ব্রাসেলসের সন্ধ্যা ও মিনার মনসুরের নতুন কবিতা
১৯৮৩ সালে প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম কাব্যগ্রন্থ এই অবরুদ্ধ মানচিত্রে। এটি প্রকাশের পরপরই হইচই পড়ে গিয়েছিল বাংলাদেশ জুড়ে; তাঁর কবিতার প্রতিবাদমুখর, সুতীব্র দ্রোহের শব্দাবলির শক্তিতে। এতটাই যে, তৎকালীন স্বৈরশাসক তখন বইটিকে নিষিদ্ধ করে দিতে বাধ্য হয়েছিল।
মিনার মনসুর কবিতা লিখছেন চার দশকেরও অধিককাল ধরে। আজ থেকে ঠিক চল্লিশ বছর আগে ১৯৮৩ সালে প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম কাব্যগ্রন্থ এই অবরুদ্ধ মানচিত্রে। এটি প্রকাশের পরপরই হইচই পড়ে গিয়েছিল বাংলাদেশ জুড়ে; তাঁর কবিতার প্রতিবাদমুখর, সুতীব্র দ্রোহের শব্দাবলির শক্তিতে। এতটাই যে, তৎকালীন স্বৈরশাসক তখন বইটিকে নিষিদ্ধ করে দিতে বাধ্য হয়েছিল। এরপর মিনার মনসুরের আরও প্রায় গোটা পনেরোটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, যেগুলো মোটের ওপর বাংলা কবিতার মূলধারার রীতি ও নীতি, চেহারা ও চরিত্রের সঙ্গে সাযুজ্য রেখেই রচিত হয়েছে বলা চলে। তবে সাম্প্রতিক সময়ে তাঁর কবিতার শরীরে ও মনে, আঙ্গিকে ও বক্তব্যে একধরনের বাঁকবদলের আভাস পাচ্ছিলাম আমরা। আর সেটিই বুঝি একপ্রকার নিশ্চিত ও পরিপূর্ণভাবেই সম্পন্ন হল গেলবছরের একেবারে শেষদিকে কথাপ্রকাশ থেকে প্রকাশিত ব্রাসেলসের সন্ধ্যাটি ছিল মনোরম কাব্যগ্রন্থের দুই মলাটের মধ্যখানে; দৃপ্ত, দুর্দম ও দূরাভিসারী এক শক্তিমত্ত শব্দনদীর আদলে। কী নামকরণে, কী কবিতার বিষয়ভাবনায়, কী তার উপস্থাপনায় মিনার মনসুর তাঁর এই নবতম কাব্যগ্রন্থে নিজেকেই বহুদূর ছাড়িয়ে ও ছাপিয়ে গেছেন।
কবিতার বোদ্ধা পাঠকেরা জানেন মিনার মনসুরের হাতে ছন্দ, বিশেষ করে অক্ষরবৃত্ত, নৃত্যপর রাজহংসীর মতো স্ফূর্তি পেয়ে জেগে ওঠে তার পরিপূর্ণ বিভায়। এর বিপুল ও বিচিত্র বহিঃপ্রকাশ আমরা লক্ষ করেছি তাঁর পূর্বতন গ্রন্থসমূহে, অথচ এই বইটিতে তিনি তাঁর সেই প্রিয় পয়ারের ছন্দটিকে ছুটি দিয়ে আলিঙ্গন করেছেন গদ্য তথা মুক্তছন্দের জটিলতর এক নতুন বাকপ্রতিমাকে, অনেকটা যেন তাঁর মানস-প্রেরণা কবি সিকদার আমিনুল হকের কাফকার জামা কিংবা সতত ডানার মানুষ -এরই আদলে। এবং কী আশ্চর্য, এখানেও তিনি সমান সফল!
