পাওল ৎসেলান-এর সাতটি কবিতা
আমরা তোমাকে পান করে চলি সন্ধ্যায় আর সকালবেলায় পান করি শুধু পান করি মৃত্যু তো সেই ওস্তাদ আসে জার্মান রাইখ থেকে চোখদুটো তার নীল
১
চারুভান্ড থেকে বালি
ছত্রাকের মতো সবুজ ওই বিস্মৃতির ঘর।
পতপত করে উড়ছে প্রতিটি তোরণ আর তাদের সামনে নীল হয়ে উঠছে তোমার
শির-খসা চারণকবি৷
সে ঝাঁঝি আর তিতকুটে যোনিরোমের ড্রাম বাজাচ্ছে তোমার জন্য;
পুঁজ ওঠা পায়ের আঙুল দিয়ে এঁকে চলেছে বালিতে তোমার ভ্রূলতা৷
দীর্ঘক্ষণ ধরে চলছে তার এই আঁক, যতক্ষণ আঁকবার তারও বেশী, তাছাড়াও আঁকা হচ্ছে
তোমার ঠোঁটের রক্তিমতা।
ভরে তুলছ তুমি ওই চারুভান্ডগুলি ১ এইখানে, সেই সঙ্গে আহার্যে তোমার হৃদয়।
১ চারুভান্ড- Urn
২
প্রহর ভরা হাত, ওইভাবেই এসেছিলে আমার কাছে -আমি বললাম:
তোমার চুল তো বাদামী নয়।
তাই তুমি তাকে দুঃখের দাঁড়িপাল্লায় তুলে দিলে, তখন আমার চেয়েও
ভারী হল তা
ওরা আসে জাহাজে জাহাজে তোমার কাছে, মাল তোলে, ভোগের বাজারগুলিতে
পণ্য সাজাচ্ছে ওরা -
তুমি এক অতল থেকে আমার দিকে চেয়ে হাসলে, আমি খোসার ভিতর থেকে
চোখের জল ফেললাম, লঘু হল।
আমি কাঁদলাম: তোমার চুল তো বাদামী নয়, ওরা দিচ্ছে
সমুদ্রের জল, আর তুমি ওদের দিচ্ছ অলকদাম ...
তুমি ফিসফিস করে বললে: ওরা আমাকে দিয়ে তো ভুবনটাই ভ'রে তুলছে, আর আমি
হৃদয়ে রয়েছি তোমার কাছে একটা নয়ানজুলি হয়ে!
তুমি বললে: বছরের পর্ণরাজি রেখে দাও তোমার কাছে সব - সময় হয়েছে,
এইবার তুমি আসবে, এসেই দেবে আমাকে একটা চুন্বন!
বছরের এই পর্ণরাজি বাদামী, তোমার চুল তা তো নয়।
কাব্যগ্রন্থ “পোস্তদানা এবং স্মৃতিসম্ভার”
মূল জার্মান ভাষা থেকে অনুবাদ : দেবব্রত চক্রবর্তী
১৯২০ সালে রুমানিয়া-র চেরনোভিচ-এ জন্ম । মাতৃভাষা জার্মান, জাতিতে ইহুদী। ১৯৩৮-এ ফ্রান্স-এ গিয়েছিলেন ডাক্তারি পড়তে, কিন্তু ফিরে আসেন নিজের শহরে রোমান্স ভাষা ও সাহিত্য নিয়ে পড়বেন বলে। ১৯৪১-এ দেশটি রাশিয়া কর্তৃক অধিকৃত হলে ইহুদীরা ঘেটোতে থাকতে শুরু করে, কিন্তু তারপর তার বাবা-মা ১৯৪২-এ এক্সটার্মিনেশন ক্যাম্প-এ স্থানান্তরিত হন, গ্রেপ্তার এড়াতে পারলেও পাওল-কে যেতে হয় লেবার ক্যাম্প-এ। ১৯৪৪ পর্যন্ত সেখানে কাটিয়ে চেরনোভিচ-এ ফেরেন। তখন রুমানিয়া দ্বিতীয়বার রাশিয়ানদের অধিকারে। ১৯৪৫ পর্যন্ত পড়াশুনা চালিয়ে বুখারেস্ট-এ চলে যান অনুবাদক ও রীডার হিসাবে একটি প্রকাশন সংস্থায় কাজ করতে। ১৯৪৮-এ ভিয়েনাতে কিছুকাল কাটান, সেখানে তার প্রথম কবিতার বইটি প্রকাশিত হলেও পরে সেটি তুলে নেওয়া হয়। এর পর তিনি পাকাপাকিভাবে বাস করতে যান প্যারিস-এ। সেখানেই ১৯৭০ পর্যন্ত স্থায়ী হয় তার জীবন, আত্মহত্যা করেন ওই বছরেই।
