শিল্প-সাহিত্যের সংবাদ
মোস্তফা জামান আব্বাসী
ইরান ও আমেরিকায় প্রায় এক মাস সফর করে আসলেন সঙ্গীতশিল্পী মোস্তফা জামান আব্বাসী। 'কাজী নজরুল ইসলাম-এর ওপর জালালুদ্দীন রুমীর প্রভাব' শীর্ষক প্রবন্ধ পাঠ করতে তিনি তেহরান যান। সেখান থেকে নিউ ইয়র্ক যান আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলনে সভাপতিত্ব করার জন্য। দেশে ফিরে তিনি জানালেন, আমেরিকার বিভিন্ন স্থানে সংগীত পরিবেশন করেছেন তিনি। পাশাপাশি প্রবাসীদের কাছ থেকে সিডর আক্রান্তদের জন্য সাহায্য সংগ্রহের কাজেও ব্যস্ত সময় কাটিয়েছেন। দেশে ফেরার পর এখন তিনি ব্যস্ত রয়েছেন সঙ্গীত এবং লেখালেখি নিয়ে। তিনি জানান, আগামী ঈদে তাঁর গাওয়া লোকসঙ্গীতের দুটি সিডি বের হচ্ছে। আর আসছে বই মেলায় বের হচ্ছে দুটি বই। এর একটি আত্মজীবনী। নাম রেখেছেন নতুন করে দেখা। অন্যটি সঙ্গীত বিষয়ক। নাম ভাওয়াইয়ার জন্মভূমি। বললেন, দুটি বইই বেশ দীর্ঘ। প্রায় চারশত পৃষ্ঠার কাছাকাছি। ফলে আমাকে সিডি দুটির চেয়ে বই দুটিতেই বেশি সময় দিতে হচ্ছে। সঙ্গীত এবং লেখালেখির পাশাপাশি আব্বাসী উপস্থাপনা নিয়েও সমান ব্যস্ত। বললেন, বিটিভিতে প্রচারিত লোক সংস্কৃতির পরিচয়বাহী অনুষ্ঠান লোকায়ত বাংলা হচ্ছে আমার অস্তিত্বের অংশ। এই অনুষ্ঠানটি নিয়ে আমি প্রায় সারাক্ষণই ভাবি।
হাসান আজিজুল হক
প্রথমবারের মতো আত্মস্মৃতি লেখায় হাত দিয়েছেন হাসান আজিজুল হক। আস্তে আস্তে লিখছেন। লেখাটা কবে নাগাদ শেষ হবে, সেটা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি। পাশাপাশি লিখছেন উপন্যাস। উপন্যাসটি প্রায় শেষের পথে। তবে উপন্যাসের নাম এখনো ঠিক করেন নি। এটি আগামী মেলায় বই আকারে বের হওয়ার সম্ভাবনা খুবই কম বলে তিনি জানান। শুধু উপন্যাসই নয়, আগামী মেলায় তার নতুন কোনো গল্পের বইও আসছে না। তিনি জানালেন, বই করার মত পর্যাপ্ত গল্প তাঁর হাতে নেই। নতুন কোনো গল্পও এই মুহূর্তে লিখছেন না। আত্মস্মৃতি আর উপন্যাস লেখার ফাঁকে ফাঁকে তাকে অন্যান্য লেখাও লিখতে হচ্ছে। যেমন কানাডার টরেন্টো থেকে প্রকাশিত অগ্রবীজ পত্রিকার জন্য লিখলেন জ্যোতিপ্রকাশ দত্তের ছোটগল্প নিয়ে একটি দীর্ঘ আলোচনা। বললেন, এ সংখ্যাটি আগামী দু-এক সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে।
