২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

আমার শিক্ষক জিল্লুর রহমান সিদ্দিকী

মোস্তফা তোফায়েল

Published : 16 Nov 2014, 11:41 PM

Updated : 03 Oct 2022, 11:26 AM

Image
siddiki.jpg

আমার শিক্ষক জিল্লুর রহমান সিদ্দিকী। ১১ নভেম্বর ২০১৪ তারিখ রাত পৌনে বারোটায় তাঁর অবিনশ্বর আত্মা নশ্বর দেহ ফেলে রেখে স্বর্গাশ্রয়ী হয়েছে।
প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় বিশ বছর ইংরেজি সাহিত্যের শিক্ষক ছিলেন। তাঁর অধ্যাপনা পেশার অধিকাংশ সময় কেটেছে সেখানে। আমি ১৯৭৪-এর শুরুতে যখন ওই বিশ্ববিদ্যালয়ে এম.এ ইংরেজি প্রথম বর্ষে ভর্তি হই, তিনি তখন সেখান থেকে বিদায় পথের পথিক। মনে পড়ে , আমি মাত্র একটি ক্লাশে তাঁকে শিক্ষক হিসেবে পেয়েছিলাম। তিনি শেক্সপিয়রের সনেট সম্পর্কে কথা বলছিলেন। ওই সময়ে তিনি শেক্সপিয়রের সনেটসমগ্র অনুবাদের কাজ করছিলেন, শুনেছিলাম। এর আগে তিনি জন মিল্টনের অ্যারিওপ্যাজিটিকা অনুবাদ করেছিলেন। তাঁরই সম্পাদিত দীপঙ্কর পত্রিকায় আমি তাঁর টেম্পেস্ট অনুবাদ পড়েছি। তাঁর ক্লাশ-বক্তৃতায় তিনি ছিলেন অসামান্য প্রভাবশালী। সরলতা ও স্নিগ্ধতায় সিক্ত ব্যক্তিত্বে তিনি ছাত্রদের মন্ত্রমুগ্ধ করে রাখতেন। রবীন্দ্রসাহিত্যেও তাঁর ছিল অগাধ পাণ্ডিত্য। শুধু ইংরেজি সাহিত্যের ছাত্রছাত্রীই নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরি হল ও অন্যান্য ভেন্যুতে অনুষ্ঠিত সাহিত্য-সংস্কৃতির অনুষ্ঠান ইত্যাদিতে বহুমুখী বিদ্যা ও বহুধাবিস্তৃত সাহিত্য আলোচনায় তিনি বাংলা সাহিত্যের ছাত্র-শিক্ষকসহ অপরাপর বিষয়ের ছাত্র-শিক্ষকদেরও সমীহ আদায় করার মত ঋদ্ধ ও সিদ্ধ ছিলেন।

দেহ ও আত্মা বিষয়ে হাসন রাজার ''লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার'' অথবা লালন ফকিরের ''খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়'' কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের ''খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে'' ধরনের গান ও কবিতার সাথে আমাদের জানাশুনা আছে। একই বিষয় নিয়ে শেক্সপিয়রের রচিত সনেট নম্বর ১৪৬-এর অনবদ্য সুন্দর বাংলা তর্জমা করেছেন সিদ্দিকী স্যার। মন কেড়ে-নেয়া তাঁর এই তর্জমাটি উদ্ধৃত করলাম:
ওরে আত্মা, পাপে ভরা মাটির দেহের কেন্দ্রস্থলে,
তোর প্রতিপক্ষ, দেহ-সজ্জা, তোকে রেখেছে ভুলিয়ে।
কিসের অভাব, কেন শুকিয়ে মরিস তলে তলে?
কেন এ অমূল্য সজ্জা রেখেছিস প্রাচীরে ঝুলিয়ে?
পড়ন্ত এ-দালানের অল্প ক'টি দিনের ইজারা,
কেন তার জন্যে এই বেহিসেবী বৃথা অর্থ ব্যয়?
দেহের ওয়ারিশ কীট, একদিন খাবে নাকি তারা
এই প্রিয় ভোগ্য, তার এই শেষ পরিণতি নয়?
আত্মা বেঁচে থাক্ তুই দেহের ক্ষতির বিনিময়ে,
ও যতো শুকোবে, ভ'রে উঠবে তোর আপন ভাণ্ডার।
বেচে দে এ তুচ্ছ দিন, কিনে নে এ-অনন্ত সময়,
অন্দরে ঐশ্বর্য আন, ঝরে যাক্ বাহ্য অলঙ্কার।
মৃত্যু, যে মনুষ্য-ভূক, তুই সেই মৃত্যুর খাদক,
যদি একবার মরে, মৃত্যু হবে চির-পলাতক।

এই সনেটটিরই একটি সু-স্বাদু বাংলা তর্জমা করেছেন প্রফেসর সারোয়ার, তবে সিদ্দিকী স্যারের তর্জমা যেখানে পাঠকের অন্তরের সাথে কথা বলে, সেলিম সারোয়ারের তর্জমা সেখানে কথা বলে ভাষাদেহের সাথে। আমি বলতে চাই, দ্বিতীয় জন মূলের শব্দ ও ভাষার প্রতি অধিক নিষ্ঠার চর্চা করতে গিয়ে সাহিত্যের নান্দনিক আবেদন '' অন্তর মম বিকশিত করো অন্তরতর হে''-র প্রতি অনেকখানি উপেক্ষা ও অযত্নের চর্চাই করেছেন। শুধু তাই নয়
ইংরেজি সনেটের দ্বাদশ লাইন,
Within be fed, without be rich no more-এর তর্জমা সুধীন দত্ত যেখানে করেছেন,'মিটুক মর্মের ক্ষুধা, ঘনঘটা অশ্রুতে গলুক', এবং সিদ্দিকী স্যার করেছেন 'অন্দরে ঐশ্বর্য আনো, ঝরে যাক্ বাহ্য অলংকার', সেখানে সেলিম সারোয়ার করেছেন ''মিটুক আত্মার ক্ষুধা, শরীরের জেল্লা আর নয়"।

বাংলা একাডেমীর ব্যবহারিক বাংলা অভিধানে 'জেল্লা' শব্দটিকে আরবি ব্যুৎপত্তিগত বলা হয়েছে। আরো বেশ ক'টি সনেটের তর্জমায় সেলিম সারোয়ার 'জেল্লা' ব্যবহার করেছেন। ইংরেজি সনেটেরই তো বাংলা তর্জমা করা হচ্ছে, তা হলে আবার অপরিচিত বিদেশি শব্দ কেন? সুধীন দত্তের তর্জমাটিতে দূরাগত অর্থ নিয়ে আসার প্রবণতা আছে, তিনি করেছেন 'ঘনঘটা অশ্রুতে গলুক'। কিন্তু আমি শ্রেষ্ঠ বলবো সিদ্দিকী স্যারের তর্জমাটিকে।

প্রফেসর সেলিম সারোয়ার তাঁর সুদীর্ঘ ভূমিকায় সিদ্দিকী স্যার সম্পর্কে একটি অভিযোগ তুলেছেন, সেটি অভিযোগ না হয়ে অনুযোগ হলে আমার ভালো লাগতো। সিদ্দিকী স্যার একজন প্রাবন্ধিক, কবি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি এদেশের সুধী সমাজের একজন অনুকরণযোগ্য শিক্ষকও ছিলেন। সেক্সপিয়রের সনেট অনুবাদ প্রসঙ্গে তাঁর সম্পর্কে সেলিম সারোয়ার বাঁকা তীরের ভঙ্গীতে বলেছেন, ''মিল খোঁজার দায় থেকে অব্যাহতি নিতে কখনো তিনি অবলম্বন করেছেন অমিত্রাক্ষরের ধরন–যেমন সনেট ১১২, ১১৫, ১১৭।'' অমিত্রাক্ষরের কবিতাকেও অমিত্রাক্ষর ছন্দের কবিতা হিসেবে মেনে নিয়েছেন ছন্দ-শাস্ত্রের সকল শাস্ত্রকার ও কবিকুল। মাইকেল মধুসূদন দত্ত-এর মধ্যে ধ্বনিশৈলী , 'Sonorous quality' প্রয়োগ করেছেন। সিদ্দিকী স্যারের তর্জমায় ১১৭ নম্বর সনেটটি অমিত্রাক্ষরে হলেও তা-তে আছে ধ্বনিসৌন্দর্য এবং অর্থের সঠিকতা। বরং বলা যায়, প্রফেসর সেলিম সারোয়ার এই ১১৭ নম্বর সনেটেরই ৫ম ও ৬ষ্ঠ লাইনের সঠিক অর্থ তুলে ধরার ক্ষেত্রে কিছুটা হলেও পা-পিছলে যাওয়ার নজির রেখেছেন। কবিতাটির দ্বিতীয় চতুষ্টকে সেলিম সারোয়ার তর্জমা করেছেন,

