বাংলার যাযাবরে নাট্য (শেষ অংশ)
পশু-পাখি-মাছ এর মূর্তি নিয়ে গমীরার ঘুরে বেড়ানোর দৃশ্য
পাড়ার মেয়েদের সঙ্গে অসুর
(আগের কিস্তির পর)
ধর্মীয় কৃত্যাচার ও সঙ পরিবেশনার বিবর্তন
বাংলাদেশের ভ্রাম্যমাণ পরিবেশনা হিসেবে সঙ-এর জন্ম বা প্রচলন হয়েছিল কবে, কীভাবে তা সঠিক করে না বলা গেলেও একটি বিষয়ে গবেষকগণ একমত যে, বাংলাদেশে সঙের চল বহুদিন থেকেই। সাধারণত বিভিন্ন পূজা-পার্বণে বাংলাদেশে সঙ বের করার একটি প্রথা ছিল। সকলকে আনন্দ দেবার জন্যেই সেকালে মানুষ পূজা-পার্বণে সঙ বের করত। মুখ্যত চিত্তবিনোদনের জন্যই সঙের সৃষ্টি হয়েছিল। সেকালে প্রায় প্রতি পল্লীতে এবং প্রত্যেক বাজারে গাজন হতো। চৈত্র-সংক্রান্তির দিন গাজনের দল বিভিন্ন পথে ঢাক ও কাঁসি বাজিয়ে ঘুরতো এবং সেই সঙ্গে সঙ বের হতো।৩৯ বাংলাদেশের এই সঙ পরিবেশনার সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের ভ্রাম্যমাণ সঙ পরিবেশনার মিল রয়েছে। আসলে, নাটকীয় ভাবপ্রকাশের সর্বাপেক্ষা প্রাচীন ও সার্বজনীন মাধ্যম হল ভ্রাম্যমাণ সঙ। পরবর্তীতে এই রীতি নাট্যকলার অঙ্গীভূত হয়। এ বিবেচনায় ভ্রাম্যমাণ পরিবেশনা শিল্প সঙের একটি ঐতিহাসিক ও ঐতিহ্যিক মূল রয়েছে।
সকল সভ্যতার আদিপর্বগুলিতে সঙের প্রচলনের কথা অনেকে উল্লেখ করেছে। অঙ্গভঙ্গি, পদক্ষেপ ও মুখভঙ্গির দ্বারা ভাব, কার্য এবং পারিপার্শ্বিকতা বর্ণনা করা সঙের অন্যতম উদ্দেশ্য। প্রথম দিকে সঙ যুদ্ধের নৃত্য দেখাত, পশু-পাখির ডাকের অনুকরণ করে শ্রোতাদের মুগ্ধ করত। বলিদান সম্পর্কিত অনুষ্ঠানগুলি ভাব-ভঙ্গির দ্বারা প্রকাশ করত। ভারতীয় ও মিশরীয় সভ্যতায় এই ভঙ্গি অভিনয়-কলা রূপে বিকাশ ও স্বীকৃতি লাভ করে। প্রাচীন গ্রীকগণ কখনও কখনও সঙের সঙ্গে সমবেত সঙ্গীত যুক্ত করত। প্রাচীন গ্রীসে কেবল দেবতা ও বীরপুরুষ সম্পর্কিত পৌরাণিক কাহিনী নিয়ে সঙের অভিনয় করা হতো। পরবর্তীতে গ্রীসে ও রোমে সঙের দ্বারা সমকালীন প্রসঙ্গ অর্থাৎ তখনকার রীতি-নীতি ও আচার-অনুষ্ঠান সম্পর্কে বিদ্রুপ করেও অভিনয় করা হতো। রোমক-রা এই বিষয়ে সবিশেষ তৎপর ছিলো। রোম সাম্রাজ্যে এই বিশিষ্ট অভিনয়-কলা বহুল পরিমাণে বিকাশ লাভ করেছিল। এমন কি এই কলার অনুশীলন ও পরিবর্ধনের জন্য শিক্ষালয় স্থাপিত হয়েছিল। বিভিন্ন চরিত্রের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য তাঁরা নানারকম মুখোশ ব্যবহার করত। মঞ্চের উপর যে রকম দৃশ্য-সংস্থানের প্রয়োজন হতো তাঁরা সেরকম দৃশ্যপটেরও ব্যবস্থা করত।৪০ গ্রীস ও রোমের মতো বাংলাদেশেও বিভিন্ন কৃত্যমূলক এবং পৌরাণিক কাহিনী আশ্রিত সঙ অভিনয়ের ঐতিহ্যবাহী রীতির পাশাপাশি সমকালীন বিভিন্ন ঘটনা ও সামাজিক মানুষের অসংলগ্ন কিছু বিষয় সঙ অভিনয়ের অন্তর্ভুক্ত হয়। উল্লেখ্য, এক্ষেত্রেও চরিত্রের বৈশিষ্ট্য প্রকাশক বিভিন্ন ধরনের মুখোশ ব্যবহৃত হয়ে থাকে, যেমন মানিকগঞ্জ অঞ্চলের মুসলমানদের বিয়ে উপলক্ষে আয়োজিত বহুরূপীর ভূমিকায় বুড়া-বুড়ির সঙ পরিবেশনা।
রোমক নাট্যরীতিতে 'সঙ' সংজ্ঞাটি মঞ্চাভিনয় এবং অভিনেতা উভয়েরই সম্পর্কে প্রযুক্ত হতো। নাট্যাভিনয়ে যখন কোনো অভিনেতা অঙ্গভঙ্গি করে ভাব প্রকাশ করতেন, তখন সেই বিশেষ অভিনয়টুকুকে সঙ বলা হতো। বস্তুত ঐতিহাসিক দিক থেকে বলতে গেলে রোমক সঙের অভিনয় এবং ইউরোপীয় নাট্যাভিনয়ের ব্যালে-নৃত্য, এই দুইয়ের মধ্যে মৌলিক কোনো পাথক্য ছিল না। পার্থক্য মাত্র এইটুকু যে ব্যালে-নৃত্যে যন্ত্রসঙ্গীতের প্রচলন ছিল। কিন্তু অভিনেতাগণ মুখোশ ব্যবহার করত না। ইউরোপীয় মূকাভিনয় যদিও তার একটি বিশিষ্ট উদ্দেশ্য সাধন করে কিন্তু তা আসলে সঙেরই রূপান্তর। খ্রিস্টমাস মরশুমে বিলাতি রঙ্গমঞ্চের উপর সঙের অভিনয় বস্তুত এক হাসি-ঠাট্টা-রগড়ের রঙ্গ রূপে প্রচলিত ছিল।৪১ বাংলাদেশে হাসি-ঠাট্টা ও রগড়ের রঙ্গমূলক নাট্যরীতি হিসেবে টাঙ্গাইল অঞ্চলে সঙখেলা বা সঙযাত্রা, দিনাজপুর অঞ্চলে পালাটিয়া বা রঙ-পাঁচালির প্রচলন বহু যুগ আগে থেকে। ইউরোপে যেমন কিছু প্রকৃতির সঙ খ্রিস্টমাস বা বছরের বেশ মাস উপলক্ষে ডিসেম্বরে পরিবেশিত হয়ে থাকে বাংলাদেশেও তেমনি বছরের শেষ মাস চৈত্রে উল্লিখিত সঙ-নাট্যসমূহ ছাড়াও আরও কিছু সঙ পরিবেশিত হয়ে থাকে। ঐতিহ্যগতভাবে এদেশে সঙ-নাট্য পরিবেশনার মূল মৌসুম হচ্ছে–চৈত্র-সংক্রান্তি বা চড়ক পূজার সময়। বাংলাদেশের এ প্রকৃতির সঙ প্রসঙ্গে চিন্তামণি চট্টোপাধ্যায় তত্ত্ববোধিনী পত্রিকায় ১৮৪৩ খ্রিস্টাব্দের বৈশাখ সংখ্যায় লিখেছেন, 'কত দিন হইতে চড়ক পূজা আমাদের দেশে প্রবর্তিত তাহা নির্ণয় করা কঠিন। তবে, এদেশে যে পূজাপদ্ধতি বিরাজমান, বিশ্লেষণ করিয়া দেখিলে তাহার অন্তরালে বৌদ্ধ প্রভাব যে সমধিক পরিমাণে বিদ্যমান, তাহা অস্বীকার করিবার উপায় নাই।'৪২ এছাড়া, ভ্রাম্যমাণ এই সঙ পরিবেশনা শিল্প প্রসঙ্গে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় বলেছেন, "গৌড়-বঙ্গের প্রাচীন সংস্কৃতির এক অভিনব বিকাশ হইতেছে গত কয়েক শত বৎসর ধরিয়া প্রচলিত চিত্তবিনোদনের ধারা 'সঙ্ (সং)'। প্রাচীন কাল হইতে এদেশে বিভিন্ন শ্রেণীর মানুষের পোশাক পরিয়া অঙ্গভঙ্গি সহযোগে গান, ছড়া-কাটা প্রভৃতির দ্বারা ব্যক্তিগত ও সামাজিক জীবনের একটি পরিহাসোজ্জ্বল অনুকৃতিকে 'সমাঙ্গ' অর্থাৎ 'অনুরূপ অঙ্গ' বলা হইত। এই সংস্কৃত শব্দ হইতে উত্তর ভারতের হিন্দী ভাষায় 'সওঁআঙ্গ', এবং বাঙ্গালা ভাষায় 'সরঙ্গ'>'সঙ' বা 'সং'। ছদ্মবেশ অর্থে 'সঙ' শব্দ বাঙ্গালা দেশে খ্রিস্টীয় আঠারো শতকের শেষ দশক পর্যন্ত প্রচলিত ছিল। 'সমাঙ্গ', 'সমাঙ্গিক' শব্দ সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় নাই, কিন্তু 'নকল করা' অর্থে এই শব্দ হইতে উদ্ভূত নানা শব্দ আধুনিক আর্য্য ভাষাগুলিতে পাওয়া যায়। রুশ বাদ্যকার, নাট্যকার, সাহিত্যিক, ঐতিহাসিক ও ভাষাবিদ Herasim (Gerasim) Lebedeff হেরাসিম লেবেদেফ খ্রীষ্টীয় আঠারোর শতকের শেষ দশকে কলিকাতায় আসিয়া উপস্থিত হন, এবং বাঙ্গালী নাট্যকার ও অভিনেতা অভিনেত্রীদের সাহায্যে সর্বপ্রথম ভারতবর্ষে ইউরোপীয় ধরণের দৃশ্যপট রঙ্গমঞ্চ ইত্যাদির সহিত নাটক অভিনয় করান, বাঙ্গালা ভাষায়। ইংরেজী হইতে দুইখানি নাটক তিনি বাঙ্গালায় অনুবাদ করান। একখানির ইংরেজী নাম The Disguise, বাঙ্গালায় ইহার অনুবাদ করা হয় 'সঙ-বদল', অর্থাৎ 'পরিচ্ছদের পরিবর্তন' যাত্রা নাটকে যে বিভিন্ন পরিচ্ছদ অভিনেতৃবর্গ পরিয়া থাকেন, তাহারই পরিবর্তন–অর্থাৎ Disguise এখনকার বাঙ্গালায় আমরা বলিব 'ছদ্মবেশ'।
আমাদের দেশে 'জাত' বা 'যাত্রা' অর্থাৎ ধার্মিক অনুষ্ঠানমূলক শোভাযাত্রায় এইভাবে 'সঙ' সাজিয়া যাওয়ার রীতি বিশেষ ভাবে পালিত হইত। পরে উনিশের শতকের প্রারম্ভ হইতে আমাদের চড়ক গাজন প্রভৃতিতে জন-সাধারণের জীবনযাত্রার প্রকাশক নানা প্রকারের 'সঙ' এই সকল জনপ্রিয় পূজানুষ্ঠানের একটি মুখ্য অঙ্গ হইয়া দাঁড়ায়।"৪৩
বাংলাদেশে 'সঙ' শুধু চৈত্র মাসেই বের হতো না–বিভিন্ন সময়ে, বিভিন্ন পূজা-পার্বণ উপলক্ষে এদেশে সঙ বের করার একটা রেওয়াজ ছিল। এমন কি বিয়ে বাড়িতেও আমোদ-প্রমোদের জন্য সঙের ব্যবস্থা থাকতো। এখনও বিয়ে বাড়িতে এই সঙ পরিবেশনের চল থেমে যায়নি, তা আগেই উল্লেখ করা হয়েছে।
বিয়ে ছাড়াও সেকালে ধনী ব্যক্তিদের বাড়িতে অন্যান্য বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে গান-বাজনা, বাই-নাচ প্রভৃতি আমোদ-প্রমোদ যেমন হতো, সেই সঙ্গে অনেকে সঙের হাস্য কৌতুকেরও ব্যবস্থা করত। সেই সব ব্যবস্থা অনুযায়ী উৎসব-অনুষ্ঠানে সঙ শিল্পীরা এসে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে, কখনওবা গান গেয়ে, কিংবা ছড়া কেটে সকলকে হাসাতো। শুধু তা-ই নয়, বাংলাদেশের জনপ্রিয় নাট্য পরিবেশনা শিল্প যাত্রার আসরেও প্রয়োজন অনুসারে সঙের অভিনয় করা হতো। এ প্রসঙ্গে হেমেন্দ্রপ্রসাদ ঘোষ৪৪ লিখেছেন, "বাঙ্গালা নাটক রচিত হইবার পূর্ব্বে যে যাত্রা প্রচলিত ছিল, তাহাতে রঙ্গ-মঞ্চের প্রয়োজন হইত না–ভূমিতেই 'আসর' রচনা করা হইত এবং দৃশ্য-পটের ব্যবহার ছিল না। সাধারণত পৌরাণিক ঘটনাবলম্বনেই অভিনয়ের 'পালা' রচিত হইত। কিন্তু সকল শ্রেণীর লোকের মনোরঞ্জনের জন্য যাত্রা গাহনা হইত বলিয়া সময় সময় অকারণ হাস্যোদ্দীপন জন্য সং আনিতে হইত। সং আসরে আসিয়া যে অভিনয় করিত তাহা সকল সময় সুরুচি-সঙ্গত হইত না এবং সে সময় অবান্তর উক্তি করিত।" আসলে, সেকালে যাত্রাওয়ালারা যখন দেখতো ভালো অভিনয় করেও যাত্রা ভালোভাবে জমে উঠছে না তখন আসর জমাবার জন্য সাধারণ দর্শকের সামনে সঙ পাঠানো হতো। এক্ষেত্রে সঙের কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি, অশ্লীল রঙ্গ-রস, নাচ প্রভৃতি যাত্রার মধ্যে অনেকটা স্থান অধিকার করে নেয়।
