২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঁচাত্তর ট্র্যাজিডি: সত্যের পথ এখনো কণ্টকাকীর্ণ

পাশাপাশি এই বার্তাও পৌঁছে দেবে যে বঙ্গবন্ধুর ঘাতকদের রক্তচক্ষুকে অগ্রাহ্য করেই সেদিন প্রতিবাদের মশাল প্রজ্বলিত করেছিল পঁচাত্তরপরবর্তী প্রজন্ম যাদের বয়স তখনো ২০ বছর পূর্ণ হয়নি।

মিনার মনসুর মিনার মনসুর

Published : 15 Aug 2023, 12:30 AM

Updated : 15 Aug 2023, 12:36 AM

বর্তমান প্রজন্ম হয়ত কল্পনাও করতে পারবে না যে কত বাধার বিন্ধ্যাচল পার হয়ে, কত রক্তাক্ত সমুদ্র পাড়ি দিয়ে, জাতি হিসেবে আমরা আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধাবনত চিত্তে পালন করছি জাতির পিতার শাহাদত বার্ষিকী। রাষ্ট্রপতি আসবেন। প্রধানমন্ত্রী আসবেন। আসবেন প্রজাতন্ত্রের শীর্ষ আমলা ও অমাত্যবর্গ। রাষ্ট্র অবনত চিত্তে শ্রদ্ধানিবেদন করবে তার প্রতিষ্ঠাতার প্রতি। জনতার ঢল নামবে ধানমন্ডি ও টুঙ্গীপাড়ায়। দেশ-বিদেশের বাঙালি-অধ্যুষিত প্রতিটি প্রান্ত ছুঁয়ে ধ্বনিত-প্রতিধ্বনিত হবে পিতা ও নেতার বজ্রকণ্ঠ বাণী। প্রকাশিত হবে অসংখ্য গ্রন্থ। সংবাদপত্রগুলো ক্রোড়পত্র প্রকাশ করবে। টিভি চ্যানেলগুলোতে প্রদর্শিত হবে তাঁর অনন্য রাজনৈতিক জীবনের ইতিবৃত্ত। জনতা হৃদয় উজাড় করা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করবে তাদের প্রাণপ্রিয় নেতাকে। অথচ যে রুদ্ধশ্বাস সময় আমরা পার হয়ে এসেছি তা ভাবলে আমি এখনো শিহরিত হই।

আমার কেবলই পঁচাত্তরের ১৫ই আগস্ট পরবর্তী দুর্বহ সেই দিনগুলোর দুঃসহ মর্মযাতনার কথা মনে পড়ে যায়। সেই বেদনা সেই শূন্যতা ভাষায় প্রকাশ করা যায় না। বঙ্গবন্ধুর হাতে গড়া দল বাংলাদেশ আওয়ামী লীগ এখন ক্ষমতায়। ফলে জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত আবেগের সঙ্গে স্বার্থগন্ধী কিছু কিছু আতিশয্যও হয়তো যুক্ত হচ্ছে। ভারী হচ্ছে অতিভক্ত ও স্তাবকের কাফেলা। বঙ্গবন্ধুর জীবদ্দশায়ও তাই হয়েছে। কিন্তু সপরিবারে তিনি নিহত হওয়ার পরের দৃশ্যপট ছিল একেবারেই অন্যরকম। ঘটনার আকস্মিকতায় সাধারণ মানুষ কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিল--এটি সত্য। তবে সর্বক্ষণ যারা তাঁকে ঘিরে থাকতেন, স্তাবকতার মধু বর্ষণ করতেন তাঁর কানে-- তাদের অনেকের বেলায় এ কথা খাটে না। চরম দুঃসময়ে তারা শুধু মুখ ফিরিয়ে নিয়েই ক্ষান্ত হননি, বরং সপরিবারে মর্মান্তিকভাবে নিহত এই মহান নেতার বিরুদ্ধে বিরামহীন বিষোদ্গারের পাশাপাশি জঘন্য অপপ্রচারেও অবতীর্ণ হয়েছিলেন তাদের কেউ কেউ। এটাই নিয়ম। সুসময় যেমন ভক্ত-সমর্থকের বাঁধভাঙা ঢল নিয়ে আসে, তেমনি দুঃসময়ও একা আসে না। শঠতা ও বিশ্বাসঘাতকতার বিশাল ডালা ভরে নিয়ে আসে খাঁখাঁ শূন্যতা।

২.

বঙ্গবন্ধু-হত্যা পরবর্তীকালের অভিজ্ঞতা আরও বিভীষিকাময়। একদিকে ক্ষমতা জবরদখলকারী সেনাশাসকের রক্তচক্ষু, অন্যদিকে ঘাতকের সদম্ভ উল্লাস। মনুষ্যরক্তের স্বাদ পাওয়া বাঘের মতো তারা তখন ঘুরে বেড়াচ্ছে জনপদে। নারী ও শিশুসহ অসংখ্য নিরপরাধ মানুষের রক্তে স্নাত তাদের হাত। বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করেও নিরস্ত হয়নি হিংস্র এ ঘাতকের দল, বাংলার মাটি থেকে তাঁর অস্তিত্ব মুছে ফেলার ভয়ংকর খেলায়ও মেতে উঠেছিল তারা। বঙ্গবন্ধু যেন নিষিদ্ধ এক নাম! তাঁর নাম উচ্চারিত হওয়া মাত্রই ছুটে আসে রক্তলোলুপ হায়েনার পাল। এমন এক চরম বৈরী পরিবেশে-- বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের একমাস পরেই শুরু হয় আমার কলেজ জীবন। তার ভয়াল ছায়া বিস্তৃত হয়েছিল আমাদের দৈনন্দিন জীবনেও। নিষেধের রক্তচোখ সর্বক্ষণ আমাদের তাড়া করছিল। ভীতি আর আতঙ্ক ছিল আমাদের নিত্যসঙ্গী। ঘাতকদের এই বর্বরতা এই ঔদ্ধত্য কিছুতেই মেনে নিতে পারছিলাম না আমরা।

