কবি শহীদ কাদরীর ঘরে ফেরা
কবি শহীদ কাদরী অন্যভুবনে যাত্রার আগে বাড়ি ফিরতে চেয়েছিলেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে চির বোহেমিয়ান কবি ৩৮ বছর পর ফিরলেন বটে তার সতীর্থ অনুরাগীদের মাঝে। কিন্তু এই রকম প্রাণহীন ফেরা তো কাম্য ছিলো না কারো। যিনি একদা বলতে পেরেছিলেন 'রাষ্ট্র মানে লেফট রাইট লেফট', সমরযন্ত্রের অশুভ আঁতাতে বিপর্যস্ত রাষ্ট্রীয় কাঠামোকে যিনি কবিতার শক্তি দিয়ে আঘাত করেছিলেন, সেই তাকেই পরিবর্তিত রাষ্ট্র অন্তিম অভিবাদন জানায় শহীদ মিনারের পবিত্র পাদদেশে। প্রয়াত কবির সৌজন্যে ইতিহাসের সন্ধিক্ষণে এই বিভা ছিলো আশ্চর্য ও অভাবিত। এভাবে না ফিরে অবশ্য তার আগেই শহীদ কাদরী নিজ দেশে ফিরতে চেয়েছিলেন অন্যভাবে। চতুর্থ বই আমার চুম্বনগুলো পৌঁছে দাও-এর 'সব নদী ঘরে ফেরে' কবিতায় এজন্যই বলতে পেরেছেন-
তোমার আমার প্রিয় কবি কোথায় যেন বলেছিলেন-
সব পাখিরা ঘরে ফেরে,
সব নদী।
আমরা কেন দন্ডায়মান
গাছতলাতে নিরবধি।
কীর্তিনাশার কালোস্রোতে
নৌকো ভাসে সারি সারি
এবার আমি বলতে পারি-
যাচ্ছি বাড়ি।
যাচ্ছি বাড়ি।
প্রবাস থেকে দেশে বা বাড়ি ফেরার এই টান অনুভব অন্যরকম সুবাস ছড়ায়। অশান্ত ও অতৃপ্ত কবি হৃদয়ের অধিকারী শহীদ কাদরী দীর্ঘকাল কবিতা লিখেননি, তবে কবিতার মধ্যেই নিমজ্জমান ছিলেন। নিজ দেশেই স্থায়ী প্রতিষ্ঠার বাসনায় বিশ্বকে চেনাজানা ও আয়ত্ত্বের পরিধিতে দেখাটা তার জন্য অত্যন্ত দরকারি ছিলো বলে মনে করেছেন। সেজন্যই চতুর্থ ও আপাতত শেষ কবিতার বই আমার চুম্বনগুলো পৌঁছে দাও-এর 'নিরুদ্দেশ যাত্রা' কবিতায় সেটা চেপে না রেখে তাকে বলতে হয়েছে –
আমর মতন ভ্রাম্যমান এক বিহ্বল মানুষ
ঘরের দিকেই
ফিরতে চাইবে
হ্যাঁ, এটাই সবচেয়ে সুস্থ
সহজ এবং স্বাভাবিক।
আমার নিজস্ব ঘরে প্রতিষ্ঠিত হব বলেই
আমি নিঃশব্দে বেরিয়ে পড়েছিলাম একদা
আমার আজন্ম-চেনা গৃহচ্ছায়া থেকে-
আমার প্রথম কৈশোরের রৌদ্রকরোজ্জ্বল ভোরে।
নিজ দেশে কবির তো ফেরার অঙ্গীকারই ছিলো। তার জীবনের এইসব দৃশ্যাবলী তৈরি হওয়ারও অনেক আগে শহীদ কাদরী তখনও প্রবাসে ঠাঁই নেননি। নিজ দেশেই মনের আনন্দে প্রচুর আড্ডা দিচ্ছেন আর লিখছেন। মাঝখান থেকে সমৃদ্ধ হচ্ছিলো আমাদের বাংলা কবিতা। এরকম সময়টাতে বের হলো কোথাও কোনো ক্রন্দন নেই নামে তার তৃতীয় কবিতার বই। সেখানে 'একটি উত্থান-পতনের গল্প' নামের ভারী মজার একটি কবিতা আছে। নিজেকে নিয়ে এতে বেশ রসিকতাও করেছেন। বাবা এবং ছেলের মধ্যেকার তুলনামূলক চিত্র অংকন করে কবিতাটিতে পরস্পরের ব্যক্তিত্ব বিকাশ, জীবনের প্রাপ্তি, ফারাক এবং সাফল্য-ব্যর্থতার একটা মজার ফিরিস্তি এঁকেছেন। সব শেষে জানিয়ে দিয়ে বললেন-
আমার নাম খুব হ্রস্ব
আমার নাম শহীদ কাদরী
ছোটো, বেঁটে- ঝোড়ো নদীতে
কাগজের নৌকোর মতোই পলকা
আসলেই কি বাবার তুলনায় ছোট্ট নামের অধিকারী এই মানুষটি পলকা ছিলেন বা কীর্তিতে খাটো ছিলেন? আসলে কিন্তু তিনি পলকা ছিলেন না, খাটোও না। চতুর্থ বই আমার চুম্বনগুলো পৌঁছে দাও-এর প্রথম ফ্ল্যাপে বর্ণিত তথ্য অনুযায়ী প্রায় ৫ দশকের লেখক জীবনে তিনি লিখেছেন শ'দেড়েক কবিতা মাত্র। এই অসামান্য কবিতাগুলো লিখেই তিনি ষাট দশকে কবিতায় স্বতন্ত্রধারার সৃষ্টি করে হয়ে উঠলেন আমাদের তিন প্রধান কবির একজন। শোনা যায় 'তিরিশের' পঞ্চপান্ডবখ্যাত কোনো একজন কবিও সংখ্যা বিবেচনায় কম কবিতা লিখেও কালের পৃষ্ঠায় নিজেকে চিহ্নিত করতে সমর্থ হয়েছিলেন। শহীদ কাদরীও ছিলেন সেরকম বিরলতম কাব্য-প্রতিভা।
শহীদ কাদরীর চতুর্থ তথা আপাতত শেষ কবিতার বই আমার চুম্বনগুলো পৌঁছে দাও-এর 'রীতি বিষয়ক কয়েকটি পংক্তি' কবিতায় অলৌকিক আকুতি, প্রগাঢ় ভালবাসার মুহ্যমান আর্তি আমাদেরকে আন্দোলিত করে- একটুও রেহাই পাওয়ার উপায় থাকে না। তবে কি শহীদ কাদরী যে অন্যভুবনে যাচ্ছেন সেখানে তিনিও কবিতার চরণের মতোন 'নক্ষত্রের ইন্দ্রনীল শিখা' হয়ে জ্বলবেন না? অবশ্যই জ্বলবেন।
তুমি জানো, আমর হৃদয়, তোমার করতলগত
চিরকাল, তবু আমি
যখন পবিত্র গ্রন্থের মতো
তোমাকে স্পর্শ করি,
তুমি কেন হয়ে ওঠো না পাতার মর্মর,
বৈশাখের নিরুদ্দেশ মেঘ কিংবা দূর কোনো
নক্ষত্রের ইন্দ্রনীল শিখা
