২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ কাদরীর ফেরা ও আমাদের আত্মানুসন্ধান

পুলক হাসান পুলক হাসান

Published : 04 Sep 2016, 08:46 PM

Updated : 23 Jun 2022, 04:03 PM

কবিত্ব শক্তিতে এক আকর্ষণীয় প্রতিভা কবি শহীদ কাদরী। তীব্র নাগরিকবোধ ও মননে তিনি সমর সেনেরই যথার্থ উত্তর সাধক। কিন্তু চমক সৃষ্টিতে রুশ কবি আন্দ্রেই ভজনেসেনস্কির বাংলা সংস্করণ, আবার কাব্য কুশলতায় তাঁর কবিতায় দেখি মেক্সিকান কবি অক্তাভিও পাজের কবিতার ঝলকও। আসলে নাগরিক উপাদানে ভরপুর তাঁর কবিতার প্রধান আকর্ষণ চমক সৃষ্টি। সেই চমক শব্দ, বাক্য, উপমা, স্বর ও দ্যোতনায় একেবারেই কাদরীয়। কবিতায় তাঁর চমক সৃষ্টিতেই প্রজন্ম থেকে প্রজন্ম মোহাবিষ্ট। তিনি যখন 'গণহত্যা' শব্দের বদলে 'গণচুম্বন' এবং সৈনিকের কাঁধে রাইফেলের বদলে 'গোলাপ গুচ্ছে'র কথা বলেন তখন অবাক হতে হয় বৈকি! স্মার্ট, নিজস্বতায় উজ্জ্বল, সম্মোহনী কাব্যভাষা ও শুদ্ধ আধুনিকতাবোধের জন্য শুরুতেই মেধাবী কবি হিসেবে চিহ্নিত তিনি প্রতিষ্ঠিত করেন তাঁর সেই বুদ্ধিদীপ্ত ক্যারিসমেটিক অভিনবত্ব। জীবদ্দশায় লিখেছেন মাত্র ১৮০টি কবিতা, কাব্যগ্রন্থ চারটি : উত্তরাধিকার (১৯৬৭), তোমাকে অভিবাদন, প্রিয়তমা (১৯৭৪), কোথাও ক্রন্দন নেই (১৯৭৮) এবং আমার চুম্বনগুলো পৌঁছে দাও (২০০৯)। তবে প্রথম তিনটি গ্রন্থেই তিনি খ্যাতির শিখরে অধিষ্ঠিত।

প্রথম গ্রন্থের কয়েকটি পঙক্তিই তার উজ্জ্বল সাক্ষ্য:
শ্রুতিকে বধির করে গর্জে ওঠে যেন করাত কলের চাকা,
লক্ষ লেদ মেশিনের আর্ত অফুরন্ত আবর্তন।
নামল সন্ধ্যার সঙ্গে বিপন্ন বিদ্যুৎ
('বৃষ্টি বৃষ্টি');
পার্কের রেলিংয়ে বসে থাকা বধির পাগলের অশ্রু হাসিতে ধ্বংসের করতাল
বুঝি বাজে তবু ম্লান আলোর নিচে পকেটভর্তি স্বপ্নের জ্বলজ্বলে কমলা আর
আপেলের ঝুড়ি আর আমার পকেটভর্তি স্বপ্নের ঝনৎকার;
('আমি কিছুই কিনব না')

