২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

কবি শহীদ কাদরীর প্রয়াণে অগ্রজ ও অনুজ কবিদের প্রতিক্রিয়া

অলাত এহ্সান

Published : 31 Aug 2016, 11:44 PM

Updated : 23 Jun 2022, 04:03 PM

পঞ্চাশের দশকের তিন দিকপাল কবির একজন শহীদ কাদরী। কবিতা কম্পাসে কাটা এখনো তার দিকে দিপ্যমান। স্বাধীনতার আগে থেকে তার যে তুমুল জনপ্রিয়তা তা এখনো অটুট। ১৪ বছর বয়সে বুদ্ধদেব বসুর সম্পাদিক 'কবিতা' পত্রিকা কবিতা প্রকাশ করার পর থেকে কবি হিসেবে তিনি সুপ্রতিষ্ঠিতি। দুই বাংলাই তিনি সমান জনপ্রিয়।
৭৩ বছরের জীবনে প্রায় ৬ দশক তারা সাহিত্যের কাল। জনপ্রিয়তার মাঝেও কবিতার সংখ্যায় তিনি ছিলেন আশ্চর্য নির্ভার। খসড়া কবিতায় সংখ্যা বৃদ্ধির চেয়ে সম্পন্ন কবিতা সীমিত থেকেছে তার কাব্যচর্চা। তাই মাত্র চারটি কবিতার বইয়ে ১২৬টি প্রকাশিত কবিতা তার। এই নিয়েই বাংলা কবিতায় স্থায়ী আসন, অমরতা। ষাটের দশকের 'কণ্ঠস্বর' ও 'সমকাল'-এর সফলমিছিলে ঢুকেও স্বকীয়তায় উজ্জ্বল ছিলেন। নাগরিক চৈতন্য, তীর্যক দৃষ্টি, গভীর নির্জনতা, প্রগলভ একাকীত্ব, অমীমাংসিত নির্বাসন তার কবিতায় প্রতিফলিত।
১৯৭৯ সালে দেশ ছাড়া শহীদ কাদরী ৩৭ বছরের প্রবাসজীবনে কোলকাতা, জার্মানি, ইংল্যান্ড, আমেরিকার বোস্টন ও পরে নিউইয়র্কে থিতু হয়েছিলেন। মাঝখানে অবশ্য একবার ঢাকায় ছিলেন কয়েকমাস। তাছাড়া আর আসেননি আড্ডাপ্রাণ এই মানুষটি। এমনকি একুশে পদক নিতেও না। তবু প্রবাস থেকে তিনি লিখেন, 'আমার চুম্বনগুলো পৌঁছে দাও'।
কবির শেষ ইচ্ছা, তাকে যেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত করা হয়।
এই কবির প্রয়াণে শোকস্তদ্ধ কবিতাপ্রেমি ও সংগ্রামীরা। তাকে নিয়ে কথা বলেছেন তার অগ্রজ, সমসাময়িক এবং অনুজ কবিগণ। তাদের কথা এখানে গ্রন্থণা করেছেন তরুণ গল্পকার অলাত এহ্সান।

আহমদ রফিক
————-


'ভাষা সংগ্রামী' আহমদ রফিকের তুলনায় বয়সেও ১৩ বছরের ছোট ছিলেন শহীদ কাদরী। তবু সম্ভাবনাময় কবি হিসেবে অনুজকে চিহ্নিত করতে ভুল হয়নি আহমদ রফিকের। শামসুর রাহমের সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্কের সূত্র ধরে শহীদ কাদরীর সঙ্গে কয়েকবার সাক্ষাৎ হয়েছে তার। 'আমরা যখন যুবক, শহীদ তখন তরুণ' স্মৃতিচারণ করে বলেন এই বর্ষিয়ান ভাষা সংগ্রামী, 'তার কবিতার বৈশিষ্ট্যই ছিল জীবন ও চারপাশ সম্পর্কে ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে কথা বলা। যে জন্য শামসুর রাহমানের চেয়ে বয়সে ছোট হলেও তখনই তিনি আলোচিত। অন্যদের তুলনায় একটু আগেই পশ্চিমবঙ্গেও তিনি স্বীকৃতি পেয়েছিলেন। এই কারণেই বাংলাসাহিত্যে মানুষ হিসেবে তাকে মনে রাখা উচিত। বিশেষ মর্যাদা দেয়া উচিত।'
শহীদ কাদরীর প্রয়াণ সম্পর্কে তিনি বলেন, 'কবি তো আর বেঁচে থাকবেন না। কিন্তু তার কবিতার ধারাটা পেছনে রেখে যান। সেই ধারা সবাই গ্রহণ করে না, কিন্তু তার ধারাবাহিকতায় অন্য ধারা চলে আসে। এভাবেই কবিতার ধারাবাহিকতা নির্দিষ্ট হয়। সেই দিক দিয়ে বাংলা কবিতায় শহীদ কাদরীর দান কখনোই মুছে যাওয়ার নয়, ভুলে যাওয়ার নয়। যারা কবিতা প্রেমী, কবিতা ভালবাসে, লিখতে চায় তারা নিশ্চয়ই শহীদ কাদরীর কবিতা পড়ে অন্যভাবে উদ্বুদ্ধ হবে। তাকে স্মরণ করবে।'

