খালিকুজ্জামান ইলিয়াস: আফসোস
বয়স বাইশ, গায়েগতরে তরতাজা—অন্তত ই এম ফস্টারের মত বলা যাবে না– well developed body, undeveloped brain—ওদিকে কলেজে পড়তে চার মাসের UOTC ট্রেনিং নিয়েছে, আবার ক্যাডেট ক্যাপ্টেন হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে বগুড়া শহরের স্কুলগুলোর নানা দলের কুচকাওয়াজ পরিচালনা করেছে। যুদ্ধে যাবার সেটাই তো বয়স, সবকিছুই অনুকূল,অথচ সে যুদ্ধে যায়নি। শত্রুসেনা নির্বিচারে মানুষ মারছে জেনেও অস্ত্র হাতে নেয়নি, যুদ্ধ সে করেনি, বরং বাব-মা'র আশ্রয়ে ছোট্ট মফশ্বল শহরে একটা শিউলি-কামিনি-কনক চাঁপা গাছে ঘেরা ঘরে বসে উদ্বেগ- উৎকণ্ঠায় সময় কাটিয়েছে। উৎকণ্ঠা কারণ ২৫শে মার্চের পর থেকে ঢাকায় থাকা বড় দু ভাইয়ের কোনও সংবাদই পাওয়া যাচ্ছিলো না। এই যুবকটি আমিই। সে সময় অগ্রপশ্চাৎ বিবেচনা না করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়িনি বলে এক অপরাধবোধ আজও মনে মাঝে মাঝেই খোঁচা দেয়।
ছাব্বিশে মার্চ আর ষোলই ডিসেম্বর দুটোই আমাদের জাতীয় জীবনে সবচেয়ে তাৎপর্যময় দুটো দিন। কিন্তু এই দুদিনের ঘটনাবহুল বিয়োগান্ত ও মিলনান্ত সময় রাজধানী শহরে থেকে যেমন অনুভব করা যায়, মফস্বল শহরে এদের প্রভাব স্বতন্ত্র। তবে রাজধানীর জলে ঘটনার পাটকেল পড়ে যে তরঙ্গ ওঠে তা তেজ হারালেও দেশের আনাচেকানাচে সর্বত্রই ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ে বি এ তৃতীয় বর্ষের পরীক্ষার আটটি পেপার শেষ হতেই এল ইয়াহিয়া খানের সেই পার্লামেন্টের অধিবেশন স্থগিতের ঘোষণা। সঙ্গে সঙ্গে ঢাকা শহর ফুঁসে উঠলো। থাকতাম মহসিন হলে। সেখান থেকেই যেতাম মিটিং মিছিলে, পুলিশের দিকে ইটপাটকেল ছুরতাম; প্রতিদানে আসত টিয়ার গ্যাস, মাঝে মাঝে গুলিও। খুব উৎসাহ নিয়ে দুচারজন বন্ধু মিলে—নুরুল হুদা, সাজ্জাদ কাদির, রফিক কায়সার—স্বাধীনতার স্বপক্ষে যে একটা পত্রিকা বের করেছিলাম তার কয়েকটা কপি নিয়ে গেলাম ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শুনতে আর চার আনা দামের সেই পত্রিকা বিক্রি করতে। বক্তৃতা শুরুর আগেই পত্রিকার সব কপিই বিক্রি হয়ে গেল। বঙ্গবন্ধু এলেন মঞ্চে, অসাধারণ একটি ভাষণ দিলেন। আমার কাছে খুব সংযত আর কৌশলী বক্তৃতা বলেই মনে হল। এতে যেমন বঞ্চনার সংক্ষিপ্ত ইতিহাস ছিল, বজ্রহুঙ্কার ছিল, তেমনি ছিল সরকারকে শেষ সুযোগ দানের ইঙ্গিতও। সভার এক পর্যায়ে আর্মির একটা হেলিকপ্টার বেয়াক্কেলের মত দশ লক্ষ লোকের মাথার ওপর রেকি করতে উড়ে আসে। সঙ্গে সঙ্গে অসংখ্য পাদুকা আকাশে উৎক্ষিপ্ত হয়, এবং এখনও চোখে স্পষ্ট ভাসে কপটারটা চিৎ হয়ে পেট দেখিয়ে যে পথে এসেছিল সেপথেই উড়ে গিয়ে অদৃশ্য হয়।
