২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাহুল পুরকায়স্থ’র দুটি কবিতা

তোমার শরীরাভাসে সারি সারি গ্রন্থ শুয়ে আছে

রাহুল পুরকায়স্থ রাহুল পুরকায়স্থ

Published : 25 Oct 2023, 10:52 PM

Updated : 25 Oct 2023, 11:03 PM

কল্পযান

১.

পারাপারে যাবো আমি

          যদি তুমি চাও,

এই দেহ স্রোতগামী,

          পালে তোলো হাওয়া,

কামনাকঙ্কাল থেকে চাওয়া

          প্রদাহে অন্তিম

বলো মন, প্রদক্ষিণে যাবো আমি,

আমার শরীর ভরা জল,

নিশিপথরেখা আজ  কবিতাসম্বল

২.

কাহিনিরা মৃতপ্রায় হরিণের চোখ

দৃষ্টিতে সবুজ পাতা ক্রমে ক্রমে শুষ্ক হয়ে আসে,

পতঙ্গেরা ঘোরে-ফেরে,

ফড়িংয়েরা উড়ে এসে দৃশ্যপথে বসে

তারাও কি মরে যাবে হরিণের সাথে

               কাহিনির শেষে!

Image

চিত্রকর্ম:

জলে লেখা কবিতা

তোমার শরীরাভাসে সারি সারি গ্রন্থ শুয়ে আছে,

জলে ভেজা কোনো বই,

             কোনোটিতে রোদ-পোড়া দাগ,

স্মৃতিচিহ্ন নেই কোনোখানে!

             নেই পাতা মুড়ে পড়া,

                   আবছা পেন্সিল-রেখা,

                        চায়ের গেলাশ!

শূন্যদৃষ্টি বাইন্ডারের সূচের আঘাত,

         রাত-জাগা পুরনো আঠার গন্ধ,

                  ভূতের বরাত!

শোনো, গোপনে বইয়ের তাকে

            কীটনাশকের পাশে

  আমার সরলমতি সতর্কে রেখেছি,

সে বিবেচনার কথা বলে, 

           খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে,

           ইষৎ তোতলায়,

তাকে তুমি দিও নশ্বরতা, হিমস্রোত, প্রণয়তাম্বুল,

শহরতলিতে দিও গ্রামের শোলোক,

             দিও বাঘনখ,

পুস্তক নিরীহ অতি, তাকে দিও অগোচর,

            ভয়ের মুখোশ, দিও পুত্রশোক।