২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রতিক সাহিত্য সংবাদ

monir_yusuf

Published : 26 Jul 2013, 07:35 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

'আহমদ ছফার সাধনা' শীর্ষক স্মৃতি বক্তৃতা

আহমদ ছফা রাষ্ট্র সভা এবং এশীয় শিল্প ও সংস্কৃতি সভার যৌথ উদ্যোগে ২৬ জুলাই শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে আহমদ ছফার মৃত্যুর ত্রয়োদশ বর্ষে পর্দাপণ উপলক্ষে 'আহমদ ছফার সাধনা' শীর্ষক 'আহমদ ছফা স্মৃতি বক্তৃতা ১১'-এর আয়োজন করা হয়।

সকাল ১০ টার মধ্যেই আহমদ ছফার ভক্ত অনুরাগীদের উপস্থিতিতে ভরে ওঠে মিলনায়তন। বিশেষ করে তরুণদের উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে মুখর। বাঙালি মনীষার উজ্জ্বল দৃষ্টান্ত আহমদ ছফা। আয়োজকরা শুরুতেই আহমদ ছফার বাঙালি জাতিরাষ্ট্র গঠনে তার প্রখর ধী-শক্তির বিকাশ ও মানুষের কাছে পৌঁছানোর দায় নিয়ে কথা বলেন।

স্মৃতি বক্তৃতার সভাপতি মুহম্মদ নূরুল ইসলামের লিখিত প্রবন্ধ পাঠ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। 'আহমদ ছফার সাধনা' প্রবন্ধটি পাঠ করেন প্রাবন্ধিক আফজালুর রহমান। এর পর শুরু হয় আলোচনা। আলোচকরা আহমদ ছফার জীবন ও কর্ম, রাষ্ট্র সাধনা, জাতি গঠনে দূরদৃষ্টি এবং রসবোধ ইত্যাদি নিয়ে আলোচনা করেন। কথায় কথায় উঠে আসে আহমদ ছফা সম্পর্কে অনেক অজানা স্মৃতি। জীবিত অবস্থায় আহমদ ছফার দারিদ্রের কথাও উঠে আসে। আলোচকরা আহমদ ছফাকে গভীর উপলব্ধি-সম্পন্ন মানুষ বলে অভিহিত করেন। আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা মুহম্মদ নূরুল ইসলাম, অধ্যাপক মনসুর মূসা, অধ্যাপক সলিমুল্লাহ খান, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হক, মনজুর মোর্শেদ, নূর মোহাম্মদ, নূরুল আনোয়ার প্রমূখ।


অধ্যাপক মনসুর মুসা বলেন, "তার রাষ্ট্র চিন্তা, সমাজ চিন্তা, বিশ্ববীক্ষা, মানুষের প্রতি তার অকৃত্রিম দরদ এবং সমাজ নিয়ে গভীরভাবে ভাবতে পারা–কোনটা ফেলে কোনটা বলি। বাঙালি তার কাছে কৃতজ্ঞ। সাত হাজার বছরের ইতিহাসে বাঙালি জাতির মধ্যে নানান ধরনের যে বৈশিষ্ট জমা হয়েছে ছফা তা বুঝতে পেরেছিলেন এবং সেভাবে সমাজ নিয়ে চিন্তা করেছিলেন।"

মুক্তিযোদ্ধা মুহম্মদ নূরুল ইসলাম বলেন, " জাপানি ভিক্ষু রেভারেন্ড তেন্জা ওয়াতানাবের মতো, চট্রগ্রামের তালেব আলীর মতো আহমদ ছফা এক ধরনের অপ্রচলিত স্কুল শিক্ষা ব্যবস্থার চালু করেছিলেন যাতে স্কুলে প্রচলিত সার্টিফিকেট জরুরী বিষয় ছিল না। দেখা, শোনা, শেখা, বোঝা, হিশাব করা, এসবই ছিল প্রধান"। তিনি আরও বলেন, "বাংলাদেশ সরকার কোন স্কুলই প্রতিষ্ঠা করেন নি বরং ব্যক্তি ও সমাজের প্রতিষ্ঠিত স্কুলগুলিই সরকার দখল করেন। ছফা বেঁচে থাকলে হয়তো জানতে চাইতেন জনগণের কল্যাণে আসে না এমন যে সকল প্রতিষ্ঠান সেগুলিতে জনগণের কত টাকা সরকার বিনিয়োগ করে চলেছেন ও সেগুলি চালাতে কত টাকা জনগণকে নিত্য দিতে হয়"।