এরপর নেতৃত্ব পর্যায়ে নানা ধরনের আলাপ আলোচনার ছল চলতে থাকে। আমাদের পার্লামেন্টারিয়ান নেতৃত্ব এই ছল বুঝতে পারলেও প্রস্তুতির অভাবে করার ছিল না কিছুই—শুধু অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া। ওদিকে চলতে থাকে কার্ফু, গুলি, রক্তপাত, রাতেরবেলা মহসিন হলের পাশে রেল লাইনের বস্তি থেকে বের হওয়া মিছিলে গুলি, আহত বস্তিবাসীদের হলে এনে সেবা দেওয়ার চেষ্টা—এসব চলতে থাকে। রাতের অন্ধকারে হলের ছাদে উঠে রাস্তায় টহল দেয়া আর্মির জীপের উদ্দেশে গালাগালি করা আর জয় বাংলা স্লোগান দেয়া চলে দুচারদিন। নীলক্ষেতের ওই রাস্তা থেকে রাতের অন্ধকারে মাইক্রোফোনে ভেসে আসে ঘাতক কণ্ঠস্বরঃ ইউ মে শাউট ফ্রম দেয়ার, বাট ডোন্ট ট্রাই টু কাম আউট।
এরও আগে আমার স্কুলের বন্ধু চিশতী হেলালুর রহমানের সঙ্গে কিছুটা যোগাযোগ ছিল। ওর কাছে মাঝে মাঝে ইকবাল হলে গিয়ে দেখেছি স্বাধীনতার প্রস্তুতি, মানচিত্রঅলা পতাকা, ঘরের মেঝেতে ছড়ানো ময়দার আঠা, ব্যানার, পোস্টার, কেন্দ্রীয় ছাত্রনেতাদের মিটিং, মিছিলের প্রস্তুতি।
এই চিশতী হেলালুর রহমানের সঙ্গে বগুড়া জেলা স্কুলে পড়েছি চার কি পাঁচ বছর। খুবই সাহসী এবং বলিষ্ঠ কণ্ঠের অধিকারী চিশতী ২৫ শে মার্চেই ইকবাল হলে হানাদার বাহিনির হা্তে শহীদ হয়। শুনেছি ওই হলে অবস্থানকারী ছাত্রদের ঘাতক সেনারা যখন গুলি করে, তখন নাকি চিশতী জয় বাংলা স্লোগান দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল। স্কুলে পড়াকালীন প্রায় প্রতিদিন খুব ভোরে সে আসতো আমার শোবার ঘরের জানলার কাছে, এবং এসে খুব চাপা স্বরে একটা হুতোম পাখির মতো ডাকতো আমার ডাক নাম ধরে। আমরা হাঁটতে হাঁটতে, গল্প করতে করতে করতোয়া নদীর পাড় ধরে চাঁদমারী ঘাট পেরিয়ে চলে যেতাম শ্বশান ঘাটের দিকে। ষাটের দশকের প্রথমার্ধে তখন আইয়ুব খানের রাজত্ব চলছে। বগুড়া জেলা স্কুলের সহপাঠীদের সামনে একদিন সে হলফ করে বলে যে সে একদিন পাকিস্তানের প্রেসিডেন্ট হবেই। মনে হয় কিছুটা একগুঁয়ে