২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

শারদীয় উৎসব বাংলার সবার

সাহানামৌসুমী

Published : 09 Oct 2016, 08:11 PM

Updated : 02 Sep 2022, 08:35 PM

Image
31_Puja_Kolabagan_071016_0014

বাংলার শরতের অনুষঙ্গগুলো সত্যিই অনন্য। নীল আকাশে শাদা মেঘ। নদীর বাতাসে দুলতে থাকা তীরঘেঁষা কাশবন। শিশিরভেজা ঘাসে ঝরা শিউলির গন্ধমাখা ভোরবেলা। আর শারদীয় দুর্গোৎসবের বর্ণিল সম্ভার। ঢাকের শব্দে- শঙ্খ ধ্বনিতে মুখর হয়ে ওঠা বাংলার গ্রাম-গঞ্জ-শহর-বন্দর। ধূপের প্রাচীন গন্ধে যেন ভেসে আসে বাংলার হাজার বছরের আধ্যাত্মিক ইতিহাস।
তিন হাজার বছরেরও আগে- আর্যদের সেই ঋক সংহিতার যুগ থেকে শুরু হওয়া নানা উপচারের যজ্ঞ অনুষ্ঠান যেন ইতিহাসের পাতা থেকে নেমে আসে মণ্ডপে মণ্ডপে। বিশেষ করে বাংলায় সনাতন ধর্মের আরাধনার যে ধরণ ধীরে ধীরে প্রতিষ্ঠা পেয়েছে তার নান্দনিক রূপটা চোখে পড়ার মতো। এই নান্দনিকতা এসেছে এই নদীভরা দেশের শ্যাম ছায়াঘন অববাহিকার হাজার ধরণের ফুল-ফল-পত্রপল্লবের সৌন্দর্যময়তা থেকে।শারদীয় পূজায় ফুলের অঞ্জলিতে- নদীজল ভরা ঘটে- লতাপাতায়- মঙ্গলদীপে- হাতে আঁকা আলপনায়- সুরের ব্যঞ্জনায় যে সৌন্দর্য সৃষ্টি হয় তার নন্দনতাত্বিক মূল্য অসামান্য।
দেবীর নবপত্রিকা প্রবেশ-এ উৎসবের লতা পাতায় জড়ানো এক অনুষঙ্গ। বাংলার নয় রকমের গাছের পাতা দিয়ে গড়া দেবী দুর্গার আরেক রূপ- নবপত্রিকা। নয় ধরণের পাতা- তাই নাম নবপত্রিকা। ধানপাতা- হলুদপাতা- অশোকপাতা- বেলপাতা- ডালিমপাতা-কচু আর মানকচুর পাতা-জয়ন্তিপাতা আর কলাপাতা। এই নয়টি গাছের পাতা আবার বাঁধা হয় নীল অপরাজিতার লতা দিয়ে। এরপর সেই বৃক্ষ প্রতিমাকে পরানো হয় বাংলার তাঁতির হাতে বোনা লালপেড়ে শাড়ি। এ প্রতিমার নাম কলাবউ। সমৃদ্ধির প্রতীক। যথার্থই, বৃক্ষ ছাড়া আর কী হতে পারে সব অর্থে সমৃদ্ধির প্রতীক- এই পরিবেশ বিপর্যয়ের যুগে? বাংলার ধানপাতা- হলুদপাতা- তাঁতের লালপেড়ে শাড়ির এই উৎসব কি তবে সব বাঙালির নয়!

সন্ধিপূজায় যে দীপ ধূপ আরতি পুষ্পাঞ্জলি আর একশো আটটি দীপের দীপমালা দিয়ে দীপাঞ্জলি হয়- সে দীপ গ্রামবাংলার ঘরে ঘরে জ্বলা মাটির প্রদীপ। অন্যায়ের প্রতিবাদ করার অপরাধে কবিকে হত্যা করা হলে যে দীপের শিখা হয়ে তিনি বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়তে চেয়েছিলেন- সেই মাটির প্রদীপ! আর ধূ্পের সুগন্ধী ধোঁয়া হাজার বছর ধরে এ অঞ্চলের মানুষকে কীট-পতঙ্গমুক্ত পরিবেশ আর ধ্যাননিমগ্ন হবার প্রণোদনা দিয়ে আসছে। আর এই একশো আট সংখ্যক দীপ- আমাদের মনে পড়ে আরেক কবিকে! তাঁর সেই একশো আটটা নীলপদ্মের কথা – বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে আনা-হাতের মুঠোয় প্রাণ নিয়ে- কেবল বরুণার জন্যে!
এই মৃত্যুভয় উপেক্ষা করে প্রতিবাদে উচ্চকিত কবির মরে গিয়ে মাটির প্রদীপ হয়ে দুঃখী বাংলার ঘরে ঘরে একটুখানি আলো হয়ে জ্বলার ইচ্ছেটা কি আমাদেরও নয়! আর একশ আটটি নীলপদ্মের কাব্যগাঁথা?

