২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের বাজার

অর্ণব দত্ত

Published : 11 Dec 2019, 01:40 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


টুং টুং করে ঘন্টি বাজিয়ে চলেছে ট্রাম। ট্রামটা প্রেসিডেন্সি কলেজের গেটে স্টপেজ দিল। ট্রাম থেকে নেমে পড়লেন অবিনাশ চট্টোপাধ্যায়। অবিনাশবাবু একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। কলকাতার একটি কলেজে বাংলার বিভাগীয় প্রধান ছিলেন। অবসর নেওয়ার পর মাঝেমধ্যেই তিনি কলেজ স্ট্রিটে পুরনো বই খুঁজতে আসেন। পুরনো বই খোঁজাটা ওর নেশা। এছাড়া অধ্যাপক মানুষটির অন্য কোনও নেশা নেই।
পুরনো বই যারা কেনেন, তাদের একাংশ পুরনো বইয়ের ভক্ত। কেউ কেউ আবার দামে কম পড়বে দেখে কেনেন। রবীন্দ্র রচনাবলী, বঙ্কিম রচনাবলী, শরৎ রচনাবলী তো আছেই, তারাশঙ্কর, মানিক ও বিভূতির মতো তিন বন্দ্যোর বই দিয়ে ঘর সাজাতে ভালবাসেন অনেক বাঙালি গৃহস্থ। এদেরই একজন সুগত সমাদ্দার। দু হাজার টাকায় রবীন্দ্র রচনাবলীর পুরনো সেটটা কিনে নিলেন।
জিজ্ঞাসা করলাম, রবীন্দ্রনাথ আগে নিশ্চয়ই পড়েছেন?
সুগতবাবু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি করেন। ব্যাংক ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছেন সম্প্রতি। মানুষ দামি ফার্নিচার দিয়ে ড্রইংরুম সাজায়। এক্ষেত্রে সুগতবাবু ব্যতিক্রম। তিনি ও তার স্ত্রী মল্লিকাদেবী নতুন ফ্ল্যাট সাজাতে চান পুরনো বইয়ের সম্ভার দিয়ে।
সুগতবাবু বললেন, রবীন্দ্রনাথ স্কুল-কলেজে যেটুকু পাঠ্য ছিল সেটুকুই পড়েছি। এবার পুরোটা পড়ব।
নতুন ফ্ল্যাটের ড্রইংরুম পুরনো বই দিয়ে সাজাতে কলেজ স্ট্রিটের পুরনো বইপাড়া এখন ভরসা ওদের। বাংলা সাহিত্যের রথী-মহারথীদের লেখা পুরনো বই সংগ্রহ করছেন ওরা।
কলেজ স্ট্রিটের পুরনো বইপাড়া নয় নয় করেও শতাধিক বছরের পুরনো। প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফুটপাতে দুধারে পুরনো বইয়ের দোকান যেমন রয়েছে, তেমনই পুরনো বইয়ের দোকান রয়েছে কলেজ স্কোয়ার চত্বরকে ঘিরে। সব মিলিয়ে পুরনো বইয়ের দোকানের সংখ্যা তিন শতাধিক।
কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের বাজার ভারতের সর্ববৃহৎ পুরনো বইয়ের বাজার। শুধুমাত্র বাংলা বই নয়, এখানে ঢালাওভাবে বিক্রি হয় ইংরেজি ও হিন্দি ভাষার নানাবিধ বইও। সাহিত্য, দর্শন থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের নানা শাখার বইও মিলবে এখানে। মিলবে শিশুসাহিত্যের বইও।
ফুটপাথ ঘেঁষা পুরনো বইয়ের দোকানগুলির মালিকানা এখন বাঙালি মুসলমানদের হাতে। মালিকানা বদল হয়েছে সেও চল্লিশ পঞ্চাশ বছর আগে।
বর্তমানে আনিসুর মোল্লার পরিচালনাধীন পুরনো বইয়ের দোকানটি অন্ততপক্ষে নব্বই বছরের প্রাচীন বলে জানা গেল। মধ্যবয়স্ক দোকানি আনিসুর কাছেই কলাবাগানের মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ শেষে দোকানে ফেরার পর আলাপ হল। আনিসুর জানালেন, একসময় কলেজ স্ট্রিটের এই পুরনো বইয়ের দোকানগুলির মালিকানা ছিল বিহারি মুসলমানদের হাতে। বর্তমানে যে দোকানটির মালিক আনিসুর, সেটির আসল মালিক ছিলেন এক বিহারি মুসলমান বই ব্যবসায়ী। আনিসুরের বাবা ওই দোকানে কর্মী হিসেবে কাজ করতেন।
চল্লিশ পঞ্চাশ বছর আগে বিহারি ব্যবসায়ীরা পুরনো বইয়ের ব্যবসা ছেড়ে দিতে থাকেন। আর কলকাতার পাট গুটিয়ে ওরা দেশে ফিরে যান। সেইসময় যে সমস্ত বাঙালি মুসলমান সম্প্রদায়ের মানুষ এই দোকানগুলিতে কর্মী হিসেবে কাজ করতেন, ওরা তাদের সস্তায় বিক্রি করে দেন দোকানগুলি। এভাবে ব্যবসা হস্তান্তর হয়। আনিসুর জানালেন তার বাবাও এই দোকানটা সস্তায় কিনে নিয়েছিলেন।