পশ্চিম জার্মানিতে “পোস্তদানা ও স্মৃতিসম্ভার”[ Mohn und Gedächtnis] (১৯৫২) নামে তার কবিতার বইটি প্রকাশের সঙ্গে সঙ্গেই তিনি খ্যাতির শিখরে পৌছে যান। “মৃত্যুর গ্রন্থি” কবিতাটি এর মধ্যে যেন গোটা হলোকাস্ট-কে ধরে রেখেছে৷ তার ছন্দের মধ্যে বুনে দেওয়া হয়েছে বিভীষিকার সেই অস্থিরতা৷
ইনি অস্ট্রিয়ার কবি হিসাবেই পরিগণিত। হলোকাস্ট সহ্য করতে পারেননি। বাহ্যচেতনা ক্রমশ হারিয়ে ফেলছিলেন। আত্মহত্যা করেছিলেন।
৩
অতিথির ভোজ
লালসার উঁচু উঁচু কড়িবর্গায় লটকে থাকা শিশিগুলি থেকে গড়িয়ে রাত
এখন নিঃশেষ,
দাঁত দিয়ে চষা হয়ে গেছে চৌকাঠ, সকালের আগেই ত্বরিত ক্রোধের
ছড়িয়ে দিয়েছি বীজ:
গজিয়ে উঠতে পারে এখনো কিন্তু দ্রুত একটা জলঘাস আমাদের জন্য, চাকির কল থেকে
এখানে আসার আগেই
একটা লঘুস্বর ফসল খুঁজে বার করা দরকার আমাদের চত্বরে ওদের ধীরগতি চাকাটির পাশে ...
বিষাক্ত আকাশগুলির নিচে অন্য যতো শস্যশিস নিতান্ত মলিন,
স্বপ্নের দিকে অন্যতর নজর এখানকার চেয়েও এখনো, যেখানে আমরা অন্যতর ভাবে
লিপ্সায় ফেলি পাশার দান
অন্যতরভাবে এখানকার চেয়ে, যেখানে অন্ধকারে বিনিময় হয় বিস্মৃতি ও বিস্ময়,
যেখানে সব কিছু স্থায়ী মোটে ঘন্টাটাক, তারপর সুরাপানে মত্ত হয়ে আমরা থুতু ফেলি উদগ্র লোভের জলে,
জানলাটা ছুঁড়ে দিই উজ্জ্বল কফিনে-:
মানুষের রাস্তায় বিস্ফোরণ হয় মেঘেদের খ্যাতির খাতিরে!
তাই তো বলছি তোমরা চলে যাও অন্তরালে ওভারকোটের, উঠে পড় আমার সঙ্গে টেবিলের পাটায়:
কত না অন্যতর এখনো এ দাঁড়িয়ে ঘুমোনো, পানপাত্রের গর্তে সেঁধিয়ে?
কার উদ্দেশে স্বপ্ন পান করি আমরা এখনো, ধীরগতি চাকাটির পাশে?
৪
সেপ্টেম্বর-এর অন্ধকার চোখ
পাথরে মোড়া সময়। গলগল করে বেরিয়ে আসছে
ব্যথার অলকদাম পৃথিবীর মুখের বলয়ে,
মাতাল আপেল, বাদামী হয়েছে এক
পাপার্ত উক্তির ভাপে: সুন্দর ও লীলায় বিমুখ,
এইভাবে বলগা টেনে নিয়ে চলে ভবিষ্যের
ভয়ঙ্কর প্রতিবিম্ব৷
চেস্টনাট ফুটে উঠছে এই নিয়ে দ্বিতীয়বার
চিহৃফলক, যেন মৃদুমন্দ জ্বলে ওঠা
আশা, ফিরে এসে যাবে অচিরেই
সেই কালপুরুষ: আকাশের অন্ধ
বন্ধু যারা, তাদেরই নক্ষত্রস্বচ্ছ উদ্দীপিত অনুভূতি
ডাকে তাকে ঊর্ধাকাশ থেকে।
স্বপ্নের যে তোরণগুলি তার সামনে অনাবৃত হয়ে
ঝগড়া করে একখানি নিঃসঙ্গ চোখ।
এ ঘটনা প্রতিদিনই ঘটে,
জেনেছে সে ঢের:
পুবমুখী জানলার ধারে
রাত্রিকালে তার কাছে ধরা দেয়
অনুভূতিদের যতো চলমান শীর্ণ শরীর।
তার ওই ভেজা চোখে চুবিয়েছ তুমি তলোয়ার।
৫
ছায়ার মধ্যে এক নারীর চ্যাসঁ গীতি
যদি কোনও মৌনী নারী এসে টিউলিপের শিরশ্ছেদ করে:
জিতেছে কে?
হেরেছে কে?
কে এসেছে জানলার পাশে?
