২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

লেখক সংবাদ

প্রমা সঞ্চিতা অত্রি

Published : 20 May 2010, 05:25 PM

Updated : 23 Jun 2022, 04:09 PM


সৈয়দ শামসুল হকসুমন রহমান

সৈয়দ শামসুল হক

এ মুহূর্তে সাহিত্য পত্রিকা কালি ও কলমে ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে সৈয়দ শামসুল হকের উপন্যাস নদী কারও নয়। তাঁর অন্য অনেক উপন্যাসের মত এটিও পরবর্তীতে বই আকারে আসবে বলে তিনি জানান। কতদিন ধরে চলবে উপন্যাসটি জানতে চাইলে তিনি বলেন, "এটি ধারাবাহিকভাবে গত দুইমাস ধরে প্রকাশিত হয়েছে এবং আরও দুই বছর ধরে চলবে। এর পর আমার আরও অনেক উপন্যাসের মতো এটিও বই আকারে বের হবে। ২০১২ সাল নাগাদ হয়ত এটি বাজারে পাওয়া যাবে। তবে সময়টা আরেকটু বেশিও লাগতে পারে।"

উপন্যাসটির পটভূমি সম্পর্কে তিনি বলেন, "উপন্যাসের প্লট হচ্ছে ১৯৪৭ সালের দেশবিভাগ। দেশবিভাগকে কেন্দ্র করে মানুষের জীবনের যে আর্বতন তা আমি তুলে আনতে চেয়েছি। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটি নিছক কোনো পারিবারিক বা সামাজিক উপন্যাস। কিন্তু আসলে তা নয়। এতে একই সাথে রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপটে দেশবিভাগের যে আলোড়ন তা ব্যক্ত হয়েছে। দেশবিভাগ-কালীন সময়ে একই সাথে যে ভৌগলিক ও মানসিক টানাপোড়েনের সৃষ্টি হয় সেই ক্রান্তিলগ্নে উদ্ভূত পরিস্থিতিকে আমি অনুধাবন করেছি, আমি উপলব্ধি করতে চেষ্টা করেছি চেতনা দিয়ে। তাই তুলে ধরতে চেয়েছি উপন্যাসে।"

উপন্যাস ছাড়াও এ মুহূর্তে বেশ কিছু কবিতা ও নাটক লিখছেন তিনি। এ ব্যাপারে তিনি বলেন, "কবিতা তো মনের ব্যাপার, ভেতর থেকে আসে। যখন আসে তখনই লিখি, যেমন আসে তেমনই লিখি। আর টিভির জন্য বেশ কিছু নাটক লিখছি তবে গোপনীয়তার স্বার্থেই এ মুহূর্তে নামগুলো বলতে চাইছি না। তবে মঞ্চের জন্য নতুন একটি নাটক লিখছি। এখনও শেষ হয়নি, মাঝপথে।"

এ বছর বইমেলাতে তাঁর অনেকগুলো বই বেরিয়েছে। তবে সর্বশেষ ২১ ফেব্রুয়ারি বেরিয়েছে আত্মজীবনী প্রণীত জীবন। এ বছর আর নতুন কোনো বই আসার সম্ভাবনা নেই বলে জানালেন তিনি। এ মুহূর্তে কবিতার কোনো সংকলন বের করার কথা ভাবছেন কিনা জানতে চাইলে বললেন, "আপাতত তেমন কোনো চিন্তাভাবনা নেই। আসলে আমি নিছক ভালো লাগা থেকেই লেখালিখি করি। তাই আগেভাগে কখনও কিছু চিন্তা করি না। যদি দেখি বই বের করার মতো যথেষ্ট কবিতা আমার জমা হয়েছে তবে তো বই বের করব নিশ্চয়ই।"

এই মুহূর্তে কী বই পড়ছেন জানতে চাইলে তিনি বলেন, "আমি এই মুহূর্তে আসলে আমার নিজের লেখাই পড়ছি। অন্য কারো বই পড়ছি না। মাঝে মাঝে নিজের লেখা কবিতা বা ছোটগল্প পড়তে ভালো লাগে। এই মুহূর্তে আমি আমার নিজেরই কিছু কবিতা পড়ছি।"

লেখালেখি নিয়ে তেমন কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন,"আপাতত সেরকম কোনো পরিকল্পনা নেই। আমি তো আর বইমেলা বা কোনো বিশেষ উপলক্ষ্য কেন্দ্র করে লেখালেখি করি না।"

সুমন রহমান

এ মুহূর্তে বাংলা সাহিত্যের জনপ্রিয় তিন চরিত্র দস্যু বনহুর, মাসুদ রানা, আর হিমুকে নিয়ে একটি গবেষণাধর্মী প্রবন্ধ লিখছেন তিনি। বাংলা উপন্যাসে হিরোইজম বা নায়কোচিত পদচারণার যে বিবর্তন বা বিবর্তনের যে ব্যাকরণ তা তিনি তিনটি ভিন্ন সময়ের এ তিনটি জনপ্রিয় চরিত্রের মধ্য দিয়ে খুঁজে বার করতে চেষ্টা করছেন।

এ সম্পর্কে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, "এ প্রবন্ধটি মূলত একটি একাডেমিক আর্টিক্যাল। বাংলা সাহিত্যে হিরোইজমের যে ঐতিহাসিক বির্বতন সেটি আমার বর্তমান গবেষণার মূল বিষয়। মজার বিষয় হচ্ছে তিনটি ভিন্ন দশকের আলোড়ন সৃষ্টিকারী এই তিনটি চরিত্র নিয়ে গবেষণা করতে গিয়ে আমি বাঙালী জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধ ও আদর্শের একটি ধারাবাহিক বিবর্তন লক্ষ্য করেছি। এ তিনটি চরিত্র যেভাবে লিখিত হয়েছে তাতে আদর্শ, চিন্তা ও দর্শনগত অনেক পার্থক্য রয়েছে। এই ধারাবাহিক পার্থক্য বা বিবর্তন নিয়েই প্রবন্ধটি লিখছি।"

যেহেতু এটি একটি একাডেমিক আর্টিক্যাল তাই প্রবন্ধটি প্রথমে ইংরেজিতে লিখলেও অচিরেই তা বাংলায় লেখা হবে বলে জানালেন তিনি। কোন জার্নালে প্রকাশিত হবে জানতে চাইলে তিনি বলেন, "যে কোনো ইন্টারন্যাশনাল জার্নালে এটি দিতে চাই। স্বনামধন্য কোনো ইনাটারন্যাশনাল জার্নালে আগামী মাস ছয়েকের মাঝে প্রকাশিত হবে প্রবন্ধটি। তবে মিডিয়া কালচার এন্ড সোসাইটিতে প্রকাশিত হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানালেন তিনি।

তার সর্বশেষ প্রকাশিত বই দুটি ছিল গরিবী অমরতা ও সিরামিকের নিজস্ব ঝগড়া। একটি তাঁর ছোটগল্প সংকলন আর অন্যটি কবিতার বই। দুটিই প্রকাশিত হয় ২০০৮ সালে।"

গল্পগুলোর বিষয় বা থিম সম্পর্কে তিনি বলেন,"একেকটা গল্পের থিম আসলে একেক রকম। অধিকাংশ গল্পই আমাদের চারপাশের অতি সাধারণ সব ঘটনা থেকে নেয়া। তাই হয়ত এতে একটা সাদামাটা আমেজ পাওয়া যেতে পারে। কিন্তু আমাদের ভেতরকার যে প্রাত্যহিক অন্তর্দ্বন্দ্ব, নগরের সঙ্গে নাগরিকের, নিজেদের সঙ্গে নিজেদের সেটা আমি আমার গল্পগুলোর মাঝে তুলে ধরতে চেয়েছি। কতটা পেরেছি তা বলতে পারব না। সেটা হয়ত পাঠকই ভালো বলতে পারবেন।"

সামনে আর নতুন কী বই বেরুচ্ছে জানতে চাইলে তিনি বলেন, "সামনে আমার দুটি বই বেরুনোর সম্ভাবনা রয়েছে। আশা করছি আগামী বছর একটা প্রবন্ধের বই বেরুবে। তাতে হয়ত আমার এ পর্যন্ত লেখা প্রবন্ধ থেকে নির্বাচিত কয়েকটি প্রবন্ধ থাকবে আর সাথে আরও নতুন কিছু যোগ হবে। তবে বইটির চরিত্র সম্পর্কে এখনই সঠিক কিছু বলতে পারছি না। আর বিভিন্ন দৈনিকে আমার এ পর্যন্ত প্রকাশিত কলামগুলো থেকে বাছাই করে 'নির্বাচিত কলাম সংকলন' বের করব। আপাতত এ দুইটা বইয়ের চিন্তা মাথায় আছে, তবে নতুন কোনো প্ল্যান এলে তা নিয়ে পরে ভাববো।"

লেখালেখির বাইরে এ মুহূর্তে আর কী করছেন জানতে চাইলে তিনি বলেন, "এ মুহূর্তে পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত আছি। অল্প কিছুদিন হল দেশে ফিরেছি। সামনের মাসেই অস্ট্রেলিয়ায় যাব গবেষণার কাজে। ওখানে ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের অধীনে ডক্টরেট করছি। বেশ ছোটাছুটির মাঝে থাকতে হচ্ছে। ওখানেই প্রবন্ধের বাকি কাজগুলো শেষ করবো।"

বর্তমানে গবেষণার কাজে প্রচুর বই পড়তে হচ্ছে তাঁকে। এ সর্ম্পকে তিনি বলেন, "নির্দিষ্ট ভাবে বলতে গেলে এই মুহূর্তে হাতে আছে রোলা বার্থের এলিমেন্টারি এসপেক্টস অফ সেমিওলজি বইটি। এই মুহূর্তে হুমায়ূন আহমেদের হিমু সিরিজের বইগুলো পড়ছি। এরপর এক এক করে মাসুদ রানা, দস্যু বনহুর সিরিজের সব বইগুলোও পড়া শুরু করব।"

লেখালেখি নিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, "লেখালেখি তো চলছে এবং আপন নিয়মেই চলবে। এই যে আমি দেশের বাইরে যাচ্ছি সেখানেও কিন্তু সব সময় কিছু না কিছু লিখছি তা সে গল্প, কবিতা, প্রবন্ধ যাই হোক না কেন। এখন যে প্রবন্ধটা লিখছি সেটাও হয়ত ওখানে বসেই শেষ করব।"

১৯/০৫/১০

pshanchita@gmail.com

—–
আরো লেখক সংবাদ

আবদুল্লাহ আবু সায়ীদশাহীন আখতার