মানবেতিহাসের ঘৃণ্যতম এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কিছু একটা করার জন্যে আমরা টগবগ করে ফুটছিলাম। রাষ্ট্র তখন ঘাতকদের দখলে। সময়ের দাবি ছিল ফিদেল ক্যাস্ট্রোর মতো অস্ত্র হাতে নেওয়ার। কিন্তু বাস্তবতা ছিল একেবারেই অন্যরকম। এ সময়ে প্রতিবাদের অভিনব এক আইডিয়া নিয়ে এগিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমাদের এক বড়োভাই। তাঁর নাম খোরশেদ আলম সুজন। তিনি এখন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা। মূলত তাঁরই উদ্যোগে বঙ্গবন্ধু হত্যার কয়েকমাসের মধ্যে প্রকাশিত হয় ভূপেন হাজারিকার বিখ্যাত একটি গানের পংক্তি-সংবলিত একপৃষ্ঠার একটি লিফলেট বা প্রচারপত্র। সেই পংক্তিগুলো হলো-- ‘বলো কী তোমার ক্ষতি/জীবনের অথৈ নদী/পার হয় তোমাকে ধরে/দুর্বল মানুষ যদি।’ প্রচারপত্রের অর্ধেকটা জুড়ে ছিল কাঠের ব্লকে মুদ্রিত বঙ্গবন্ধুর আবক্ষ একটি ছবি। আমরা নানা কৌশলে শহরের জনবহুল স্থানগুলোতে এটি ছড়িয়ে দিয়েছিলাম। গোপনে বিলিকৃত এ প্রচারপত্রটি তখন বেশ সাড়া জাগিয়েছিল।

এখানে আরও এক অকুতোভয় তরুণের কথা না বললে অন্যায় হবে। তিনি হলেন অকালপ্রয়াত ছাত্রনেতা বশির উদ্দিন মাহমুদ। তাঁদের গোটা পরিবারই ছিল বঙ্গবন্ধুঅন্তপ্রাণ। সক্রিয়ভাবে ছাত্রলীগ করতেন। পাশাপাশি চট্টগ্রামের আন্দরকিল্লায় ‘কর্ণফুলী’ নামে একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। মূলত তাঁর হাত ধরেই আমি ও আমার সহপাঠী দিলওয়ার চৌধুরী এ সংগঠনের সঙ্গে যুক্ত হই সম্ভবত চুয়াত্তর সালের শেষের দিকে। এখানে খোরশেদ আলম সুজনসহ চট্টগ্রামের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের অনেকেরই নিয়মিত আসা-যাওয়া ছিল। এখন ভাবতেও শিহরিত হচ্ছি যে, এ সংগঠনের ‘কাভারে’ বশির উদ্দিন মাহমুদ দুটি দুঃসাহসী কাজ করেছিলেন পঁচাত্তরপরবর্তীকালে। প্রথম কাজটি ছিল ১৯৭৬ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম শহীদ মিনারে বঙ্গবন্ধুহত্যার প্রতিবাদে প্রকাশ্যে শ্লোগান দেওয়া। যতদূর মনে আছে, তিনি আমাদের টেরিবাজারের ‘আফিমের গলি’ নামে পরিচিত একটি সড়কে ফুলসহ সমবেত হতে বলেছিলেন খুব ভোরে। সেখানে সব মিলিয়ে আমরা ৫/৭ জন জড়ো হয়েছিলাম। তখন একুশের ভোরে খালি পায়ে প্রভাতফেরি হতো শহরজুড়ে। প্রভাতফেরির মিছিলে মিশে গিয়ে আমরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। তার পরই আচমকা অবৈধভাবে ক্ষমতা দখলকারী ঘাতকদের বিরুদ্ধে বক্তৃতা দিতে শুরু করেন খোরশেদ আলম সুজন। শহীদ মিনারে তখন স্কুলের ছাত্রছাত্রীদের ভিড়। চারপাশে সেনা ও পুলিশ প্রহরা। মুহূর্তে একটা হৈ চৈ শুরু হয়ে যায়। তার মধ্যেই বশির ভাই শ্লোগান দিতে থাকেন: ‘বঙ্গবন্ধুর রক্ত/বৃথা যেতে দেব না’, ‘মুজিব হত্যার পরিণাম/বাংলা হবে ভিয়েতনাম’...। ভূপেন হাজারিকার গানের বাণী-সংবলিত প্রচারপত্রটিও বশির ভাইয়ের মাধ্যমেই আমাদের হাতে এসেছিল। বিষয়টি জানাজানি হলে তাঁকে প্রায় নিঃশব্দে ‘কর্ণফুলী’ ছেড়ে আসতে হয়েছিল।

৩.

