২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্প-সাহিত্যের সংবাদ

রাজু আলাউদ্দিন

Published : 13 Dec 2007, 11:18 PM

Updated : 23 Jun 2022, 04:11 PM

হাসনাত আবদুল হাই
রাবেয়া খাতুন
রাহাত খান
আহমাদ মোস্তফা কামাল

~

হাসনাত আবদুল হাই

এক সঙ্গে অনেকগুলো লেখা নিয়ে ব্যস্ত এখন হাসনাত আবদুল হাই। অন্যদিন-এর বিশেষ সংখ্যার জন্য একটি গল্প প্রায় শেষ করে এনেছেন। লিখছেন, সরকার কর্তৃক প্রকাশিত বিজয় দিবসের ক্রোড়পত্রের জন্য একটি লেখা। জানালেন, এই দুইটি ফরমায়েশি লেখাতে আপাতত একটু বেশি সময় দিচ্ছেন তিনি। কিন্তু তার মূল ব্যস্ততা চলছে আগামী বই মেলাকে ঘিরে। আসছে মেলায় তার বই প্রকাশিত হবে তিনটি। একটি ছোট গল্পের। গল্পের বইটির নামও ঠিক হয়ে আছে মরচে পড়া স্টেনগান। বাকি দুটি বই আত্মজীবনীমূলক। একটি বাংলায় লেখা। অন্যটি ইংরেজিতে। বাংলায় লেখা আত্মজীবনীমূলক বইটির নাম এক লেখকের প্রতিকৃতি। ইংরেজিটির নাম Aide-Memoire। Aide-Memoire-এর প্রথম খণ্ড প্রকাশিত হবে এবার।

প্রথম খণ্ডে থাকবে লেখকের শৈশব ও কৈশোর। হাসনাত আবদুল হাই জানালেন, এই বইগুলো শেষ করবার চেষ্টা করছি এখন। পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক একটি বইও লিখছি। এখন পর্যন্ত প্রায় অর্ধেক লেখা হয়ে গেছে। এ বইটির নাম হবে চলচ্চিত্রের নন্দনতত্ত্ব । এসব লেখার ফাঁকে ফাঁকে জনাব হাই দুটি জাতীয় দৈনিকে কলামও লিখছেন নিয়মিত। জানালেন, ইত্তেফাক এবং যুগান্তর-এ প্রকাশিত কলাম দুটি নিয়েও তাকে খানিকটা ব্যস্ত থাকতে হচ্ছে। লেখালেখির বাইরে আর কী নিয়ে ব্যস্ত জানতে চাইলে বলেন, ঢাকা ক্লাবের একশ বছরের ইতিহাস নিয়ে একটি স্মারকগ্রন্থ বের হবে। ঢাকা ক্লাবের ইতিহাস নামে বের হবে গ্রন্থটি। এ গ্রন্থের উপদেষ্টা পর্ষদের আমি একজন সদস্য। কী কী থাকবে, কে কে লিখবে এসব নিয়ে কিছুটা ব্যস্ত। পড়াশুনা সম্পর্কে বলেন, এটা আমার প্রাত্যহিক অভ্যাস। কিছু না কিছু পড়িই প্রতিদিন। এ মুহূর্তে পড়ছি জন কারভারের একটি ছোট গল্পের বই।
ছবি: ফিরোজ আহমেদ

রাবেয়া খাতুন

প্রতিবারের মত আসছে মেলায় রাবেয়া খাতুন একসাথে অনেকগুলো বই নিয়ে হাজির হবেন। গল্প, উপন্যাস, ভ্রমন সব ধরনের বইই থাকছে এর মধ্যে। এখন তিনি তার প্রকাশিতব্য বইগুলোর প্রুফ সংশোধন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী মেলায় রাবেয়া খাতুন এর নতুন বই বের হবে ছয়টি। এর মধ্যে তিনটি উপন্যাস, দুটি ভ্রমণ এবং একটি কিশোর গল্প। উপন্যাস তিনটির নামও ঠিক হয়ে আছে: মেয়েটি শহরে যাচ্ছে, ক্রিস্টালের রাজহাস এবং বর্ষা । এছাড়া মেলায় তাঁর ছোট গল্প সমগ্র-এর চতুর্থ খণ্ড এবং ভ্রমণ সমগ্র-এর দ্বিতীয় খণ্ডও প্রকাশিত হবে বলে তিনি জানান।