তবে বর্তমানে কলেজস্ট্রিট বইপাড়ায় বইয়ের ব্যবসায় টান ধরেছে। নতুন পুরনো সব ধরনের বইয়ের পাঠক-পাঠিকার সংখ্যা কমছে। নিয়মিত বই কেনার অভ্যাস রয়েছে, এমন পাঠক-পাঠিকার সংখ্যা হাতেগোনা। টিভি, মোবাইল কিংবা কম্পিউটারে এখন চিত্তবিনোদনের রকমারি মালমশলা সহজেই মিলছে। ফলে বইয়ের মনোযোগী পাঠক পাঠিকা কমেছে।
তবে কলেজ স্ট্রিটে এখন যে পুরনো বইয়ের দোকানপাটগুলি রয়েছে, সেগুলির মালিকরা জানালেন, পুরনো বই বিক্রি করে এখনও দিন গুজরান করা সম্ভব।
বইপাড়ার পুরনো বইয়ের দোকানগুলির মধ্যে নব্বই শতাংশ দোকান বাঙালি মুসলমান সম্প্রদায়ের মালিকানাধীন। এদের ভিতর হাতেগোনা কয়েকজন কলকাতার বাসিন্দা। বাকিরা কলকাতা সংলগ্ন এলাকা থেকে কলেজ স্ট্রিটে এসে ব্যবসা চালান।
রহিম শেখ নামে একজন পুরনো বইয়ের ব্যবসায়ী জানালেন, বিহারি মুসলমান সম্প্রদায়ের ব্যবসায়ীদের হাতে পুরনো বইয়ের ব্যবসা থাকার সময় ওরা দোকানগুলি চালানোর জন্য বাঙালি কর্মচারি রাখতেন। বাঙালি পাঠকদের সঙ্গে পুরনো বইয়ের দরদাম করতেন তারাই। রহিমের বাবা ছিলেন তেমনই একজন কর্মী। পরে তিনি দোকানটা কিনে নেন।
চাকরিবাকরি তো প্রায় নেই বললেই চলে। ফলে নতুন প্রজন্মের যুবকরা বাপ পিতামহের ব্যবসাটা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া পুরনো বইয়ের কদর কিন্তু এখনও আছে। পুরনো বই কেনাটাই এক শ্রেণির পাঠক-পাঠিকার নেশা। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলির গবেষক, অধ্যাপকরাও নিয়মিত পুরনো বই কেনেন।
বাংলা ইংরেজি ছাড়াও হিন্দি ভাষায় লেখা বই পাওয়া যায় পুরনো বইয়ের বাজারে। তবে হিন্দি বইয়ের বিক্রির সংখ্যা নগণ্য।
কলেজ স্ট্রিটের ফুটপাতে স্বামী বিবেকানন্দ রচনাবলী থেকে শুরু করে মার্কস লেনিনের লেখা বই, মিলবে সবই। দাম কিছুটা কম পড়বে। পুরনো বইয়ের দোকানগুলির পাশ দিয়ে যাওয়ার সময় যেন পুরনো বইয়ের গন্ধ পাওয়া গেল।
পুরনো বইয়ের এক দোকানি আতিকুর জানালেন, বর্তমান প্রজন্মের পাঠক-পাঠিকা বই কিনছেন কম। তার দোকানে ক্রেতাদের বেশিরভাগই প্রবীণ নাগরিক।
বই জিনিসটা যদিও পুরনো হওয়ার নয়। পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখক যা লিখেছেন, পাঠকের অন্তর দিয়ে তা আবিষ্কার করতে যখন সক্ষম হয়, তখন পাঠক নতুন অভিজ্ঞতা লাভ করে। যেকোনও বই আসলে পাঠক-পাঠিকা কেতার মর্মোদ্ধার করতে আহ্বান জানায়।
আদি পুরাতন পুস্তক ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মইনুদ্দিন এর সঙ্গে কথা বলে জানা গেল, পুরনো বইয়ের দোকানগুলিতে যথেষ্ট ভালো স্টক রয়েছে। তবে জীবিকার খাতিরে অনেকে আজকাল পুরনো বইয়ের সঙ্গে নতুন বইও দোকানে রাখছেন।

