২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

সৃষ্টিশীলতাই উপমহাদেশের অভিন্নতা

রিমি মুৎসুদ্দি

Published : 03 Mar 2017, 11:16 AM

Updated : 23 Jun 2022, 04:02 PM

সার্ক সাহিত্য উৎসবে বাংলাদেশের জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার সাথে আলাপচারিতায় উঠে এল উপমহাদেশীয়তা, South Asianism, পোস্টমডার্নিজম, মেটামডার্নিজম আরও বহু অজানা তথ্য। কবির নিজস্ব ভাষায়, "যাবতীয় দানবিক, বিমানবিক ও আণবিক প্রতিযোগিতা থেকে বেরিয়ে প্রতিটি মানুষকে তার সৃষ্টিশীল মানবিকতা ও মনোময়তার দিকে ফিরিয়ে নেবার প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। তারই একটি অভিব্যক্তি এই সার্ক সাহিত্য সম্মেলন। সৃষ্টিশীলতাই উপমহাদেশের অভিন্নতা।"

ভারত-পাক রাজনৈতিক টানাপড়েনে পাকিস্তান অংশগ্রহণ না করতে পারলেও এইবছর সার্ক সাহিত্য সম্মেলনে সংখ্যাধিক্য লক্ষ করার মত। ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তরুণ ও প্রবীণ প্রজন্মের ২৬ জন কবি-সাহিত্যিক। এই দলে যেমন আছেন ষাটের দশকের প্রথিতযশা কবি-সাহিত্যিকবৃন্দ, তেমনি আছেন ২০০০-এর প্রথম দিকের নবীন কবি ও লেখকেরা। বাংলাদেশের জননন্দিত কথাসাহিত্যিক সেলিনা হোসেন, জাতিসত্তার কবি নূরুল হুদা, বরেণ্য নাট্যজন রামেন্দু মজুমদার, কবি মাহবুব সাদিক, কবি বিমল গুহ, কবি ফারুক মাহমুদ, কবি রুবানা হক, তরুণ কবি আশরাফ জুয়েল, কবি জাব্বার আল নাইম সহ এবারে মোট ২৬ জন অংশগ্রহণকারী ছিলেন বাংলাদেশ থেকে। ভারতের বাইরে এটিই বৃহত্তম প্রতিনিধি দল।

এই অনুষ্ঠানের উদ্যোক্তা ফাউণ্ডেশন অফ সার্ক রাইটার্স এণ্ড ফেস্টিভ্যাল(ফসওয়াল)। দিল্লির একাডেমী অফ ফাইন আর্টসে ২৪-২৬ ফেব্রুয়ারি মোট তিনদিন ধরে অনুষ্ঠিত হলো এই সাহিত্য উৎসব। বাংলাদেশ, আফগানিস্তান, ভূটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা থেকে এসেছেন সাহিত্য জগতের বিশিষ্ট মানুষজন। শান্তি, একতা ও মানবতার বন্ধনে মানুষকে জুড়ে রাখতে সাহিত্যই মুখ্য ভূমিকা গ্রহণ করেছে যুগ যুগ ধরে। এই বার্তা এইবারের সাহিত্য সম্মেলনেরও মুখ্য অন্বিষ্ট।
ভাষার জন্য শহীদ হয়েছেন শত শত প্রাণ : এই উদাহরণের জন্য বাংলা ভাষা ও বাংলাদেশ সারা বিশ্বে বাংলাভাষাভাষীসহ সকল সাহিত্যপ্রেমী মানুষের মনে জায়গা করে নিয়েছে। ১৯৫২-এর ২১শে ফ্রেব্রুয়ারি বাংলাদেশের যে মহৎ প্রাণদের রক্তে রেঙে উঠেছিল ঢাকার রাজপথ ও ১৯৬১-এর ১৯ মে শিলচর স্টেশনে বাংলা ভাষা সরাকারি ক্ষেত্র থেকে তুলে দেওয়ার প্রতিবাদে সামিল যে ১১ জন মানুষ পুলিশের গুলির সামনেও অসহায়তা প্রদর্শন না করে মাতৃভাষার জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছিলেন তাঁদের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয় এই সম্মেলনে। ভাষা শহীদের স্মরণে এই নীরবতা পালনের প্রস্তাব দেন বাংলাদেশের তরুণ কবি আশরাফ জুয়েল। কবি নূরুল হুদা একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পরিপ্রেক্ষিত নিয়ে আলোচনা করেন এবং এই নিয়ে কবিতা পাঠ করেন।

বিখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন আয়োজক কমিটির কাছে কয়েকটি অনুরোধ রাখেন এই প্রতিবেদনের মাধ্যমে। তাঁর মতে, উপস্থিত সাহিত্যকগণ শুধুই কবিতা বা তাঁদের গবেষণামূলক পেপার না পড়ে যদি নিজ নিজ গল্প বা নভেলের সিনপসিস বা সারাংশ পড়তেন, তাহলে সাহিত্যের মেলবন্ধন আরো দৃঢ়তর হত। বিভিন্ন দেশ থেকে আগত লেখকেরা যদি তাঁদের বই (ইংরাজি অনুবাদসহ) ডিসপ্লে করার বা বিক্রি করার সুযোগ পেতেন তাহলে একে অন্যকে জানার সুযোগও পাওয়া যেত। কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে কোন নামী-দামী কবি-সাহিত্যিক এই উৎসবে যোগ না দেওয়ায় তিনি এখানে তাঁর কলকাতার সাহিত্যিক বন্ধুদের খুব মিস করলেন বলে জানালেন সেলিনা আপা ।
দিল্লিতে আয়োজিত এই সার্ক সাহিত্য সম্মেলনে এবার যোগ দিতে পারল না পড়শি দেশ পাকিস্তান। ভারত-পাক রাজনৈতিক মতানৈক্য যেমন ভারতীয় চলচ্চিত্র-শিল্পে দুই দেশের মধ্যে কাঁটাতারের বেড়া বিছিয়ে দিয়েছে, সেইভাবেই সাহিত্যের অঙ্গনেও তৈরি করলো নিষেধাজ্ঞার দেয়াল। শান্তিকামী ও বিচ্ছিন্নতাবাদে অবিশ্বাসী সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, বিখ্যাত কথাসাহিত্যিক থেকে শুরু করে গবেষক, সাংবাদিক, সাধারণ মানুষ এমনকি সার্ক সাহিত্য সম্মেলনের সংগঠকমহল পর্যন্ত এ নিয়ে বিচলিত। রাজনৈতিক তিক্ততার উর্ধে উঠে দেশকালের বেড়াজাল টপকে সাহিত্য মানুষকে মানুষের সঙ্গে আরও বেশী জুড়ে দেবে এই অস্থির সময়ে : এটাই ছিল সার্ক সাহিত্য সম্মেলনের উদ্দেশ্য। প্রতিটি দেশই সাহিত্য, সংস্কৃতি ও শিল্পের আঙিনায় নিজের সঙ্গে অন্যের যোগাযোগ রাখতে পারবে, এই আশাই করেছেন সাহিত্যিক মহল। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের বক্তব্য অনুযায়ী Poetry should fight against terrorism. আবার ভিসার ক্ষেত্রে শিল্পের জায়গা সীমান্তহীন হওয়া উচিত।

Oral Tradition বা মৌখিক ঐতিহ্যের সাহিত্য থেকে শুরু করে মডার্ন, পোস্টমর্ডান সাহিত্যের আবির্ভাব। বর্তমানে অর্থনীতির উদারীকরণের হাত ধরে সাহিত্যের আঙিনায় মেটামর্ডানিজমের আবির্ভাব। এই বিষয়ের উপর বিস্তারিত কাজ করেছেন বাংলাদেশের অগ্রণী কবি নূরুল হুদা। তিনি বলেছেন, বর্তমানে সাহিত্যে তত্ত্ব ও কর্মের প্রতিফলন দেখা যাচ্ছে। রচনার উৎকর্ষের থেকেও প্রকরণ বৈচিত্র্য ও স্বীকারোক্তিমূলক রচনা এখানে বেশী দেখা যাচ্ছে। সমস্ত রচনার উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিশীল সাহিত্যের মাধ্যমে একটি শান্তির সংস্কৃতি ও অক্ষ গড়ে তোলা। গত দুই দশক ধরে এই সৃষ্টিশীল সাহিত্যচর্চা হওয়ার ফলে এই উপমহাদেশের সাহিত্যিকদের মধ্যে অপরিচিতির দূরত্ব ঘুচে যেতে শুরু করেছে। ফলে, creative South Asia বা সৃজনশীল দক্ষিণ এশিয়া অঙ্কুরিত হয়েছে। এই চর্চা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে রাজনৈতিক সীমারেখা সত্ত্বেও অন্যবিধ সীমান্তহীন দক্ষিণ এশিয়া বা উপমহাদেশ বাস্তবায়ন সম্ভব। অর্থাৎ রাজনৈতিক সার্কের উদ্দেশ্য যেখানে ব্যর্থ, সৃষ্টিশীল ও সাহিত্যিক সার্ক সেখানে সফলতার বীজ প্রতিস্থাপন করে চলেছে। কবি হুদার মতে, কেবল এই একটি কারণেও দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রে এই সম্মেলনটি ঘুরে ঘুরে প্রতিবছর অনুষ্ঠিত হওয়া অত্যাবশ্যক।