এ মুহূর্তে কিছু লিখছেন কিনা তা জানতে চাইলে বলেন, অন্যদিন-এর ১৩ বছর পূর্তি সংখ্যার জন্য একটি গল্প লিখছি এখন। গল্পটির নাম একজন সাধারণ ছেলের গল্প। এছাড়া কয়েকটা ভ্রমণ কাহিনী লেখা দেব এখন। গত সেপ্টেম্বরে আমি ইউরোপের বেশ কয়টি শহর রোম, গ্রীস, এথেন্স, ফ্রান্স এবং লন্ডন ভ্রমণ করে এলাম। মাঝখানে গেলাম দুবাই। আর গত পাঁচ ডিসেম্বর ফিরলাম ইন্ডিয়ার গোয়া থেকে। এসব ভ্রমণের কথাই উঠে আসবে আমার এই লেখাগুলোতে। লেখাটির পাশাপাশি রাবেয়া খাতুন পড়াশুনাও নিয়মিত চালিয়ে যাচ্ছেন। বললেন, আমি সাধারণত রাত দশটার পর পড়তে বসি। এখন আমি যীশু খ্রীস্টের গবেষণামূলক একটি জীবনীগ্রন্থ পড়ছি। এছাড়া বিচ্ছিন্নভাবে পড়ছি ঢাকা কলকাতার কিছু পত্র-পত্রিকা।
ছবি: ইফতেখার ওয়াহিদ ইফতি

রাহাত খান

কিশোর উপন্যাস লেখায় হাত দিয়েছেন রাহাত খান। অল্প লিখেছেন। বাকিটা শেষ করবার চেষ্টা করছেন এখন। পাশাপাশি লিখছেন একটি গল্প। গল্পটি অন্যদিন-এর বিশেষ সংখ্যার জন্য। জানালেন দুটি লেখাই অনুরোধে লিখছেন। অচিরেই একটি জাতীয় দৈনিকে ধারাবাহিক উপন্যাস লিখতে যাচ্ছেন। কথাবার্তা এখনও চূড়ান্ত হয়নি বলে দৈনিকটির নাম জানাননি। এই মুহূর্তে রাহাত খান নাটক লেখার কথা ভাবছেন। তবে সেটা মঞ্চের জন্য নয়, টিভির জন্য। বললেন আমার গল্প থেকে অন্যরা নাট্যরূপ দিলে দেখা যায় মূলের কিছুই তারা রাখেন না। তাই এখন থেকে আমি নিজেই নাটক-টেলিফিল্ম লিখব বলে ভাবছি। আগামী মেলায় কী কী বই আসছে জানতে চাইলে বলেন, এবার মেলায় আমার মোট তিনটি বই প্রকাশিত হবে। এর একটি গল্পের। অনেক দিন পর আমার গল্পের বই বের হচ্ছে। বাকি দুটি উপন্যাস। একটির নাম উতল হাওয়া। অন্যটির নাম ছায়াজীবন। পড়াশুনা সম্পর্কে বলেন, আমি সাধারণত নৃতাত্ত্বিক এবং ইতিহাসভিত্তিক বই বেশি পড়ি। এ জাতীয় বই সবসময়ই আমি আমার হাতের কাছে রাখি।