কে প্রথম ওর নাম উচ্চারণ করে?
সে লোকটি একজন যে আমার চুলগুলি বয়ে নিয়ে যায়।
বয়ে নেয় হাতে ক'রে সেরকমই যেইভাবে বয়ে নেয় মানুষেরা মৃতদের শব।
বয়ে নেয় সেরকমই যেইভাবে নভঃস্থল আমার এই চুল বয়ে নিয়ে গিয়েছিল সে বছর
কারণ আমি যে প্রেমে বুঁদ।
বয়ে নেওয়া কাজটি তো তার সব শূন্য দম্ভ থেকে।
সে জিতেছে।
সে হারেনি।
সে আসেনি জানলার পাশে।
সে কখনো ওর নাম উচ্চারণ করেনি।
সে লোকটি একজন যার চোখ আমারই দু চোখ
তার ওই চোখ হল যে সময় থেকে ঠিক তোরণেরা বন্ধ হয়ে গেছে।
সে ওটা বহন করে যেভাবে আঙুল বয় অঙ্গুরীয়
সে ওটা বহন করে যেভাবে মানুষ বয় টুকরো টুকরো লিপ্সা আর নীলকান্ত মণি:
হেমন্তে তো সেই ছিল আমার এক জন্মসহোদর;
দিনগুলি রাতগুলি সে কেবল গুনে গুনে রাখে।
সে জিতেছে
সে হারেনি।
সে আসেনি জানলার পাশে।
সে করেছে উচ্চারণ ওর নাম অতি সম্প্রতি।
সে লোকটি একজন যার কাছে রয়ে গেছে যে কথাটি আমি বলে গেছি
সে যেমন বয়ে নেয় নিজের বাহুর নিচে একটি বান্ডিল
সে যেমন বয়ে নেয় ঘড়ি আর তার সঙ্গে সবচেয়ে খারাপ প্রহর
সে যেমন বয়ে নেয় চৌকাঠ থেকে চৌকাঠে, কস্মিনকালেও সে দেয়নি ছুঁড়ে ফেলে তাকে।
সে জেতেনি।
সে হেরেছে।
সে এসেছে জানলার পাশে
সে প্রথম ওর নাম উচ্চারণ করে।
টিউলিপই লোকটির শিরশ্ছেদ সম্পন্ন করেছে।
৬
মৃত্যুর গ্রন্থি
সাত সকালের কালো দুধ আমরা পান করি সেই সন্ধ্যায়
আমরা পান করি যথা মধ্যাহ্নে ও সকালবেলায় আর পান করি যথা রাত্রেই
আমরা পান করি শুধু পান করি
আমরা বেলচা উড়িয়ে কবর খুঁড়েছি হাওয়ায় হাওয়ায়
ওখানে থাকে না ঘেঁষাঘেঁষি করে মানুষেরা
বাড়িতে একটা মানুষের বাস লোকটা খেলছে সাপ নিয়ে যেটা লেখে
জার্মান রাইখ-এ আঁধার তখন লিখে চলে সেটা তখনও তোমার সোনালী চিকুর মার্গারেটে
লিখে চলে আর চ'লে যায় ওই বাড়ির সামনে তারারা তো সব জ্বলে ওঠে আর সে বাঁশি বাজায়
অসংখ্য সব মদ্দা কুকুর নিয়ে
বাঁশিটি বাজিয়ে ডেকে নেয় তার ইহুদীদের আর বেলচা চালিয়ে খুঁড়ে দিতে বলে কবর মাটিতে কবর
সুরের যন্ত্রে ঝঙ্কার দেয় আমাদের সেও নির্দেশ দেয় নাচো নাচো সব নাচো
সাত সকালের কালো দুধ আমরা পান করি সেই সন্ধ্যায়
আমরা পান করি সেই তোমাকে দুপুরে সকালবেলায় আর পান করি রাতে তোমাকে
আমরা পান করি শুধু পান করি
বাড়িতে একটা মানুষের বাস লোকটা খেলছে সাপ নিয়ে যেটা লেখে
জার্মান রাইখ-এ আঁধার তখন লিখে চলে সেটা তখনও তোমার সোনালী চিকুর মার্গারেটে
তোমার ছাইরঙা চুল সুলামিট আমরা বেলচা উড়িয়ে কবর খুঁড়েছি হাওয়ায় হাওয়ায়
ওখানে থাকে না ঘেঁষাঘেষি করে মানুষেরা
চিৎকার দেয় খুঁচিয়ে খুঁচিয়ে নির্দেশ দেয় মর্ত্যরাজ্যে কেউ গাক কেউ বাজাক
কোমরের বেস্ট বকলসে লোহা ঝলসে ধরেই মুষ্টিযুদ্ধ ক'রে চলে তার চোখদুটো নীল