কিছুতেই শান্তি পাচ্ছিলাম না আমরা। এক পর্যায়ে আমরা একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললাম। সেটি হলো, যত বাধাই আসুক যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে আমরা বঙ্গবন্ধুর প্রথম শাহাদত বার্ষিকী পালন করবো। সে অনুযায়ী রাত ১২টা থেকে কোরানখানি শুরু হলো। একই সঙ্গে চলতে লাগলো কাঙালি ভোজের আয়োজন। কেউ চাল দিল, কেউ ডাল। এক বস্তা চাল দিয়েছিলেন বঙ্গবন্ধুর প্রতি নিবেদিত চাক্তাইয়ের একজন আড়তদার। একমাত্র গরুটি কিনে দিয়েছিলেন স্থানীয় নিভৃতচারী এক ব্যাংক ম্যানেজার যিনি বঙ্গবন্ধুর জন্যে নীরবে অশ্রুপাত করতেন। খুব সন্তর্পণে সমমনা সবাইকে জানিয়ে দেওয়া হলো মিলাদ হবে। বঙ্গবন্ধুসহ সেই কালরাতের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত হবে। হবে সংক্ষিপ্ত একটি স্মরণসভাও।

রাত একটার দিকে আসে পুলিশের কয়েকটি গাড়ি। তারা জানতে চান, এখানে কী হচ্ছে। আমরা সত্য কথাই বলি। তারা আয়োজকদের নাম-ঠিকানা জানতে চান। আমি প্রথমেই আমার ও আমার বড় ভাই রাশেদ মনোয়ারের নাম বলি। পরে ওদের চাপের মুখে আরও কয়েকজনের নাম বলি। এখন ভেবে শিহরিত হচ্ছি যে আমরা দুভাই ছাড়া মূল উদ্যোক্তাদের ৫ জনই ছিল স্কুলের অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্র। সব তথ্য জানার পর যথারীতি পুলিশ তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। যতদূর মনে আছে, সেদিন তারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন।

রান্নার কাজ শেষ। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমরা যখন মিলাদের জন্যে প্রস্তুতি নিচ্ছি ঠিক তখনই শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি আর চিৎকার। কী হচ্ছে বুঝতে না পারলেও আমরা কয়েকজন দাঁড়িয়ে থাকি। যা হবার হবে! ঠিক তখনই আর্মির গাড়িটি এসে থামে আমাদের সামনে। পেছনে আরও দুটি। উত্তেজিত ভঙ্গিতে একজন অফিসার নেমে আসেন গাড়ি থেকে। কিছুটা অবাকও হন আমাদের অনড় অবস্থান দেখে। পুলিশের দায়িত্বরত একজন কর্মকর্তা এসে তাকে স্যালুট করেন। কিছুটা রাগত স্বরে তিনি জানতে চান, এখানে কী হচ্ছে? পুলিশ কর্মকর্তা আমতা আমতা করে তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন।

সামরিক কর্তা চিৎকার করে জানতে চান, এখানে নেতা কে? আমরা দুইভাই এগিয়ে যাই। বলি, ‘আমরা’। পেছনে তাকিয়ে দেখি স্কুলপড়ুয়া সেই বালকের দল আমাদের ছেড়ে যায়নি। আর্মি অফিসারও চোখ কুঁচকে তাদের দেখেন। তারপর ওয়াকিটকিতে কার সঙ্গে যেন ‘স্যার স্যার’ করে কথা বলেন কয়েক মিনিট। বলেন, ‘ও কিছু না স্যার। কয়েকটা পিচ্চি। পুলিশকে বলে দিচ্ছি। ওরাই সব সামাল দেবে।’

সেদিন আমরা মিলাদ করতে পারিনি। হয়নি কাঙালি ভোজও। রান্না করা খাবারগুলি হাঁড়িসুদ্ধ ছুড়ে ফেলা হয়েছিল পার্শ্ববর্তী ডোবায়। তারপরও সব বাধা অগ্রাহ্য করে বিকেলে ছোট আকারের একটি স্মরণসভা হয়েছিল। খোরশেদ আলম সুজন, বশিরউদ্দিন মাহমুদ ও জামশেদুল আলম চৌধুরীসহ আত্মগোপনে থাকা চট্টগ্রাম আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশকজন নেতাকর্মী অংশ নিয়েছিলেন তাতে। তবে দীর্ঘ সাড়ে চার দশক পর যখন আমি সেই দিনটিকে পুনর্নিমাণ করতে চাচ্ছি, সেই সব অকুতোভয় বালকের কথা ভেবে আমার চোখ ভিজে যাচ্ছে। তাদের সঙ্গে আমার যোগাযোগ নেই বহুদিন। সবার নামও মনে নেই। তবে লিটন (জামশেদুল হায়দার) নাসির ও নিখিলের কথা আমি কীভাবে বিস্মৃত হবো? সত্যি বলতে কী, সবচেয়ে বেশি ঝুঁকি নিয়েছিল তারাই। এ মুহূর্তে মনে পড়ে গেল আমার স্কুলজীবনের বন্ধু শাহরিয়ার খালেদের কথাও। সেও ছিল বুক চিতিয়ে। সূর্যসেন ও প্রীতিলতার উত্তরসূরিদের নত মস্তকে শ্রদ্ধা জানাই। তারাই তো আমাদের সাহস জুগিয়েছিল সেদিন।

৪.