মনজুরে মওলা
————-


বয়সের সামান্য হেরফের হলেও কাব্যচর্চায় মনজুরে মওলা ও শহীদ কাদরী সমসাময়িক। অবশ্য তার পেশাজীবনের প্রবেশ এবং শহীদ কাদরীর প্রবাসে যাওয়ার কারণে সেই সম্পর্ক আর অব্যাহত থাকেনি। এর মধ্যে মনজুরে মওলা বাংলা একাডেমি পুরষ্কার ঘরে তুললেও শহীদ কাদরী সুদূর থেকে দেশের জন্য পাঠিয়েছেন সুতীব্র চুম্বন–তার শেষদিককার কবিতাগুলো। তাছাড়া বোস্টন শহর থেকে নিউ ইয়র্ক শহরে থিতু হয়েছেন তিনি। দীর্ঘ আমলা জীবনের শেষে কয়েক বছর আগে বোস্টনে খবর নিয়ে মনজুরে মওলা জানতে পারেন এই খবর। শহীদ কাদরীর মৃত্যুতে অতীতের সখাকে স্মরণ করেন তিনি। অনেক স্মৃতি ভর করে তার কাঁধে। বিভিন্ন সময়ে কবিতা নিয়ে আলাপ, আড্ডা, একই মঞ্চে কবিতা পাঠ ইত্যাদি অনেক হয়েছে তাদের।
শহীর কাদরীর মৃত্যু সম্পর্কে তিনি বলেন, 'আমি অত্যন্ত বেদনার্ত হয়েছি। আমার সতীর্থ সম্পর্কে আমি বলতে পারি, ও একজন খাঁটি কবি ছিল। তার কবিতার সংখ্যা কম। কিন্তু যতটুকু লিখেছে ভাল লিখেছে। লিখা অনেকেই লিখে। তবে তার লেখ পড়লে বোঝা যায়, আমি একজন কবির লেখা পড়ছি। এই গুণ তার ছিল। আরো অনেক গুণের মধ্যে তার আরো একটা গুণ ছিল, সে কবিতাকে ভালবাসতো।' মনজুরে মওলা স্মরণ করিয়ে দেন, 'কবিতা ভালবাসা ও কবিতা লেখা এক কথা না। একজন মানুষ কবি না হয়েও কবিতা ভালবাসতে পারে। আবার একজন কবি হয়েও কবিতা সম্পর্কে, অন্যের কবিতা সম্পর্কে উৎসাহি নাও হতে পারে। শহীদ কবি ছিল, শহীদ কবিতা ভালবাসতো–এই দু'টি গুণ এক সঙ্গে কম মানুষের আছে।'
শহীদ কাদরীর প্রয়াণ সাহিত্যের তো বটেই ব্যক্তিগতভাবেও তার সখ্য হারানো এক বিরাট ক্ষতি। 'সেই সঙ্গে আমি এও বলবো, শহীদ অসম্ভব সাহসী ছিল। এটা এমনিতে বোঝা যায় না। কারণ সে অনেক দিন ধরেই অসুস্থ। এই অসুস্থতার মধ্যেও নিয়মিত আড্ডা মারতে ভোলেনি। আড্ডা জমিয়ে রেখেছেন। যেন তার কিছু হয়নি। কবিতা লিখেছেন তার মতো ধীর গতিতে। কিন্তু লিখেছেন। এই যে সাহস খুব বেশি মানুষের মধ্যে দেখা যায় না। আমার তো তা-ই মনে হয়।'

