২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

হালখাতা শুভাশুভ

sams_hoque

Published : 13 Apr 2014, 09:32 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

সৌররথে উড়ে এসে দাবদাহ চৈত্রের উঠোনে এসে হানা দিলে চৈত্রসংক্রান্তির বাদ্য বেজে ওঠে; চড়ক-পূজার ঢাকগুড়গুড়– অনিবার্য্য করে তোলে আড়ং-মেলা, দশহরা, গঙ্গাস্নান।
বর্ষশেষের মাদল বাজিয়ে কালবোশেখী ধেয়ে আসে বাংলার মাঠ-ঘাট-লোকালয়ে। প্রকৃতির আনাচে-কানাচে, ঝোপ-ঝাড়ে, বন-বনানী-মাঠে-তেপান্তরে জেগে ওঠে উদোম সবুজ। জেগে ওঠে প্রকৃতির প্রাণ দূর্বাদামে, তরুলতায়, পাতায়-পল্লবে। ঐ বুঝি বোশেখ এলো, নববর্ষের কাড়া-নাকাড়া। কাঁচা সবুজ তৃণগুল্মে আলোর নাচন, বন-বাদাড়ে পাখ-পাখালী ওড়াউড়ি, দূর গেরামের ঢোলের বাদ্যশোন তবে বৈশাখের নতুন কেতন।

এভাবে বাংলার শাশ্বত আঙিনায়, আসে বৈশাখ, আসে শুভ হালখাতা, আসে নওরোজ-নববর্ষ।

অর্ধ-শতক, শতাব্দী কিংবা তারও তারও আগে, আকবর বাদশার দোর্দ- শাসনের নিগড়ে বাঙালির ফসলীসন থেকেই ঐ হালখাতার গোড়াপত্তন বলে পণ্ডিতগণ সাক্ষ্য দেন। কালে কালান্তরে ভিন্ন পটভূমিতে এই হালখাতা 'হাল' অর্থাৎ পেশা-ভিত্তিক উৎসবে রূপ নেয় বাংলার সমাজ ও সংস্কৃতিতে। শুভ হালখাতার উৎসব বা অনুষ্ঠানই বোধ করি বাঙালি জীবনের প্রথম সার্বজনীন উৎসব। শত শত বৎসরের বাঙালির এই উৎসবের শেষ রেশটুকু আমাদের বালকবেলায় আমরা চুটিয়ে উপভোগ করতে পেরেছি বলে একবিংশ শতকের ডিজিটাল প্রতিবেশেও নিজেদের ঐতিহ্য সমৃদ্ধ বলে মনে হয়। আজকের এ-নিবেদনে সেই সৌভাগ্য এবং তার অধুনা বিড়ম্বনার খানিকটা দিয়ে এ লেখার আয়োজন।

বর্ষশেষে চৈত্রমাসে যে-চেতনার আগমনে আমরা পুলকিত হলাম আমাদের বালক-বেলায়, সেই চেতনার নাম শুভ হালখাতা। একটা অমূল পরিবর্তন ঘটেছে হালখাতার অবয়বে ইদানিং। সকলের জানা সে-চিত্র পরিবেশনের আগে আমাদের শৈশবের জানা সেই হালখাতার চিত্রটি বর্ণনার বিনীত প্রয়াস এখানে।