কোদালের ঘাযে খুঁচিয়ে খুঁচিয়ে নির্দেশ দেয় তোমাকে ও তাকে
বাজাও বাজাও নাচো নাচো আরও নাচো
সাত সকালের কালো দুধ আমরা পান করে চলি তোমাকেই সেই রাতে
তোমাকেই পান করে চলি যথা মধ্যাহ্নে ও সকালবেলায় আর পান করি যথা রাতেই
আমরা পান করি শুধু পান করি
বাড়িতে একটা মানুষের বাস তোমার সোনালী চিকুর মার্গারেটে
তোমার ছাইরঙা চুল সুলামিট ওই লোকটা শুধুই সাপ নিয়ে খেলে খেলে
চিৎকার ক'রে বাজায় মৃত্যু আরও মধুরতা ঢেলে মৃত্যু তো সেই ওস্তাদ
আসে জার্মান রাইখ থেকে
চিৎকার ক'রে আঁধার চড়িয়ে আঁচড়ায় ধ'রে বেহালার তার
ওপরে তোমরা চলে যাবে ধোঁয়া হয়ে
তখনই তোমরা কবরটি পাবে মেঘে মেঘে মেঘে
ওখানে থাকে না ঘেঁষাঘেষি করে মানুষেরা
সাত সকালের কালো দুধ আমরা পান করে চলি তোমাকেই সেই রাতে
তোমাকেই পান করে চলি যথা মধ্যাহ্নে ও মৃত্যু তো সেই ওস্তাদ আসে
জার্মান রাইখ থেকে
আমরা তোমাকে পান করে চলি সন্ধ্যায় আর সকালবেলায় পান করি শুধু পান করি
মৃত্যু তো সেই ওস্তাদ আসে জার্মান রাইখ থেকে চোখদুটো তার নীল
তোমার কাছে সে পৌছে যাবেই সীসায় ঘনানো গোলকটি নিয়ে পৌছে যাবেই নিখুঁত
বাড়িতে একটা মানুষের বাস তোমার সোনালী চিকুর মার্গারেটে
আমাদের ঘাড়ে মদ্দা কুকুর লেলিয়ে গুঁতিয়ে উপহার দেবে হাওয়ার মধ্যে কবর
লোকটা নিছক সাপ নিয়ে খেলে স্বপ্নও দেখে মৃত্যু তো সেই ওস্তাদ আসে
জার্মান রাইখ থেকে
তোমার সোনালী চিকুর মার্গারেটে
তোমার ছাইরঙা চুল সুলামিট
৭
মারিয়ানে
লাইল্যাক-হীন চুল যে তোমার, মুখটি উঠেছে আয়নার কাঁচ থেকে ।
এক চোখ থেকে আরেক চোখে সরে যাচ্ছে মেঘ, যেন সোডোম ১ চলেছে ব্যাবেল-এর দিকে
পর্ণরাজির মতো ছিঁড়ে নিচ্ছে মেঘ ওই মিনার, আর ফুঁসে উঠছে গন্ধকের গুল্মভূমি ব্যেপে।
মুখ ঘিরে তোমার থরহরি কাপছিল তখন বিদ্যুৎ - প্রত্যেক গিরিভাঁজ বেহালার উদ্বৃত্ত নিয়ে।
হিমাচ্ছন্ন দাঁত দিয়ে কেউ যেন পেশ করেছিল রামধনু: ওহ্! কী সুন্দর যে বেজেছিল
সুষির বাদ্যটি!
হে প্রেয়সী, তুমিও তো মোহন বাঁশরী, আমরা বর্ষণ;
তোমার শরীর এক অনুপম সুরা, আমরা এ দশজন মদের ফোয়ারা;
শস্যবোঝাই ওই তরীটিই তোমার হৃদয়, বৈঠা বেয়ে বেয়ে তাকে রাত্রির দিকে নিয়ে যাই;
ছোট একটি ঘড়া আছে ফিরোজার রঙে, তাই অতো লঘুচালে আমাদের টপকে তুমি লাফিয়ে লাফিয়ে চলে যাও,
আমরা ঘুমাই,
শতজনে জমা হয় তাঁবুর সামনে, আর সুরার আাবেশে কোলাহলে
তোমাকে বহন করে নিয়ে যাই কবরের দিকে
এইভাবে বেজে ওঠে বিশ্বের ভূতলের শান, বেজে ওঠে স্বপ্নের কঠিন রূপোর টালার ২।
১। সোডোম বাইবেলে বর্ণিত দুটি নগরীর অন্যতম । ঈশ্বর তাদের ধবংস করেন তাদের দুষ্ট স্বভাবের জন্য।
২। জার্মানিতে, পোল্যান্ডে বহুকাল আগে টালার নামে একরকম রৌপ্যমুদ্রা প্রচলিত ছিল।