আল মাহমুদ
———–


একই সময়ে আলোচিত দুই কবি ছিলেন তারা। বাংলা কবিতায় দিকপালতুল্য দুজনেই। কাব্যচর্চার শুরু থেকেই আল মাহমুদের সঙ্গে শহীদ কাদরীর অন্তরঙ্গ সম্পর্ক। এই সম্পর্ক অটুট ছিল শহীদ কাদরীর প্রয়াণের আগ পর্যন্ত। কবি আল মাহমুদ নিজেও শারীরিকভাবে অসুস্থ। বয়সের ভারে ক্লান্ত। জানা যায়, দীর্ঘ প্রবাস জীবনে শহীদ কাদরীর খুব কম মানুষের সঙ্গেই যোগাযোগ ছিল। তবু বছর দুই আগে বন্ধুর অসুস্থতার কথা জেনে ফোনে কথা বলেছেন আল মাহমুদের সঙ্গে।
'স্বাভাবিকভাবে তার বিষয়ে বলা আমার জন্য কঠিন। তাকে নিয়ে অনেক স্মৃতি মনে পড়ছে। সব কথা গুছিয়ে বলতেও পারবো না।' আকস্মিক ভাবে বন্ধু বিয়োগে শোকে মুহ্যমান তিনি। 'তিনি লেখক হিসেবে বিরল। জীবনটা তার গোছাল ছিল না ঠিকই। ভাল জীবন যাপন করার একটা গৌরব ছিল। মানুষ হিসেবে খুব সোজা ছিলেন। লিখতেন, লিখে শুনাতে পছন্দ করতেন।' এই অশিতিশপর বয়সে বন্ধুর বিয়োগ সম্পর্কে বলেন, 'তিনি তো আমেরিকা চলে গিয়েছিলেন। তবু আমরা বন্ধুত্ব অনুভব করতাম। তার বিয়োগ কষ্টের, নিশ্চয় কষ্টের।'

নির্মলেন্দু গুণ
————


কবিতা চর্চায় কবি নির্মলেন্দু গুণের অগ্রজ ছিলেন কবি শহীদ কাদরী। কবিতার জন্য ঢাকায় থিতু হওয়ার পর থেকে নির্মলেন্দু গুণের সঙ্গে অগ্রজ শহীদ কাদরীর পরিচয়। এক সঙ্গে বোহেমিয়ান জীবন উদযাপনও করেছেন কখনো কখনো। নির্মলেন্দু গুণের আত্মজীবনী 'আমার কণ্ঠস্বর' বইতে তার অনেক স্মৃতিই তিনি উল্লেখ করেছেন। দেশে থাকতে তো বটেই, মার্কিন যুক্তরাষ্ট্রেও তাদের দুইবার দেখা হয়েছে। সেই স্মৃতি টেনে তিনি বলেন, প্রবাসজীবনে '১৯৯১ সালে যখন বোস্টনে গিয়েছি তখন তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তখন তিনি বোস্টন শহর থেকে বিশ-পঁচিশ কিলোমিটার দূরে টলেন নামে ছোট্ট এক শহরে বাস করতেন। সেখানে তিনি ড্রাগ সেন্টারে কাজ করতেন। তার স্ত্রী ছিলেন ইহুদি এবং প্রায় উন্মাদিনী বলা যায়। কারণ তিনি কোনো বাঙালিকে বাসায় যেতে দিতেন না। ফলে আমার সঙ্গে তার দেখা হয়েছিল ড্রাগ এডেক্ট সেন্টারের।' দ্বিতীয়বার ১৯৯৩ সালে নির্মলেন্দু গুণ যখন আবার নিউ ইয়র্কে এক সাহিত্য সম্মেলনে যান সেখানে দেখা হয় কাদরীর সঙ্গে। তারপর অনেকবার নিউ ইয়র্কে গেলেও তার সঙ্গে আর দেখা হয়নি নির্মলেন্দু গুণের। ততদিনে অবশ্য তাদের সম্পর্ক ততটা ভাল ছিল না। গুণের আত্মজীবনীতেও তার ইঙ্গিত পাওয়া যায়।
তিনি বলেন, 'ডায়াবেটিস হয়েছিল শহীদ কাদরীর। এটা বেশ জটিল আর শ্বাস কষ্টজনিত রোগ। ব্যায় বহুলও। নিউ ইয়র্কে উন্নত চিকিৎসায় থাকায় তিনি ভাল ছিলেন।' কবির প্রয়াণ সম্পর্কে তিনি বলেন, 'তার মৃত্যুর সংবাদ পেলাম। কাব্য-সহযাত্রী সম্পর্কে মূল্যায়ন করার এখন সময় না। আমি তাকে স্মরণ করি। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।'

