২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

আদরে থাকুন কবি শঙ্খ ঘোষ

রুখসানা কাজল রুখসানা কাজল

Published : 26 Apr 2021, 03:42 PM

Updated : 03 Oct 2022, 11:26 AM

ফেরিটা দুলছিলো। সাধারণত এত বড় ফেরি দোলে না। পদ্মার পানি ঝাপটে এসে ফেনা তুলে তুলে খেলে যায়। সে এক ছেলেমেনুষি আহ্লাদী খেলা। কিন্তু আজ ঝড় এসেছে। হঠাত। দূর থেকে সাদা হয়ে ক্রমশ ঘোলাটে বাতাস ভেঙ্গে পড়ছে পদ্মার বুকে। যে ঢেউগুলো সরল শিশুর মত খেলছিল তারা হঠাত ফনা তোলা সাপের মত ফুঁসে উঠছে। আর তখনই ভয়ের সাথে আমার মন গেয়ে উঠল, চললো মেয়ে রণে চললো—
পাশ থেকে মৃত বড়বোনের মেয়ে মুন্নি ছিটকে দূরে সরে গেছে । ভয় দীর্ণ মুখে ডেকে যাচ্ছে, ওখান থেকে সরে আয়— সরে আয়—
ফেরির রেলিং ধরে অনেকের সাথে আমরা ঝড়রত পদ্মাকে দেখছি। এপার ওপার মাত্রে আধ ঘন্টার পথ। দোউলদ্দিয়া থেকে পাটুরিয়া—কতবার আসা যাওয়া করি। মেজোবোন কবি। তার আবাস ফরিদপুর শহরে। বড়বোনের মেয়ে মুন্নি আর আমি প্রায় সমবয়সি। সেই তেরো বছর বয়সে একটি বই চুরি করার খুব সাহস হয়েছিল আমাদের। বইটির প্রচ্ছদে ছিল কয়েকটি পাতা। যেন আমাদের কাঁঠালগাছের পাতা ছিঁড়ে এঁকে নেওয়া হয়েছে। কবি বন্ধুদের সাথে খুব আলোচনা হত এই বইটির কবিতা নিয়ে। কয়েকটি কবিতাংশ বিশেষভাবে কানে ভেসে আসত, নিভন্ত অই চুল্লিতে মা আগুন জ্বেলে দে—মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে–
আমাদের বয়েস কম। তাছাড়া নির্দেশ ছিল চা নাস্তা দিয়েই অই রুম ছেড়ে চলে আসতে হবে। চলে আসতাম আর অন্যরুমে গিয়ে খুব হাসতাম, ওরা হচ্ছে কবি আর আমরা হচ্ছি চা বুয়া—
কালো টেবিলে উপচে পড়া বই, তবু খুঁজে পেয়েছিলাম সেই বইটা। তার পাশে ছিল কৃষাণ চন্দরের ফিনফিনে একটা বই রুটি, কাপড়া, মকান। প্রার্থিত বইটির প্রচ্ছদ দেখতে না দেখতে ধরা পড়ে গেছিলাম। মেজোবোন বইটা কেড়ে নিয়ে বলেছিল, এসব কী হচ্ছে তোদের ! পড়াশুনা নেই ? যা পড়তে বস গিয়ে।
বড় হলাম। ইন্দিরা রোড বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে বাংলা মোটর —কত শত বই কিন্তু অই বইটা আর পাইনা। আমার স্মৃতিশক্তি প্রখর। দৃষ্টি অনেকটা ফটোগ্রাফিক। সেদিন কবির নাম পড়তে পারিনি । শুধু চোখের ভেতর গেঁথে আছে পাতাময় একটি প্রচ্ছদ আর তালব্য শ। এটুকুই। অন্ধের মত প্র্যাক্টিস করে জাগিয়ে রাখি আমার ব্রেন সেল এ। আমার হাত থেকে কিছু কেড়ে নিলে আমি ভুলিনা। প্রতিবাদ বা অনুযোগও করিনা। মা বলে দিয়েছিল, পিতৃহীন মেয়েদের ডানা ছেঁটে রাখতে হয় মামণি। ধৈর্য্য রাখো। একদিন আয়তবান এই দশ দিক …