গ্রন্থের নাম কবিতাটি থেকেই একটি দৃষ্টান্ত দেওয়া যাক।
”ব্রাসেলসের সন্ধ্যাটি ছিল মনোরম। নিখুঁত। মান্যবর রাষ্ট্রদূত মহোদয় কবিতার মতোই সযত্নে নির্মাণ করেছিলেন সেই সন্ধ্যাটিকে। কেননা কিঞ্চিৎ কবিখ্যাতিও ছিল তাঁর। দুর্লভ এক ফুলদানির মতোই সবার নজর কাড়ছিল তাঁর ডিম্বাকৃতি কুসুমকোমল অবয়ব। কেননা সেখানে খেলা করছিল ভক্তি, আনুগত্য, পেশাদারিত্ব আর পলাশীর প্রান্তরের বিচিত্র সব আলো-অন্ধকার।
ঠিক তখনই বঙ্গোপসাগর থেকে ধেয়ে এসেছিল রক্তের সুনামি। এবং সেটি আছড়ে পড়েছিল সমস্ত কিছুর ওপর যেভাবে নেকড়ের অন্ধকার আচমকা লাফিয়ে পড়ে আলোর হরিণের ঘাড়ে।”
পাঠক লক্ষ করুন, মিনার মনসুর তাঁর কবিসত্তার মৌল চারিত্র তথা সময়, সমাজ, স্বদেশ ও রাজনীতিমনস্কতাকে সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখেও কী ভাষায়, কী ভঙ্গিতে, কী ভাবনায়, কী ব্যঞ্জনায় নতুনতর এক শিল্পচেতনা ও কাব্যভাষার প্রয়োগ ঘটান তাঁর এই কবিতায়। গ্রন্থভুক্ত মোট পঁয়তাল্লিশটি কবিতার সিংহভাগই এই ভাষায় ও এরকমই টানা গদ্যের আঙ্গিকে রচিত হয়েছে নতুনতর এক কাব্যভাষা ও ব্যঞ্জনা নির্মাণের অভিপ্রায়ে। আরেকটি উদাহরণ দেওয়া যাক ‘আমি হন্যে হয়ে তার ঘোড়াটিকে খুঁজি’ কবিতা থেকে।
”ধেয়ে আসছে রোরুদ্যমান রক্তস্রোত। অবিরাম অগ্নিবমন করছে নির্ঘুম সমুদ্রের ক্রোধে কম্পমান ধরিত্রী। নিরপরাধ করোটির গুরুভার তারা আর বইতে নারাজ। অথচ তুমি প্লাস্টিক দূষণ নিয়ে দুনিয়া মাতাচ্ছো! তোমার চতুরতাকে পরিহাস করছে অস্ট্রেলিয়ার উপকূলে সবংশে আত্মঘাতী তিমিদের অট্টহাসি। অথচ এমন দুর্দিনে আমার ঘোড়াটিকে আজ কোথাও দেখি না।
মাঝেমধ্যেই আচমকা উধাও হয়ে যায় সে। আবার ফিরেও আসে। কোথায় যায়, কেন যায়-- কিছুই বলে না। তার মেজাজমর্জি বোঝা কঠিন। আমি বলি....বাছা, তুমি তো আমারই ঘোড়া, নাকি? মানুষ যে কতো হাস্যকর এক মাংসপিণ্ড সেকি তোমার অজানা! এ অবেলায় কেন তবে এমন আত্মপীড়ন?
ঘোড়াটি নিরুত্তর।”
অনেকটা গল্পের ভাষায় কী অবলীলায় পৃথিবী ও পরিবেশ, প্রাণ ও প্রকৃতির মধ্যেকার নিগূঢ় আন্তঃসম্পর্কের জটিল ব্যাকরণ ও টানাপড়েনের সূত্রটিকে তুলে ধরেন এখানে কবি মিনার মনসুর। এরকমই একইসঙ্গে সুখপাঠ্য ও চিন্তাউদ্দীপক, সুসংবদ্ধ অথচ উড়ালপ্রবণ অজস্র উত্তীর্ণ কবিতার সমাহার এই গ্রন্থটি, যাদের মধ্যে তুমিই হাদি, তুমিই আদি; চক্রব্যুহ; সহস্র এক রজনীর গল্প; আয়নামহল; কিয়েভ থেকে লিখছি এ দীর্ঘশ্বাস; নার্সিসাস; সবাই তখন প্রমিথিউসকে খুঁজছিল কবিতা কটির কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়।
উপসংহারে এটুকুই বলার যে, মিনার মনসুর বিরচিত ব্রাসেলসের সন্ধ্যাটি ছিল মনোরম কাব্যগ্রন্থটির প্রকাশ এইসময়ের বাংলা কবিতার অঙ্গনে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ও উদযাপনযোগ্য ঘটনা। কবিকে আমাদের সম্মিলিত টুপিখোলা অভিনন্দন। অত্যন্ত দৃষ্টিনন্দন প্রচ্ছদে শোভিত ও মনোরম শৈলীতে মুদ্রিত এই যথার্থ সংগ্রহযোগ্য গ্রন্থটির বহুল পাঠ ও প্রচার কামনা করি।
