২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল ওয়াহাব আল-বায়াতির তিনটি কবিতা

মূল থেকে অনুবাদ করেছেন কবি ও অনুবাদক কাউসার মাহমুদ

আব্দুল ওয়াহাব আল-বায়াতির তিনটি কবিতা

চিত্রকর্ম:

কাউসার মাহমুদ কাউসার মাহমুদ

Published : 25 Feb 2023, 09:33 PM

Updated : 25 Feb 2023, 09:33 PM

আব্দুল ওয়াহাব আল-বায়াতি [১৯২৬-১৯৯৯] একজন ইরাকি আরব কবি। আরবি কবিতায় শতাব্দীকাল ধরে ব্যবহৃত কিছু প্রচলিত নির্দিষ্ট ফর্মকে অস্বীকার করে যিনি রচনা করেছিলেন নিজস্ব কণ্ঠস্বর। এই ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য, প্রাসঙ্গিক ও অগ্রগামী। জীবনের প্রতিটি পর্যায়ে কবিতা ও রাজনৈতিক তৎপরতা নিয়েই মুখর ছিলেন। ফলে কখনো মস্কো কখনো লন্ডন কখনো মাদ্রিদ কিংবা বাগদাদে নিজের ডেরা বানিয়েছিলেন।
ব্যক্তিজীবনে ভীষণভাবে প্রভাবিত ছিলেন সুফি ও বামপন্থীদের দ্বারা। সূফীদের দূরদর্শিতা, মূল্যবোধ এবং প্রেমময় দৃষ্টিভঙ্গির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দরবেশ ব্যক্তিত্ব, বিশেষত ইমাম আহমাদ গাজ্জালীর মত সুফি উস্তাদদের দ্বারা ছিলেন অনুপ্রাণিত। সুফিবাদ ও প্রেম নিয়ে রচিত তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের নাম : 'মালায়িকা ও শায়াতিন' [শয়তান ও দেবদূত]।
কমিউনিস্ট মতাদর্শের কারণে  ঘনিষ্ঠ বন্ধুত্ব হয় তুর্কি কবি ও নাট্যকার নাজিম হিকমতের [১৯০২-১৯৬৩] সঙ্গে। দুজনই সোভিয়েত ইউনিয়নে নির্বাসনে থাকায় মস্কোতে তাদের দেখা হয়। এছাড়াও রুশ কবি ভ্লাদিমির মায়াকভস্কি [১৮৯৩-১৯৩০] ফরাসি পরাবাস্তববাদী কবি লুই আরাগঁ [১৮৯৭-১৯৮২] স্প্যানিশ কবি ও নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকা [১৮৯৮-১৯৩৬] এবং চিলিয়ান কবি ও রাজনীতিবিদ পাবলো নেরুদা [১৯০৪-১৯৭৩]-র মতো অন্যান্য বামপন্থী কবিদের মতাদর্শও লালন করতেন তিনি।

