তিনি আগের শিলঙকে পাননি। চিঠিতে লিখেছেন: 'শিলঙ পাহাড় এখানে বোবা।' সলোমন ভিলায় তিনি শুরু করেন 'তিন পুরুষ' নামের একটি উপন্যাস যা পরে 'যোগাযোগ' নামে সমাদৃত হয়। এ বাড়ি আর দেখতে পারলাম না, কারণ তা ধ্বংসের হাত এড়াতে পারেনি। এখন সেখানে বহুতল ভবন উঠেছে।
'ঐকতান' কবিতায় রবীন্দ্রনাথ বলেছিলেন: 'আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি/আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনি।' স্বদেশ এবং পৃথিবীর যেকোনো প্রান্তে যত রূপ-রস-ধ্বনি তাঁকে স্পর্শ করেছে, তা-ই সোনালি শস্য হয়ে ফলে উঠেছে তাঁর সাহিত্যে। নিঃসন্দেহে শিলঙও কবির মানসলোকে এরকম অমৃতস্পর্শ দিয়েছিল। তাই তো তাঁর কিছু কালজয়ী সৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে শিলঙ।