প্রকৃতির ছিল সে। একবার মওলানা ভাসানী বগুড়ায় এসে উডবার্ন পার্কে জনসভা করেন। তিনি মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে ভাষণ দিয়ে এক সময় জনতার কাছে জানতে চান তাদের কেউ এই ভুয়া গণতন্ত্র সমর্থন করেন কি না। বিশাল ওই জনসভায় মুহূর্তে নিরবতা নেমে আসে। হঠাৎ দেখি সমর্থক হিসেবে একজন হাত তুলে দাঁড়িয়ে গেছে। দুরু দুরু বক্ষে খেয়াল করে দেখি শ্রীমান আর কেউ নয়, আমার বন্ধু চিশতী হেলালুর রহমান। মনে আছে ভাসানী তাকে জিজ্ঞেস করেছিলেন সে নিজে একজন মৌলিক গণতন্ত্রী কি না। এ সব ঘটনায় বোঝা যায় চিশতী কিছুটা উদ্ভ্রান্ত, কিছুটা একগুঁয়ে প্রকৃতির্ ছিল। স্কুলের ফুটবল টীমে গোলকিপার হিসেবে খেলত, আর নানা ধরনের অনুষ্ঠানে, ক্যাডেটের মার্চ পাসটে পেটের ওপর ধরে বড় ড্রামটা বাজাত। বেঁচে থাকলে এবং ভারতে গিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্বের সাহচর্যে থাকলে আজ সে নিশ্চয়ই একজন সৎ ও সফল রাজনীতিবিদ হিসেবে পরিচিতি লাভ করত।
যা হোক, মার্চ মাসে আমার পক্ষে ঢাকায় আর বেশিদিন থাকা সম্ভব হয় না। উদ্বিগ্ন বাবা-মার ডাকে পঁচিশের ঢাকা আর দেখা হল না। এক সপ্তাহ আগেই ফিরলাম বগুড়ায় তাদের পক্ষপুটে আশ্রয় নিতে।
বগুড়ায় পঁচিশের সন্ধ্যায় রটে গেল যে রংপুর ক্যান্টনমেন্ট থেকে এক কন্টিনজেন্ট আর্মি বগুড়ার দিকে রওয়ানা দিয়েছে। খবর শুনেই কিছু ডানপিটে তরুণ বাসাবাড়ি থেকে বন্দুক, এয়ারগান যে যা পেল জোগাড় করে আর্মি ঠেকাতে ঊত্তর দিকের দু একটা অফিস আর বাসার ছাদে অবস্থান নেয়। আর্মির বহর শহরে ঢোকার মুখেই গুলির আওয়াজ পায়। সম্ভবত দোনলা বন্দুকের ওজনদার আওয়াজে ওরা ভাবে এদের কাছে বুঝি ভারী অস্ত্রপাতি রয়েছে। ওরা থেমে যায় এবং দুএক দিনের মধ্যেই পশ্চাদপসারণ করে। ইতিমধ্যে বগুড়ায় ছোট যে এক আর্মি পোস্ট ছিল সেখানে অস্ত্র লুট করতে গিয়ে একটা ছেলে শহিদ হয়। এরপর ক্ষিপ্ত লোকজন ওই পোস্টের ১৯ জন পাকিস্তানি সৈন্যকে তাদের ক্যাপটেন সহ বন্দি করে জেলখানায় এনে রাখে। কিছুক্ষণ পরই উত্তেজিত ছেলেরা তাদের সবাইকে জেলখানার ভেতরেই গুলি করে মেরে করতোয়া নদীর তীরে পুঁতে রাখে।