ইউনিভার্সিটিতে এসে বইটি কিনেছিলাম স্কলারশিপের টাকায়। বাপির গলায় অদ্ভুত ভাল লাগত কবিতাগুলো। তাছাড়া ছন্দ, ছন্দ ভাঙ্গা, কবিতার অন্তর্নিহিত ভাব, আধুনিকতা, সমাজচেতনার স্পষ্টতা, দলীয় দাসত্বহীন সুস্পষ্ট রাজনৈতিক মতবাদিতা কত কিছুর আলোচনা হত ! আর সন্ধ্যার আবছায়ায় বাবরের প্রার্থনায় গলা ভেঙ্গে আসা বাপির সেই কান্নাচাপা নিস্তব্ধতা আমাকে ছুঁয়ে যেত। প্রায় না দেখা এক অগ্রজা যার কবর রয়ে গেছে করাচির গোরস্থানে, নকশাল আন্দোলনে হারিয়ে যাওয়া দাদার কথা মনে পড়ে যেত। আমরা ছুঁয়ে ছুঁয়ে বসে থাকতাম।
উত্তাল পদ্মা উদ্দাম ঝাঁপাচ্ছে। গেরুয়া রোষে ভিজিয়ে দিচ্ছে ফেরির রেলিং আঁকড়ে থাকা আমাদের। মেয়েদের দিকে কান্নার রোল আর সমবেত দোয়া দরুদের বন্যা বয়ে যাচ্ছে। সনাতন ধর্মের যারা তারা হাত জোড় করে মা মা করে কাঁদছে। একজন হুজুরকে দেখে ওদের মধ্য থেকেই কেউ বলে উঠলেন, ভাইরে আজান দেন। আজান দেন তাড়াতাড়ি। মা পদ্মা আজ বড় ক্ষেপেছে। ফেরির তিনতলায় কেউ কেউ থালাবাটি বাজাচ্ছে। অথচ এত কিছুর মধ্যেও আমার মনে বেজে যাচ্ছে, পদ্ম, তোর মনে পড়ে খালযমুনার এপার ওপার, রহস্যনীল গাছের বিষাদ কোথায় নিয়ে গিয়েছিল ?
মুন্নি এসে ফিসফিস করে বলে, তুই আয়তুল কুরসি জানিস ? যতবার পড়ি ততবার আমার দ্বিখন্ডিত অন্য মন ভয়হীন উচ্চারণে বলে ওঠে, রহস্যনীল গাছের বিষাদ কোথায় নিয়ে গিয়েছিল ? কোথায়– চোখ ভেসে যায় । আমার পিঠ জড়িয়ে মুন্নিও কেঁদে ওঠে। ওর আম্মি নেই । আমার বাপি নেই। এবার বাড়ি ছেড়ে আসার সময় মাকে খুব মলিন লেগেছে। আগে মা শাড়ি কিনত পাড় আঁচলের কাজ দেখে। এখন কেনে দাম জেনে। কম দামের। যত কম দামের হয় হোক। ব্যক্তিত্বের সেই ধারালো জোর ক্রমশ নিভে যাচ্ছে। সামান্য মুখ খারাপ করলে যে কাপড় শুকানো ক্লিপ দিয়ে ঠোঁট আটকে দেওয়ার ভয় দেখাত সেই মা হারিয়ে যাচ্ছে। মার মুখ ঢেকে যাচ্ছে হিসাবের খাতায়। নিজের তিনটি আর দু মেয়ের পাঁচটি এতিম ইউনিভার্সিটি, চারুকলা, কলেজ ইশকুলে পড়াশুনা করছে। এদের শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, ধ্বংস করে দাও আমাকে ইশ্বর / আমার সন্ততি স্বপ্নে থাক।
একজন মামা এসেছিল নড়াইল থেকে, আপা তোমরা যে কি চ্যাটের বাল লেখাপড়া লেখাপড়া কর। টাকাই সব। ছেলে কাস্টমসে। বিয়ে দিয়ে দাও মেয়েকে।