অনেকে বলেন, গাজন-উৎসব আর হর-গৌরীর বিবাহ-উৎসব একই অনুষ্ঠান। সন্ন্যাসীরা বরযাত্রী। সন্ন্যাসীদের গর্জন থেকে 'গাজন' শব্দের উৎপত্তি। এই গাজন উপলক্ষে বাংলাদেশে যে সঙ প্রচলিত রয়েছে–তার ঐতিহ্য বহু যুগের প্রাচীন।
খুদ মাগন
গ্রীষ্মকালে খরার প্রাদুর্ভাব হলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গ্রামে দলবদ্ধভাবে (নারী ও পুরুষ ভিন্ন ভিন্ন দলে) বাড়ি বাড়ি গিয়ে খুদ বা চাল-ডাল ভিক্ষা করে থাকেন। এই ভিক্ষা অনুষ্ঠানের নাম 'খুদ মাগন'। খুদ মাগনের কালে যে বাড়িতে পুরুষ বা মেয়েরা যাবে সে বাড়ির গৃহবধু বা নারীরা সমাগত মাঙন-দলের মাথার উপর পানি ছিটিয়ে দেন। এই পানি ছিটানোর অন্তরালে বৃষ্টি কামনার ইঙ্গিত বিদ্যমান। খুদ মাগনের পুরুষ-দলে কিশোর, যুবা, বালক নির্বিশেষে অংশগ্রহণ করে থাকেন এবং মেয়েদের দলে থাকেন অবিবাহিতা কিশোরী ও বালিকারা। খুদ মাগনের গানের কথা বাংলাদেশের এক এক অঞ্চলে এক এক রকম হয়ে থাকে। কোথাও কোথাও এ গানটি পরিবেশিত হয়–'কানা মেখারে তুইন আমার ভাই।/এক ফোটা পানি দে সাইলের ভাত খাই॥/সাইলের ভাত খাইতে মুখে হৈল রুচি।/মা লক্ষ্মীর নিয়ড়ে রাখ্য ধান এক খুচি॥/আসন পাতিয়া তাতে দিও পক্ষের আশি।/এই খানে গাইবাম গান কমলার বারমাসী॥' এই গানটি কমলার পালার বন্দনাগীত (দীনেশচন্দ্র সেন সম্পাদিত, মৈমনসিংহ-গীতিকা)। গবেষকগণ কমলার বারমাস্যাকে খুদ মাগনের গীত হিসেবে পরিবেশিত হবার সম্ভাবনা হিসেবে নাকচ করেননি। গবেষক মতে, উত্তরকালে খুদ মাগনের গান একটি গ্রামোফোনে রেকর্ড হয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং উক্ত গানটিই সমগ্র বাংলাদেশের খুদ মাগনের অনুষ্ঠানে পরিবেশিত হতে থাকে, গানটি হচ্ছে–'আল্লা মেঘ দে ছায়া দে পানি দে রে তুই আল্লা।/আসমান হইলো টুঠা টুঠা জমিন হইল ফাটা/মেঘ রাজা ঘুমায়্যা রইছে মেঘ দিব কেঠা॥/আল্লা মেঘ দে॥' খুদ মাগনের পর সংগৃহীত চাল-ডাল দিয়ে গৃহাঙ্গন থেকে দূরে খিচুড়ি রান্না করা হয়। এই খিচুড়িতে উপস্থিত সকলের অধিকার। খুদ মাগনের অনুষ্ঠানের সঙ্গে অনেকগুলি কৃত্য একালে পালিত হতো, যেমন, ব্যাঙ-ব্যাঙীর বিয়ে, আইবুড়ো মেয়েদের পানি খেলা, পুকুরে পুরুষদের ডুব-সাঁতার। খিচুড়ি বিতরণের পর মধ্যযুগে গায়েন কর্তৃক শুদ্ধ অন্তরে পালা পরিবেশনের নিয়ম ছিল। এই পালাগুলি স্থানভেদে 'মহুয়া', 'মলুয়া', 'চন্দ্রাবতী', 'রামায়ণ গীতিকা' প্রভৃতি।৪৫ খুদ মাগনের পুরো পরিবেশনাটি যেহেতু বাড়ি বাড়ি ঘুরে সম্পাদিত হয় সেহেতু একে ভ্রাম্যমাণ পরিবেশনা শিল্প হিসেবে মেনে নিতে কোনো বাধা থাকে না।
আন্দোলন ও কৃত্যের মিছিল
রাজশাহী অঞ্চলে এককালে প্রচলিত (বর্তমানে লুপ্ত) এক বা একাধিক গ্রাম জুড়ে পরিবেশিত দলবদ্ধ নৃত্য, নাট্য ও সঙ্গীত পরিবেশনা। ১৯১১ সালে বৃটিশ বিরোধী আন্দোলনের অংশ হিসাবে তৎকালীন জমিদারদের উদ্যোগে নাটোর, পুঠিয়া প্রভৃতি অঞ্চলে মিছিল গান পরিবেশিত হতো।
বর্তমানে বাংলাদেশের টাঙ্গাইল, নড়াইলসহ বেশ কয়েকটি অঞ্চলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মিছিল গান প্রচলিত আছে। 'চৈতন্যভাগবতে' চৈতন্যদেব প্রবর্তিত যূথবদ্ধ নৃত্যের প্রসঙ্গ আছে। 'চৈতন্যচারিতামৃতে' আছে যে, উড়িষ্যার পুরিতে জগন্নাথের রথ যাত্রায় মিছিল গান ও মিছিল নাট্য পরিবেশিত হতো। স্বয়ং চৈতন্যদেব তাতে অংশ গ্রহণ করেছিলেন। মিছিল গানের নিয়ম হলো, একটি গ্রামের বিভিন্ন বাড়িতে সংগীত ও নাট্যদল পূর্বকৃত আমন্ত্রণ অনুসারে নির্ধারিত অর্থের বিনিময়ে একের পর এক দল এসে দলীয় অনুষ্ঠান পরিবেশন করে থাকে। উদাহরণস্বরূপ ধরা যাক, কোনো এলাকায় দশটি মিছিল গানের দল আছে, এখন এই দশটি দল যে সব বাড়িতে অনুষ্ঠান পরিবেশনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে, সে সকল স্থানে একের পর এক এসে দলীয় ভাবে নির্ধারিত বিষয় অভিনয়-গীত আকারে উপস্থাপন করে। প্রত্যেক বাড়ি গায়েনদের ভাষায় স্টেশন নামে পরিচিত। কখনো কখনো এই দলগুলি ১৫০ থেকে ২৫০টি স্টেশনে এক নাগাড়ে অনুষ্ঠান উপস্থাপন করত। মিছিল গান শুরু হতো, সন্ধ্যায় আলোর জন্য থাকতো হ্যাজাকের ব্যবস্থা। বাদ্যযন্ত্রের মধ্যে ছিল ঢোল, হারমোনিয়াম, করতাল প্রভৃতি। দলগুলি গান পরিবেশন কালে যাতায়াতের জন্য গরুর গাড়ি ও নৌকা ব্যবহার করত।
সুরেন্দ্রনাথ সম্পাদিত হককথা গ্রন্থে ধৃত মিছিল গানের বিষয়গুলি নিম্নরূপ: সোনার স্বর্গ, মাঝির গান, ডুয়েট গান, সন্ধ্যারাণী, মোল্লার গান, দু'ধারা, ছোট বউ, মেথর গান, বিরহিনী রাই, ঝগড়া, চাষীর গান, চাষার সর্বনাশ, সাগর দিগন্ত, মোহবসান, ছুঁৎমার্গ দোষ, সাঁওতালী গান, মিলন, হককথা, আধুনিক, শোষণ, পূজারিণী, মায়াকানন, বিরহ-মিলন, বস্ত্র-বিভ্রাট, জাগৃহী দুটি প্রাণ, জাগো বাঙালি, রাধা-কৃষ্ণ, সংহার হককথা, হিন্দু-মুসলমান, বৃদ্ধস্য তরুণী ভার্য্যা, হরিজন, ঝি-চাকর ইত্যাদি।৪৬
বর্তমানে মহররম উপলক্ষে মানিকগঞ্জের গড়পাড়াতে বিশেষ এক ধরনের মাতম-জারি বা মিছিলের অস্তিত্ব রয়েছে। এক্ষেত্রে প্রতি বছর মহররমের চাঁদ দেখা দিলে এক একটি মিছিল দল মানিকগঞ্জের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে এক একটি বাড়ির উঠানে গিয়ে নেচে নেচে মহররমের মাতম-জারি করতে করতে এক পর্যায়ে জ্ঞানহারা হয়ে উঠানে লুটিয়ে পড়েন। তখন সঙ্গের সাথীরা তাকে ধরে পাখার বাতাস করে এবং মুখে পানি ছিটিয়ে সুস্থ করে থাকেন। মহররম পর্বের এ ধরনের মিছিলে ঢাল, তরবারি, বল্লম নিয়ে কাসেদ বা যোদ্ধাদের গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরতে দেখা যায়। মানিকগঞ্জ ছাড়াও বৃহত্তর ময়মনসিংহের অষ্টগ্রাম, রাজবাড়ী জেলার গোয়ালন্দে এ ধরনের মিছিল প্রতি বছর আশুরাতে অনুষ্ঠিত হয়ে থাকে।
লাঠি খেলা
লাঠি খেলা এদেশের একটি ঐতিহ্যবাহী ভ্রাম্যমাণ পরিবেশনা। গ্রামের সাধারণ মানুষেরা তাদের নৈমিত্তিক জীবনের উৎসব–বাংলা বর্ষ বরণ, বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি অনুষ্ঠান উপলক্ষে লাঠি খেলার আয়োজন করে থাকেন। এক্ষেত্রে সাধারণত কোনো লাঠিয়াল দলকে ভাড়া করে আনা হয়। আর লাঠিয়াল দল তাদের দৈনন্দিন জীবনের পোশাকে বায়না পাওয়া গ্রামে প্রবেশ করে বিভিন্ন ধরনের ধ্বনি করে ডাক ভাঙতে থাকেন। তাদের সে ডাক ভাঙার শব্দ শুনে গ্রামের লোকজন তো বটেই আশে পাশের গ্রামগুলোতেও লাঠি খেলার সংবাদ রাষ্ট্র হয়ে যায়।
গ্রামের বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশু, কিশোর ছুটে এসে জমায়েত হতে থাকেন লাঠি খেলার জন্য নির্ধারিত স্থানে। এই অবসরে লাঠিয়ালগণ আয়োজকদের দেওয়া খানা-খাদ্য গ্রহণ করেন এবং খাদ্য গ্রহণের পর নির্ধারিত স্থানে মুখোমুখি হয়ে বৃত্তাকারে দাঁড়িয়ে মূল লাঠি খেলা শুরুর ডাক ভাঙেন। এ সময় তারা ডাক ভাঙতে যে সব ধ্বনি ও বাক্য ব্যবহার করেন, তা হচ্ছে–"ও ও ও/তুমি যে কেমন বীর/তা জানবো আমি রে/ও ও ও।" এমন ভাষায় ডাক ভেঙে সকলে মিলে এক সঙ্গে মাটি ছুঁয়ে প্রণাম করে সাজ-পোশাক পরার জন্য একটি ঘরে ঢোকেন। এ সময় উঠানে পাটি বিছিয়ে একদল বাদ্যকার ঢোল, করতাল ও কাসার ঘড়া বা কলস বাজাতে শুরু করেন। এই সকল বাদ্য বাদনের মাঝখানে লাঠিয়ালগণ সাজ-পোশাকের মধ্যে বিভিন্ন রঙের হাতা-ওয়ালা ও স্যান্ডো গেঞ্জি গায়ে, সাদা রঙের ধুতি ও বর্ণিল ঘাঘরার মতো এক ধরনের বস্ত্র পরে, পায়ে ঘুঙুর বেঁধে, খালি পায়ে বিভিন্ন রঙের লাঠি হাতে খেলার মাঠে নেমে পড়েন। খেলার মাঠে নামার সময় আবার তারা উচ্চস্বরে ডাক ভাঙেন এবং পরস্পর কিছু সংক্ষিপ্ত ও কৌতুককর সংলাপে অংশ নেন। এরপর শুরু হয় খেলার মাঠ প্রদক্ষিণ। কিছুক্ষণ মাঠ প্রদক্ষিণ শেষে সমগ্র লাঠিয়াল একে একে তাদের হাতের লাঠি খেলার মাঠের কেন্দ্রবিন্দুর মাটিতে রেখে প্রণাম করেন এবং সে লাঠিকে পরক্ষণেই হাতে তুলে নিয়ে বাদ্যযন্ত্র ও বাদ্যযন্ত্রীদের প্রণাম করেন।