জনাব নূর মোহাম্মদ বলেন, "আহমদ ছফার রাষ্ট্রচিন্তা কত যে প্রাসঙ্গিক তা বাংলাদেশের আজকের রাজনৈতিক সংকট দেখেই বুঝতে পারা যায়। ছফা কত পূর্বে এসব সংকট নিয়ে তার পর্যবেক্ষণ লিখে যান।"
আহমদ ছফার ভ্রাতুষ্পুত্র নূরুল আনোয়ার বলেন, "আহমদ ছফার স্মৃতিগুলো আমাকে কতটা কষ্ট দেয় তা বোঝাতে পারবো না।" তিনি ছফার মৃত্যুক্ষণের কয়েকটি স্মৃতি উল্লেখ করে অনুষ্ঠানকে আবেগময় করে তোলেন।

চট্রগ্রাম থেকে আগত ছফা অনুরাগী মনজুর মোর্শেদ আহমদ ছফার দুটি অপ্রকাশিত লেখা উপস্থাপন করেন। সবশেষে আলোচনা করেন আহমদ ছফা স্মৃতি বক্তৃতার নেপথ্য আয়োজক অধ্যাপক সলিমুল্লাহ খান। তিনি আলোচনার ফাঁকে ফাঁকে আহমদ ছফার লিখিত বিভিন্ন প্রবন্ধ পাঠ করেন এবং তার চিন্তার সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দেন। তিনি আহমদ ছফার লেখার রসবোধ, গদ্যের নির্মাণ শৈলী ও কবিতার গভীরতা ইত্যাদি নিয়ে কথা বলেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন জহিরুল ইসলাম কচি।


ঈদ বইমেলার উদ্বোধন

বাংলাদেশে প্রকাশিত খ্যাতিমান লেখকদের নির্বাচিত ৪০০ বই নিয়ে আজ ২৬শে জুলাই, ২০১৩ (শুক্রবার) বিকেল ৩টায় ১৩২, আজিজ সুপার মার্কেটের (২য় তলায়), শাহবাগ, ঢাকায় 'শ্রাবণ' কার্যালয় বইনিউজটুয়েন্টিফোরডটকম আয়োজন করেছে ঈদ বইমেলা। বিকেল ৩টায় মেলা উদ্বোধন করেন বাংলাদেশের বিশিষ্ট কবি মুহম্মদ নূরুল হুদা। তিনি বলেন, ঈদ মানে আনন্দ, আনন্দ দেহ ও মনের। ঈদের উপহার হিসেবে সুন্দর পোশাক-আশাকের পাশাপাশি একটি ভালো বইয়ের তাৎপর্য অনেক। দেহকে সাজায় পোশাক, আর মনকে সাজায় একটি সুপাঠ্য গ্রন্থ। এই ঈদ বইমেলায় মানুষকে নান্দনিক আনন্দ ও জ্ঞান দেবে বই। এ কারণে প্রতি ঈদে এ ধরনের মেলার গুরুত্ব অনেক। এরপর বক্তব্য রাখেন বইউজটুয়েন্টিফোরডটকম সম্পাদক ও শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবীন আহসান। তিনি দেশের নবীন-প্রবীণ লেখকদের গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা, গণমাধ্যম ও শিশুসাহিত্যসহ বিভিন্ন ধরনের বই নিয়ে ঈদের ছুটিতে বইয়ের সঙ্গে থাকার আহবান জানান । ৩০% কমিশনে এই বইমেলা চলবে চাঁদ রাত পর্যন্ত।