মা রাজি হয়নি। ভাবনার মেঘে ডুবে মুখ খারাপি মামাকে বকাও দেয়নি। যে মা ছিল আগুনকন্যা সে এখন নিভন্ত ছাই। বাপি বেঁচে থাকতে আমরা খাওয়ার টেবিলে চামচ বাজিয়ে বলতাম,
নিভন্ত এই চুল্লীতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে।
নোটন নোটন পায়রাগুলি
খাঁচাতে বন্দী
দু'এক মুঠো ভাত পেলে তা
ওড়াতে মন দি'।
লাল করে ভাজা সরপুঁটি মাছ আর কচি বেগুন দিয়ে কৈ মাছের ঝোল— ভাত উড়ে উড়ে আমাদের পেট ভরে যেত।
পদ্মার রাগ কমেছে। আমরা সূর্যমুখি বাসে উঠে বসি। জীবন ফিরে পাওয়ার হাসিকান্নায় মাখামাখি সবার মুখ। আর সে মুহুর্তে ধেয়ে আসে আমার জন্যে লেখা একটি কবিতাটি, জাবাল সত্যকাম। সত্যকামের গল্প আগেই জানতাম। কিন্তু এ কবিতাটি এক সময় আমাকে সুরক্ষা দিয়েছিল। এখনও দেয়। আমি ত কবে থেকেই একটি দ্বীপ হয়ে গেছি। নির্জন। সংক্ষিপ্ত। একা অথচ একাকী নই, সুদীপ্ত মুখর। সূর্য, বায়ু, মাটি ও জল, সাহস আর কান্নারা আমাকে পূর্ণতার দানে অনিন্দিত প্রাপ্তির ঋদ্ধ স্বর দিয়েছে, 'এখন অনেকদিন বন্ধুদল, তোমাদের হাতে হাতে নই, এখন স্পষ্টই আমার আড়াল, বনবাস।''
নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। অনেকটা সহস্র পূর্ণ হওয়ার মত ভাব নিয়ে পড়াশুনার জগতে ডুবে ছিলাম। খুব প্রয়োজন ছিল এই আয়নাটার। শুধু কি আমার ! পশ্চিমবঙ্গের বাঙ্গালিদের কাছেও তিনি হয়ে উঠেছিলেন বিবেকের মুখপাত্র। নকশাল আন্দোলন, জরুরি অবস্থা কাটিয়ে সে সময় পশ্চিমবঙ্গ বামপন্থার শাসনকালে প্রবেশ করছে। তিনি তাঁর লেখায় নিয়ে এলেন রাজনীতি, সমাজনীতি অর্থনীতির সটান প্রকাশ। প্রতিবাদ। মানুষের জন্যে। মানুষ হয়ে। আজন্মের অঙ্গীকারে অনম। নতস্কন্দ কবি সাহিত্যিক হয়ে নয়। বিনম্র সতেজে বহমান ছিলেন কবি শঙ্খ ঘোষ।
মৃত্যু সে এক অদেখা সুদূর। আপনার প্রস্থানপথের ধূলায় ধূলায় আমাদের মত গত তরুণ আর আজকের নবীন তরুণদের শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আদরে থাকুন কবি শঙ্খ ঘোষ, আদরে থাকুন। মৃত্যু আমাদের বোন, মাটি আমাদের মা। যে আগুন জ্বেলে গেলেন আমরা তা ছুঁয়ে ছুঁয়ে থাকবো । ছুঁয়ে ছুঁয়ে বেঁধে বেঁধে — অন্ধকারে, দুঃসময়ে, উৎখাতে আতঙ্কে। দেশ ও দেশে নিষাদের থাবার বিরুদ্ধে— ধর্মের ডুগডুগি, লকলকে জিহবা ও লোভের মুখে বিষ ঢেলে আমরা বেঁধে বেঁধে থাকব।
আদরে থাকুন কবি,
সহস্র পূর্ণতার আনন্দে অন্য পৃথিবীর মায়াতে আপনার যাত্রা শুভ হয়ে উঠুক। কবিতার স্তম্ভের পাশে আপনার গদ্যলেখায় আমি মুহুর্মুহু শোক যাপন করছি।