মুর্তজা বশীর: প্রমূর্ত ও বিমূর্ত
দুধে-শৈশবেই ছবি-আঁকা তাকে আবিষ্ট করেছিল, এমন কথা অনেক অনেক বড় চিত্রকরের জীবনের মতো মুর্তজা বশীরের বেলায় সত্য নয়। তিনি উত্তীর্ণ কৈশোরে রাজনীতির মন্ত্রে আলোড়ন অনুভব করেছেন। বাম রাজনীতির নেতারা তাকে মানুষের মুক্তি কোন পথে আসবে এই ঘুনে ধরা রাষ্ট্র ও সমাজকাঠামো ভেঙে, সেই আদর্শে উদ্বোধিত করেন। তাই তাকে দায় নিতে হল পোস্টার লেখায় এবং দেয়াল লিখনে। একদিন ধরা পড়লেন, রাষ্ট্রের পুলিশ তাঁকে পেটাল ও গরাদের ভেতরে আটকে রাখল। স্বপ্ন-ভাঙা সময় সেটা। পাকিস্তান নামক রাষ্ট্রের দুই নীতি এবং তার সঙ্গে দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর সাম্রাজ্যবাদী শক্তির যোগসাজসে বাঙালির রাজনীতি সচেতন সংস্কৃতি চর্চার পথ দ্রুত কণ্টকাকীর্ণ হল। শুরু হলো প্রতিবাদ, মিছিলে, পোস্টারে, ব্যানারে, ফেস্টুনে। শিল্পীরাও অগ্রণী সেই মিছিলে। ইতোমধ্যে চিত্রকলা বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছেন জয়নুল আবেদিন সহযোদ্ধাদের নিয়ে। ১৯৪৮-এ প্রথম ব্যাচ, '৪৯-এ যথারীতি দ্বিতীয় ব্যাচ। এ দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মুর্তজা বশীর। অনুশীলন শুরু করেছিলেন প্রান্তিক মানুষের জীবনের কষ্টে মর্মরিত হয়ে। শ্রমী মানুষের জীবনের চিত্ররচনা অঙ্গীকার তাতিয়ে উঠল ৫২-র ভাষা আন্দোলনে। মিছিলে ছিলেন বিদ্যার্থী শিল্পী বশীরও। বরকতের রক্তে লাল-ছোপ জামা গায়ে বাড়ি ফিরলে পিতা জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ খুশি হলেন এবং নিজের আসকান কেটে পুত্রকে কালো বেজ পরিয়ে ভাষা-যোদ্ধা হিসেবে অভিনন্দিত করেন।
মুর্তজা বশীর 'রাষ্ট্র ভাষা বাংলা চাই' সম্বলিত প্লাকার্ড উত্তোলিত মিছিলের মানুষের ছবি এঁকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রথম ছাপচিত্র যুক্ত করেন। রাষ্ট্রভাষা আন্দোলনের ছবি প্রথম কাগজে কালিতে আঁকলেও পরে তা কাঠখোদাইয়ে আঁকেন। কাঠ খোদাইয়ের এই ছাপচিত্র অনেক সংস্করণ হয়ে অনেক সংগ্রামী মানুষের চেতনাকে আরও প্রাণিত করল।
ছাপচিত্রই সব চেয়ে গণতান্ত্রিক মাধ্যম। রাশিয়ায় ও চীনে বিপ্লবমন্ত্র চিত্ররূপ পেয়ে জনতার কাছে পৌঁছেছে এ মাধ্যমের শক্তিতে। মূর্তজা বশীরের শিল্পসাধনার শুরুতে এ অর্জন কী কারণে হল তা বোধ হয় আরেকটু বিস্তার দাবি করে। আসল কথা, তারুণ্যের দিনে যে সাম্যবাদী রাজনীতিতে তিনি দীক্ষা লাভ করেছিলেন তা-ই ৫২-র মিছিলে অংশ নেয়ায় তার তুলি থেকে রং নয়, মানুষের দ্রোহের স্ফুলিঙ্গ বেরিয়ে আসে।