আসছে মেলায় হাসান আজিজুল হকের মোট তিনটি বই বের হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে সম্পূর্ণ নতুন বই। গত দুই তিন বছর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত প্রবন্ধগুলো সংকলিত হবে এই বইয়ে। অন্য দুটি বইয়ের একটি হচ্ছে, হাসান আজিজুল হকের নির্বাচিত প্রবন্ধ, অন্যটি হাসান আজিজুল হকের নির্বাচিত দীর্ঘগল্প।
কী পড়ছেন এখন জানতে চাইলে তিনি বলেন, পড়ার ব্যাপারে আমার কোনো চয়েস নাই। যা পাই তাই পড়ি। মোস্তফা নূরউল ইসলামের আত্মজীবনী পড়ে শেষ করলাম। পড়লাম, ইসমাইল কাদারীর দ্য পিরামিড। এখন পড়ছি রিলিজিয়ান এক্সপ্লেইনড নামে একটি বই।
শহীদ কবীর
দীর্ঘ পাঁচ বছর পর দেশে আসলেন স্পেন-প্রবাসী চিত্রশিল্পী শহীদ কবীর। থাকবেন চার মাসের মতো। জানালেন, এই চার মাস মোটামুটি ব্যস্ততার মধ্য দিয়েই কাটবে তাঁর। দেশে ফেরার মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে একটি একক প্রদর্শনী করা। সে প্রদর্শনীর প্রস্তুতি নিয়েই এখন ব্যস্ত তিনি। প্রদর্শনীর সময় সম্পর্কে জানান, আগামী ফেব্র"য়ারিতে হওয়ার সম্ভবনাই বেশি। প্রদর্শনী হবে গ্যালারি চিত্রক-এ। বিশ থেকে পয়ঁত্রিশটি ছবি দিয়ে সাজানো হবে এই প্রদর্শনী। শিল্পী বলেন, স্পেন থেকে নিয়ে এসেছি কিছু ছবি। কিছু ছবি এখন আকঁিছ। এখানে এসে আঁকা ছবিও রাখবো প্রদর্শনীতে।
এ বছর শহীদ কবীরের দুটি একক প্রদর্শনী হয়েছে। গত ফেব্র"য়ারিতে মাদ্রিদে হয়েছে প্রথমটি। দ্বিতীয়টি হয়েছে গত অক্টোবরে আন্দালুসিয়ায়। স্পেনে ফ্রি-ল্যান্স পেইন্টার হিসেবে জীবিকা নির্বাহ করা শহীদ কবীর তাঁর ছবির বিষয়বস্তু সম্পর্কে বলেন, জীবনে এবং জীবনের চারপাশে যা কিছু ঘটছে, সবই আমার ছবিতে মূর্ত হয়ে ওঠে। আমার ছবি জটিল বা বিমূর্ত নয়। সহজ, সব ধরনের দর্শককেই সমান ভাবে স্পর্শ করে।
নাসরীন জাহান
আগামী বইমেলায় আসছে নাসরীন জাহানের নতুন উপন্যাস। নাম কুয়াশার কথা। নাসরিন জাহান জানালেন, কুয়াশার কথাকে বই আকারে রূপ দেওয়ার কাজ নিয়ে এখন আমার ব্যস্ততা চলছে। সংযোজন-বিয়োজন, কাটা-ছেঁড়া অর্থাৎ উপন্যাসটির এখন গ্রন্থপূর্ব ময়নাতদন্ত চলছে। অন্যান্য লেখালেখি সম্পর্কে জানালেন, এ বছর প্রায় পুরোটাই আমার নানা ধরনের অসুস্থতা এবং মানসিক সংকটের মধ্য দিয়ে কেটেছে। ফলে উপন্যাসটি ছাড়া আর কোনো লেখা হয়ে ওঠেনি। তবে এখন আমি পুরোপুরি সুস্থ। আমি আবার শিল্পচর্চায় নিমগ্ন হবার চেষ্টা করছি। কিছু পড়ছেন কী না এখন জানতে চাইলে বলেন, অসুস্থ হওয়ার আগে মার্কেজের একশ বছরের নিঃসঙ্গতা শুরু করেছিলাম। অর্ধেকের বেশি পড়া হয়েছিল। সেটা এখন শেষ করছি।