মুহাম্মদ নূরুল হুদা
—————–


শেষ পঞ্চাশে শহীদ কারদীর বলিষ্ঠ আবির্ভাব। উত্তরাধিকার প্রকাশের মাধ্যমে শহীদ কাদরী বাংলা কবিতায় তার জন্মের আবশ্যিকতা প্রকাশ করেছেন। আড্ডা প্রাণ কবি শহীদ কাদরী দেশ ছাড়ার পর আর সম্মুখ সাক্ষাতে মিলিত হতে পারেন নি ষাটের শীর্ষস্থানীয় কবি মুহম্মদ নূরুল হুদা। তবে বিভিন্ন মাধ্যমে খোঁজ-খবর রেখেছেন। নিউ ইয়র্কে এক সাহিত্য সফরে গিয়ে খোঁজ করেছিলেন। তখন শহীদ কাদরী বোস্টনে থাকেন। তাই টেলিফোনে আলাপনই কবিকণ্ঠের শেষ ধ্বনি, যা তার এখনো মনে পড়ে। 'পঞ্চাশ দশকের তিন বা চার শ্রেষ্ঠ কবিদের একজন শহীদ কাদরী।' বলেন নূরুল হুদা। 'এখানে তিনজন হিসেবে চিহ্নিত হয়ে যাওয়ার কারণ ষাকের দশকে চট্টগ্রামের 'বইঘর' তিন কাব্যগ্রন্থ দিয়ে কবিতার অভিজাত প্রকাশনী হিসেবে আবির্ভূত হয়–শামসুর রাহমানের তৃতীয় কাব্যগ্রন্থ বিধ্বস্ত নীলিমা, আল মাহমুদের দ্বিতীয় কাব্যগ্রন্থ কালের কলস এবং শহীদ কাদরীর প্রথম কাব্যগ্রন্থ উত্তরাধিকার। তার চেয়ে বড় কথা পঞ্চাশের যে বাংলা কবিতা তার তিন দিকপাল হচ্ছেন এই তিনজন।' তিনি বিশ্লেষণ করেন, 'শামসুর রাহমান সমগ্র বাঙালির ইতিহাস, ঐতিহ্য, ভাষা সংগ্রাম, মুক্তিযুদ্ধের পরেও সমাকালিন বিশ্ব কবিতার যে পরিশীলন আছে, তা তিনি সত্ত্বাতে ধারণ করেছেন। একইভাবে আল মাহমুদ চিরায়ত বাংলা কবিতার ধারায় জাতি সত্তার বিষয়ে কিছু সঙ্কেত দিয়েছিলেন। তারপর তার অনবদ্য গীতিকবিতার জন্য তিনি আলাদা হয়ে গেলেন। পাশাপাশি শহীদ কাদরী অন্যরকম। বাংলা কবিতার গীতলতা থেকে দূরে সরে গেলেন। ভিন্ন প্রকৃতির কবিতা লেখতে শুরু করলেন। বৃষ্টি নিয়ে কবিতা লিখতে শুরু করলেন, যে বৃষ্টি নগর-নির্ভর। নগর, পুঁতিগন্ধ, ইঁদুর–আক্ষরিক অর্থেই নাগরিক বাস্তবতা নিয়ে লিখলেন। নাগরিক বাস্তবতার কবিতার যে শর্ত স্বভাবজাত কবিতা নয়, বরং ইন্টুলেকচুয়্যাল ফ্যাকাল্টি ব্যবহার করে কবিতা লেখা। এই যে পরিশীলন তা শহীদ কাদরীর কবিতায় ছিল। একই সঙ্গে সে সময় বিশ্বে কবিতার যে নতুন