স্বদেশের বিদ্যালাভ শেষে ইতালির ফ্লোরেন্সে ও ফরাসি দেশে প্যারিসের দুটি বিখ্যাত চারুকলা শিক্ষার প্রতিষ্ঠানে তিনি শিক্ষা ও দীক্ষা লাভ করেন। দেশে ফিরে শুরু করেন নিরীক্ষাধর্মী শিল্পচর্চা।
জয়নুলের বাস্তববাদি আদর্শ, লোককলালগ্ন রীতি, এমনকি বিমূর্ত চিত্রকলা কোনোটাই তাকে আকর্ষণ করল না। তিনি ছবির তল বন্টন করলেন নিজস্ব জ্যামিতিতে। মানুষ, নিসর্গ ও অন্য প্রাণিও তার বিষয়, তবে কখনো দৃঢ় কণ্টুর রেখায়, কখনো বা এক ধরনের কিউবিক ভাষায় তিনি স্পেসে ইমেজের মীমাংসা খুঁজলেন। স্বচ্ছতর রংয়ে বস্তুর নানাবিধ তলের সমন্বয়ে এক নতুন শিল্প সংযোজন করলেন ইতালিফেরত বশীর। এ সব ছবি ইতিবোধের প্রকাশে ছিল সুখের দোলা। কিন্তু অতি দ্রুত নৈঃসঙ্গ তাকে জাপটে ধরে। ষাটের দশকের কথা। তখন তিনি পাকিস্তানে। আঁকলেন দেয়াল সিরিজ। আসলে দেয়ালের ভাঙ্গনের মধ্যে তিনি অনুভব করলেন প্রদাহ-অস্তিত্ববাদি একাকীত্ব। শিল্পী মুর্তজা বশীরের এ কাজ এ দেশের শিল্পচর্চাকে অনেক দূরে যাওয়ার পথ দেখিয়েছে। বিমূর্ত নয়, মূর্তও নয়, একটা অস্পষ্ট ইশারা শুধু চেনা পৃথিবীর। দেয়াল নয়, সংকটাপন্ন হৃদয়ের সারনি যেন।
তারপর বশীর আনুবীক্ষনিক হলেন। পাথরের আন্তরসংগঠন পর্ব করলেন আতস কাজে। দেখলেন অপূর্ব সব রূপ অন্তরে লুকিয়ে রেখেছে পাথর। রচিত হল তার 'এপিটাফ' সিরিজ। '৫২-র দ্রোহী চিত্রকর এখন শান্ত সমাহিত। পূতবোধে আপ্লুত শিল্পী এ চিত্রমালা রচনা করে '৭১-এর মুক্তিযুদ্ধের শহিদদের নিবেদন করলেন শিল্পাঞ্জলি।
তারপর জহরির হাতে আমৃত্যু ধরা ছিল সেই আতস কাজ। সেই কাচে চোখ ধ্যানস্থ করে দেখলেন রূপের লেখা, বস্তর অতীত রঙের লীলা প্রজাপতির ডানায়। আত্মা অনুভব করল তার রঙিন রূপোম স্পর্শ। মুর্তজা বশীর মরমি বোধে স্নাত হয়েছেন এবং 'কলেমা তাইয়্যেবা' সিরিজে আরবি লেখনে পবিত্রাত্মা অর্জনের সাধনা করেছেন। তারপর বর্ণের আধিপত্য বেড়ে যায় তার চিত্রতলে। অমল-নিষ্পাপ নারীর মুখে তিনি যেন অন্বেষণ করেন স্নেহের স্বরূপ। সেই আতসী কাচ হাতে একজন মুর্তজা বশীর মুদ্রায় মুদ্রিত কালচিহ্ন পাঠ করে হলেন মুদ্রা বিশারদ, এদেশের বিখ্যাত চলচ্চিত্রিক অর্জন 'নদী ও নারী'র শুধু চিত্রনাট্য ও শিল্প নির্দেশনার দায়িত্ব পালন করে ক্ষান্ত হননি, ক্যামেরার ল্যান্সেও চোখ পেতে বুঝতে চেয়েছেন জীবনের চলমানতার রহস্য। বাংলার টেরাকোটা নিরীক্ষণের অভিনিবেশ থেকে তার কলম থেকে বেরিয়ে এসেছে এ দেশের প্রাচীন শিল্পের নতুন তাৎপর্য। জীবন-রহস্য উন্মোচনের জন্য সৃজনের এত পথ এত বিচিত্রভাবে ক'জন শিল্পই-বা পাড়ি দিয়েছেন। শিল্পী মুর্তজা বশীর আত্মার আলোয় নিষিক্ত করেছেন তার শিল্প। তিনি নিজেই আজ অজস্র শিল্পমুদ্রা। চোখের মনিকে ধ্যানমগ্ন করে তার ছবিতে আমরা অনুভব করব নিরন্তর সৃজনের বিস্ময়।