আমৃত্যু নগরবাসী এই কবির নাগরিক জীবনযন্ত্রণার এই নির্মোহ উপলব্ধিই নয় শুধু, পঞ্চাশের ভাষা আন্দোলন, ষাটের রাজনৈতিক প্রেক্ষাপটে উদ্ভূত সামাজিক রাষ্ট্রিক ঘটনা প্রবাহের নানা দিক এবং মুক্তিযুদ্ধ ও যুদ্ধপরবর্তী সামাজিক নৈরাজ্য ও দায়বদ্ধতা থেকে স্বদেশপ্রেমের অনুরুক্তি জায়গা করে আছে তাঁর কবিতায়, যা এক একটি মাইলফলক। প্রতিটি অনুষঙ্গকেই তিনি কবিতায় জীবন্ত ও আকর্ষণীয় করে তুলেছেন বুদ্ধিদীপ্ত কাব্যকুশলতায়। তিনি যখন খ্যাতির তুঙ্গে তখনই ১৯৭৮ সালে দেশ ত্যাগ করেন, যা ছিল বাংলা কবিতার জন্য এক দুঃসংবাদ। প্রবাস জীবনের তিন দশক অধিককাল পর আবার কবিতায় ফিরে এলেও সেখানে হতাশার চিত্রই ফুটে উঠেছে এবং স্বদেশের প্রতি প্রবল আকুতি জাগিয়ে তুলেছে তাঁর মধ্যে। যে কারণে তাঁর চতুর্থ ও সর্বশেষ কাব্যগ্রন্থটির নাম আমার চুম্বনগুলো পৌছে দাও। তিনিও মাইকেল মধুসূদনের মতো ঠিকই বুঝতে পেরেছিলেন অভিমানে দূরে সরে গিয়ে বাংলা ও বাংলাভাষাকে বঞ্চিত করা ঠিক হয়নি। অকপটে তাই স্বীকার করেছেন কোনো কবির জন্যেই নির্বাসন কাম্য নয়। তার স্বেচ্ছা নির্বাসনকে জীবনের বড় ভুল বলে স্বীকার করেন তিনি। বলেছেন, 'একজন লেখকের মাতৃভূমি ত্যাগ করা আত্মহত্যার শামিল। দেশের নিত্যদিনের ঘটনাপ্রবাহ যে তরঙ্গের সৃষ্টি করে, তাঁর সঙ্গে সম্পৃক্ত থাকা একজন লেখকের জন্য জরুরি।' তাঁর চূড়ান্ত উপলব্ধি তাই: কোনো নির্বাসনই কাম্য নয় আর জুঁই, চামেলি চন্দ্রমল্লিকা কিংবা কাঠগোলাপ থেকে টিউলিপ ম্যাগনোলিয়া অথবা ক্রিসেনথিমামে নিজস্ব শহর থেকে অচেনা ফুটপাতে এশিয়ার আকাশে ময়ূর নীল থেকে কুয়াশাচ্ছন্ন পাশ্চাত্যে না, কোনো নির্বাসনই কাম্য নয় আর। সাহিত্য নভোমণ্ডলের কোনো নক্ষত্রের জন্যই যে পাশ্চাত্য জীবন সুখকর নয়, তা যেমন মাইকেল মধুসূদন দত্ত সময় হারিয়ে বুঝেছিলেন এবং ফিরে এসে আধুনিক বাংলা কবিতাকে উপহার দিয়েছিলেন এক স্বর্ণযুগ। শহীদ কাদরীর মধ্যেও একই আক্ষেপ জেগে উঠেছে এই কবিতায়। যদিও তিনি মাইকেলের মতো কবি যশের জন্য পাড়ি জমাননি পশ্চিমে। ব্যক্তিগত বিড়ম্বনাই তাঁকে যেতে বাধ্য করেছিল পাশ্চাত্যে। এ জন্যে আমরাও দায়ী। দায়ী এ জন্য যে, বাংলা কবিতা বঞ্চিত হলো তাঁর আরও আরও অনন্য কবিতা থেকে। তারুণ্যকে মোহাবিষ্ট করার মতো জীবনঘনিষ্ঠ ও সংবেদী বহু পঙক্তিগুচ্ছই রয়েছে কাদরীর কবিতায়, যা মুখে মুখে উচ্চারিত।
বাংলা কবিতায় আধুনিকতার অন্যতম স্থপতি তিনি। তাঁর বলার ভঙ্গি, দৃষ্টি ও মনোভঙ্গি, এতটাই স্পষ্ট যা অন্যদের চেয়ে একদমই আলাদা। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গন্ধুর নির্মম হত্যাকাণ্ড নিয়ে রচিত তাঁর কালজয়ী কবিতা : 'হন্তারকদের প্রতি' কবিতায় আমরা দেখি এমন এক শহীদ কাদরীকে যিনি এই নির্মমতার ধিক্কার জানাতে গিয়ে বাঙালি পরিচয় দিতেও কতটা কুণ্ঠিত। এটা যে তাঁর বাঙালিত্ব ও দেশপ্রেমের দরদী পরিচয় তা বলার অপেক্ষা রাখে না। তাঁর এই বিব্রতবোধ যেন আমাদের জাতীয় লজ্জা। এমন অনেক কালজয়ী কবিতা উপহার দিয়ে গেছেন শহীদ কাদরী, যার জন্য বিপুল ভক্তের হৃদয় থেকে সহসা হারিয়ে যাবেন না তিনি। একজন বাঙালি কবি হিসেবে তিনি যে স্বদেশেই সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সেটাও তাঁর দেশপ্রেমিক সত্তার পরিচয়। মৃত্যুর আগে কোনো এক সাক্ষাৎকারে তিনি বলেছেনও 'স্বদেশের মাটিতেই আমার শিকড় প্রোথিত'। তাঁর এই উপলব্ধিকে আমাদের অভিনন্দন। তিনি ছাড়া মাতৃভূমির বিপন্ন মুহূর্তে কে দেবে এমন অভয়বাণী: ভয় নেই আমি এমন ব্যবস্থা করবো যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চপাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকে প্রিয়তমা।'