আমের গুটি, কচি লিচু, জাম-জামরুল, বেল-কদবেল নানান জাতের ফল-ফলারি বেড়ে উঠছে গাছে গাছে। সারা বছরের সমস্ত গ্লানি মুছে ফেলে প্রজাতির বাঙালির মানুষও নতুন বছরের ডাকে সাড়া দিতে প্রস্তুতি নেয়। সে-প্রস্তুতির আগাম বার্তা বহন করে ঘরে ঘরে পৌঁছে যায় শুভ-হালখাতার নিমন্ত্রণের চিঠি। সে চিঠিগুলো আসতো গ্রামের মুদীদোকান, চায়ের দোকান থেকে শুরু করে আমাদের পাড়ার স্বপ্নে প্রাপ্ত ঔষধ বিলিকারী মাটিয়া ডাক্তার, আমাদের পারিবারিক চিকিৎসক কাসেম ডাক্তার, কেষ্ট ডাক্তার থেকে শুরু করে থানা-মহকুমা শহরের ব্যবসাদার, মাড়ওয়ারী পর্যন্ত। আমরা ঐ আকর্ষণীয় চিঠিগুলো আগ্রহে পড়তাম আর কবে, কার দোকানে বা বাড়িতে হালখাতার অনুষ্ঠান হবে তার হদিস রাখতাম। বিশেষ একটা স্টাইলে লেখা খামে ভরা চিঠিগুলো বছরের পর পড়তে পড়তে তা' এই বয়সেও প্রায় মুখস্থই রয়ে গেছে। "গণেশায় নমঃ" কিংবা "এলাহি ভরসা"-র ঘোষণা সম্বলিত "শুভ হালখাতা"-র নিমন্ত্রণপত্রগুলি হাতে পেয়েই আমরা মনে মনে প্রস্তুতি নিতাম বাবার সাথে কোনদিন কোন্খানে সেই বহু প্রতীক্ষিত লেন-দেন এবং আহার-আপ্যায়নের অনুষ্ঠানে যাবে। মনে পড়ে আমাদের পড়শী মাটিয়া ডাক্তারের কথা। স্বপ্নে প্রাপ্ত টোটকা ঔষুধ বিনি পয়সায় বিলি করে এলাকার গরীব মানুষের ত্রাণকর্তা হয়ে উঠেন নিরক্ষর কিন্তু অত্যন্ত সহৃদয় এই গ্রাম্য মানুষটি। বৎসরান্তে তাঁর বাড়ির হালখাতাটিই ছিল আমাদের সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান। নির্ধারিত তারিখের আগেই মাটিয়া ডাক্তারের বৈঠক খানাটিকে ধুয়েমুছে পরিচ্ছন্ন করে, লেপেপুছে চকচকে বানিয়ে, নানা রঙের কাগজ কেটে রঙিন প্যাটার্ণ, কাগজের রঙিন শেকল, বাঁশের তৈরী একখানি মনোরম গেট বানিয়ে তাতে রঙিন কাগজের বাহারি সাজ-সজ্জা– সব মিলে নবরূপে সজ্জিত ঐ বৈঠকখানা ঘরটি সারা মহল্লার উৎসবের প্রতীক হয়ে উঠতো। হালখাতার দিন অক্ষরজ্ঞানহীন নিরহংকার এই বিশাল উপকারী "মাটিয়া ডাক্তার" বছরের এই প্রথম তাঁর গতর ঢাকতেন শোভন পরিচ্ছদে। লাল মোড়কের নূতন খাতা নিয়ে তাঁর পাশে বসতেন 'সরকার'। সামনে টেবিলের উপর শুধুমাত্র বর্ণিল পাতাবাহারের ডাল-পাতা পরিষ্কার কাঁচের বোতলে সাজিয়ে এক অদ্ভূত হালখাতার পরিবেশ তৈরী করা হতো। গ্রাম-গ্রামান্তরের কৃতজ্ঞ উপকার-ভোগীরা, দেখেছি, এক টাকা কিংবা বড়জোর দু'টাকা/আড়াই টাকা দিয়ে হালখাতার খাতায় নাম তুলতেন। নাম তোলা মাত্রই তাঁদের সম্মানে লাল সালু দিয়ে ঘেরা এক রহস্যময় জায়গায় নিয়ে গিয়ে আহার আপ্যায়নের ব্যবস্থা হ'তো। মাটিয়া ডাক্তারের হালখাতার চরিত্রটিও ছিল মাটির কাছাকাছি। তাঁর আপ্যায়নের বিয়ষটি ঘরে তোলা দই, ক্ষেতের আঁখমাড়াই থেকে বানানো চেলোগুড় এবং ঢেঁকিছাটা চিড়ে সহযোগে। এই ভোজ শেষে হাতে লেগে থাকা দধির তেল ছাড়াতে সাবানের অভাবে ছাই ব্যবহার করে নির্ধারিত স্থানে রাখা লাল গামছায় হাত মোছার ব্যবস্থা ছিল। এরপর অতিথি বিদায়ের আগে মিষ্টি খিলিপান ছিলো মধুরেন সমাপয়েত-এর মত।