প্রবণতা–আত্মজৈনিক, পারিবারিক, সামাজিক জীবনকে বীক্ষণ করে তাকে সামষ্টিক জীবনের সঙ্গে তুলনা করা–এই দিকটি তিনি বিশেষভাবে শুরু করেছিলেন। ফলে শহীদ কাদরী শুরু থেকেই আলাদা হয়ে গেলেন।' শহীদ কাদরীর কাব্যযাত্রার স্মৃতি টেনে তিনি বলেন, '১৪ বছর বয়সের যে তরুণের কবিতা বুদ্ধদেব বসু ছেপে ছিল তার 'কবিতা' পত্রিকায় তিনি শহীদ কাদরী। তখন থেকেই শহীদ কাদরী কিন্তু সু-প্রতিষ্ঠিত। '
'প্রচুর, বিরল, অতি আড্ডাবাজ কবি তিনি। সারাক্ষণ আড্ডার ভেতর, চায়ের ভেতর থাকতেন তিনি। কিন্তু কবিতা লেখেন কম। কথা বেশি বলেন, কিন্তু যা লেখেন তা-ই সোনালী, যে চরণ লিখেন তা-ই সোনার চরণ। ফলে সেই ১৪ বছর থেকে যদি শুরু করি এই ৭৩ বছর বয়স পর্যন্ত, ছয় দশক একটি লোক কবিতা লিখেছেন অথচ ছয়টি কাব্যগ্রন্থও লিখেননি। চরটি কাব্যগ্রন্থ। এর কোনোটাই কিন্তু কোনো তুল্যমূল্য হয় না। বাদ দেয়ার মতো কিছুই নাই। তাকে সীমিত বাক্যের কবি বললেও তাকে বলতে হয়, দীর্ঘ কবিতার কবি বললেও তাকে বলতে হয়। আবার বাঁক ফেরা কবিতা, 'তোমাকে অভিবাদন প্রিয়তমা'–এতে স্বদেশ, প্রিয়তমা সবকিছুকে একাত্ম করে লিখেছেন। আর তার 'ব্ল্যাক আউটে পূর্ণিমা' অসাধারণ কবিতা। এ কবিতায় তিনি যুদ্ধের কথা বলছেন। ব্ল্যাক আউটে পড়েছে দেশ, কিন্তু এর মধ্যেই বাংলাদেশের জন্য পূর্ণিমাকে প্রত্যাসন্ন করবে। বিষ্ণু দে, সুধীন দত্ত, সমর সেন যেমন বাংলা কবিতার গীতলতাকে ব্যবহার করেও গীতলতা থেকে বেরিয়ে এসে বাস্তবতানুগ গদ্য কবিতা লিখে কবিতাকে নতুন মাত্রায় উন্নীত করেছেন, শহীদ কাদরীও তেমনি একজন। এটা একটা বড় জিনিস।'
শহীদ কাদরীর কবিতার পূর্ণতা সামনে এনে বলেন, 'তিনি কম লিছেন, তার মধ্যে খসড়া কবিতা খুব কম। সম্পূর্ণ কবিতাই বেশি। আবার অনেকে দশ হাজার কবিতা লিখেছেন, দেখা যাবে তার মধ্যে একশটা বা দশটা কবিতা টিকলো কিনা। দেখা যাবে বাকিগুলো সবই খসড়া। তাই শহীদ কাদরীকে বলা যেতে সম্পূর্ণ সম্পন্ন কবি। নতুন মাত্রার কবি। এবং বাংলা কবিতাকে নতুনখাতে প্রবাহিত করতে পারার মতো একজন কবি।'