নিঃসম্বল মুসাফির

শূন্যস্থান থেকে—
কোনো অভিমুখ নেই, কোনো ইতিহাস নেই আমার শূন্যস্থান থেকে
আকাশের নীচে বাতাসের ক্রন্দনধ্বনিতে শুনতে পাই আমাকে ডাকছে সে :
এসো!
কোনো অভিমুখ নেই, ইতিহাস নেই...কেবলই শুনতে পাই আমাকে ডাকছে সে : এসো!
টিলার বাঁকে
ইতিহাসের জলাভূমি পার হয়ে গেছে পুরুষেরা
অগুনতি বালির দানা।
অথচ পৃথিবী রয়ে গেছে, মানুষেরাও থেকে গেছে
তাদের সাথে অন্ধকার ছায়া নিরর্থক খেলা করে
ইতিহাসের জলাভূমি, দুঃখের দেশ আর পুরুষেরা
পাহাড়ের ওপারে
হয়তো পেরিয়ে গেছে হাজারো রাত,
আর আমি বাতাসের ভেতর নিরর্থক শুনি তার ডাক : 'পাহাড়ের ওপারে এসো।'
আমি ও হাজার  বছর
উদাস, দুঃখী, বিরক্ত
শূন্যস্থান থেকে
আকাশের নিচে।
আমার ভেতর আমার আত্মা আশাহীন মরছে
যখন আমিও হাজার বছর
উদাস, দুঃখী, বিষন্ন
আমি হব, বৃথাই! শূন্যস্থান থেকে নিশ্চয়ই আমি চিরকাল থেকে যাব
কোনো অভিমুখ নেই, কোনো ইতিহাস নেই শূন্যস্থান থেকে।
আলো ও শহরের কোলাহল দূর থেকে আঘাত করে আমায়
জীবনের একঘেয়েমি তার পিচঢালা পথে ফিরে আসে
একটি নতুন বিরক্তি একটি অবাধ্য মৃত্যুর চেয়ে শক্তিশালী।
একটি নতুন বিরক্তি
হাজার বছর বেপরোয়া হাঁটছি
ভারাক্রান্ত বর্তমান ছাড়া মুসাফিরের জন্য অপেক্ষা করে না কিছুই
বিচ্ছিরি কাদামাটি
হাজার বছর আর সহস্র পঙ্গপালের চোখ।
শহরের দেয়াল উজ্জ্বল হয়েছে,
কিন্তু কী লাভের আশা করি তাতে?
এমন এক পৃথিবী থেকে—
যা এখনও বেঁচে আছে প্রতিবাদের শব্দ ছাড়া ঘৃণ্য অতীতে?
বলেও না, 'ওহে কপালের সুগন্ধি মৃতদেহের ওপর দীর্ঘজীবি হও।'
জীবনের একই একঘেয়েমি তার পিচঢালা পথে ফিরে আসে
একটি নতুন ব্যথা একটি অবাধ্য মৃত্যুর চেয়ে শক্তিশালী,
আকাশের নিচে
কোনো আকাঙ্ক্ষা ছাড়া
আমার ভেতর আমার আত্মা মারা যাচ্ছে
মাকড়সার মত,
আমার আত্মা মারা যাচ্ছে
দেয়ালে দিনের আলো
শুষে নাও বছরগুলো
দিবসের আলো কখনো ছিলো না আমার—
তার রক্ত থুক করে ফেলো।
আমি হব, বৃথাই! শূন্যস্থান থেকে নিশ্চয়ই আমি চিরকাল থেকে যাব
কোনো অভিমুখ নেই, কোনো ইতিহাস নেই  আমার— শূন্যস্থান থেকে।

অজ্ঞাত মানুষের স্মৃতি

তিরিশ অক্টোবর
আমার মত সরল মানুষেরা বিদ্রোহ করে না প্রভু!
কারণ তারা জানে না।
আমার মত মানুষের বেঁচে থাকার অধিকার আছে
আছে আত্মনিয়ন্ত্রণের অধিকার।
আমাদের বিষণ্ন গ্রহের উপকণ্ঠে—
রক্তের নদী বয়ে যায়।
একজন মানুষের জন্য
সুখী আগামীকাল আমাদের জন্য।
আমাদের বিষণ্ন গ্রহের উপকণ্ঠে—
রক্তের নদী বয়ে যায় প্রভু!
উনিশ নভেম্বর
বাগদাদে রাত
রক্ত ​​ও ছায়া কখনোই তাড়া করে না আমায়; যেন এখনও আছি
দূর গ্রামাঞ্চলের কবরস্থান ভেদ করে তৃষ্ণার্ত
সে ছিল আমাদের নতুন পৃথিবীর
আগামী দিনের সুখী মানুষ
প্রভু!
কারখানা এবং শস্যক্ষেত্রে সন্তান উৎপাদন করে সে।

প্রার্থনা

তোমার মুখ নির্গত সুমিষ্ট বাতাস নিঃশ্বাসে টেনে নিই
রোজ তোমার সৌন্দর্যের চিন্তা করি : এবং
আশা করি উত্তর বাতাসের গুঞ্জনধ্বনির মত
তোমার প্রিয় কণ্ঠটি শোনবার।
নিশ্চয় প্রেম-অঙ্গপ্রত্যঙ্গে যৌবন ফিরিয়ে আনবে আমার
তোমার হাতটা দাও; যা তোমার আত্মা ধরে রাখে
আমি তা জড়িয়ে ধরবো, তা নিয়ে বাঁচবো।
অনন্তকাল নাম ধরে ডাকো আমার
তার প্রতুত্তর ছাড়া ;
তোমার থেকে কখনোই ডাকটা শোনা যায় না।
তাই আমাকে বলা হলো :
তোমার কন্ঠের আগুনে তুমি জ্বলবে
ছাই হয়ে যাবে
প্রসাধনীর মত
যে তার ভালবাসায় পুড়েছে।