ভিক্তর য়ূগোর কবিতা: বসন্ত
বসন্ত নিয়ে ফরাসি কবির কবিতা, মূল থেকে বাংলায় অনুবাদ করেছেন আবদুর রাজ্জাক
এখানে দিনগুলো দীর্ঘ, আলোকিত, প্রেমময় এবং উন্মাতাল!
এখন বসন্তকাল! মার্চ-এপ্রিল মিষ্টি হাসিতে উদ্বেলিত,
কুসুমিত মে, জাজ্বল্য জুন- মাসগুলো
সুন্দর ও পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ!
নদীতীরে শয়ান *পপলার, খানিকটা নুয়ে আছে দীর্ঘ পামের মতো;
শান্ত ঈষদুষ্ণ বনের গভীরে কেঁপে ওঠে পাখি;
মনে হয় সবকিছু হাসছে এবং সবুজ বৃক্ষরাজি
মিলনানন্দে উচ্ছ্বসিত, তারা পরস্পরের প্রতি গান গেয়ে ওঠে।
সতেজ ও কোমল ভোরে একটি দিনের জন্ম ও অভিষেক হয়;
সন্ধ্যাকাল ভালোবাসায় সিক্ত, রাত্রিতে প্রগাঢ় ছায়ায় এবং আশীর্বাদপুষ্ট
আকাশের নিচে শোনা যায় কিছু একটা সুখী গান অনন্তে।
*নরম কাঠের দীর্ঘ ও ঋজু বৃক্ষ