এই ঘটনার পরই শহরের লো্কজন পালাতে শুরু করে। আমিও বাবা-মা'র সঙ্গে শহরের সাত মাইল পূর্বে পোড়াদহে আমাদের পারিবারিক এক বন্ধুর বাসায় গিয়ে উঠি। ওদিকে শুনতে পাই শহরে বড় বড় শেল পড়ছে; দেখি স্থানে স্থানে ধোঁয়া পাকিয়ে উঠছে। পাকিস্তান আর্মি নির্বিচারে গো্লাবর্ষণ করে প্রায় প্রতিটি বাড়ী ক্ষতিগ্রস্ত করে এবং শহরে ঢুকে সব বাসায় আগুণ ধরিয়ে দেয়। আমাদের বাসাটা মাটির হওয়ায় তেমন পোড়েনি, তবে বিছানা, আসবাব পুড়ে ছাই হয়ে গিয়েছিল।
এর কদিন আগে আমাদের বাসার অদূরে পাকিস্তান স্টেট ব্যাংক লুট হয়। মুক্তিযোদ্ধারা তখনো সংগঠিত হয়নি। বন্দুকধারী দু দল তথাকথিত মুক্তিযোদ্ধা পরস্পর রেষারেষি করে প্রচণ্ড গো্লাগুলি শুরু করে। আমরা মেঝেতে, খাটের নিচে কানে হাত দিয়ে দু তিন ঘণ্টা শুয়ে থেকে এই শব্দভয় দূর করি। পরে শুনি ট্রাক ভর্তি টাকা চলে গেছে ভারতীয় বর্ডারের দিকে। তখন থেকেই মনে হচ্ছিল নেতৃত্তে রয়েছে মহা সঙ্কট। পরবর্তিকালে মুক্তিযুদ্ধ দলীয়করণ, মুজিব বাহিনি নামে একটা তদারকি বাহিনি গঠন, যুদ্ধ যেন বামপন্থিদের হাতে না চলে যায়, নকশালপন্থিরা যেন এর থেকে ফায়দা নিতে না পারে ইত্যাদি নানা হিসেবনিকেশ চলছিল প্রায় শুরু থেকেই। এই মুজিব বাহিনি গঠিত হয়েছিল সম্ভবত মুক্তিযুদ্ধ শুরুর আগেই এবং তা অস্থায়ী বাংলাদেশ সরকারের অজ্ঞাতেই।
এদিকে মাসখানেক গ্রামে গঞ্জে ঘুরে ফিরে সময় কাটিয়ে শহরের বাসায় ফিরে এসে ঘরদোর সাফ করি, মেরামত করি । বাইরে বেরই না কারণ যুবক এবং দেখে ছাত্র মনে হয়, এমন ছেলেদের দেখলেই টহলদার সৈন্য ধরে নিয়ে যায়, জেরা করে, নির্যাতন করে । বছরের মাঝামাঝি সময় বিশ্ববিদ্যালয় চালু হলে ভয়ে ভয়ে চলে আসি ঢাকা এবং অন্যান্য অনেকের মতই ক্লাস করি আর মনে মনে ঠিক করি সূযোগ পেলেই যাব যুদ্ধে। মহসিন হলে গিয়ে থাকতে সাহস হয় না ; তাহলে ঢাকায় থাকার জায়গা আমার একটাই—৪২/২ হাটখোলা রোড, টিকাটুলি, আমার বড় ভাই আখতারুজ্জামান ইলিয়াসের ভাড়াকরা বাসা। আসলে বাসাটা কথাশিল্পী শওকত আলীর। দোতলা বাড়ির নিচের তলায় থাকত ভাই। সেখানেই একটা ছোট ঘরে একটা ব্যাগে দুসেট কাপড় রাখি—সঙ্গে মাও সেতুং-এর লাল বই। ঊদ্দেশ—সুযোগ পেলেই যুদ্ধে যাব। ওদিকে ক্লাস করি আর সাবধানে এদিক সেদিক খোঁজখবর নিই কি করে ভারত যাওয়া যায়। কেউ বাংলা বিভাগের দুজন ছাত্রর খোঁজ দেয় যারা ছাত্র রিক্রুট করে। কলা ভবনের চওড়া বারান্দায় একদিন ওদের সঙ্গে দেখা করে জানাই যে আমি যুদ্ধে যেতে চাই। আমার সঙ্গে সংক্ষেপে কথাবার্তা বলে ওরা খুব একটা উৎসাহ দেখায় না। দেশে থেকেই সাহায্য করতে পারব কি না জানতে চায়। আমি বলি, না, আমার ট্রেনিং আছে, আমি সম্মুখ সমরেই আগ্রহী। শেষে আমার ঠিকানা রাখে এবং বলে রাতের অপারেশনের পর মুক্তিযোদ্ধাদের কোনো একটি দল আমাকে ভোরবেলাতেই নিয়ে যেতে পারে, আমি যেন প্রস্তুত থাকি। তখন মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়। প্রায় প্রতিরাতেই ঢাকা শহরের এখানে সেখানে গ্রেনেড ফাটার শব্দ পাওয়া যায়। আমি মহা ভয় আর উৎকণ্ঠা নিয়ে রাত জাগি আর ভাবি হয়ত ভোরেই দরজায় টোকা পড়বে, কেউ এসে আমাকে নিয়ে যাবে। কিন্তু প্রায় পক্ষকাল অপেক্ষার পরও সেই টোকা আর পড়ে না এবং আমার পক্ষেও ভাইয়ের ওখানে থাকা আর সম্ভব হয় না। তখন আর কি? আবার বাবা-মা'র পক্ষপুটে আশ্রয় নিতে আবার বগুড়ায় ফিরে যাওয়া।
এরপর আসে ডিসেম্বর—বিজয়ের মাস। আমাদের আরেক দফা শহর ছাড়তে হয়। ফের যাই সেই পোড়াদহে; এবার উঠি সেখানকার স্কুলঘরে। সেখানে একটা বড় ঘরে আরো দু চার পরিবারের সঙ্গে থাকি চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত। বিজয়ের উল্লাস শহরে, বিশেষ করে রাজধানীতে যেমন, গ্রামে সেরকম অনুভূত হয় না। তবে মনে আছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কোনো এক সকাল বেলা শোনা গেল দূর থেকে আসা ট্যাঙ্কের চলাচলের একটানা ঘরঘর আওয়াজ। প্রথমে বুঝতে পারিনি কিসের আওয়াজ। ছেলেছোকড়া যে যেখানে ছিল একটা হৈ দিয়ে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ছুটে যায়। ইতিমধ্যে শহর থেকে কিছু পাক সেনা প্রাণভয়ে পালিয়ে গ্রামাঞ্চলে চলে আসে। শহরে ক্যান্টনমেন্টের গণ্ডিতে থাকলেই তা ওদের জন্য হত বুদ্ধিমানের কাজ। কিন্তু না, ওরা হতবুদ্ধি হয়ে পালাতে চায় নিরুদ্দেশে; ভাবে শহরের বাইরেই বুঝি রয়েছে নিরাপদ আশ্রয়। কিন্তু ওদের জন্য বাংলার গ্রাম তখন এক একটা মরণফাঁদ। লোকে তাদের দাবড়িয়ে ধরে কুপিয়ে মারে। এক সেপাই গেরস্তঘরের বৈঠকখানায় ঢুকে দরজা বন্ধ করে আত্মরক্ষা করতে চায়। তাকে ঘর থেকে নিষ্ক্রান্ত করতে গেলে সেপাইয়ের হাতের অস্ত্র গর্জে ওঠে। এতে পায়ে গুলি লেগে আহত হয় এক কিশোর। হিংস্র পশুকে লোকে যেমন কেঁচিয়ে মারে, সেরকম করে মারলো সেই পাক সেনাকে। ছেলেটা কোথায় কোন অবস্থায় ছিল জানি না; তবে প্রায় তিন দিন পর পায়ে মারাত্মক পচন নিয়ে ছেলেটাকে আমাদের স্কুলনিবাসের