শুরু হয় লাঠি খেলার প্রথম পর্ব। শুরুতেই সমগ্র লাঠিয়াল দল সমান সদস্যে দুই দলে বিভক্ত হয়ে লাঠি খেলেন। এক্ষেত্রে বাদ্যের তালে তালে একদল আরেকদলকে লাঠির মাধ্যমে আক্রমণ করতে গিয়ে মুখে বলতে থাকেন, 'খবরদার', প্রতিপক্ষের লাঠিয়ালরা একই ভাবে সে দলকে প্রতি আক্রমণ করতে গিয়েও বলেন, 'খবরদার'। এ ধরনের লাঠি খেলার একটি প্রধান বিশেষত্ব হচ্ছে খেলার মাঝে কোনো লাঠিয়ালের গায়ে লাঠির আঘাত লাগলে খেলা তাৎক্ষণিকভাবে থেমে যায়, থেমে যায় বাদ্য বাদন। আসলে, লাঠি খেলায় একপক্ষ তার প্রতিপক্ষকে আক্রমণ করতে চাইবে ঠিকই কিন্তু অন্যপক্ষকে তা লাঠি দিয়েই ঠেকাতে হয়, না-ঠেকাতে পারলে সে খেলার নিয়ম অনুযায়ী আপনাতেই পরাস্ত হয়ে যায়। তাই লাঠি খেলতে খেলতে কোনো লাঠিয়ালের গায়ে লাঠির আঘাত লাগলে তা খেলা বন্ধ করে দর্শককে জানানোরও একটা রীতি এই খেলায় এভাবে বর্তমান রয়েছে।
বাদ্যের তালে তালে যখন দুই দল লাঠিয়ালের লাঠি খেলা চলতে থাকে তখন কখনো কখনো কোনো বাদ্যকার হঠাৎ বাদ্য বাদন রেখে উঠে দাঁড়িয়ে ভিন্ন প্রকারের লাঠি খেলা করার ইঙ্গিত প্রদান করেন। এক্ষেত্রে লাঠিয়ালদের একজনের সঙ্গে দাঁড়িয়ে পড়া বাদ্যযন্ত্রীর কিছু সংলাপ বিনিময় হয়। মূলত সে সংলাপের ভেতর দিয়েই নতুনভাবে লাঠি খেলা শুরুর ইঙ্গিত ব্যক্ত হয়। দুই দলের বিচিত্র ভঙ্গির লাঠি খেলার মধ্যে হঠাৎ বাদ্যযন্ত্রীদের একজন উঠে বলেন, 'ও মিয়া সাব।' সঙ্গে লাঠিয়াল সরদার বলেন, 'এই বেটা লাঠি খেলা চলছে…উঠলা কেন! বাজনা বাজাও।' বাদ্যযন্ত্রী বলেন, 'আস্তে মিয়া সাব, একটা কথা শোনেন…আমি নিজ কানে শুনছি…এই পরিবারের লোক কী বলছে শুনছেন?' লাঠিয়াল বলেন, 'আর কি বলছে?' বাদ্যযন্ত্রী বলেন, 'আর দুঃখে মরি যাই…আমরা করি বইসা বইসা আর কিয়ের খাড়িয়ে খাড়িয়ে লড়তাছে…এই নারীরা বলছে এই কথা।' লাঠিয়াল বলেন, 'ওহ বুঝছি, আপনি নারীদের কথা কানে তুলেছেন!' বাদ্যযন্ত্রী বলেন, 'আরে আপনারা কানে কম দেখেন দেখছি।' লাঠিয়াল বলেন, 'হ হ কানে কম শুনি। আরে জাতিই তো আমরা দুইটা, একটা মিয়ালোক আরেকটা পুরুষ।' বাদ্যযন্ত্রী বলেন–'তাই তো মিয়া সাব, এখন বইসা বইসা মিয়ালোকের মতো লাঠি দিয়া বাইটা দেখাইতে হইবো।' লাঠিয়াল বলেন, 'যদি না পারি।' বাদ্যযন্ত্রী বলেন, 'এক্ষুণি গলায় হাত দিয়া বাইর করে দেবে মিয়া সাব।' লাঠিয়াল বলেন, 'কেডা ঘাড়ে হাত দিয়া বাইর কইরা দিবো?' বাদ্যযন্ত্রী বলেন, 'আমিই দেবো।' লাঠিয়াল বলেন, 'এতো ক্ষেমতা ক্যা! তুমার হাড়ির ভাত খাইয়া এখানে আইছি নাকি!' বাদ্যযন্ত্রী এবার আয়োজকদের পক্ষ নিয়ে বলেন, 'ও মিয়া সাব, এরা দুই হাজার টাকা দেছে মাঙনা না!' লাঠিয়াল বলেন, 'মাইনা দিয়া আনছে। খাইছি দাইছি খেলছি…এখন এমনে না ওমনে, ওমনে না এমনে। আমরা এমনেও পারবো না ওমনেও পারবো না। আমরা যেইডা পারি সেইডাই খেইলা যাবো।' বাদ্যযন্ত্রী বলেন, 'ও মিয়া সাব তাইলে যে ওস্তাদের ওস্তাদি থাকে না।' লাঠিয়াল এবার মহা বিরক্ত হয়ে বলেন, 'এই বেটা তুমি তো জবর অপমানের মানুষ। আচ্ছা, এই কথাডা ফাস্টেই কয়া দিলেই হতো যে, এখন বইসা বইসা বাইটা দেখাও। দেখাইয়া দিতাম খেলা শেষ…এখন কও ওস্তাদের ওস্তাদি থাকে না!' বাদ্যযন্ত্রী বলেন, 'এইবার যখন বুঝছো তখন লাঠির মাঝখানে ধইরা বইসা বইসা সবাই মেইলা সুন্দর কইরা বাইটা দিতে হইবে।' সাথে লাঠিয়াল বাদ্যযন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, 'ও মিয়ারা দেখো তাইলে…এই বাজাও বাদ্য।' শুরু হয় বসে বসে লাঠি খেলার একটি ছন্দময় উপস্থাপনা। বেশ কিছুক্ষণ সে খেলা চলতে চলতে আবার নতুন করে দর্শক, বাদ্যযন্ত্রী কিংবা লাঠিয়ালদের একে অপরের মধ্যে কৌতুককর কিছু সংলাপ বিনিময়ের পর আবার নতুনভাবে লাঠি খেলা চলে। দলগতভাবে লাঠি খেলা প্রদর্শন ছাড়াও দুইজন লাঠিয়াল আলাদা আলাদাভাবেও লাঠি খেলা উপস্থাপন করে থাকেন। একদিনের জন্য লাঠি খেলার জন্য দশ সদস্যের একটি লাঠিয়াল দল সাধারণত দুই হাজার টাকা থেকে পাঁচশত টাকা পর্যন্ত পরিবেশনার সম্মানী গ্রহণ করেন।
লাঠি খেলা মূলত কসরৎমূলক ভ্রাম্যমাণ নাট্যমূলক শিল্প। এক সময় বাংলাদেশের সর্বত্র এই লাঠি খেলা শিল্পের প্রচলন ছিল। বর্তমানে এই তা কেবল মানিকগঞ্জ, জয়পুরহাট, নড়াইল, শ্রীমঙ্গল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, কুষ্টিয়া, ঝিনাইদহ প্রভৃতি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এর মধ্যে মানিকগঞ্জ অঞ্চলের লাঠি খেলার আসরে কখনো কখনো নৃত্যগীত পরিবেশন করা হয়। শুধু তা-ই নয়, কখনো কখনো উজ্জ্বলবর্ণের পোশাক পরে কিছু কৌতুককারী উক্ত অঞ্চলের লাঠি খেলার আসরে উপস্থিত হন এবং তারা সামাজিক রীতি-নীতির নানা রূপ বিষয় নিয়ে কৌতুক উপস্থাপন করে থাকেন। তাদের কৌতুক ও লাঠি খেলার ফাঁকে ফাঁকে লাঠিয়ালগণ বিভিন্ন ধরনের পৌরুষদীপ্ত নৃত্য পরিবেশন করেন। আসলে, লাঠি খেলার সাধারণ নিয়ম হচ্ছে, লাঠি খেলায় দু'দল লাঠিয়াল পরস্পরকে কৃত্রিমভাবে আক্রমণ করে থাকেন। প্রতি আক্রমণে নতুন কৌশল প্রয়োগের আগে লাঠিয়ালগণ সুছন্দে নৃত্য প্রদর্শন করে পুনরায় খেলায় লিপ্ত হন। এ সময় লাঠিয়ালদের আক্রমণ নৃত্যের সঙ্গে নাট্যরস ঘনীভূত করতে বাদ্যযন্ত্র হিসেবে ঢাক-ঢোলক, মৃদঙ্গ-করতাল ব্যবহৃত হয়ে থাকে। এক সময় কুষ্টিয়া-ঝিনাইদহ অঞ্চলে কাহিনী ভিত্তিক লাঠি খেলা হতো, সেক্ষেত্রে কাহিনীর বিষয়গুলো বিভিন্ন নামে পরিচিত ছিলো, যেমন, ডাকাত খেলা, যুদ্ধ খেলা ইত্যাদি। এখন কাহিনী ভিত্তিক লাঠি খেলার সে চল আর কোথাও দেখা যায় না।
লাঠি খেলা সাধারণত বাঙালি মুসলমানদের মাঝে প্রচলিত থাকলেও শ্রীমঙ্গল থানার বিভিন্ন চা-বাগানের শ্রমিকদের মাঝে 'কাঠি নাচ' নামে এক বিশেষ প্রকারের লাঠি খেলার প্রচলন রয়েছে। সাধারণত ফাল্গুন মাসের চাঁদ আকাশে দেখা দেবার প্রথম রাত থেকেই শ্রীমঙ্গল অঞ্চলের চা-শ্রমিকেরা তাদের পাড়ায় পাড়ায় ঢোল বাজিয়ে গান গেয়ে গেয়ে কাঠি নাচ বা লাঠি খেলার জন্য বিভিন্ন ধরনের লাঠি বা কাঠি চুরি করে থাকেন। চুরি করা সেই লাঠিগুলো নিয়ে তারা বাদ্যের তালে তালে গান গেয়ে বিভিন্ন পাড়ায় ঘুরে নানা রকমের দৈহিক কসরৎ ও নাচ করেন। শেষ রাতে তারা সে লাঠিগুলো চা-বাগানের ভেতর দিয়ে প্রবাহিত পাহাড়ি ছরা বা গাঙের ধারে রেখে আসেন। পরদিন সন্ধ্যা থেকে আবার নতুন করে লাঠি চুরি ও সে লাঠি নিয়ে আগের মতোই খেলা, নাচ, গান করে একই স্থানে লাঠিগুলো রেখে আসা হয়। এভাবে একটি স্থানে তাদের চুরি করা লাঠি জমতে জমতে এক সময় একটি মিনারের আকার ধারণ করে। উল্লেখ্য, লাঠি বা লাকড়ি চুরির সময় গায়কেরা সাধারণত এমন সব আদিরসাত্মক গান করতে থাকেন যা শুনে ঘরের মেয়েরা বাইরে বেরোতে লজ্জা পান। যেমন, লাঠি বা লাকড়ি চুরির একটি গানে আছে–'শমৎ বাবা শমৎ বাবা, লে লাকড়ি/চোদে কে দিহে এগো যোয়ান ছোকড়ি॥' লাঠি চোরাদের এ রকম আদিরসাত্মক গান শুনে কোনো বাড়ির কোনো নারী যখন লজ্জায় ঘর থেকে বের হন না তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে লাঠি চোরা গায়কেরা অতি সহজেই সে বাড়ি থেকে লাঠি চুরি করে থাকেন। এভাবে ফাল্গুনের চাঁদ দেখা যাবার প্রথম রাত থেকে লাঠি চুরি করে করে ছরা বা গাঙের ধারে পূর্ণিমার আগের দিন পর্যন্ত জমানো হয়। জমানো সেই লাঠিগুলোকে চা-শ্রমিকেরা 'শমৎ বাবা' বলে থাকেন। পূর্ণিমার দিন সকালে সবাই মিলে স্নান করে এসে 'শমৎ বাবা'কে জ্বালানো হয়। জ্বালানো লাঠির ছাই ও কাদা দিয়ে চা-শ্রমিকেরা খেলা করেন। রাতে নাচ-গান করেন আর পরদিন সকালে রং খেলেন। আর রং খেলা শুরুর দিন থেকে প্রায় ২/৩ দিন ধরে কাঠি নাচ বা লাঠি নাচ চলে।
সাধারণত সব সম্প্রদায়ের চা-শ্রমিকেরা ফাগুয়া পর্বের এই কাচি নাচ বা লাঠি খেলার করে থাকেন। এ ধরনের লাঠি খেলাতে শুধু ছেলেরাই রাধা-কৃষ্ণ সেজে থাকেন। সম্প্রদায় ভেদে কাঠি নাচের লাঠি খেলার সঙ্গে চা-শ্রমিকেরা মাদল বা ঢোল বাজিয়ে থাকেন। ঘুরে ঘুরে বিভিন্ন বাড়ি গিয়ে কাঠি নাচ বা লাঠি খেলা পরিবেশনের মাধ্যমে চা-শ্রমিকগণ সামান্য কিছু টাকা-পয়সা সংগ্রহ করেন। আগে এ ধরনের পরিবেশনার সঙ্গে সাধারণত রাধা-কৃষ্ণ বিষয়ক গান গাওয়া হতো। বর্তমানে এই রীতির সঙ্গে আধুনিক বাংলা কিংবা হিন্দি ছবির গান যুক্ত হতে শুরু করেছে।
সাপ খেলা
'অ-তে অজগর। অজগর ওই আসছে তেড়ে।' অক্ষর পরিচিতির প্রথম পাঠে এভাবেই সাপের সাথে এদেশের শিশুদের প্রথম পরিচয় ঘটে। আর বাস্তব জীবনে এ দেশের প্রায় অধিকাংশ মানুষেরই সাপের সাথে সাক্ষাৎ ঘটে সাপুড়ের ঝুড়ি হতে বের করা সাপের খেলার আসরে।
বাংলাদেশের প্রায় অধিকাংশ গ্রামেই এক সময় কোনো না কোনো ভাবে এক ঘর সাপুড়ের বসবাস থাকলেও সাপ খেলা দেখানোর প্রধান শিল্পীরা হচ্ছেন,
…….