হেলাল হাফিজ
————-


ষাটের দশকেই আবির্ভাব কবি হেলাল হাফিজের। তখন থেকেই তিনি জনপ্রিয় হতে শুরু করেন। ততদিনে শহীদ কাদরীর প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছে এবং তা জনপ্রিয়তম। এ দিক দিয়ে কবিতা যাত্রায় শহীদ কাদরী অগ্রজ ছিলেন তার। তবে কবিতার বৈচিত্র্যে তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক হয়ে ওঠে দ্রুতই। 'হ্যাঁ, তিনি আমার ৬-৭ বছরের সিনিয়ার, কিন্তু খুব অন্তরঙ্গ ছিলাম।' বলেন হেলাল হাফিজ।
হেলাল হাফিজের কবিতা যাপনের মতো দুঃখ যাপনের জীবনে যোগ হলো শহীদ কাদরীর নাম। যৌবনের সেই উজ্জ্বল দিনে স্মৃতির সামনে আজকের প্রয়াণঘটিত দুঃখের স্মৃতিকে তিনি মুখোমুখি করতে চান না। তিনি বলেন, 'তিনি আমাদের বাংলা আধুনিক কবিতায় অন্যতম প্রধান কবি, এই বিষয়ে সন্দেহ নেই। উনার বইয়ের সংখ্যা কম। গোটা চারেক বই বোধ হয়। কিন্তু উনি বেঁচে থাকবেন অনেক দিন। দীর্ঘদিন বেঁচে থাকবেন সাহিত্যে। তার নাম মোছা যাবে না।' তিনি বিনয়ের সঙ্গে তুলে ধরেন, 'সংখ্যা দিতে তো আর সাহিত্য বিচার হয় না। সে হিসেবে আমি তো প্রথমেই খারিজ হয়ে যাই। বলা যায়, তিনি শক্তিশালি কবি, খবু বড় কবি। তিনি তার কাজের জন্য বেঁচে থাকবেন।' শহীদ কাদরীর প্রবাস জীবনে একবার দেখা হয়েছিল তার সঙ্গে। 'আমি যখন নিউইয়র্কে গিয়েছিলাম তখন তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তখন উনি বোস্টন শহরে থাকতেন।' শহীদ কাদরীর যাপিত জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'তখন পিয়ারীর (নাজমুননেসা পিয়ারী) সঙ্গে তার ছেদ ঘটেছে। একজন বিদেশিনীকে বিয়ে করেছেন। পরে তো তার সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায়। তারপরে তিনি নিউ ইয়র্কে চলে আসেন, সেখানে নীরা কাদরীকে বিয়ে করেন। নীরা তাকে অনেক শুশ্রুষা করেছে।'