কিন্তু কীভাবে সংগৃহীত হয় পুরনো বই?
বইপাড়া ঘুরে জানা গেল, বেশিরভাগ ক্ষেত্রেই দালালদের মারফত পুরনো বই সংগৃহীত হয়। অনেকে পুরনো বই নিজেরাই বই পাড়ায় এসে বিক্রি করে দেন। তবে সে সংখ্যাটা অল্প।
নতুন জমানায় বাড়ি ভেঙে ফ্ল্যাট গজিয়ে উঠছে যত্রতত্র। বহু বনেদি পরিবার পুরনো বাড়ি বেচে দিচ্ছে। এইসব পরিবারগুলিতে অনেক ক্ষেত্রেই ছিল পারিবারিক লাইব্রেরি। সেই লাইব্রেরী রক্ষণাবেক্ষণের ঝক্কি আর নিতে চাইছেন না অনেকেই। তারা বইগুলি বেচে দিচ্ছেন। দালাল মারফত পারিবারিক লাইব্রেরীর বই বিক্রির খবর পৌঁছে যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়াতে। আর দরদাম করে পুরনো বইয়ের ব্যবসায়ীরা কিনে নিচ্ছেন সেইসব বই।
শুধু পারিবারিক লাইব্রেরির বই নয়, বিনোদনের অন্যান্য উপকরণ নাগালের মধ্যে চলে আসায় পাবলিক লাইব্রেরিগুলিরও একই হাল। বই পড়ার অভ্যাস জনপ্রিয়তা হারিয়েছে। পটগট অনুরাগে বহু ক্ষেত্রে পাবলিক লাইব্রেরিতে সংগৃহীত বই বেচে দিচ্ছেন কর্তৃপক্ষ। এভাবেও কলেজ স্ট্রিটে আসছে পুরনো বইয়ের সম্ভার।
পুরনো বইয়ের মধ্যে আছে পাঠ্যবই কিংবা গবেষণার জন্য প্রয়োজনীয় বইপত্রও। হাত বদলে বদলে বছরের পর বছর ধরে সেগুলি পাঠক-পাঠিকার জ্ঞানার্জনের সহায়ক হয়ে উঠেছে।
কলকাতা শহরে বহু পেশাতেই ছেলেদের পাশাপাশি কাজ করছেন মেয়েরাও। মহানগরীতে মহিলা দোকানির অভাব নেই। তবে কলেজস্ট্রিটের পুরনো বইয়ের দোকানগুলির মধ্যে একটিতেও দেখা মিলল না কোনও মহিলা দোকানির।
কলেজস্ট্রিট চত্বরে গড়ে ওঠা পুরনো বইয়ের বাজার কলকাতার ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে। ভারতের সবচেয়ে বড় পুরনো বইয়ের বাজারে এটি। কলকাতায় আসা বিদেশি পর্যটকদের মধ্যে অনেকেরই দর্শনীয় স্থানের তালিকায় পড়ে কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের বাজার। বিদেশীরাও কৌতূহলবশত পুরনো বইয়ের পাতা উল্টেপাল্টে দেখেন আর ক্যামেরা বাগিয়ে তোলেন ছবি।
আন্তর্জাতিক ক্ষেত্রে যা কিছু কলকাতাকে বিশিষ্টতা দিয়েছে, কলেজ স্ট্রিট এর পুরনো বইয়ের বাজারও তার মধ্যে অন্যতম।