সাপ আর বেজির যুদ্ধ দেখাচ্ছেন সিলেটের একজন সাপুড়ে, ছবি: পাভেল
……..
এদেশের ক্ষুদ্র যাযাবর জাতিসত্তা বা বেদেরা। জানা যায়, বেদেদের মধ্যে সাপুড়ে, সওদাগর ও মিস্সিগান্নি বা লোকচিকিৎসক নামে তিন ধরনের পেশাজীবী রয়েছেন। যার মধ্যে প্রধানতম পেশাজীবী হচ্ছেন সাপুড়ে, যাদের কেউ কেউ শুধু সাপ ধরে সাপ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। কেউ-বা আবার আকর্ষণী সাপগুলোকে বিভিন্ন কৌশলে বশ করে খেলার উপযোগী করে তোলেন। এবং সেই সাপগুলোকে ঝুড়িতে ঢুকিয়ে বাকে ঝুলিয়ে বা মাথায় করে গ্রামে গ্রামে, হাটে বাজারে ফেরি করে বেড়ান। আর সুবিধামতো স্থানে সাপ খেলার আসর জমিয়ে দেন। সেই আসরে তারা একই সঙ্গে সাপ খেলা দেখিয়ে এবং কিছু লোকচিকিৎসার গাছ-গাছড়া ও কবিরাজি ঔষধ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এ ধরনের সাপ খেলা দেখাবার জন্য সাপুড়েরা সাধারণত গ্রামের সাপ্তাহিক হাট-বাজারসহ লোকসংস্কারে বিশ্বাসী অভাবী বা নিুবিত্তের বাড়ি বা পাড়াকেই অধিক উপযোগী মনে করেন। সাপ খেলা দেখানোর জন্য সাপুড়েরা সচেতনভাবেই শিক্ষিত ও অর্থনৈতিকভাবে বিত্তবান এলাকা পরিহার করে থাকেন। আসলে, যাদের কাছে এখনও আধুনিক শিক্ষার সচেতন জ্ঞানগত পরিচয় পৌঁচ্ছে নি তারাই সাপ খেলার ভোক্ত ও দর্শক।
সাপ খেলা দেখানোর উপাদান ও উপকরণ হিসেবে সাপুড়েরা সাধারণত লাঠি, বীণ বা বাঁশি, বিভিন্ন ধরনের গাছ-গাছড়া ব্যবহার করে থাকেন। সে সকল সাপ ফণা তুলতে পারে সে সকল সাপই খেলা দেখানোর প্রধান সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের গোখরা সাপই সাপুড়েদের প্রধান অবলম্বন।
সাপ খেলা দেখানোর জন্য সাপুড়েরা কোনো পাড়া বা গ্রামে ঢোকার ক্ষেত্রে বীণ বাজাতে থাকেন। আবার কখনো কখনো 'এই সাপের খেলা। কাল নাগিনীর খেলা' ইত্যাদি বলতে বলতে এগিয়ে যেতে থাকেন। এ সময় তাদের সে বীণের ধ্বনি ও মুখের হাক-ডাক শুনে গ্রামের শিশু-কিশোর, নারী-পুরুষ সকল শ্রেণীর দর্শক হাতের ছোট-খাটো কাজ ফেলে কখনো কখনো তাদেরকে অনুসরণ করে সাপ খেলার আসরে উপস্থিত হন।
সাপ খেলার আসরে লোক জমাতের জন্য সাপুড়েরা আরো কিছুক্ষণ সময় বীণ বা ডমরু বাজাতে থাকেন। তারপর হঠাৎ এক সময় তার ঝাঁপি থেকে একটা আকর্ষণী সাপ বের করে এক হাত দিয়ে সাপটির গলার কাছে এবং অন্য হাত দিয়ে লেজের কাছে ধরে মাথার উপর তুলে ধরে বলতে থাকেন, "এই যে দেখেন সেই সাপ যেই সাপে বাসর ঘরে লখিন্দরকে কামড়ায়েছিল…এ সেই সাপ…সেদিন সে বেহুলার বাসর ঘর থেকে পালায়ে গেলেও আমার হাত থেকে সে পালাতে পারে নাই। এই দেখেন আমার ওস্তাদে এটা সুন্দর বন থেকে ধইরা এনে আমার কাছে রাইখা গেছে। আজ দেখবেন এই সাপের খেলা।" এমনই কথার মধ্যে হাতের সে সাপকে ছুড়ে ফেলে দিয়ে বলেন, 'এই যা খেলে দেখা তোর নাচের খেলা।' এবং হাতের পাঁচ আঙুল ফাঁকা করে মাটিতে জোরে জোরে আঘাত করেন, সে আঘাতের শব্দ কম্পনে ও সংকেতে আগে থেকে ট্রেনিং প্রাপ্ত সাপটি ফণা তুলে সাপুড়ের মুখোমুখো দাঁড়িয়ে যায়। আর সাথে সাথে সাপুড়ে এবার গান শুরু করেন, 'ও বিধির কি হইলো রে/তোমার আছে শতেক ভাই/আমার মায়ের কেউ নাইরে/আমার মাকে মা বলিবে কে/বেহুলা গা তোলো গা তোলোরে॥' এই গানের মধ্যে সাপুড়ের এক সহযোগী খঞ্জনিতে তাল সঙ্গত করতে থাকেন। আর সাপুড়ে তার গানের ভেতর সাপের ফণার সামনে হাতের বিভিন্ন ভঙ্গি করে সাপের ফণাটিকে দাঁড় করিয়ে রাখেন।
সাপ খেলা দেখানোর সময় সাপুড়ের হাতের ও শরীরের বিভিন্ন ভঙ্গি করার দুটি লক্ষ থাকে। এক. সাপকে নিয়ন্ত্রণ করা, দুই. দর্শককে আকৃষ্ট করে আসরে দাঁড় করিয়ে রাখা। সাপুড়েরা সাপ খেলা দেখানোর বিভিন্ন দেহ-ভঙ্গির মধ্যে হস্ত মুষ্ঠির মুদ্রা, দুই হাতের আঙুলের বিচিত্র ব্যবহার, দুই হাঁটুতে কাঁপন তুলে সাপকে দাঁড় করিয়ে রাখার কৌশল এবং সাপের ছোবল হতে রক্ষার জন্য হাতের কনুকে ব্যবহার করে থাকেন। উল্লেখ্য, সাপ খেলা দেখানোর সময় অধিকাংশ সাপুড়ে হাতের কনুইয়ে এক ধরনের লাল রঙের গামছা বেঁধে রাখেন। যা খেলা দেখানোর সময় রাগী সাপদের রাগ নাশের ছোবল দানের সময় তারা অনেক সময় ইচ্ছে করেই সাপের সামনে এগিয়ে দেন।
সাপ খেলার আসরের দ্বিতীয় পর্যায়ে থাকে সাপুড়েদের গাছ-গাছড়া ও কবিরাজি ঔষধ বিক্রির পর্ব। এক্ষেত্রে সাধারণ খেটে খাওয়া লোকবিশ্বাসী মানুষের সারল্যের সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের গাল-গল্প তৈরি করে দর্শককে মোহিত করে সাধারণত গাছড়া জাতীয় বস্তুই বেশি বিক্রি করে থাকেন। আসলে, সাপ-সংশ্লিষ্ট লোকবিশ্বাসকে আশ্রয় করেই সাপুড়েরা তাদের কর্ম সম্পাদন করেন। সাপুড়েরা তাদের গাছড়া বিক্রির জন্য সাধারণ মানুষের নৈমিত্তিক জীবনের নিখুঁত বর্ণনা করে লোকমানুষের ভেতর তাদের সঙ্গে পথ্যের গুরুত্ব তুলে ধরেন, যেমন, সাপ খেলার আসরের মাঝখানে সাপুড়েরা প্রায়ই বলে থাকেন–'সাপ খুবই রাগী প্রাণী। তাকে কেউ আঘাত করলে সে কখনোই ক্ষমা করে না, যে দিনই হোক সে তার প্রতিশোধ নেই। এই তো আপনি ভাবছেন, আপনি তো কোনোদিন সাপকে আঘাত করেননি। কিন্তু না আপনি আঘাত করেছেন। আপনি জানেন না। আপনি সে দিন নিজের অজান্তে ঝাঁপ গোসল করছিলেন, আপনার গোসলের জল সাপের গায়ে গিয়ে পড়েছে আপনি জানেন না, আপনি পথ দিয়ে হাঁটছিলেন ওই পথের পাশে একটা সাপ তার খাবার সংগ্রহ করতে যাচ্ছিল আপনার পায়ের শব্দ সাপটির খাবার মুখ থেকে ফসকে গেছে আপনি জানেন না, শুধু তাই না সেদিন বাঁশ ঝাঁড়ে বাঁশ কাটতে গিয়ে আপনি সাপের আস্তানা ভেঙে দিয়েছেন, আপনি জানেন না। কিন্তু ওই সাপ আপনাকে চিনে রেখেছে। সে আপনাকে অনুসরণ করছে, আপনি জানেন না। যে কোনো সময় সে আপনাকে কামড়ে দেবে। এর থেকে রক্ষার উপায় এই যে আমার হাতে। এই গাছটা যদি আপনি তাবিজ করে আপনার সঙ্গে রাখেন ওই সাপ কোনোদিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না।' এ ধরনের কথার মোহে পড়ে গ্রামের সাধারণ মানুষ সাপুড়ের হাত থেকে গাছড়া ও তাবিজ-কবজ কিনে নেয়। সবশেষে তৃতীয় পর্বে আরেকবার গান বাদ্যের সঙ্গে আরো কিছুক্ষণ সাপ খেলা দেখিয়ে একটি আসর শেষ করা হয়। এরপর সাপুড়ে তার সাপের ঝাঁপি নিয়ে আরেকটি আসরের জন্য অন্য কোনো হাটে বা অন্য কোনো গ্রামে ও পাড়ার দিকে এগিয়ে যান। আর এভাবেই সাপ খেলার ভ্রাম্যমাণ পরিবেশনা চলতে থাকে।
সাম্প্রতিক কালে কিছু কিছু সাপুড়ে তাঁদের সাপ খেলাতে নতুনত্ব আনতে সাপের সাথে সাপের চিরশত্রু 'বেজি' নামের এক প্রকারের বনজ প্রাণী বহন করে থাকেন। গ্রামাঞ্চলে সাপ ও বেজির দ্বন্দ্ব নিয়ে অনেক লোক-কথা ও গল্প প্রচলিত রয়েছে। সাপুড়েরা লোক সমাজে প্রচলিত সেই গল্পের সূত্র ধরে সাপ খেলার এক পর্যায়ে সাপ ও বেজি'র চিরন্তন দ্বন্দ্ব দেখিয়ে থাকেন। তবে, দর্শকবেষ্টিত আসরে সাপ ও বেজির খেলা দেখাতে গিয়ে কোনোভাবেই যেন কোনো প্রাণীর কোনো ক্ষতি না হয় সে বিষয়টি সাপুড়েরা মাথায় রাখেন। এবং এই বোধ থেকে সচেতনা অবলম্বন করে সাপুড়েরা সাধারণত তাঁদের কাঠের বক্সের সঙ্গে বেজির গলায় রশি বা দড়ি বেঁধে রাখেন–যেন সে কখনো অধিক উত্তেজিত হয়ে সাপের উপর সশরীরে আক্রমণ করে সাপকে ক্ষতি না করতে পারে এবং সাপও যেন বেজির উপর ঝাপিয়ে পড়ে বেজিকে কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য খেলা দেখানো সাপুড়ে তার সাপকে কৌশলে হাতে ধরে নিয়ন্ত্রণে রাখেন।