কয়েক মাসের ব্যবধানে আমাদের হাতে আসে কবি নির্মলেন্দু গুণের সেই অসামান্য কবিতাটি-- ‘আমি আজ কারো রক্ত চাইতে আসিনি’। বাংলা একাডেমির এক অনুষ্ঠানে স্বকণ্ঠে কবিতাটি পাঠ করে তোলপাড় সৃষ্টি করেছিলেন তিনি। সেই কবিতা তখন আমাদের ভেতরে যে কী বিপুল অভিঘাত সৃষ্টি করেছিল তা ভাষায় বর্ণনা করা কঠিন। তাৎক্ষণিকভাবে কবিতাটির শত শত কপি গোপনে মুদ্রিত করে আমরা জনগণের মধ্যে ছড়িয়ে দেই। বঙ্গবন্ধুর ছবি-সংবলিত ভূপেন হাজারিকার গানের সেই বাণী এবং নির্মলেন্দু গুণের এই কবিতা শুধু যে আমাকে প্রবলভাবে নাড়া দিয়েছিল তা-ই নয়, হঠাৎ আলোর ঝলকানির মতো আমরা প্রতিবাদের সর্বোত্তম পথটিও পেয়ে যাই। সেই শুরু।

‘বঙ্গবন্ধুর তৃতীয় শাহাদত বার্ষিকী স্মরণিকা’ হিসেবে ১৯৭৮ সালের ১৫ই আগস্ট আমরা প্রথম প্রকাশ করি ‘এপিটাফ’। এ নামকরণের মূলেও ছিল বঙ্গবন্ধু হত্যার বিষাদময় পটভূমি। ডিমাই ১/৮ সাইজের ৪০ পৃষ্ঠার এ সংকলনে বঙ্গবন্ধুকে নিয়ে ৪টি প্রবন্ধ, একটি সম্পাদকীয় (পুনর্মুদ্রিত) এবং ১২টি কবিতা ছাপা হয়। প্রচ্ছদে তুলে ধরা হয় বঙ্গবন্ধুর স্মরণীয় কিছু বাণী। এটি প্রকাশ করতে গিয়েও অভাবনীয় পরিস্থিতির মুখোমুুখি হতে হয় আমাদের। পত্রিকাটির কাজ হচ্ছিল চট্টগ্রামের ঘাটফরহাদবেগের কাকলি প্রেসে। হঠাৎ সেখানে হানা, ছাপানো ফর্মাগুলো নিয়ে যায় পুলিশ। চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। মালিক (নামটি এখন আর মনে করতে পারছি না) বেঁকে বসেন। বন্ধ হয়ে যায় পত্রিকার কাজ। আমাদের হতাশা যখন চরমে, তখনই সহযোগিতার হাত বাড়িয়ে দেন চট্টগ্রামের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল হারুন।

বনেদী পরিবারের সন্তান হারুন ভাই (বর্তমান বিএনপি নেতা সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের বড় ভাই) তখন চট্টগ্রামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকারও সম্পাদক। সেই দুঃসময়েও হাতে গোনা যে কজন আওয়ামী লীগ নেতা জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুভক্ত নেতাকর্মীদের জন্যে উন্মুক্ত করে দিয়েছিলেন নিজের বাসগৃহের দরোজা হারুন ভাই তাদের মধ্যে অগ্রগণ্য। তিনিই বৌদ্ধ ধর্মাবলম্বীদের ট্রাস্টের মাধ্যমে পরিচালিত একটি প্রেসে ‘এপিটাফ’ মুদ্রণের ব্যবস্থা করে দিয়েছিলেন। নাম ছিল ‘অগ্রসর প্রিন্টিং প্রেস’। কালিঝুলিময় প্রায় অন্ধকার ভৌতিক সেই প্রেসে বাইরে তালা দিয়ে রাতে আমরা কাজ করতাম লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে। তখনই আমরা খবর পাই যে বঙ্গবন্ধুকে নিয়ে প্রচারপত্র প্রকাশ করার কারণে সামরিক গোয়েন্দারা তুলে নিয়ে গেছে চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ছাত্রসহ দুই তরুণকে। তাদের মধ্যে একজন প্রাণে বেঁচে গেলেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন সেনা নির্যাতনে।

৫.

‘এপিটাফ’ আমাদের সাহস বাড়িয়ে দেয়। পরের বছরই আমরা প্রকাশ করি ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’। ইতোমধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে প্রতিবাদী কবিতা ও ছড়া সংকলন ‘এ লাশ আমরা রাখবো কোথায়’ প্রকাশিত হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। স্বল্প পরিসরের লিটলম্যাগধর্মী এ-প্রকাশনাটি তখন বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। প্রতিবাদী তরুণ লেখক ও সংস্কৃতিকর্মীদের উদ্যোগে প্রায় একই সময়ে আরও কিছু স্মরণিকা-সংকলনও প্রকাশিত হয়েছে দেশের বিভিন্ন স্থানে। তবে আমাদের জানা মতে, পঁচাত্তর-পরবতীকালে বাংলাদেশে ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ই হলো বঙ্গবন্ধুকে নিয়ে গ্রন্থাকারে প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ স্মারক সংকলন বা স্মারকগ্রন্থ যেখানে কবিতা ছাড়াও মূল্যায়নধর্মী খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রবন্ধ ছাপা হয়েছিল।

লেখক তালিকাটিও ছিল খুবই সমৃদ্ধ। তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মযহারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বোস প্রফেসর ড. আবদুল মতিন চৌধুরী, প্রফেসর কবীর চৌধুরী, ‘সমকাল’ সম্পাদক ইসমাইল মোহাম্মদ, বরেণ্য সাংবাদিক সন্তোষ গুপ্ত, স্বনামখ্যাত অন্নদাশঙ্কর রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, জাহিদুল হক, ওমর আলী, কামাল চৌধুরী, রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ, জাফর ওয়াজেদ, স্বপন দত্ত, খালিদ আহসান, শাহাদাত বুলবুল, ফজলুল হক সরকার, অধ্যাপক শামসুল আলম সাঈদ, আবসার হাবীব, আলমগীর রেজা চৌধুরী, শিশির দত্ত, সনজীব বড়ুয়া, রবীন্দ্রনাথ অধিকারী, ড. ইসরাইল খান, খোরশেদ আলম সুজন ও চাকসুর সাধারণ সম্পাদক জমীর চৌধুরীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