পুরবী বসু
———-


দীর্ঘদিন যাবৎ নিউ ইয়র্কে বাস করছেন লেখকদম্পতি পুরবী বসু ও জ্যোতিপ্রকাশ দত্ত। সেখানে প্রবাসী বাঙালিদের নিয়ে সাহিত্য চর্চার যে এক বলয় গড়ে উঠেছে, এই দম্পতি তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ঢাকায় থাকাকালেই শহীদ কাদরীর সঙ্গে তাদের পরিচয়-হৃদ্রতা-বন্ধুত্ব। 'শহীদ ভাইকে নিউ ইয়র্ক ছাড়াও লন্ডনে ও ঢাকায় থাকাকালে দেখেছি। বহুবার দেখা হয়েছে ইনি যখন বস্টনে আর আমরা নিউ ইয়র্কে ছিলাম। তিনি, জ্যোতির অন্য বন্ধুদের মতো আমাকে বরাবর নাম ধরে আর তুমি সম্বোধনেই কথা বলতেন। আমাদের সম্পর্কটা ঠিক বন্ধুর মতো ছিল না। কিছুটা বড় ভাই ছোট বোনের মতো। জ্যোতির সঙ্গে ছিল আসল বন্ধুত্ব। আদর করে জ্যোতিকে মাঝেমাঝেই তিনি দোস্ত বলে সম্বোধন করতেন।'
প্রবাসেও এই পরিবারের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ ছিল শেষ পর্যন্ত। আড্ডাপ্রাণ ও বন্ধুপ্রেমী কাদরীকে নিয়েই গড়ে সাহিত্য আড্ডার ভিত। কাদরীর নিউ ইয়র্কের জীবনের স্বরূপ টেনে পুরবী বসু বলেন 'আমরা দুই পরিবার-ই যখন নিউ ইয়র্কে ছিলাম, কেবল সাহিত্য সভা বা নানাবিধ অনুষ্ঠানেই দেখা হতো না আমাদের, আসলে বেশির ভাগ দেখাই হতো ব্যক্তিগত পর্যায়ে–তার বাড়িতে, অন্য কারো বাড়িতে অথবা আমাদের বাড়িতে। আড্ডা সে সময়েই জমতো। শেষের দিকে যখন তাঁর চলাফেরা সীমিত হয়ে আসে, হুইল চেয়ার ছাড়া কোথাও যেতে পারতেন না, তাছাড়া প্রতি সোম, বুধ, শুক্রবার সারাদিন ধরে ডায়ালাইসিস চলতো, সন্ধ্যায় ক্লান্ত-বিধ্বস্ত হয়ে ঘরে ফিরতেন। এই সময়ে আড্ডা মূলত শনি রোববার বা ছুটিছাটায় চলতো। তারপর ছয় বছর আগে আমরা যখন ১৮০ মাইল দূরে ডেনভার চলে আসি, দেখাশুনা আরো কমে যায়, তবে মাঝেমাঝেই দীর্ঘ ফোনালাপ চলতো, বিশেষ করে জ্যোতির সঙ্গে।'
কাদরীর প্রবাসজীবনের প্রথম দিনগুলো তুলে ধরে পূরবী বসু বলেন, 'তিনি প্রথম আমেরিকা এসে বস্টনে থাকতেন। আমরা তখন পড়াশোনা শেষ করে চাকরী সূত্রে সদ্য নিউ ইয়র্কে এসেছি। তখন শহীদ ভাই সুস্থ। চলাচলে কোন অসুবিধে ছিল না। হুইল চেয়ার ব্যবহারের প্রশ্নই আসে না। মাঝে মাঝেই তার দ্বিতীয় স্ত্রী আমেরিকান মেয়ে ড্যানাকে নিয়ে নিউ ইয়র্কে আমাদের বাসায় বেড়াতে আসতেন। আমরাও গেছি বহুবার বস্টনে ও মল্ডেনে তাঁদের বাসায়। সারারাত ধরে বসে বসে গল্প করেছি। আমাদের সঙ্গে কখনো কখনো যেতেন কবি ইকবাল হাসান, কখনো সাংবাদিক বদিউজ্জামান খসরু।। ওখানে গেলে তাঁর বাসায় প্রায়-ই দেখা হতো সাজেদ কামাল (সুফিয়া কামালের পুত্র) ও তাঁর স্ত্রী রোজি কামাল ও তাঁদের নাবালক পুত্রের সাথে।'
'বহু উল্লেখযোগ্য স্মৃতিময় দিনের মধ্যে চিরভাস্মর হয়ে আছে আমার কাছে একটি দিনের কথা। সে এক পড়ন্ত বিকেলের সুখ স্মৃতি। শহীদ ভাইয়ের মতো করে মজা করে গল্প করতে খুব কম লোক-ই পারে। নিজের ভুল বা গলতি নিয়ে নিজের কৃতকর্মের কথা বলে অন্যদের হাসাতে ওস্তাদ তিনি। তাঁর অভাব সবসময় অনুভব করব। তবে তিনি গত কয়েক বছর ধরে এমন কষ্ট পাচ্ছিলেন যে মাঝেমাঝেই খুব হতাশ হয়ে পড়ছিলেন। এতো জড়া, এতো শারীরিক উপসর্গ-অসাচ্ছন্দ্য, এতো রকম ব্যাধি তিনি আর ধারণ করতে পারছিলেন না শরীরে। প্রকৃত অর্থেই তিনি আর নিতে পারছিলেন না। ফলে এই ভেবে মনকে সান্তুনা দেই যে তিনি আর কষ্ট পাবেন না।'