এক সময় সারা বাংলাদেশে সাপ খেলার প্রচলন থাকলেও সাম্প্রতিক কালে এই খেলার প্রচলন অনেকটাই কমে গেছে। এর প্রধান কারণ হচ্ছে, মানুষ এখন শিক্ষিত, যন্ত্র নির্ভর, আধুনিক ও বাজার অর্থনীতির আকর্ষণে লোকবিশ্বাসের ঐতিহ্য অনেকটাই হারিয়ে ফেলেছেন, আর সেই সূত্রে ঐতিহ্যবাহী সাপ খেলার প্রতি একদিকে সাধারণ মানুষের আগ্রহ কমে এসেছে, অন্যদিকে সাপুড়ে পেশাজীবীরা তাদের ঐতিহ্যগত পেশা ত্যাগ করে নতুন পেশার প্রতি আকৃষ্ট হয়ে উঠেছেন। তবুও ঢাকার সাভারের বংশি নদী, মুন্সীগঞ্জের ধলেশ্বরী এবং লৌহজং-এর পদ্মার পাড় এলাকায় এখনও অনেক সাপুড়ে পেশাজীবীর অস্তিত্ব রয়েছে।
নগর সভ্যতায় সাপ খেলা তেমনভাবে দেখা না গেলেও সাপ প্রদর্শনের মাধ্যমে এক ধরনের নতুন পেশার উপক্রম দেখা যাচ্ছে গত কয়েক দশক ধরে। যেমন, রাজধানী ঢাকাসহ সাভার, সিলেট, সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, বরিশাল শহরের বুকে অনেক বেদেনীকে সাপ নিয়ে দোকানে দোকানে ঘুরে অর্থ তুলতে দেখা যায়।
বানর খেলা
বাংলাদেশের প্রেক্ষাপটে বানর ও হনুমান হচ্ছে দেব-প্রাণী বা দেব-পশু। ত্রেতাযুগের অবতার প্রভু রামচন্দ্রের সঙ্গী বানরকে অতীতকাল থেকে গ্রামের মানুষ ভক্তি করে আসছে। বানরকে দুধ-কলা দেওয়ার চল বহু প্রাচীনকালের গ্রামীণ চল। এখনও অনেকে বানরকে সঙ্গে নিয়ে চলতে পছন্দ করে। অনেকে আবার পেশাগতভাবে গ্রামে ও শহরের বিভিন্ন স্থানে বানর নাচিয়ে ফেরে। সাধারণত গ্রামের বিভিন্ন পাড়াতে বানর নাচানো হলেও শহরের রাস্তায় বা আবাসিক এলাকায় বানর নাচানো হয়ে থাকে। এই বানর নাচানো মানুষগুলোকে বলা হয়ে থাকে যাযাবর। তারা বানরের নাচ দেখিয়ে সাধারণ মানুষকে মুগ্ধ করে তার বিনিময়ে কিছু অর্থ উপার্জন করে থাকেন।
বাংলাদেশের শহর ও গ্রাম দু'টি ক্ষেত্রে মাঝে মাঝেই বানর খেলা দেখা যায়। বাংলাদেশের বেদে বা যাযাবরসহ নিুবর্গের সাধারণ মানুষের মধ্যেও কেউ কেউ পেশাগতভাবে বানর পোষেন। তারা মাঝে মাঝে চাল বা অর্থ সংগ্রহের জন্য গ্রামে গঞ্জে, শহর-বাজারে বানর খেলা করায়ে থাকেন। বানর খেলার সময়ে ক্ষেত্র বিশেষে বানর খেলোয়াড়গণ বানরকে চমৎকার ব্লাউজ ও ঘাগরা পরিয়ে সাজিয়ে নিয়ে এই বানর খেলায়ে থাকেন। এক্ষেত্রে তারা বানরের গলায় চকচকে হার, কানে দুল, কপালে টিকলি, পায়ে তোড়া পরিয়ে থাকেন। কখনো কখনো বানরের হাতে দিয়ে রাখেন একটি রুমাল বিশেষ, যা তাকে 'বউ' সাজবার সময় দরকার হয়। বানর খেলানোর জন্য বানরওয়ালা নিজের হাতে রাখেন 'ডুগডুগি'। সাধারণত পাড়ার কোনো জনবহুল স্থানে বানরকে সঙ্গে নিয়ে গিয়ে তিনি প্রথমে এই 'ডুগডুগি' বা ছোটো 'ঢুলি' বাজিয়ে মুখে বিশেষ ধরনের কিছু কথা বলে লোক জামানোর চেষ্টা করেন। ঐতিহ্যগতভাবেই বানর খেলা দেখার প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ রয়েছে বলে বানর নাচিয়ের ডুগডুগির বাজনা শুনে অধিকাংশ সময় পাড়ার ছেলেদের সঙ্গে বয়স্ক লোকেরাও ছুটে আসে। তারা এসে বানর ও বানরওয়ালাকে ঘিরে বৃত্তাকারে দাঁড়াতে থাকেন। ভিড় জমে উঠলে। বানরওয়ালা লাঠি উচিয়ে গান ধরেন–
কী কী গহনা লিবি সুন্দরী, মনের কথা বল।
হার লিবি, টিকলি লিবি, লিবি পায়ে মল॥
এই গানের সঙ্গে বানর তার ইচ্ছে মতো নাচতে থাকে। এক সময় বানরওয়ালা তার নাচ থামিয়ে দর্শকদেরকে দেখিয়ে বলেন, নে নে বাবু-ভাইদের কাছে চেয়ে নে।
উপস্থিত দর্শকগণ তখন নানান ধরনের কথা এবং অঙ্গভঙ্গি করে বানর ও বানরওয়ালাকে ভড়কে দিতে চান। কিন্তু বানর সব কিছুকে উপেক্ষা করে উপস্থিত দর্শকদের দিকে হাত পাততে থাকে।
বানর নাচিয়ে তখন কিছু কৌশলী কথাবার্তা বলে দর্শকদের কাছ থেকে কিছু সম্মানী নিয়ে পরের পর্বে বানর খেলায় মেতে ওঠেন। এক্ষেত্রে বানরটি তার সরদার বা ওস্তাদের কথা ও নির্দেশমতো বিভিন্ন অঙ্গভঙ্গি, লাফ-ঝাপ ও অভিনয় করে। যেমন, বানরওয়ালা তার হাতের লাঠি উঁচু করে নির্দেশ করেন–এই রে এবার পাহাড় ডিঙা তো দেখি।
সঙ্গে সঙ্গে বানর লাফ দিয়ে লাঠির উপর দিয়ে পার হয়ে যায়। এইভাবে বানরটি একে একে সাগর ডাঙায়, প্রণাম করে, বউ সাজে, আধুনিক বউ-এর রঙ্গরস দেখায়, শাশুড়ির প্রতি অত্যাচার দেখায়, স্বামীর সঙ্গে সোহাগ দেখায়, স্বামীর সঙ্গে রাগ করে বাপের বাড়ি চলে যায়, গিয়ে অন্যের কাছে একটু লজ্জায় পড়ে। এসব দেখতে দেখতে দর্শকরা কৌতুকে মজে যায়। জীবনরসের গানগুলি হাতের লাঠি মাটিতে ঠুকে ঠুকে যখন গাইয়ে গেয়ে থাকে, তখন বানরের অঙ্গভঙ্গি দেখলে মানুষ আর না হেসে পারেন না। বানর নাচের অনেক গান আছে। যেমনবউদি-দেওরের গানে–'আল ধানের মাড় রাঁধেছি কানা শাগের বেসাতি।/সাঁজের বেলা দেওর শালা লুচকাঁই খায় বেসতি॥' ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনও কম-বেশি বানর নাচ ও বানর খেলার প্রচলন রয়েছে।
জাদু খেলা
জাদু খেলা সম্পূর্ণরূপে একটি ভ্রাম্যমাণ পরিবেশনা। গ্রামের বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে ও হাটে-বাজারে জীবিকা উপর্জনের উপায় হিসেবে এক শ্রেণীর লোক নিয়মিতভাবে জাদু প্রদর্শন করে থাকেন। গ্রামের জনসাধারণের কাছে এই জাদু খেলা বিভিন্ন নামে পরিচিত। কেউ বলেন 'ম্যাজিক খেলা', আবার কেউ বলেন 'রঙবাজি', 'ভেল্কিবাজি', 'হাত সাফাই' প্রভৃতি।
এদেশে জাদু খেলার প্রাচীনত্ব সম্পর্কে তেমন কোনো প্রামাণ্য দলিল না পাওয়া গেলেও বাংলা ভাষায় জাদুকরের কিছু প্রতিশব্দ বহু আগেই থেকেই প্রচলিত রয়েছে। জাদুকরকে বাংলা ভাষায় সাধারণত শিল্পকারী, ভেল্কিবাজ, যাদুপ্রদর্শনকারী বলা হয়ে থাকে। আলাউলের 'পদ্মাবতী'তে শিল্পকারীর প্রসঙ্গ আছে–"পিছল সৌরভ পঙ্ক হৈল হাটে বাট।/যথাতথা রঙ্গরস দেখি গীতনাট॥/ইন্দ্রজালে শিল্পকারী দর্শাথ কুহক।/মধ্যে মধ্যে নানা ঢঙ্গ করে বিদূষক॥" এখানে 'ঢঙ্গ' হলো সঙের অভিনয়। 'চৈতন্যভাগবতে' 'ঢঙ বিপ্রে'র উল্লেখ দেখা যায়। অবশ্য 'ঢঙ' সেখানে কৃত্রিম স্বানুভব প্রদর্শন অর্থে প্রযুক্ত।৪৭ অন্যদিকে জাদুখেলাকে বাংলা ভাষায় ভেল্কিবাজী বা ইন্দ্রজাল বলা হয়ে থাকে। কেউ কেউ একে মায়াজাল, মোহিনী বিদ্যা বলে থাকেন। সে যাই হোক, জাদুখেলা মূলত হাত সাফাইয়ের খেলা। কারণ, শুধু হাতের কৌশলী ক্রিয়াকর্মে দর্শকদের চোখকে ফাঁকি দিয়ে একজন জাদুকর তার ধীশক্তি বলে অত্যন্ত বুদ্ধিদীপ্ত দর্শককেও তাক লাগিয়ে দিতে পারেন। শাহমনি জাদু একাডেমীর মহাসচিব ও প্রখ্যাত জাদুশিল্পী কাজী আনিস লোবান বলেন, 'অনেকের ধারণা জাদুর সাথে মন্ত্রের যোগ রয়েছে। কিন্তু জাদুর সঙ্গে মন্ত্রের কোনো যোগ নেই। সম্পূর্ণ বিজ্ঞানকে আশ্রয় করে কৌশলগতভাবে কোনো বিশ্বাস্য ব্যাপারকে অবিশ্বাস্যভাবে উপস্থাপনাই হচ্ছে জাদু।' জাদুখেলাতে যা কিছুকে জাদু আকারে উপস্থাপন করা হয় তার সকল কিছুরই বাস্তব ভিত্তি জাদুকরের আয়ত্তের মধ্যে থাকে। এক্ষেত্রে বাস্তব বিষয়কে অবাস্তবভাবে উপস্থাপনার ক্ষেত্রে জাদুশিল্পীগণ কিছু প্রপস্কে হাতের 'মুঠি' হিসেবে ব্যবহার করেন। মানিকগঞ্জ অঞ্চলের বিভিন্ন ধরনের আনন্দ অনুষ্ঠানে এক ধরনের জাদু খেলার প্রচলন রয়েছে। এ প্রকারের জাদু খেলার সূচনায় প্রথমে একজন ছুকর এসে বন্দনা গীত পরিবেশন করেন। তার সে বন্দনার মধ্যে জাদুকরের সহযোগীরা জাদু খেলার উপকরণ সমেত দু'তিনটি টিনের বাক্স এনে জাদু প্রদর্শনীর উঠানে রেখে সাদা রঙের কাপড় দিয়ে ঢেকে দেন। এরপর জাদু শিল্পী এসে দর্শকদেরকে জিজ্ঞেস করেন, দর্শকগণ নতুন কোনো জাদু দেখবে না-কি পুরানো জাদু দেখবেন। এটা জাদুকরের নিত্য নতুন খেলা তৈরি সৃজনশীলতার প্রচার মাত্র। এই কথা দিয়ে প্রথমেই জাদুকর তার প্রতি দর্শকদের মাঝে একটি ভালো ধারণার জন্ম দেন। তারপর একে একে বিভিন্ন কথা ও হাতের কৌশলে ফুল, তাস, টাকা, লেখা ও ছবির দেখান। জাদু খেলার গ্রামীন আসরে সবশেষে যে জাদুটি প্রদর্শন করা হয় তা হচ্ছে চাল থেকে আঙুন ছাড়াই দর্শকদের সামনে জাদুর সাহায্যে মুড়ি ভাজা। মুড়ি ভাড়ার এই জাদু প্রদর্শনের মধ্যে বিচিত্র ধরনের নাট্যমূলক কথা ও অভিনয় উপস্থাপন করা হয়, সবশেষে জাদুকর তার চারজন সহযোগীর সহায়তায় দুইটি কাপড়ের উপর চাল ও বালি নিয়ে মুড়ি ভেজে তা একটি কুলার উপর তুলে নিয়ে দর্শকদের হাতে হাতে সে মুড়ি তুলে দেন। দর্শকগণ বিস্মিত হয়ে সে মুড়ি খেতে থাকেন। আর এভাবেই শেষ হয় গ্রামীণ আসরে জাদু খেলার আয়োজন।