আহমাদ মোস্তফা কামাল

প্রথমবারের মতো প্রেমের গল্প দিয়ে বই করতে যাচ্ছেন আহমাদ মোস্তফা কামাল। এটি আগামী বই মেলায় প্রকাশিত হবে। কামাল জানান, এ পর্যন্ত আমি যে কয়টি প্রেমের গল্প লিখেছি তার থেকে বাছাইকরা গল্পগুলো থাকবে এই বইয়ে। এই মূহূর্তে গল্প উপন্যাস প্রবন্ধ তিন ধরনের লেখাই লিখছেন তিনি। গল্পটি প্রায় শেষ পর্যায়ে। গল্পের নাম 'নিছক প্রেমের গল্প'। প্রবন্ধটি মাঝামাঝি পর্যায়ে। নাম 'শিল্পের শক্তি শিল্পীর দায়'। আর প্রায় বছরখানেক ধরে লিখছেন একটি উপন্যাস। এটি কবে নাগাদ শেষ হবে তা জানাতে পারেন নি তিনি। উপন্যাসের বিষয় সম্পর্কে জানান, এটি আমাদের গ্রামাঞ্চলের বিভিন্ন শিল্পমাধ্যমের সাথে জড়িত শিল্পীদের নিয়ে। যেমন, যাত্রাশিল্প, মৃৎশিল্প, গানবাজনা ইত্যাদি পেশায় অসংখ্য শিল্পী রয়েছেন গ্রামে গ্রামে। তাদের জীবন যাপন ভাবনা চিন্তা এসব বিষয়ই উঠে আসবে এ উপন্যাসে।

প্রথম আলো পত্রিকার এ বছরের সাহিত্য পুরষ্কার-এর একজন হিসাবে মনোনীত হয়েছেন আহমাদ মোস্তফা কামাল। তার লেখালেখির খোঁজখবর নেয়ার পাশাপাশি জানতে চাওয়া হয় কেমন লাগছে এ পুরষ্কারে মনোনীত হওয়ার পর। কামাল জনান, এটি আমার প্রথম বড় কোনো পুরষ্কার। পুরষ্কার সম্পর্কে একটি প্রচলিত ধারণা আছে। এর পেছন অনেক লবিং, যোগাযোগ বা স্বজনপ্রীতি কাজ করে। আমি ব্যক্তিগত ভাবে এক ধরনের যোগাযোগ-বিচ্ছিন্ন এবং নির্জনতাচারী মানুষ। এরপরেও পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। সে অর্থে আমার খুবই ভাল লাগছে। পাঠসূত্র থেকে প্রকাশিত ঘরভরতি মানুষ অথবা নৈঃশব্দ বইয়ে গল্প আছে মোট ৯টি। এ গল্পগুলোর বিষয় সম্পর্কে বলেন, প্রায় প্রতিটি গল্পই ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে রচিত। যাত্রাদলের কাজ, সমসাময়িক রাজনীতি, দার্শনিক অনুসন্ধান ইত্যাদি বিষয়ের সাহিত্যিক রূপায়ণ ঘটেছে এসব গল্পে।

পুরস্কার সম্পর্কে তার মূল্যায়ন জানতে চাইলে বলেন, আমি কর্পোরেট হাউজের পুরস্কার হিসেবে দেখার চেয়ে এটিকে একটি সাহিত্য পুরস্কার হিসেবে দেখতেই বেশি আগ্রহী। আমাদের দেশে শিল্পী-সাহিত্যিকরা যখন নানা ভাবে অবহেলা এবং উপেক্ষার শিকার হচ্ছে, তখন এরকম সাহিত্য পুরস্কারের অবশ্যই ভালো দিক আছে। দেখতে হবে, পুরস্কারের নামে লেখককে কিনে নেওয়া হচ্ছে কিনা। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। যদি তা না থাকে তাহলে এর ইতিবাচক দিকটাই দেখা উচিত।

আহমাদ মোস্তফা কামালের ওয়েব লিংক: http://www.amkamalbd.com।
ছবি: আলফ্রেড খোকন

mamunkhan69@gmail.com