কোনো অঞ্চলের সাংস্কৃতিক মনন অনেকটা বাঁধা থাকে তাদের সঙ্গীত-বীণার তারে তারে। গানের ইন্দ্রধনু মানুষকে ভাসতে শেখায় সপ্তবর্ণা কল্পনায়। সুরে-ছন্দে মানুষ পায় সৌন্দর্যবোধের মানবীয় পাঠ। দু' তিন দশক আগেও দেশজুড়ে শহরে গ্রামে শারদীয় পূজামণ্ডপ থেকে মাইকে ভেসে আসা আশ্চর্য সুন্দর সব গানের সুরে মন হারায়নি কার! রাতের নির্জনতায় যে শোনে নি সেই দূর থেকে ভেসে আসা সুর- সে জানেনা তার অনির্বচনীয় সুষমা!

রবীন্দ্রনাথ ভোজ্য বিষয়ে বলেছিলেন, '…কাব্যে সে কথা হবে না মানানসই/ তুচ্ছ শোনাবে, তবু সে তুচ্ছ কই।' বাসনার অন্যতম অধিষ্ঠান রসনায়! এ উৎসবে হিন্দু বাড়িতে লুচি তরকারি, নানা নিরামিষ পদ, ডাল, বিভিন্ন ধরণের চাটনি, কিংবা অন্তত নারকেল নাড়ু- মোয়ার স্বাদ পায় নি এমন অভাগা কি কেউ আছে দেশে!সাধারণভাবে বাঙালি ডাল ভাত মাছ আর বিলাসরূপে মোগলাই- এর পাশে এসব খাবারও তো আমাদেরই খাবার। খাদ্যের প্রকরণ- বিশেষত্ব-পরিবেশন-সৌন্দর্য এসবও কোন অঞ্চলের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।

যে অধ্যাত্মবোধে পূজারী-ভক্ত প্রতিমার সামনে প্রণত হন- কোনো এক করুণাময়ী মাতৃরূপকে আশ্রয় করে একান্ত আরাধনায় পৌঁছে যেতে চান মঙ্গলময় ঈশ্বরের সান্নিধ্যে- সেটা তাঁর নিজস্ব ধর্মবোধ। একেশ্বরবাদীর অধ্যাত্মবোধের সাথে এর ভিন্নতা থাকতে পারে।বস্তুত, নিরাকার স্রষ্টার আরাধনার অন্য এক অতুলনীয় ব্যাপ্তি ও সমগ্রতার দিক রয়েছে। আর নিরীশ্বরবাদীর প্রত্যক্ষণ-নির্ভর বিশ্ব ও সমাজ-চেতনা এবং মানবীয় উপলব্ধির ধরণও আলাদা।

কিন্তু যুগ যুগ ধরে বাংলার আহার- পরিধেয় আর প্রকৃতির যে সব চিহ্ন, সাংস্কৃতিক যে সব অনুষঙ্গ শারদীয় দুর্গোৎসবে যুক্ত হয়ে আছে তার উত্তরাধিকার সকল বাঙালির। প্রকৃতি-নির্ভর এই উৎসবের সৌন্দর্য- এই পলিমাটির দেশ, এই ষড়ঋতুর দেশ থেকে সৃষ্টি। প্রাচীন বাংলার ইতিহাস রূপায়িত হয়ে ওঠে এই উৎসবের আচার-অনুষ্ঠানে। এই উৎসব তাই বাংলাদেশের সংস্কৃতির অমূল্য সম্পদ। এ উৎসব বাংলার সবার।

Image
Flag Counter