এদেশের গ্রামীণ হাটে-বাজারে ঐতিহ্যগতভাবে এখনও কিছু পেশাজীবী জাদুকর বা ম্যাজিশিয়ানকে জাদু প্রদর্শন করতে দেখা যায়। এক্ষেত্রে কিছু কিছু জাদুকর শুধু জাদু প্রদর্শনের ভিত্তিতে জীবিকা নির্বাহ করেন, অন্যদিকে কিছু জাদুকর জাদু প্রদর্শনের পাশাপাশি কবিরাজি ঔষধ বিক্রয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, দ্বিতীয় ক্ষেত্রে জাদু ঔষধের ক্রেতা জমানোর কৌশল হিসেবে পরিবেশিত হয়ে থাকে।
গ্রামের হাট-বাজারে জাদুকরগণ সাধারণত যে সকল জাদু প্রদর্শন করে থাকেন, তা হচ্ছে–ফু দিয়ে রুমাল পুড়িয়ে দেওয়া, জিহ্বা কেটে হাতে তুলে দেওয়া, মাটি দিয়ে মিষ্টি বানিয়ে দেওয়া, কাগজ দিয়ে কবুতর তৈরি, পেটের ভেতর তরবারি ঢুকিয়ে দেওয়া ইত্যাদি। এই সকল জাদু প্রদর্শনের ক্ষেত্রে জাদুকরগণ তাদের শরীরের বিভিন্ন স্থানে, হাতে, মুখে, পোশাকের পকেটে বিভিন্ন ধরনের প্রপস্ আগে থেকেই বহন করে থাকেন। জাদু প্রদর্শনের সময়ে দর্শক সারির মধ্যে নিজস্ব কিছু অভিনেতাকে দর্শক হিসেবে দাঁড় করিয়ে রাখেন, যারা জাদু প্রদর্শনের সময় বিভিন্ন বিষয় নিয়ে জাদুকরের সঙ্গে তর্ক-বির্তক করেন এবং সবশেষে জাদুকরের ডাকে দর্শকদের সামনে জাদু প্রদর্শনে জাদুকরকে বিশ্বস্ততার সঙ্গে সহযোগিতা করেন। উপস্থিত দর্শকদের রুচি ও চাহিদা অনুযায়ী জাদুকর তার ব্যক্তিত্ব, ভাষাভঙ্গি, অঙ্গভঙ্গি এবং উপস্থাপন কৌশল প্রয়োগ করেন। আর দর্শকগণ তার কথা এবং আঙ্গিক অভিনয়ে মুগ্ধ হয়ে স্থির দাঁড়িয়ে থেকে জাদু দেখতে থাকেন।
আদিবাসী সম্প্রদায়ের ভ্রাম্যমাণ পরিবেশনা
বাংলাদেশের বসবাসরত বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মাঝেও বৈচিত্র্যময় ভ্রাম্যমাণ পরিবেশনার অস্তিত্ব রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ পর্যায়ে বিভিন্ন প্রান্তের কয়েকটি আদিবাসী সম্প্রদায়ের ভ্রাম্যমাণ পরিবেশনা শিল্পের পরিচয় প্রদান করা হলো।
শিবের গাজন নাট্য
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে কোচদের একটি বিশেষ শাখা মান্দাই আদিবাসী সম্প্রদায় শিবের গাজন উপলক্ষে ভ্রাম্যমাণ পরিবেশনা শিল্প হিসেবে বিভিন্ন ধরনের নাট্য পরিবেশন করে থাকে। এতে মান্দাই'রা শিব, গৌরী এবং নারদের রূপসজ্জা গ্রহণের মাধ্যমে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে নাচ-গান পরিবেশন করেন, বিনিময়ে তারা চাল-ডাল, টাকা-কড়ি উপহার নিয়ে থাকেন।
প্রকৃত অর্থে মান্দাই'রা তাদের ষোল সাইন পূজার পর ক্ষুদ্রাকৃতির নাট্য পরিবেশন করে থাকেন। এক্ষেত্রে তারা নাটকের অভিনয়স্থান হিসেবে পূজামণ্ডপের সম্মুখভাগকে বেছে নেন। নাট্যাভিনয়ে একজন মান্দাই প্রথমে আসরস্থানে ধানের বীজ ছিটিয়ে দেন, তারপর হাল বা মই দেয়ার জন্য তারা গরু নির্বাচন করেন। এ সময়ে চারজন মান্দাই হামাগুড়ি দিয়ে গরুর অভিনয় করেন। কিন্তু গরুগুলি চাষের অনুপযুক্ত বলে একজন পশু চিকিৎসক বা ঘোষ সেখানে উপস্থিতি হন, সাথে সাথে দর্শকের মধ্যে হাসির রোল পড়ে যায়। ঘোষ গরুর ভূমিকায় অভিনয়কারী বালকদের সামনে ও পেছনে হাত দিয়ে নানাভাবে রোগ নির্ণয়ের চেষ্টা করেন। এ সময় হঠাৎ কোনো একজন গরুরূপী অভিনেতা পেছনের পা দিয়ে লাথি মেরে ঘোষকে ফেলে দেন। এরপর ঘোষ নানাভাবে গরুর চিকিৎসা করার পরে নাটকের সমাপ্তি ঘটে।৪৮
ওয়ান্না
টাঙ্গাইলের মধুপুর বনের চুনিয়া গ্রামের মান্দি বা গারো আদিবাসীদের একটি ঐতিহ্যবাহী উৎসবের নাম–ওয়ান্না। এটি মূলত জুম চাষকেন্দ্রিক নবান্ন উৎসব। আগে হেমন্তে ঘরে নতুন ফসল তোলাকে কেন্দ্র করে মান্দিরা বাড়িতে বাড়িতে নাচ-গানে এই উৎসবে মেতে উঠত। ১৯৬৮ সাল পর্যন্ত মধুপুর বনে যখন চিতাবাঘ ছিল, ময়ূর ছিল, মাইলকে মাইল বনের গহিনতা ছিল তখন বেশ ঘটা করে মান্দি-সাংসারেকরা তাদের ঐতিহ্যবাহী ওয়ান্না উৎসব পালন করতো। এখন ওয়ান্না হয়েছে ওয়ানগালা। আগে যে ওয়ান্না হতো সাধারণ মান্দিদের বাড়িতে বাড়িতে, এখন তার পরিবর্তে চার্চের বাঁধামঞ্চে ওয়ানগালা হয়। তবে, একথাও ঠিক যে ঐতিহ্যবাহী ওয়ান্না মধুপুর বন থেকে একেবারে নিচিহ্ন হয়ে যায়নি। মান্দিদের কোনো পাড়াতে প্রায় প্রতিবছর বিভিন্নভাবে ঐতিহ্যবাহী ওয়ান্না উৎসব উদ্যাপিত হয়ে থাকে। এ উৎসব উপলক্ষে মান্দি জনসাধারণ কিছু ভ্রাম্যমাণ পরিবেশনা বিভিন্ন স্থানে করে থাকেন। এবারে সে বিবরণ দেওয়া হচ্ছে।
ওয়ান্নার ভ্রাম্যমাণ পরিবেশনার শুরুতেই নতুন ধানের গুঁড়া পানিতে গুলে তা দিয়ে অতিথির গালে কপালে ছাপ দেওয়া হয়। শুধু তা-ই নয়, তারও আগে ওয়ান্না উপলক্ষে সারা পাড়ার মান্দিদের সবার ঘরের সবখানে সেই নতুন ধানের গুঁড়া মাখা হাতের ছাপ দেওয়া হয়। তারপর বাড়ির ভেতর উঠানে ঘোরা-নৃত্য শুরু হয়। মান্দি বাদ্যযন্ত্র নাকড়া, ঢাক ও কাঠ-পিতলের বাঁশির সুর-তালের সঙ্গে এই নৃত্য চলতে থাকে। এ ধরনের নৃত্যে সাধারণত পাড়ার সব বুড়া আর বুড়িরা অংশ নিয়ে থাকেন। বৃত্তাকারে পরিবেশিত এই নৃত্যের প্রথম বা ভেতরের বৃত্তে থাকেন বুড়ির, আর পরের বৃত্তে থাকেন বুড়োরা। বাদ্যযন্ত্রীরা থাকেন বৃত্তের বাইরে। ঘোরা-নৃত্যের আরেকটি পর্বে মান্দি যুবক-যুবতীরাও অংশ নিয়ে থাকেন। এ ধরনের নৃত্য পরিবেশনের জন্য মেয়েরা দকমান্দা পরে থাকেন। এছাড়া, সাজ-পোশাকের মধ্যে তারা উর্ধ্বাঙ্গে একটি জামা এবং তার ওপর আরেকটি আলগা শাড়ি ব্যবহার করে থাকেন। মাথার চুল খোঁপা করে বেঁধে খোঁপায় গেঁথে রাখেন নতুন ধানের শিষ এবং মুরগির পালক। ওয়ান্না উপলক্ষে যে মুরগিটিকে বলি দেওয়া হয়, তার পালক মাথায় তুলে নিয়ে নাচ করার নিয়ম প্রচলিত আছে। নৃত্যকারীরা সাধারণ চু পান করে নেচে থাকেন। এ ধরনের নাচে নৃত্যশিল্পীরা পায়ের ব্যবহারই বেশি করে থাকেন। নৃত্যটি যেহেতু বৃত্তাকারে করা হয় সেহেতু বৃত্তটি বরাবর পূরণ করতে তাদের একটু যা কসরত করতে হয়। নাচের সময় মেয়েরা কোমরে হাত রেখে ঘুরতে থাকেন, আর ছেলেরা কাঁধে হাতে রেখে ঘোরেন। সারা রাত গীত-বাদ্যের সঙ্গে এই নৃত্য চলে।
শেষ রাতে যখন আকাশে শুকতারা ওঠে তখন 'দেলাং শোয়ে' পোড়ানো হয়। 'দেলাং শোয়ে' একটি ছোট্ট ঘরের নাম। এক রকম বলা যায় আত্মাঘর। সম্প্রতি মান্দি বাড়ি বা পাড়ার যে বা যতজন মারা গেছেন, তাঁকে বা তাঁদেরকে ওয়ান্নার রাতে এই ঘরে রূপক অর্থে আশ্রয় দেওয়া হয়। তারপর ওয়ান্নার নাচ-গান শেষে ভোরের আকাশে যখন শুকতারার দেখা যায় তখন জীবিত মান্দিরা এই ঘরটি পুড়িয়ে সম্প্রতি মৃত আত্মাদেরকে পাড়া থেকে বিদায় জানান। এ এক অর্থে মুক্তি দেওয়া হয়, অর্থাৎ আত্মগুলো এবার অন্য কোথাও আশ্রয় নিতে পারবে।৪৯ আসলে, মান্দি-সাংসারেকদের পুনর্জন্মে বিশ্বাস করে বলেই এমনটি করে থাকেন।
কারাম পূজা