কাটিয়েছি দীর্ঘকাল কু-সংসর্গে বেগানা মনের,
যা ছিল তোমার প্রাপ্য উড়িয়েছি মুহূর্ত সে-সব,
বিভিন্ন বায়ুতে পাল তুলে যাত্রা করেছি যে ঢের,
নিয়েছে দূরান্তে তারা ছিন্ন করে তোমার সংশ্রব।

উদ্ধৃত এই সমিত্রাক্ষর তর্জমায় 'কুসংসর্গে বেগানা মনের' সঠিক তর্জমা নয়, অনূদিত কবিতাও নয় কবিতার মতো ব্যঞ্জনাময়। সিদ্দিকী স্যারের তর্জমাটির কাব্যসম্পদকে এগিয়ে রেখেই আমি উক্ত চতুষ্টকের একটি স্ব-কৃত তর্জমা উপস্থাপন করছি:

অথচ, তোমার গাঢ় ভালোবাসা ভুলে গিয়ে আমি
ঘুরেছি বেগানা সব ঘরে ঘরে টোকা মেরে মেরে।
আমার অন্তরে কেনা তোমার স্বত্বাধিকারী জমি
বিলিয়েছি যথাতথা, দিয়েছি পালের নৌকা ছেড়ে
বাতাস যেদিকে ধায়, তোমার দৃষ্টির সীমা ভেঙে
…………………………………………………..
মূল কবিতার ঐ চতুষ্টকে কিন্তু পর পর তিনটি কমা নেই;অথচ সেলিম সারোয়ার তিন পঙক্তির শেষে তিনটি কমা ব্যবহার করেছেন। 'নিয়েছে দূরান্তে তারা ছিন্ন করে তোমার সংশ্রব' পড়লে মনে হয় এই ছত্রটিই বরং পাঠককে কোন দূর দূরান্তে ঠেলে দিচ্ছে! মূল ইংরেজিটা এরকম:

That I have frequent been with unknown minds,
And given to time your own dear-purchased right;
That I have hoisted sail to all the winds
Which should transport me farthest from your sight.

সেক্সপিয়রের সনেটসমগ্র তর্জমা-কালে আমি দত্ত, দে, সিদ্দিকী, সারোয়ার–সবার তর্জমার সহযোগিতা নিয়েছি। কবি মুহম্মদ নূরুল হুদা আমাকে সহযোগিতা করেছেন। ''গ্রহণ করেছি যতো, ঋণী ততো করেছ আমায়''। সবাই আমার পূর্বসূরী এবং মহাজ্ঞানী মহাজন।

অতুল প্রভাববিস্তারী, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ও অসামান্য প্রজ্ঞাবান শিক্ষক জিল্লুর রহমান সিদ্দিকী আর নেই। কিন্তু তিনি যে সাংস্কৃতিক বোধ এবং মনীষা রেখে গেলেন, তাঁর ছাত্রসমাজ , গুণগ্রাহীগণ এবং কবি মুহম্মদ নূরুল হুদার ভাষায় 'যতদূর বাংলাভাষা, ততদূর বাংলাদেশ'-এর মানুষ তা স্মরণে রাখবে। শুধু শিক্ষকতাসুলভ শিক্ষা দান করে নয়, অনুবাদকসুলভ অনুবাদ দিয়ে কিংবা প্রাবন্ধিকসুলভ প্রবন্ধ রচনা করেই নয়; তাঁর মধ্যে আমরা খুঁজে পেয়েছি একটি সমগ্র আদর্শ, একটি মডেল, একটি প্রভাবক ব্যক্তিত্ব। সেটি হয়তো সহজে পূরণ হবে না। পূরণ না হোক, তিনি তো মডেল হিসেবে থেকেই গেলেন! তাঁর দেহখাঁচা ধূলিতে পড়ে থাকবে, কিন্তু তাঁর আত্মা বেঁচে থাকবে অমরত্ব নিয়ে এদেশের আলোতে বাতাসে তরঙ্গে তরঙ্গে, বাঙালির সংস্কৃতির সত্তায় সত্তায়, পরতে পরতে। আপনাকে শেষ প্রণতি, শ্রদ্ধেয় সিদ্দিকী স্যার।

Image
Flag Counter