কাছে আনা হয়। সেখানে শহরের নয়াজেশ ডাক্তারও আশ্রয় নিয়েছিলেন এবং টুকটাক প্রাকটিসও করছিলেন। পরীক্ষা করে ডাক্তার পা-টা কেটে বাদ দেওয়ার কথা বললেন নইলে গাংরিন হতে পারে বলে জানালেন। এরপর আর দেরি না করে গাছতলায় একটা টেবিল পেতে সেখানেই অপারেশন শুরু হয়। কোনোরকম চেতনানাশক নেই, অজ্ঞান করার আফিম বা ব্রান্ডি কিছুই নেই—কোথায় পাবে এসব? তিন চারজন লোক ছেলেটার হাত-পা ঠেসে ধরে রাখে আর ডাক্তার সাহেব একটা গরু জবাইয়ের চাকু দিয়ে নির্বিকারভাবে উরুর যেখানে বুলেট ঢুকেছিল সেখানকার ইঞ্চি চারেক জায়গার চামড়া তুলে গুটিয়ে রাখে। পা টা বিচ্ছিন্ন করার পর এই চামড়া দিয়েই ক্ষতস্থান মোড়ানো হবে। টকটকে লাল মাংস, মাংসের উপরিভাগে সাদা চর্বি, প্রচুর রক্ত, এবং কিশোর ছেলেটির তারস্বরে চীৎকার—বাতাস ভারী হয়ে ওঠে। লোকে ভীড় করে দেখতে থাকে। আমি বেশিক্ষণ দেখার সুযোগ পাই না, কিন্তু ঘন্টাখানেক পর দেখি পা টা টেবিলের নিচে ধূলায় পড়ে আছে; সেটার পেশিগুলি তখনও তিরতির করে কাঁপছিল। গ্রামের দু চারজন মহিলার কণ্ঠ কানে আসেঃ এই ডাক্তার পাষাণ গো। ন' মাসের যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে মফস্বল শহরের গ্রামাঞ্চলে এ ধরনের দৃশ্য হ্য়তো খুব একটা অপরিচিত নয়।
বগুড়া শত্রুমুক্ত হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহেই। স্থানীয় মুক্তিযোদ্ধারা শহরে ঢুকে আনন্দ ঊল্লাস করে, তবে সেসব দেখার সুযোগ আমার হয়নি। শহরে ফিরি বিজয় দিবসের পর। বিজয়বোধ বস্তুতঃ স্থান কাল নিরপেক্ষ। বিজয় উল্লাস হয়তো সে অর্থে দেখিনি কারণ সবার মনোযোগের কেন্দ্রবিন্দু তখন রাজধানী শহর ঢাকা। কিন্তু মানসিকভাবে বিজয়ের স্বাদ আমাদের আত্মসন্মানবোধ যেমন বাড়িয়েছে, তেমনি দিয়েছে এক অমর আনন্দানুভূতি। সুস্থ সবল দেহ ও মনের অধিকারী হওয়া সত্তেও, ইঊ ও টি সি ট্রেনিং থাকার পরও বলবো পরিবেশ ও সাহচর্যের অভাবে অস্ত্র হাতে দেশমাত্রিকার মুক্তির জন্য যুদ্ধ করতে পারিনি বলে একটা আক্ষেপ বরাবর রয়েই গেছে। কিন্তু আবার এমনও মনে হয় যে যুদ্ধ হয়ত আমার জন্য নয়; সবার জন্য সব কাজ উপযুক্ত নাও হতে পারে। যুদ্ধ করলে হয়তো লাল বইয়ের কল্যাণে আমি লড়বার সুযোগই পেতাম না, কিম্বা পেলেও হয়ত অকালে মৃত্যুবরণ করে শহীদ মুক্তি যোদ্ধাদের সংখ্যার তালিকায় আরেকটি সংখ্যা যোগ করতাম মাত্র।