চট্টগ্রামের এপিটাফ প্রকাশনী (৩৮৬ সিরাজুদ্দৌলা সড়ক, আন্দরকিল্লা) থেকে সর্বমোট ১৩১ পৃষ্ঠার এ স্মারকগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৯ সালের সেপ্টেম্বরে। বঙ্গবন্ধুর চতুর্থ শাহাদত বার্ষিকী উপলক্ষে আমরা এটি প্রকাশের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু যে-প্রেসে গ্রন্থটি ছাপার কাজ চলছিল শেষ মুহূর্তে সেখানে গোয়েন্দা নজরদারি শুরু হওয়ায় এর প্রকাশনা একমাস পিছিয়ে যায়। তবে আমাদের উদ্দেশ্য আশাতীত সফল হয়েছিল।

তখন কোনো সংকলনই ৫শ’ কপির বেশি ছাপা হতো না। আমরা সাহস করে ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’-এর ১২শ’ ৫০ কপি ছেপেছিলাম। প্রকাশের মাত্র এক মাসের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল সব কপি। তারপরও চাহিদা ছিল বিপুল। সারা দেশ থেকে অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান কপির জন্য আমাদের ক্রমাগত তাগাদা দিয়েছেন। অগ্রিম টাকাও পাঠিয়েছেন অনেকে। দেশের বাইরে থেকেও আমরা বহু চিঠি পেয়েছি। তার মধ্যে আমেরিকার ‘লাইব্রেরী অব কংগ্রেস’-এর চিঠিও ছিল। তারাও বেশকিছু কপি কিনতে চেয়েছিল ঢাকার একটি প্রকাশনা প্রতিষ্ঠানের মাধ্যমে। কিন্তু সেনাশাসকদের অলিখিত নিষেধাজ্ঞা ও ভীতির কারণে কোনো প্রেসই গ্রন্থটি পুনর্মুদ্রণ করতে রাজি হয়নি। পরে অবশ্য ১৯৯৮ ও ২০১০ সালে গ্রন্থটির আরও দু’টি ঢাউস সংস্করণ প্রকাশিত হয়েছে। তবে সংকলনটি প্রথম প্রকাশের অভিজ্ঞতা আমাকে আজও শিহরিত করে।

৬.

আমাদের মধ্যে তীব্র ক্রোধ ছিল এ কথা সত্য। ছিল ঘাতকদের প্রতি পর্বতপ্রমাণ ঘৃণা। কিন্তু ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ কোনো তাৎক্ষণিক আবেগের ফসল ছিল না। বহু বিনিদ্র রাত আমরা উৎসর্গ করেছি এর পেছনে। আমাদের সাধ ছিল আকাশচুম্বী। প্রথমে আমরা ভেবেছি, বিশ্বের বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছ থেকে এ ঘৃণ্য হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া সংগ্রহ করে তা গ্রন্থাকারে প্রকাশ করবো বাংলা ও ইংরেজিতে। আমাদের বদ্ধমূল বিশ্বাস ছিল, ফিদেল ক্যাস্ট্রো ও ইন্দিরা গান্ধীসহ সেই সময়ের বিশ্ববরেণ্য নেতারা অবশ্যই এতে সাড়া দিবেন। আর তাদের সম্মিলিত প্রতিবাদ কেবল বিশ্বজনমত গঠনেই সহায়ক হবে না, বঙ্গবন্ধুর ঘাতকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ক্ষেত্রেও তাৎপর্যপূূর্ণ ভূমিকা রাখবে। আমাদের বন্ধু ও সহযোদ্ধা কবি কামাল চৌধুরীও (সাবেক মুখ্যসচিব) ছিলেন এ-পরিকল্পনার অন্যতম ভাবসঙ্গী। আমার মনে আছে, ঝিরঝির বৃষ্টিস্নাত এক মধ্যরাতে ফজলুল হক হলের সামনের খোলা চত্বরে বসে আমরা পরিকল্পনাটির খুঁটিনাটি নিয়ে আলাপ করেছিলাম। আর আসন্ন সেই কর্মযজ্ঞের আবেগে-উত্তেজনায় আমরা এতটাই বিভোর ছিলাম যে বৃষ্টি আর নিদ্রার কথা আমাদের মনেই ছিল না। প্রসঙ্গত বলা প্রয়োজন যে কামাল চৌধুরী থাকতেন এই হলের তিনতলার ৩০৯ নম্বর কক্ষে আর আমাদের বন্ধু কবি ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ রেজা সেলিম থাকতেন নিচতলার ১০৮ নম্বর কক্ষে। সেলিমও নিবিডভাবে যুক্ত ছিল আমাদের এই গুপ্ত পরিকল্পনার সঙ্গে। কিন্তু কোনো কারণে রেজা সেলিম সেদিন হলে ছিল না।

যাই হোক, বিশাল সেই পরিকল্পনার বিপুল উত্তেজনা বুকে নিয়ে আমরা চট্টগ্রাম ফিরে আসি। কিন্তু সাধ থাকলেও সেই পরিকল্পনা বাস্তবায়নের সাধ্য আমাদের ছিল না। ফলে আমরা আমাদের ভাবনার বৃত্তকে সংকুচিত করে ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ প্রকাশে উদ্যোগী হই। আমাদের প্রাথমিক চিন্তা ছিল, বাংলা ভাষাভাষী অগ্রসর চিন্তার সকল বিবেকবান মানুষের প্রতিবাদ ও ঘৃণাকে একত্রে সংকলিত করে গ্রন্থাকারে তা দেশবাসীর সামনে তুলে ধরা। আমাদের পথ যে কুসুমাস্তীর্ণ ছিল না তা বলা বাহুল্য মাত্র।

৭.

সংকলনটি প্রকাশের উত্তেজনায় আমরা এতোটাই আচ্ছন্ন ছিলাম যে শুরুতে অর্থসংস্থান কীভাবে হবে সে-কথা আমরা একবারও ভাবিনি। এ কারণে পরে আমাদের অনেক ভুগতেও হয়েছে। কিন্তু আমরা তা গ্রাহ্য করিনি। লেখার জন্যে লেখক, কবি ও বুদ্ধিজীবীদের দুয়ারে দুয়ারে ধরনা দিয়েছি। চট্টগ্রাম থেকে এসে দিনের পর দিন পড়ে থেকেছি ঢাকায়। ঢাকার পথঘাট ভালো চিনতাম না। অগ্রজ কবীর আনোয়ার (চলচ্চিত্র নির্মাতা), কবিবন্ধু জাফর ওয়াজেদ (বর্তমানে পিআইবি’র মহাপরিচালক), রেজা সেলিম ও মুজাহিদ শরীফকে নিয়ে খ্যাত-অখ্যাত প্রায় সব বুদ্ধিজীবী ও লেখকের দরোজার কড়া নেড়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরিদপুরের সন্তান ‘স্বকীয়তা’ সম্পাদক ইসরাইল খানও (বর্তমানে বিশিষ্ট গবেষক ও লেখক) আমাদের অকুণ্ঠ সহায়তা দিয়েছেন। অভিজ্ঞতা তিক্ত-মধুর। বোস প্রফেসর আবদুল মতিন চৌধুরী, ড. মযহারুল ইসলাম ও আবু জাফর শামসুদ্দীনসহ কেউ কেউ সস্নেহে বুকে জড়িয়ে ধরেছেন। কেঁদেছেন শিশুর মতো। আবার অনেকে মুখের ওপর দরোজা বন্ধও করে দিয়েছেন। তাদের মধ্যে বঙ্গবন্ধুর বিশেষ অনুগ্রহভাজন ব্যক্তির সংখ্যাও কম ছিল না। তবে আমরা হাল ছেড়ে দেইনি। আমাদের সৌভাগ্য যে অন্নদাশঙ্কর রায় ও সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখাও আমরা পেয়েছিলাম। কবি বেলাল চৌধুরীর মাধ্যমে সেই লেখা আমাদের হস্তগত হয়েছিল।

৮ .

‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ যৌথভাবে সম্পাদনা করেছিলাম আমি ও আমার সহপাঠী দিলওয়ার চৌধুরী। আমরা উভয়ে তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। আর গ্রন্থটি মুদ্রণের দুঃসাহস দেখিয়ে আমাদের হৃদয় জয় করে নিয়েছিলেন নিবেদন প্রেসের কর্ণধার মহিউদ্দিন শাহ আলম নিপু। পাশে প্রকাশ্যে-অপ্রকাশ্যে আরও কেউ কেউ অবশ্যই ছিলেন। তার মধ্যে সর্বাগ্রগণ্য দুটি মানুষের কথা আমাকে বলতেই হবে। তাঁরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আবু ছালেহ ও ছাত্রনেতা বশির উদ্দিন মাহমুদ যার কথা আগেই বলা হয়েছে। ছালেহ ভাই দিনের পর দিন আমাদের নিয়ে পায়ে হেঁটেই সারা শহর চষে বেড়িয়েছেন অর্থ সংগ্রহের জন্যে। হাত পেতেছেন অনেকের কাছে। খুব যে সাড়া পাওয়া গেছে তা বলা যাবে না। তবে ছালেহ ভাই সেদিন জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা আমাদের আজও প্রেরণা জোগায়। অথচ তাঁর নিজেরই তখন খুব খারাপ অবস্থা। তা সত্ত্বেও তাঁর বৃহৎ হৃদয়ের দরোজা সব সময়ই খোলা ছিল আমাদের জন্যে। তিনি ছিলেন একই সঙ্গে আমাদের বন্ধু ও নেতা।

গ্রন্থটির প্রচ্ছদ করেছিলেন সেদিনের ঝকঝকে তরুণ কবি ও ভিন্নধারার খ্যাপাটে শিল্পী খালিদ আহসান। প্রচ্ছদের বিষয়বস্তু ছিল লাল পটভূমিতে কালো একটি পাথর যা নির্মিত হয়েছে বঙ্গবন্ধু হত্যাপরবর্তী সময়ে তাঁকে নিয়ে সংবাদপত্রে প্রকাশিত ভয়ংকর সব খবরের কাটিং দিয়ে। সেই পাথর ফুঁড়ে ফুটে আছে একটি গোলাপ। এটি ছিল স্বদেশের রক্তাক্ত বুকের ওপর চেপে বসা জগদ্দল পাথরের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের একটি প্রতীকী রূপ। সত্যি বলতে কী, আমরা দেশের বুকের ওপর চেপে বসা সেই জগদ্দল পাথরের পাঁজর বিদীর্ণ করে সেখানে প্রতিবাদের লাল গোলাপ ফোটাতে চেয়েছিলাম। শেষ প্রচ্ছদে ছাপা হয়েছিল সাদা পাজামা-পাঞ্জাবি পরিহিত বঙ্গবন্ধুর সৌম্য একটি ছবি। গ্রন্থের নামটিও খালিদ আহসানের দেওয়া। এ নাম নিয়ে আমাদের মধ্যে শেষ মুহূর্ত পর্যন্ত দ্বিধা ছিল। আমি চেয়েছিলাম কড়া প্রতিবাদী একটি নাম দিতে। আমার পছন্দের একটি শিরোনাম ছিল ‘আবার যুদ্ধে যাবো’। আমার তখন মনে হয়েছিল, আমাদের মুক্তিযুদ্ধ শেষ হয়নি। দেশকে রাহুমুক্ত করতে হলে আমাদের আরও একটি মুক্তিযুদ্ধে অবতীর্ণ হতে হবে।

