২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

নৃত্য শুধু নৃত্য নয়

আবদুস সেলিম আবদুস সেলিম

Published : 27 May 2015, 08:01 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

পৃথিবীর অপরাপর জনগোষ্ঠীর মধ্যে সংস্কৃতির সংজ্ঞার মতানৈক্যের কারণে পঞ্চদশ শতাব্দিতে উপনিবেশবাদের শুরু ও প্রসার। প্রতিটি মানবগোষ্ঠীর জীবনধারণের একটি একান্ত ধারা আছে যা তার সভ্যতা ও সংস্কৃতির ইঙ্গিত বহন করে– যার আওতায় জীবনের সবকিছুই সংযুক্ত। এক সময়ে উপনিবেশবাদের পক্ষে একটি জোরালো যুক্তি ছিল যে দেশকে দখল করা হলো সে দেশকে সভ্য করা। এশিয়া এবং বিশেষ করে আফ্রিকার জনগোষ্ঠীকে তথাকথিত সভ্যতার স্বাদ দেবার জন্য পশ্চিমা দেশগুলো বহু বছর ধরে উঠে পড়ে লেগেছিল যাকে 'সাদা মানুষের দায়বদ্ধতা বা Whiteman's burden হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আজ কিছুটা হলেও পশ্চিমারা অনুধাবন করতে পেরেছে তাদের দেয়া সংস্কৃতি, ঐতিহ্য ও সভ্যতার সংজ্ঞাটি আসলে একপেশে এবং অনেক ক্ষেত্রে স্পষ্টতই ভ্রান্ত ছিল। বিশ্বের সকল মানবগোষ্ঠীই তাদের আপন-আপন অবস্থানে ও ব্যাখ্যায় সভ্য। এই উপলব্ধির পেছনে অবশ্যই পারস্পরিক সমঝোতার, বোঝাপড়ার ব্যাপার আছে আর সেই সমঝোতা ও বোঝাপড়ার অধিকাংশ সেতুবন্ধ হলো কৃত্যশিল্প, বিশেষত নৃত্য। নৃত্য মানবগোষ্ঠীর সবচেয়ে পরীক্ষিত বান্ধব, নৃত্যের অবস্থান সর্বকালে হিংসার বিপরীতে।

বলা হয় কবিতা বা ছন্দই হলো বিশ্বের সকল ভাষা সাহিত্যের আদিরূপ। মানবজাতির কবিতা বা ছন্দের প্রতি আকর্ষণ আসলে একটি innate বা অন্তবিষ্ট বা অন্তর্জাত অলৌকিক গুণ এবং সম্ভবত এ কারণেই সকল ধর্ম গ্রন্থই ছন্দে রচিত। ঐ ছন্দ বা rhythmই নৃত্যের স্রষ্টা, তেমনিভাবে সব কৃত্যশিল্পের আদি হলো নৃত্য– বলা যায় নৃত্যই সকল কৃত্যশিল্পের মিলনমঞ্চ।

নাচের প্রতি সন্নিবিষ্টতার একটি সুন্দর উদাহরণ হলো African American Church সঙ্গীত ও নৃত্য।
আমেরিকার ইতিহাসে বর্ণবাদের কালো অধ্যায় ছিল এবং এখনও বর্তমান, যেটি আমাদের সবারই জানা। কৃষ্ণাঙ্গদের এক সময় শ্বেতাঙ্গ প্রতিষ্ঠিত গীর্জায় প্রবেশাধিকার ছিল না অথচ দৈহিক অত্যাচারের সাথে-সাথে ধর্মের বুলি আওড়িয়ে তাদের কাছ থেকে বিনয়, সততা, আনুগত্য এবং সর্বপরি সহিষ্ণুতা আদায় করে নেয়া হতো। কৃষ্ণরা এক পর্যায়ে যখন তাদের নিজস্ব গীর্জা প্রতিষ্ঠা করলো তাদের উপাসনার একটি উল্লেখযোগ্য মাধ্যম ছিল নৃত্য সহকারে বাইবেলের এবং স্বরচিত স্তুতিগান বা Pslam-গুলো গাওয়া। সময়ে দেখা গেছে, এতে সাদা যুবকরা আকৃষ্ট হয়েছে এবং বাধার প্রাচীর ভেঙ্গে এক নতুন অহিংস নৃত্য-সংস্কৃতি সৃষ্টি করেছে। যার একটি উৎকৃষ্ট উদাহরণ hiphop এবং মাইকেল জ্যাকসনের নৃত্য-সংগীত 'Beat it'. তাই নৃত্যের সম্মোহন অনিবার্য। আধুনিক অধিকাংশ পাশ্চাত্য নৃত্য ও সংগীতের পূর্বসূচক কৃষ্ণাঙ্গদের এই চার্চ সঙ্গীত।


নৃত্য আসলে ধ্যান- সেই আদি যুগ থেকেই মানবজীবনের প্রথাগত অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অঙ্গ। মানবজীবনের যাবতীয় সভ্য ও সংস্কারমুক্ত আচরণের ইঙ্গিত নৃত্য- যা semiotics বা জীবনযাত্রার সকল সভ্য ইঙ্গিতের মূল আধার। তাই বিজ্ঞান-প্রযুক্তির যতই উন্নতি ঘটুক নৃত্য কখনও মানব জীবনযাত্রায় গৌণ হবে না। এই আরাধনা বা meditation প্রসঙ্গে W B Yeats-এর যিনি রবীন্দ্রনাথের এককালীন বন্ধু এবং এক অর্থে বাংলা কবিতার সুহৃদ, একটি কবিতার দুটি পংক্তি উদ্ধৃত করতে চাই–
O body swayed to music, O brightening glance
How can we know the dancer from the dance?

সত্যি বলতে কি নৃত্য ও নৃত্যশিল্পী এক উচ্চতম মার্গে এমনভাবে একাত্ম হয় যে নৃত্য নৃত্যশিল্পীতে স্বতশ্চল প্রাণায়িত হয়ে যায়, তাই নৃত্যকে নৃত্যশিল্পী থেকে পৃথক করা যায় না। এই তো সত্য অর্থে আরাধনা।