বাংলাদেশের বেশ কয়েকটি আদিবাসী গোষ্ঠীর মাঝে বৃক্ষ পূজা কেন্দ্রিক ভ্রাম্যমাণ পরিবেশনা শিল্পের প্রচলন রয়েছে। বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর জনপ্রিয় বৃক্ষদেবতা হচ্ছে ধারাম-কারাম বা ধরম-করম। এই দুই বৃক্ষদেবতার পূজা উপলক্ষে ওঁরাও, সাঁওতাল, দেশোয়ালী, ভূমিজ, ঘাটুয়াল, কর্মকার, কালিন্দী, জঙ্গলি প্রভৃতি আদিবাসী গোষ্ঠীর জনসাধারণ প্রায় একই ধরনের ভ্রাম্যমাণ পরিবেশনা করে থাকেন। পরিবেশনাটি ভ্রাম্যমাণ এই কারণে যে,–বৃক্ষ পূজার জন্য তারা প্রথমে ভাদ্র মাসের সুনির্দিষ্ট কোনো দিন গান গেয়ে øান করে নদী বা যে কোনো ধরনের জলাশয় থেকে একটি বাঁশ বা বেতের পাত্রে করে বালি নিয়ে আসেন। এবং সে বালিতে চানা, ধানবীজ ইত্যাদি ছিটিয়ে পাঁচ থেকে ছয় দিন তাতে সকাল সন্ধ্যাতে জল ঢালেন। এতে বীজপাত্রে রক্ষিত বীজ থেকে চারা গজিয়ে ওঠে। চারা গজিয়ে ওঠার মাঝে, অর্থাৎ চার/পাঁচ দিনে পর কারাম পূজারী এবার পূজার প্রসাদ নিয়ে নাচ-গান করতে করতে নির্দিষ্ট একটি কারাম গাছের কাছে যান এবং গাছকে নিমন্ত্রণ করে আসেন। একদিন পরে তারা নিমন্ত্রণ করে আসা কারাম ডাল কাটতে নাচ-গান করতে করতে রওনা হন এবং এক এক কোপে ধারাম-কারামের প্রতীক হিসেবে দু'টি ডাল কেটে আনেন। ফিরে আসার পথে বৃক্ষ ডালটি হাতে নিয়ে তারা সারাটা পথ নাচ-গান করতে থাকেন। তারপর সে ডালকে বাড়ির বাইরের উঠানে পুঁতে দেন এবং পূজা আর 'কিছা' বা কিচ্ছা শেষে সেই ডালকে ঘিরে সারা রাত ঝুমুর নাচ-গান করেন। পরদিন পাড়ার ভক্তরা মিলে সেই কারাম ডালকে নিয়ে পাড়ার সকলের মঙ্গলের জন্য বাড়ি বাড়ি ঘুরে নাচ-গান করেন। সবশেষে কারাম ডালকে নিয়ে নাচতে নাচতে নদীর জলে বিসর্জন দেন।
এই কারাম উৎসব হয় ভাদ্র মাসে। এই অনুষ্ঠানের দেবতা হচেছ স্বয়ং কারামবৃক্ষ। কারাম তিন ধরনের ১. রাজ কারাম ২.দশ কারাম এবং ৩. নিজ কারাম। সব এলাকার আদিবাসী গোষ্ঠী একটি নির্দিষ্ট দিনে রাজ কারাম করে থাকেন, দশ কারাম একটি নির্দিষ্ট এলাকার গুটিকয়েক পড়শিরা মিলে মিশে করেন আর সামর্থ্যবান পরিবারেরা যখন এককভাবে কারামের আয়োজন করে তখন তাকে নিজ কারাম বলে।৫০
ফাগুয়া ও কাঠি নাচ
ফাল্গুন মাসের চাঁদ আকাশে দেখা দেবার প্রথম রাত থেকেই শ্রীমঙ্গল অঞ্চলের চা-শ্রমিকেরা তাদের পাড়ায় পাড়ায় ঢোল বাজিয়ে গান গেয়ে গেয়ে লাকড়ি বা কাঠি চুরি করেন। চুরি করা লাকড়িগুলোকে তারা ছরা বা গাঙের ধারে মিনারের মতো করে জমাতে থাকেন। উল্লেখ্য, লাকড়ি চুরির সময় গায়েকেরা সাধারণত এমন সব আদিরসাত্মক গান করতে থাকেন যা শুনে ঘরের মেয়েরা বাইরে বেরোতে লজ্জা পায়। যেমন, লাকড়ি চুরির একটি গানে আছে, 'শমৎ বাবা শমৎ বাবা, লে লাকড়ি/চোদে কে দিহে এগো যোয়ান ছোকড়ি॥' লাকড়ি চোরাদের এ রকম আদিরসাত্মক গান শুনে কোনো বাড়ির কোনো নারী যখন লজ্জায় ঘর থেকে বের হন না তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে লাকড়ি চোরা গায়েকেরা অতি সহজেই সে বাড়ি থেকে লাকড়ি চুরি করে থাকেন। এভাবে ফাল্গুনের চাঁদ দেখা যাবার প্রথম রাত থেকে লাকড়ি চুরি করে করে ছরা বা গাঙের ধারে পূর্ণিমার আগের দিন পর্যন্ত জমানো হয়। জমানো সেই লাকড়িকে চা-শ্রমিকেরা 'শমৎ বাবা' বলে থাকেন। পূর্ণিমার দিন সকালে সবাই মিলে স্নন করে এসে 'শমৎ বাবা'কে জ্বালানো হয়। জ্বালানো লাকড়ির ছাই ও কাদা দিয়ে চা-শ্রমিকেরা খেলা করেন। রাতে নাচ-গান করেন আর পরদিন সকালে রং খেলেন। আর রং খেলা শুরুর দিন থেকে প্রায় ২/৩ দিন ধরে কাঠি নাচ চলে।
সাধারণত সব সম্প্রদায়ের চা-শ্রমিকেরা ফাগুয়া পর্বের এই কাচি নাচ করে থাকেন। কাঠি নাচে শুধু ছেলেরাই রাধা-কৃষ্ণ সেজে থাকেন। সম্প্রদায় ভেদে কাঠি নাচের সঙ্গে চা-শ্রমিকেরা মাদল বা ঢোল বাজিয়ে থাকেন। ঘুরে ঘুরে বিভিন্ন বাড়ি গিয়ে কাঠি নাচ পরিবেশনের মাধ্যমে চা-শ্রমিকগণ সামান্য কিছু টাকা-পয়সা সংগ্রহ করেন। আগে এ ধরনের নাচের সঙ্গে সাধারণ রাধা-কৃষ্ণ বিষয়ক গান পরিবেশন করা হতো। বর্তমানে এই রীতির সঙ্গে আধুনিক বাংলা কিংবা হিন্দি ছবির গান যুক্ত হতে শুরু করেছে।
দণ্ড নাচ
শিব ও কালির ব্রত হিসেবে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহর সংলগ্ন চা-বাগানের শ্রমিকেরা এই নাচ করে থাকেন। এই নাচ সাধারণত ঊড়িষ্যা থেকে আসা চা-শ্রমিকেরা করে থাকেন। আসলে, ভক্তগণ তাদের বিভিন্ন ধরনের মনোবাঞ্ছা পূরণের জন্য এই ব্রত পালন করেন। যারা দণ্ড নাচ করে থাকেন তারা চৈত্র মাসের প্রথম দিন থেকে এক মাসের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েন। চৈত্র মাস এলেই চা-বাগানের পুরুষ শ্রমিকেরা দণ্ড নাচের বিভিন্ন দল গঠন করে শ্রীমঙ্গলের কালিঘাট, বালিশিরা, রাজঘাট, ডেঙস্ট্যান চা-বাগানে ঘুরে বেড়াতে শুরু করেন। তারা যে বাগানে নাচ করে সে বাগানে চাল ডাল ভিক্ষা করেন। সারাদিন পর সন্ধ্যার দিকে ভিক্ষায় প্রাপ্ত চাল-ডাল ও শাক-সবজি এক সাথে সিদ্ধ করে নিরামিষ ভোজন করেন। এ সময় তারা জোরে বাজনা বাজাতে থাকেনজ্জযেন বাইরের কোনো শব্দ তাদের কানে না-ঢোকে। রাত ১০/১১টার দিকে দণ্ড নাচের মূল পর্ব শুরু হয়।
এই নাচের শুরুতেই শিব ও কালিকে বন্দনা করে নেওয়া হয়। তারপর সারা রাত ধরে চা-বাগানের পুরুষ শ্রমিকেরা এই নাচ করতে থাকেন এবং ভোরের আলোর আভা দেখা দিলে তারা সে রাতের মতো দণ্ড নাচের সমাপ্তি টানেন। পরের রাতে আবার নতুন আরেকটি বাড়িতে বা নতুন কোনো স্থানে দণ্ড নাচের আসর জমে ওঠে। এভাবে পুরো চৈত্র জুড়ে বিভিন্ন শ্রীমঙ্গল অঞ্চলের চা-বাগানে এই দণ্ড নাচ চলতে থাকে। জানা যায়, বৃহত্তর সিলেট অঞ্চলে অন্যান্য চা-বাগানেও এই নাচের প্রচলন আছে। দণ্ড নাচ সাধারণত চা-শ্রমিকদের বাড়ির উঠানে পরিবেশিত হলেও, কখনো কখনো তা বাগানের নির্ধারিত কোনো নাচঘরেও পরিবেশিত হয়ে থাকে। উল্লেখ্য, এই নাচে কোনো নারী শ্রমিককে অংশ নিতে দেখা যায় না, শুধু পুরুষ শ্রমিকেরাই অংশগ্রহণ করে থাকেন।
পাহাড়ী আদিবাসীদের পরিবেশনা
বৃহত্তর পার্বত্য অঞ্চল চট্টগ্রাম-রাঙ্গামাটি আর বান্দরবান জেলা চাকমা, মারমা, ম্রো বা মুরং, তঞ্চ্যঙ্গা, বোম, খিয়াং, পাঙ্খু, লুসাই, ত্রিপুরা, খুমী, চাক ইত্যাদি আদিবাসীদের বসতি এলাকা। এখানকার আদিবাসীরা প্রতিবছর বেশ ঘটা করে বর্ষবরণ ও বর্ষবিদায়ের উৎসব পালন করে থাকেন এবং এই উৎসব কেন্দ্রিক মেলা পত্র-পত্রিকার মারফত সারাদেশের মানুষের কাছে আগ্রহ জাগ্রত করে।
বাংলা বছরের শেষ দু'দিন এবং পহেলা বৈশাখ উপলক্ষে খুব ধুমধামের সঙ্গে সমগ্র পার্বত্য চট্টগ্রামে বর্ষবিদায় ও বর্ষবরণের যে উৎসব উদ্যাপিত হয় তার মধ্যে সবচেয়ে বড় উৎসব ও মেলার নাম হচ্ছে–'বৈসাবি'। পার্বত্য চট্টগ্রামের সংখ্যা গরিষ্ঠ তিনটি আদিবাসী সম্প্রদায়–চাকমা, ত্রিপুরা ও মারমাদের মধ্যে এই উৎসব পরিচিত যথাক্রমে বিজু, বৈসুক ও সাংগ্রাইন নামে, যাদের আদ্যক্ষর নিয়ে ইদানীং এ অঞ্চলের সকল আদিবাসী সম্প্রদায়ের জন্য এ উৎসবকে অভিহিত করা হয়েছে 'বৈ-সা-বি' নামে। বৈসুক, সাংগ্রাইন এবং বিজুর মূল শব্দটি সম্ভবত 'বিষুব সংক্রান্তি'। আসলে চাকমা ভাষায় 'স' বা 'ষ'-কে জ হিসেবে উচ্চারণ করা হয়। তাই বিষু শব্দটি চাকমা ভাষায় হয়ে গেছে 'বিজু'। 'ফুল বিজু', 'মূল বিজু' এবং 'গোর্য্যাপর্য্যার দিন' মিলে মোট তিন দিন চাকমাদের বিজু উৎসব ও মেলা।৫১
বাংলা বর্ষের শেষ দিনের আগের দিন পালিত হয় ফুল বিজু। এ দিন ভোরের আলো ফোটার আগে চাকমা নারী-পুরুষ, ছেলেমেয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে ফুল তোলার জন্য বাগানে, বনবাদাড়ে–যেখানে ফুল পাওয়া যায়। নিজের বাগানে তো বটেই, প্রতিবেশীর বাগান থেকে পর্যন্ত ফুল চুরি করতে এ দিন কারো কোন বাধা থাকে না। তাই বলতে গেলে রাতভর সবাইকে সজাগ থাকতে হয়–নিজে ফুল তোলার আগে অন্য কেউ এসে তার বাগান থেকে ফুল চুরি করল না তো! তোলা ফুলের একাংশ দিয়ে চাকমারা ভগবান বুদ্ধদেবকে পূজা করেন, বাকি অংশ নদীতে পূজার অর্ঘ রূপে ভাসিয়ে দেন। অবশ্য, নদীতে ফুল পূজা দেওয়ার তারা আগে নদীর জলে নেমে গোসল করে নেন। এই গোসলের সময় আর ফুল পূজা দেওয়ার সময় তারা নদীর কাছে গানে গানে প্রার্থনা করেন–'জু মা গঙ্গী, ম-র পুরোন ঝরঝর আপদবলা, ফিবলা বেগ ধোয় নে যা', অর্র্র্থাৎ 'প্রণাম হে মা গঙ্গা, আমার পুরানো বছরের যাবতীয় আপদ-বিপদ সব ধুয়ে নিয়ে যাও'।
বিজু উৎসবের দ্বিতীয় দিন, অর্থাৎ বাংলা বর্ষের শেষ দিনকে বলা হয় 'মূল বিজু'। এই শব্দবন্ধ থেকে স্পষ্টতই বোঝা যায় যে,–বিজু উৎসবের মূল বা প্রধান আকর্ষণ হলো এই দিনটি। এ দিন সকালে পাড়ার ছোট ছেলেমেয়েরা থালায় ধান নিয়ে প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে উঠোনে ছিটিয়ে দেয়, সহসা বাড়ির মুরগিরা ছুটে এসে ছিটানো সে ধান নববর্ষের প্রসাদ হিসেবে খেয়ে নেয়। এভাবে মুরগিদের খাওয়ানো শেষে করে নিজেদের খাবার আয়োজন শুরু করে।
চাকমা ছেলেমেয়েরা সবাই মিলে প্রতিবেশীদের বাড়িতে বাড়িতে গিয়ে ঘুরে ঘুরে বিজু খেয়ে থাকে। এ দিন পাড়ার সব প্রতিবেশীদের বাড়িতে ঘুরতে, বিজু খেতে কারো কোনো রকমের দাওয়াতের প্রয়োজন হয় না। প্রতিটি বাড়িতে এ দিনে নিশ্চিতভাবেই ঐতিহ্যবাহী খাদ্য পাজনসহ বিচিত্র খাবারের আয়োজন থাকে। জানা যায়, বিভিন্ন পদের সবজির সংমিশ্রণে রান্না করা তরকারিকে চাকমারা পাজন বলে থাকে। সম্ভবত পাঁচ অণ্ন (পাঁচন) শব্দ থেকেই পাজন শব্দের উৎপত্তি, যা তৈরি হয় ন্যূনতম পাঁচ পদের সবজি দিয়ে। সবাই চেষ্টা করে পাজনে সবজির পদ বা সংখ্যা বাড়াতে। অনেক ক্ষেত্রে একশ পদেরও বেশি সবজি দিয়ে পাজন রান্না করা হয়। এই পাজন ছাড়াও থাকে পিঠা, পায়েস, সেমাই, শরবত ইত্যাদি অনেক ধরনের খাবার ও পানীয়। পাজনের সঙ্গে প্রাপ্তবয়স্কদের আপ্যায়ন করা হয় ঘরে তৈরি মদ দিয়ে। সাধারণত মূল বিজুর দিনে ভাত এবং মাছ-মাংস দিয়ে আপ্যায়ন করা হয় না। দুপুরে তরুণ-তরুণীরা নদী, কুয়ো থেকে জল তুলে কলসি কাঁধে বয়সীদের গোসল করায়। বৌদ্ধ মন্দিরে বুদ্ধের মূর্তিকে গোসল করানো হয়। গোসল করা বা করানোটা হলো পুরনো বছরের ময়লা-আবর্জনাস্বরূপ আপদ-বিপদ ধুয়ে পূতঃপবিত্র হওয়ার প্রতীক। সন্ধ্যায় মোমবাতি দিয়ে বুদ্ধকে, গঙ্গী মাকে (নদীকে) পুনরায় পূজা করা হয়, বাসায় আলোকসজ্জা করা হয় এবং গোয়ালঘরও মোমবাতি দিয়ে আলোকিত করা হয়। এর আসল উদ্দেশ্য এই যে, পুরনো বছরের যাবতীয় অজ্ঞানতা, আপদ-বিপদের অন্ধকার যেন তাদের পাড়া থেকে দূরীভূত হয়ে যায়।
বিজু উৎসবের তৃতীয় দিন বা বাংলাবর্ষের প্রথম দিনকে বলা হয় 'গোর্য্যাপোর্য্যা' দিন, অর্থাৎ 'গড়িয়ে পড়া দিন'। হিন্দিতে যেমন জন্মদিনকে বলা হয় 'সাল গিড়া' বা 'বর্ষ গড়িয়ে যাওয়া'র দিন, তেমনি চাকমাদের কাছে পহেলা বৈশাখ হলো–বছর গড়িয়ে পড়ার দিন। এ দিন নিকট আত্মীয়দের দাওয়াত দিয়ে ভাত-মাছ-মাংস দিয়ে আপ্যায়ন করা হয়। সাধারণত যে গৃহবধূরা অন্যদের আপ্যায়নে ব্যস্ত থাকার কারণে মূল বিজুতে বেশি শরিক হতে পারেননি, তারা এ দিন বাড়ি বাড়ি ঘোরেন।
ত্রিপুরা আদিবাসীগোষ্ঠী বিষুব সংক্রান্তিকে 'বৈসুক' নামে অভিহিত করে, যা সম্ভবত বিষু বা বৈষু থেকেই উদ্ভূত। তাদের বৈসুক উৎসব চাকমাদের মতোই, তবে তাদের বাড়তি আকর্ষণ হলো 'গোড়াইয়া নৃত্য'। এই উদ্দেশ্যে ২০-৩০ জন নারী-পুরুষ নর্তক-নর্তকী নিয়ে গঠিত হয় একেকটি গোড়াইয়া দল। বৈসুকের দিনে এই গোড়াইয়া দল পাড়ায় পাড়ায় গিয়ে নৃত্য পরিবেশন করে থাকে।
মারমা আর রাখাইন আদিবাসীগোষ্ঠীর কাছে বিষুব সংক্রান্তি 'সাংগ্রাইন' নামে পরিচিত, যা উদ্ভূত হয়েছে সংক্রান্তি শব্দ থেকে। চাকমারা যেখানে পুরনো বছরের আপদ-বিপদ দূরীভূত করার মানসে নদীতে গোসল করে, বয়সীদের গোসল করায়, সেখানে সাংস্কৃতিক বিবর্তনে বর্র্ষবিদায় ও বর্ষবরণের উৎসব 'সাংগ্রাইন' মারমাদের কাছে হয়ে গেছে পানি ছিটানোর 'জলকেলি' উৎসব। এ উৎসবে নারী-পুরুষ সবাই অংশগ্রহণ করে পরস্পরের ওপর জল ছিটানোর জন্য। চাকমা, মারমা, ত্রিপুরা ছাড়াও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য আদিবাসী সম্প্রদায় সাড়ম্বরে বিষুব সংক্রান্তি পালন করে। এ উপলক্ষে সমগ্র পার্বত্য চট্টগ্রামের গ্রামে গ্রামে আয়োজন করা হয় বিভিন্ন খেলার প্রতিযোগিতা। খেলার মধ্যে বাংলাদেশের সমতল এলাকা থেকে ব্যতিক্রমধর্মী খেলা হলো নাধেং খেলা, ঘিলা খেলা ইত্যাদি।
পার্বত্য চট্টগ্রাম ব্যতীত অন্যান্য জেলার আদিবাসীরাও পালন করে বিষুব সংক্রান্তি উৎসব। কমলগঞ্জের বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের কাছে এ উৎসব 'বিষু' নামে অভিহিত। পুরনো বছরের শেষ দিন থেকে শুরু হয়ে একটানা সাত দিন চলে এ উৎসব। বিষু উপলক্ষে চলে পাড়া-প্রতিবেশীদের মধ্যে বিভিন্ন খাবারের আদান-প্রদান, পাড়ায় পাড়ায় খেলাধূলার প্রতিযোগিতা। খেলার মধ্যে রয়েছে কড়ি, ঘিলা খেলা ইত্যাদি।
বিষুব সংক্রান্তি, যা ত্রিপুরা ভাষায় বৈসুক, বোডো ভাষায় বৈসাগু, খুব সম্ভব তারই সংস্কৃত রূপ 'বৈশাখ'। আরাকানিরা বৈশাখ মাসকে বলে 'থাংগ্রাই লাহ' অর্থাৎ থাংগ্রাই (সাংগ্রাই) বা বিষুব সংক্রান্তির মাস। সেই হিসেবে বৈশাখ মাস মূলত বিষু অর্থাৎ বৈসুক বা বৈসাগুর মাস এবং বৈশাখ শব্দটির উৎপত্তি।
এখানে একথা নির্দ্বিধায় বলা যায় যে, সমতলের বাঙালির চৈত্র-সংক্রান্তির বিচিত্র ভ্রাম্যমাণ পরিবেশনা শিল্পের সাথে পার্বত্য এলাকার আদিবাসীদের ভ্রাম্যমাণ পরিবেশনাসমূহও সমান্তরালে উল্লিখিত হবার দাবি রাখে।
উপসংহার
সুপ্রাচীনকাল থেকে মধ্যযুগের বাংলাদেশে যে সকল ঐতিহ্যবাহী বৈচিত্র্যময় ভ্রাম্যমাণ পরিবেশনা শিল্প প্রচলিত ছিল–তার মধ্যে কিছু পরিবেশনা শিল্প মহাকালের গর্ভে হারিয়ে গেলেও কিছু কিছু সাম্প্রতিক সময় পর্যন্ত প্রবহমান রয়েছে। উল্লেখ্য, সেই সকল ঐতিহ্যবাহী পরিবেশনা শিল্পের প্রবহমান ধারা সঙ্গে অপেক্ষাকৃত আধুনিককালেও বহু ধরনের ভ্রাম্যমাণ পরিবেশনা শিল্পের প্রচলন শুরু হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের মুখোশ ও লোকজ মোটিফে তৈরি উপকরণ নিয়ে পহেলা বৈশাখ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস ইত্যাদি উপলক্ষে আয়োজিত নাগরিক শোভাযাত্রার বিচিত্র ভ্রাম্যমাণ পরিবেশনার
……
বিজয় দিবসের শোভাযাত্রা
…….
কথা উল্লেখ করা যায়। এছাড়া, সাম্প্রতিক কালে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস (যেমন, আদিবাসী দিবস) উদ্যাপনে ঐতিহ্যবাহী পোশাক ও উপকরণ নিয়ে এবং কখনো কখনো বিভিন্ন ধরনের সামাজিক, রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক বিষয়কেন্দ্রিক আন্দোলন-প্রতিরোধের শোভাযাত্রাতেও বিভিন্ন ধরনের সমালোচনাধর্মী ভ্রাম্যমাণ পরিবেশনা করতে দেখা যায়।
অত্র প্রবন্ধে মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী ও পেশাজীবী ভ্রাম্যমাণ পরিবেশনা শিল্পের ঐতিহাসিক ও ঐতিহ্যিক পরিচয় উদ্ঘাটন, বিবর্তন ও তার সাম্প্রতিক চালচিত্র উপস্থাপনে গ্রন্থাগারে প্রাপ্ত তথ্যের সঙ্গে মাঠসমীক্ষণ অভিজ্ঞতার সমন্বয় সাধন করা হয়েছে। সমন্বিত এই আলোচনায় এদেশের বিভিন্ন প্রান্তের আপামর জনতার রুচি, অভিরুচি ও তাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের পরিচয় যেমন লাভ করা যায় তেমনি তাদের মধ্যকার অন্তর্গত মিল এবং অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনাকে গভীরভাবে অনুভব করা যায়। আসলে, এদেশে প্রচলিত বৈচিত্র্যময় ভ্রাম্যমাণ পরিবেশনা শিল্প এদেশের সব মানুষকে উদারভাবে কাছে টেনে নেবার জন্য সর্বক্ষণ উন্মুখ হয়ে থাকে। সকলে এসে না মিললে কি কোনো উৎসব-পার্বণ কিংবা কোনো নাট্যমূলক পরিবেশনায় আনন্দ অনুভব করা সম্ভব!
তথ্যনির্দেশ
৪৯. মাহবুব আলম পল্লব, মান্দি উৎসব ওয়ান্না, প্রথম আলোর সাপ্তাহিক ম্যাগাজিন : ছুটির দিনে, (ঢাকা : ২৭ জানুয়ারি ২০০৭), পৃ. ৫