আমাদের পড়শী মাটিয়া ডাক্তারের হালখাতার চেয়ে ভিন্ন ছিল কাঠালবাড়ী বাজারের আজিমের চায়ের দোকানের হালখাতা। সেখানকার আপ্যায়নের প্রধান বস্তুটি ছিল সদ্যভাজা গরম গরম জিলাপি, কলাপাতায়; সম্পন্নদের জন্য মাটির সান্কিতে। ওদিকে পারিবারিক চিকিৎসক কাসেম ডাক্তার কিংবা কেষ্ট ডাক্তারের হালখাতায় পদ্মপাতায় পরিরেশিত রসগোল্লা বুন্দিয়ার স্বাদ যেমন আজও জিহবায় লেগে আছে, তার মোহময় গন্ধ তেমনি লেগে আছে নাসিকায়। মনে আছে বাবা যেতেন শহরের কাপড়ের দোকানের কিংবা মাড়ওয়ারীর হালখাতায়। আমরা ছোটরা যেতে পারতাম না বলে, বাবা কাগজের ঠোঙায় বাতাসা-খোরমা নিয়ে আসতেন আমাদের জন্য। শুনেছি, মাড়ওয়ারীবাবু বাবার মতো সকল অভ্যাগতদের লুচি-তরকারী, পায়েস-সন্দেশ যোগে আপ্যায়ন করতেন। কিন্তু স্নেহপ্রবণ মাড়ওয়ারীমন বাবাদের বাড়ীতে রেখে আসা ছেলেপিলেদের বঞ্চিত করবেন কেন ? সেই অজুহাতেই ঐ ঠোঙায় ভরা বাতাসা-খোরমা। এই সাধারণ মিষ্টির জন্যও আমাদের সে কি অপেক্ষা।

শুভ হালখাতার এই চিরায়ত রূপ কি সুবে বাংলার সর্বত্রই একই রকম ছিল? ইতিহাস জানান দেয় শাশ্বত বাংলার এই আর্থ-সামাজিক-সাংস্কৃতিক উৎসবটি পুরনো ঢাকার ব্যবসায়ীদের মধ্যেও প্রচলিত ছিল। অবস্থা ভেদে কোথাও কোথাও 'হালখাতা' শব্দটির পরিবর্তে 'পুণ্যাহ' শব্দটি ব্যবহৃত হতো। 'পুণ্যাহ'ও হালখাতার মতোই বকেয়া পরিশোধ করে নতুন খাতা খোলার একটা অনুষ্ঠান। তফাৎটা এই যে, 'পূণ্যাহ'র আয়োজন হ'তো জমিদার বাড়ীতে। আমন্ত্রিত থাকতো প্রজাসাধারণ। উদ্দেশ্য, বকেয়া খাজনা পরিশোধ। ঘটনাটিকে শোষক-শোষিতের লেনদেন বলে মনে হতে পারে। তবে ব্যতিক্রমী তথ্যও জানা যায়। জমিদার বাবুরা আমন্ত্রিত প্রজাদের আপ্যায়নে মোটেও কসুর করতেন না। যথেষ্ট আদর-আপ্যায়নসহ মেহমানদারীর প্রচলন ছিল বলে জানা যায়। তৎকালীন বাংলার অন্যতম জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর তো আরও একধাপ এগিয়ে প্রজাসন্তোষ বিধান করেছিলেন শিলাইদহের কুঠিবাড়ির এক পুণ্যাহে। কথিত আছে বার্ষিক এই পুণ্যাহ আয়োজনে একবার মুসলমান প্রজাদের শতরঞ্জিতে বস্তে বারণ করা হয়েছিল। সে কথা জানতে পেরে গুরুদেব রেগে ফেটে পড়েন এবং এক তুলকালাম কা- বাধিয়ে বসেন। সংশ্লিষ্ট কিছু হিন্দু কর্মকর্তাকে ছাটাই করেন। এতদ্দর্শনে অনেক হিন্দু কর্মচারীর মধ্যে অসন্তোষ দানা বাঁধে। অনেকে চাকুরী ছেড়ে চলে যান। কিন্তু রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত ছাড় দিতে নারাজই থেকে যান।

সেই জমিদারীও নেই, সেই পুণ্যাহও বিলুপ্ত। আমজনতার শুভ হালখাতাও বিশ্বায়নের ডামাডোলে বিলুপ্তপ্রায়। তবে তার চেতনায় আর একটি শাখা বর্ষবরণের বাংলা নববর্ষ উদ্যাপনে রূপ নিয়েছে। এর মঞ্চায়ন শুধু বাংলাদেশের কিংবা অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ এলাকাতেই সীমাবদ্ধ নেই। বাঙালির সারা বিশ্বে ছাড়িয়ে পড়ার কারণে তা' এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিবছর এপ্রিলের মধ্যমাসে লন্ডন-প্যারিস-নিউইয়র্ক-ফ্লোরিডা-টোকিও-সিডনীসহ এমনকি আফ্রিকার নানা শহরে বাংলা নববর্ষ উদ্যাপন হচ্ছে।

ঢাকা, আমাদের রাজধানীর কথা তো বলাই বাহুল্য। বাংলা ভাষারাষ্ট্রের রাজধানী হিসেবে ঢাকায় বাংলা নববর্ষ উদযাপন একটি অনন্য রূপ পরিগ্রহ করেছে। রমনার বটমূলের ছায়ানটের বর্ণাঢ্য অনুষ্ঠান অতুলনীয়। পৃথিবীর আর কোথাও এর তুলনা নেই। ঢাকার মানুষ এক অনবদ্য অনুভূতিতে পহেলা বৈশাখ উদযাপনে ঝাঁপিয়ে পড়ে। সরকারী ছুটি হওয়ায় ঢাকায় পহেলা বৈশাখ অনুষ্ঠান শুধু ঢাকাতেই সম্ভব। অন্য কোথাও, পৃথিবীর আর কোথাও নয়। বেশভূষার কথা বাদই দিলাম, শুভেচ্ছা বিনিময়, উপহার বিনিময়, নববর্ষের কার্ড বিতরণএসব একটি আচারে পরিণত হয়েছে। ঢাকার বাঙালির বাংলা নববর্ষ উদযাপন-কেন্দ্রিক এ সংস্কৃতি-চর্চা যেমন চমকিত করে বাঙালি মানসকে, তেমনি দূরের দৃষ্টির কেউ উৎকণ্ঠিতও হতে পারেন এ-উদযাপন নিয়ে।

জানি, গ্রামশহরের অনেকেই আমাদের জাতীয় অসাম্প্রদায়িক এই বার্ষিক উদযাপনে সামিল হত পছন্দ করেন বাঙালি চেতনায় শাণিত হয়ে। কিন্তু একটু গভীর অভিনিবেশে ভাবলে ধরা পড়তে পারে এক রূঢ় বাস্তবতা। সে বাস্তবতা হলো, আমাদের বাংলা নববর্ষ উদযাপন সম্পন্ন বাঙালির পান্তা-ইলিশ বিলাসে পরিণত হয়েছে। গ্রামের লোকায়ত বাংলার অলিন্দ থেকে নববর্ষের শাশ্বত বাঙালিয়ানা আজ নাগরিক বার্ষিক বিনোদনে পরিণত হয়েছে। বাঙালি সংস্কৃতির মূল চালিকাশক্তি বাংলার আপামর জনগণকে সম্পৃক্ত করবার না আছে সামাজিক প্রয়াস, না আছে সরকারী প্রচেষ্টা। শুধু দৈনিক সাপ্তাহিক, সাহিত্যপত্রে নববর্ষের ক্রোড়পত্র বের করে রেডিও-টিভিতে গৎবাঁধা অনুষ্ঠানের আয়োজন করে শুভ হালখাতার শুভাশুভ নির্ণয় সম্ভব হবে না, সম্ভব হবে না বাঙালি ঐতিহ্যের সবচেয়ে অসাম্প্রদায়িক এবং সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ উদযাপনকে সর্বত্রগামী সর্বাঙ্গসুন্দর উৎসবে পরিণত করা। আমাদের জাতীয় চেতনার দুর্দশা শিগ্গির কেটে যাবে। বাঙালির শুভহালখাতা, শুভ নববর্ষ, অসাম্প্রদায়িকতা, সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি আমাদের সাংস্কৃতিক নবজাগৃতির সৃষ্টি করবে অচিরেই–এই আশায় সকলকে আমাদের চিত্তচেত্তনার হালখাতার আমন্ত্রণ; নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ!