২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা লিট ফেস্ট : বাংলাদেশের জনবিচ্ছিন্ন এলিটদের উৎসব

আনিসুর রহমান

Published : 22 Nov 2017, 09:25 PM

Updated : 23 Jun 2022, 04:02 PM

লেখকরা সঙ্ঘ সমিতি করবেন, উৎসব করবেন, দোষের কিছু না| বরং তা প্রয়োজন এবং প্রাসঙ্গিক| তা নতুন কিছু নয়| ১৯২১ সালে বিলেতে আন্তর্জাতিক পেন প্রতিষ্ঠার আগেই আমাদের এখানে ১৮৯৩ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের জন্ম হয়ছিল| এমনকি ১৮৯৪ সালে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এর সহসভাপতি নির্বাচিত হয়ছিলেন; রমেশচন্দ্র দত্ত ছিলেন সভাপতি|

এখানে উল্লেখ্য যে, বাংলা সাহিত্যের উন্নতি সাধন ছিল পরিষদের মূল উদ্দেশ্য। কিন্তু প্রথমদিকে এর প্রায় সব কাজই ইংরেজিতে সম্পন্ন হতো। এমনকি সভার মুখপত্র হিসেবে প্রকাশিত মাসিক পত্রিকা 'দি বেঙ্গল একাডেমি অব লিটারেচার'-এর অধিকাংশই লিপিবদ্ধ হতো ইংরেজিতে। এই অসঙ্গতি দূর করার উদ্দেশে ১৮৯৪ সালে পরিষদের নামটি 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' হিসেবে সর্বসম্মতক্রমে গৃহীত হয়। এরপর থেকে পরিষদের মুখপত্রটি 'সাহিত্য পরিষদ পত্রিকা' নামে ত্রৈমাসিক পত্রিকা হিসেবে বাংলায় প্রকাশিত হতে থাকে।

এবার আসা যাক আমাদের দেশের হাল আমলের বাস্তবতায় | বাংলাদেশে প্রায় ৪৫ রকম ক্ষুদ্র জাতি এবং আদিবাসী সম্প্রদায়ের প্রায় ৩৮টি আলাদা ভাষা রয়েছে। তবে মাত্র দুটি ভাষার পূর্ণাঙ্গ এবং কয়েকটি ভাষার আংশিক বর্ণমালা বিদ্যমান| রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও চর্চার সুযোগ না থাকায় এসব ভাষার বিকাশ যখন নানা ক্ষেত্রে বাধাগ্রস্ত, ঠিক তখন সংস্কৃতি মন্ত্রণালয়ের টাকায় এলিটতোষণ তথা কর্পোরেট পোষণ করার মাধ্যমে ঢাকা লিট ফেস্ট নামের এক বিতর্কিত উৎসব অনুষ্ঠিত হলো |

এটা শুরু হয়েছিল বছর কয়েক পূর্বে বৃটেন থেকে সাম্রাজ্যবাদী আমদানী হে-উৎসবের নামে|পরে প্রতিবাদের মুখে এর নাম পালটিয়ে ঢাকা লিট ফেস্ট চালিয়ে দেবার ফন্দি করেন আয়োজকরা| ফন্দি যে অনেকটা সফল হয়েছে তার নমুনা সরকারি টাকার শ্রাদ্ধ দেখলেই বোধগম্য হবে| এভাবে কর্পোরেট ভূত আমাদের মাথা খেয়ে নিতে বসেছে| এটা যে সাম্রাজ্যবাদী আমদানী তাদের ওয়েবসাইটে প্রকাশিত নিম্নোক্ত বক্তব্য থেকেই স্পষ্ট; 'Dhaka Literary Festival (DLF or Dhaka Lit Fest), held at the historic premises of the Bangla Academy every year since 2012, marks a resurgence of Bangladeshi literary culture while vigorously engaging other cultures far beyond our own borders. DLF began its journey with a pilot event in 2011 under the aegis of the world famous Hay-on-Wye festival.'

আমার একটা সাদামাটা প্রশ্ন, চর্যাপদের উত্তরাধিকার বহন করা আমাদের বাংলাদেশ কি এতটাই কাঙ্গাল যে, ইংরেজি-নির্ভর এরকম একটা সাম্রাজ্যবাদী উপাদান জনগণের করের টাকায় জায়েজ করতে হবে? আমরা কেন ভুলে ষাই আমাদের রবীন্দ্রনাথ আমাদের মাতৃভাষা বাংলাতে লিখেই দুনিয়াকে জয় করেছিলেন? কবি আবদুল হাকিম কি এমনি-এমনি লিখেছিলেন 'যেসব বঙ্গে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি?'

ইংরেজি মাধ্যমের শিক্ষকদের চেয়ে মাদ্রাসা মাধ্যমের শিক্ষকরা অধিকতর মেধাবী বলে সম্প্রতি মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষক দার্শনিক-অধ্যাপক সলিমুল্লাহ খান। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার লোকেরা লেখাপড়া জানে না এমন প্রচারণা সঠিক নয়। আমি অবাক হলাম আমাদের ইংরেজির পণ্ডিত মহোদয়গণ এই বিতর্কে অংশ নিলেন না, সুবোধ বালকের মত অধ্যাপক সলিমুল্লাহ খানের বেহুদা কথা মানিয়া নিলেন| এলিট বলে কথা|

মাইকেল মধুসূদন কি হুদাহুদি ইংরেজি ছেড়ে বাংলায় লেখালেখিতে মনোনিবেশ করেছিলেন ? কে কারে বুঝাবে? মূর্খতা আর কপটতা যদি আমাদের পেয়ে বসে আমাদের উদ্ধার করবে কে?

টি. এস. এলিয়ট লিখে গেছেন, সাহিত্য যদি বেনিয়াদের দখলে চলে যায়, তাহলে সর্বনাশ| আমরা কি সেই সর্বনাশা সময় পার করছি?

'ঢাকা লিট ফেস্ট' নামক এই সাহিত্য উৎসবের নামে এই বিদেশিয়ানা ক্লাবের সভ্য ও কুশীলব এরা কারা? আসলে বিভিন্ন কর্পোরেট গণমাধ্যমের সুবিধাভোগী কতিপয় ব্যক্তি, নানা পর্যায়ের কর্তৃপক্ষীয় পদাধিকারী, কর্পোরেট আত্মীয়-পরিজন ইত্যাদি| এদের সঙ্গে ‍যুক্ত হয়েছেন কতিপয় লেখকও| বেশ| এ প্রসঙ্গে 'ঢাকা লিট ফেস্ট'-এর বিরোধিতাকারী আমাদের জনপ্রিয় এক কবিকে একবার কথা প্রসঙ্গে একজন জিজ্ঞেস করেছিলেন, আপনি কেন বিতর্কিত এই উৎসবে যোগ দিলেন? তাঁর উত্তর, আমি আয়োজক কর্পোরেট-গোষ্ঠী প্রদত্ত পুরস্কার গ্রহণ করেছিলাম| তার কৃতজ্ঞতাস্বরপ আমি এই উৎসবে যোগ দিয়ছিলাম|

এইভাবে পুরস্কার ও গণমাধ্যমের দোকান খুলে বেনিয়া গোষ্ঠী নিজেদের আজ্ঞাবহ লেখকদের আসর জমাচ্ছেন| আমরা কিভাবে ভুলবো, বঙ্গবন্ধু ১৯৭৪ সালে জাতিসংঘে মাতৃভাষা বাংলায় বক্তব্য দিয়েছিলেন| ১৯৫২ সালে আমরা কেন মাতৃভাষার জন্যে আন্দোলন করেছিলাম? প্রহসন কাকে বলে? আমরা কোন মুখে আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে গদগদ, যেখানে নিজেদের আদিবাসীদের মাতৃভাষাকে অবহেলায় বিলুপ্তির অতলে ঠেলে দিচ্ছি? নিজেদের মাতৃভাষা বাংলাকেও অপমান করে ছাড়ছি|

ভাবতে তবুও ভলো লাগে আমরা নাকি এগিয়ে চলছি| আমাদের মুখে ইংরেজি ফুটছে| এভাবেই এরা সাহিত্যের নাম করে দেশি বিদেশি লেখকদের সঙ্গে বেনিয়া, আমলা ও আত্মীয়পোষ্য নতুন এক এলিট ক্লাব গড়ে তুলছেন| সমস্যাটা সেটাও না| সমস্যা হলো টাকাটা আমাদের আমআদমি গরীব জনগণের| আরো একটু ভেঙে বলি, একটি মার্কেটিং কোম্পানীর সভাপতি, ব্যবস্থাপনা পরিচালক, আত্মীয়পরিজন, পরিচালকসহ কমপক্ষে চারজন এই উrসবের বক্তা| আহা, তারাও লেখক বটে| ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়| আমরা কি সে সত্য বেমালুম ভুলে গেলাম?

১৯৮৭ সালে সেনাশাসক স্বৈরাচার এরশাদ এশীয় কবিতা উrসব নামে ক্ষমতার রসদে জনগণের টাকায় প্রায় এরকম একটা এলিট উrসবের আয়োজন করেছিলেন, যেখানে দেশের অনেক পদধারী, পদলোভীসহ বিদেশের গুরুত্বপূর্ণ কয়েকজন কবিও যোগ দিয়েছিলেন| সে উৎসবে ব্রিটিশ কবি টেড হিউজেসও অংশ নিয়েছিলেন | আজকের ঢাকা লিট ফেস্টে সিরিয়ার নাম-পাল্টানো কবি এদোনিস যেমন এসেছেন|

সেই সময়ে আমাদের কপাল ভাল ছিল| কবি শামসুর রাহমানের নেতৃত্বে এদেশের কবিরা কবিতার নামে এলিট মেলার প্রতিবাদ করেছিলেন| পাল্টা উৎসব করেছিলেন, নাম দিয়েছিলেন জাতীয় কবিতা উৎসব| যা আজও চলমান| শামসুর রাহমান আজ বেঁচে নাই| জাতীয় কবিতা পরিষদ আছে| তাঁর অবর্তমানে আমরা কি কর্পোরেট বেনিয়ার করাল গ্রাসে ঢুকে গেলাম? আমরা কি সকলেই এলিট হয়ে গেলাম?