৯ .

পরে ১৯৮০ সালের ১৫ই আগস্টে আমরা ‘আবার যুদ্ধে যাবো’ নামে একটি দুঃসাহসী বিশেষ বুলেটিন প্রকাশ করি যা পঁচাত্তরপরবর্তী প্রতিবাদী ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মুজিববর্ষে বাংলা একাডেমি কর্তৃক পুনঃপ্রকাশিত ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ গ্রন্থটির অন্তর্ভুক্ত হয়েছে। এটাকে এক অর্থে ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’-এর সম্পূরক প্রকাশনাও বলা যেতে পারে। কারণ ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’-এ আমরা যে ক্ষোভ ও জনপ্রতিবাদকে ভাষা দিতে চেয়েছিলাম, এ প্রকাশনাটিতে তারই বহিঃপ্রকাশ ঘটেছিল। এতে সেই সময়ের দেশবরেণ্য রাজনীতিক, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বঙ্গবন্ধু-হত্যার তাৎক্ষণিক প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছিল। তার মধ্যে স্বনামখ্যাত আবদুর রশীদ তর্কবাগীশ, সুফিয়া কামাল, সৈয়দ আলতাফ হোসেন, আবু জাফর শামসুদ্দীন, আবদুল মতিন চৌধুরী, কলিম শরাফী, কবীর চৌধুরী, সন্তোষ গুপ্ত, আনিসুজ্জামান, দেবদাস চক্রবর্তী, খোন্দকার মোহাম্মদ ইলিয়াস, আলী আকসাদ, রাহাত খান, বেলাল চৌধুরী, নির্মলেন্দু গুণ, আলী যাকের, আবদুল জব্বার, কবীর আনোয়ার ও কামাল চৌধুরীসহ বহু বিশিষ্ট জনের স্বাক্ষরসংবলিত প্রতিক্রিয়া ছাপা হয়েছিল। এই বুলেটিনটি বঙ্গবন্ধুহত্যা পরবর্তীকালে প্রকাশিত প্রতিবাদী ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হতে পারে।

১০.

বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম একক কাব্যগ্রন্থটিও প্রকাশিত হয় এপিটাফ প্রকাশনী থেকে। মহাদেব সাহার সাড়া জাগানো এ-গ্রন্থটি আমরা প্রকাশ করি ১৯৮২ সালে। চার ফর্মার এ-কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত বহু কবিতা তখন প্রতিবাদী তরুণদের মুখে মুখে ফিরতো। এরই ধারাবাহিকতায় ১৯৮৩ সালে প্রকাশিত হয় আমার প্রথম কাব্যগ্রন্থ ‘এই অবরুদ্ধ মানচিত্রে’। বঙ্গবন্ধুকে উৎসর্গ করা এ-গ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত হয়ে যায়। সংকটাপন্ন হয়ে পড়ে আমার জীবন। বেশ কিছুদিন পালিয়ে বেড়াতে হয় আমাকে। দেশে তখন লে. জে. এরশাদের স্বৈরশাসন। সামরিক শাসনের কোপানলে পড়ে মাঝপথে থেমে যায় আমাদের এ ক্ষুদ্র প্রতিবাদী প্রকাশনা উদ্যোগটি। তবে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামের ক্ষুদ্র পরিসরে শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়ে ‘ভয় হতে অভয় মাঝে’ আমাদের যে-যাত্রা শুরু হয়েছিল তা ততদিনে ছড়িয়ে পড়েছে সারা দেশে। সেদিনের সামান্য চারাগাছটি পরিণত হয়েছে প্রতিবাদ ও প্রতিরোধের অসামান্য অপ্রতিরোধ্য এক মহীরুহে।

১১

পঁচাত্তরপরবর্তীকালে এ কাজগুলো করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা সুখকর ছিল না বললে খুব কমই বলা হবে। রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে চেনা মানুষের চেহারা কত দ্রুত বদলে যেতে পারে তা প্রত্যক্ষ করার নির্মম যন্ত্রণা আমাদের সহ্য করতে হয়েছে। জাতির পিতার আশীর্বাদপুষ্ট ও স্নেহধন্য অনেকেই যে রাতারাতি পোশাক পাল্টে ফেলেছিলেন তা কারো অজানা নয়। আর সেটি কতটা ভয়ংকর হতে পারে তা ভাবলে আমরা এখনো শিহরিত হই। ক্রোধ সামলানো কঠিন হয়ে পড়ে। আজ থেকে ৪৪ বছর আগে লেখা ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’-এর প্রথম সম্পাদকীয়তেও তার খানিকটা আভাস আছে। প্রসঙ্গত সেটি পাঠ করা যেতে পারে:

...এরপরেও বাধা এসেছে প্রচুর। প্রভাবশালী নেতা, উপনেতা, ছাত্রনেতা যাঁরা সেই মানুষটিকে তাঁদের নিজেদের বলে দাবী করেন, তাঁরাই আমাদের চারদিকে পর্বতপ্রমাণ বাধার সৃষ্টি করেছেন বিভিন্নভাবে। কারণটা আর কিছু নয়, প্রচণ্ড অর্থনৈতিক চাপে বাধ্য হয়েই আমাদেরকে তাদের দ্বারস্থ হতে হয়েছিল। ...উনাদের পলিটিক্স, ব্যবসা বা পলিটিক্স-ব্যবসা কোনোটার উপরই হস্তক্ষেপ করার মতো দূরভিসন্ধি আমাদের নেই, ছিলও না কোনোদিন। আমরা শুধু সেই সরলপ্রাণ লোকটিকে এসব বিচিত্র বিশেষণধারী ব্যক্তিদের রাহুগ্রাস থেকে উদ্ধার করে শোষিত জনতার কাছে ফিরিয়ে দিতে চাই। কারণ তিনি আজীবন শোষিত জনতার পাশেই ছিলেন এবং তাদের সারিতে থাকবার ইচ্ছেই পোষণ করে গেছেন শেষ-নাগাদ। তিনি তাঁর বুকের রক্ত দিয়ে আমাদের চেতনার ভূমিতে যে লাল গোলাপের চাষ করে গেছেন, সেই গোলাপ আমরা আমাদের আগামী বংশধরদের হাতে তুলে দিতে চাই পরম নিষ্ঠার সাথে। (সম্পাদকীয়: শেখ মুজিব একটি লাল গোলাপ, সেপ্টেম্বর ১৯৭৯)

মনে রাখতে হবে যে এ সম্পাদকীয়টি যখন লেখা হয়েছে, সম্পাদকদ্বয়ের বয়স তখন মাত্র ১৯। তখনই অনেক অপ্রিয় সত্য আমাদের চেপে যেতে হয়েছিল বাস্তব কারণে। আমরা ভেবেছিলাম, যখন দিন বদলাবে তখন আমরা সেই সত্যকে মুক্ত করে দেব। কিন্তু স্বীকার করতে দ্বিধা নেই যে দীর্ঘ ৪০ বছরের দূরত্বে দাঁড়িয়ে যখন এ লেখাটি লিখছি তখনো অনুভব করছি সত্যের পথ এখনো কণ্টকাকীর্ণ। বঙ্গবন্ধুর নাম-উচ্চারণের কারণে সেদিন যারা আমাদের প্রতি চরম অবজ্ঞা দেখিয়েছেন, প্রদর্শন করেছেন ভয়ভীতি, মুখোশ বদল করে তাদের কেউ কেউ এখনো দাপটের সঙ্গে ক্ষমতার সুফল ভোগ করছেন। দুএকজন অবশ্য ভুল সংশোধনের মাধ্যমে কৃতকর্মের প্রায়শ্চিত্তও করে গেছেন জীবদ্দশায়। আমাদের জীবদ্দশায় সব সত্য প্রকাশ করা সম্ভব হবে কিনা জানি না, তবে এটুকু নিশ্চিতভাবে জানি যে আজ হোক কাল হোক সত্য প্রকাশিত হবেই। তার পথ রুদ্ধ করার ক্ষমতা কারো নেই।

১২.

বঙ্গবন্ধুর স্বঘোষিত ও অঘোষিত ঘাতকশাসিত পঁচাত্তরপরবর্তী বাংলাদেশে আমরা যে কোনো প্রকার স্বীকৃতি বা সম্মানের আশায় স্বনামে ‘এপিটাফ’, ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ কিংবা ‘আবার যুদ্ধে যাবো’-র মতো চরম ঝুঁকিপূর্ণ প্রকাশনার কাজে ব্রতী হইনি, তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। তারপরও ন্যূনতম যে স্বীকৃতিটুকু প্রাপ্য ছিল, দুর্ভাগ্যবশত এ প্রকাশনাগুলোর ভাগ্যে তাও জোটেনি দীর্ঘদিন। অথচ প্রতিটি প্রকাশনাই বঙ্গবন্ধু হত্যাপরবর্তী প্রতিবাদী ইতিহাসের মাইলফলক হিসেবে বিবেচিত হওয়ার দাবি রাখে। পরম সৌভাগ্যের বিষয় যে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বাংলা একাডেমি বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই নেতাকে নিয়ে যে ১০০টি গ্রন্থ প্রকাশ করছে তার পুরোভাগে ঠাঁই মিলেছে ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’-এর। স্বীকৃতি বলি আর সম্মানই বলি, গ্রন্থটি আর তার নগণ্য সম্পাদকদের জন্যে এর চেয়ে ভালো উপলক্ষ আর কী হতে পারে! গ্রন্থটি পুনঃপ্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ চার দশক ধরে উপেক্ষিত এমন এক সত্যের উন্মোচন হলো যা বর্তমান প্রজন্মকে কেবল প্রেরণাই জোগাবে না, পাশাপাশি এই বার্তাও পৌঁছে দেবে যে বঙ্গবন্ধুর ঘাতকদের রক্তচক্ষুকে অগ্রাহ্য করেই সেদিন প্রতিবাদের মশাল প্রজ্বলিত করেছিল পঁচাত্তরপরবর্তী প্রজন্ম যাদের বয়স তখনো ২০ বছর পূর্ণ হয়নি।

ঢাকা: ১১ আগস্ট ২০২৩