খালেদ হোসাইন
—————-


শহীদ কাদরীর কাব্যচর্চায় পূর্ণযৌবনের সময় কবি ও অধ্যাপক খালেন হোসাইনের জন্ম। পরবর্তীতে তিনিও কবিতা চর্চায় থিতু হয়েছেন। তবে কাদরীর কবিতার তাপ-উত্তাপ সবই ছুঁয়েছে তাকে। ততদিনে শহীদ কাদরী তার দীর্ঘ প্রবাসে চলে গেছেন। ফলে পরবর্তী প্রজন্মের অনেক কবিদের মতো তিনিও ব্যক্তিগত সান্নিধ্যে যাবার সুযোগ পাননি, এমনকি যোগাযোগও। তবে কবির এই শারীরিকভাবে ভিন দেশে অবস্থানকে প্রবাস বলতে চান না তিনি। এটা সহজাত চেতনালোক হিসেবে তুলে ধরে বলেন,'কবি কখনো প্রবাসী হন না। হলে, নিজ দেশেও প্রবাসীই থাকেন। মানুষ-মাত্রই সার্বভৌম সত্তা। কবির ক্ষেত্রে তা আরো গভীরভাবে সত্য। পৃথিবীর কোনো একটি অঞ্চলেই জন্ম নেন কবি কিন্তু তাঁর সমুদয় সৃষ্টি সর্ব-মানবের উদ্দেশ্যে। কিন্তু ওই যে, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বা দেশে জন্ম নেয়ার যে প্রাকৃতিকতা, তা যথেষ্ট সারবত্তাময়। কারণ সেখানকার আলো-জল-বাতাস-মৃত্তিকা ও আকাশ আর সাংস্কৃতিক বাস্তবতা নির্মাণ করে তাঁর চেতনালোক, ব্যক্তিত্বের স্বকীয়তা, আত্মার সামগ্রিক সৌরভ। তাঁর কবিতায় যে রাজনৈতিক ও রাষ্ট্রনৈতিক বাতাবরণ প্রতিফলিত হয়েছে, তা এ দেশেরই দশক-পরম্পরায় সংঘটিত বাস্তবতার রূপায়ণ মাত্র। বা ব্যক্তিগত রোমান্টিক কবিতাসমূহে মূর্ত হয়ে ওঠা জীবনাবেগ এই পরিপার্শ্ব থেকেই আহৃত। তাঁর প্রথম ও প্রতিনিধিত্বশীল গ্রন্থ প্রকাশের পরই তিনি দেশ ছেড়েছেন।'
'দেশ থেকে তিনি চলে গেছেন, তার বিচিত্র কারণ থাকা সম্ভব। স্বাধীনতা-উত্তর স্বপ্নভঙ্গের যন্ত্রণা তার মধ্যে একটি। বঙ্গবন্ধু ও জেলখানায় তিন নেতার হত্যাযজ্ঞ, মৌলবাদী শক্তির মাথা চাড়া দেয়া, সামরিক শক্তির উত্থান, স্বৈরাচারের নির্বিরোধ বিস্তার তাঁকে হতাশ করে থাকবে। কেমন একটি রাষ্ট্র তিনি প্রত্যাশা করতেন, তা তাঁর 'রাষ্ট্র মানেই লেফট রাইট', 'মাননীয় রাষ্ট্র প্রধান কি মেনে নেবে আমার প্রস্তাবগুলো' বা 'তোমাকে অভিবাদন, প্রিয়তমা' কবিতা পড়লে কারোই বুঝতে অসুবিধে হয় না। কবি-মাত্রই যেহেতু তুলনামূলকভাবে বেশি সংবেদনশীল, ধারণা করি, যাবতীয় অবক্ষয় ও মানবিক বিপর্যয় তিনি সহ্য করতে পরছিলেন না। তাঁর চতুর্থ কাব্য গ্রন্থ, যা অন্যদেশে অবস্থান-কালে লিখিত তাতে তিনি তাঁর চুম্বনগুলো দেশেই পৌঁছে দিতে বলেছেন। অর্থাৎ, কোথায় অবস্থান করছেন, তা নয়, তাঁর মনোজগত আচ্ছন্ন করে রেখেছে তাঁর স্বদেশ। ফলে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে অবস্থান তাঁর পরিপার্শ্বগত সত্য মাত্র, তিনি চিরদিন এ দেশেই ছিলেন, এই বাংলাদেশে।'

গোলাম কিবরিয়া পিনু
——————-


উত্তর প্রজন্মের কবি গোলাম কিবরিয়া পিনু। এ দিকে দিয়ে শহীদ কাদরী তার পূর্বসূরি। কাদরীর কবিতার সৌকর্যে অনেকের মতো তিনিও প্রণোদিত। 'আমি ঘনিষ্টভাবে তার সাহচর্য পাইনি। তবে, বিচ্ছিন্নভাবে ঢাকায় তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। বাংলা একাডেমির চত্বরের স্মৃতির কথা মনে পড়ে বেশ।'
কবির পরবাসের কারণ তিনি খুঁজে পান তার কবিতার ভেতরেই। শহীদ কাদরীর 'তাই এই দীর্ঘ পরবাস' নামক কবিতা উল্লেখ করেন তিনি:
'দু টুকরো রুটি কিংবা লাল শানকি ভরা
এবং নক্ষত্রকুচির মতন কিছু লবণের কণা
দিগন্তের শান্ত দাওয়ায় আমাকে চাও নি তুমি দিতে–
তাই এই দীর্ঘবাস।…
একরোখা এক জন্মান্ধ প্রতিক্রিয়া আজ
সওয়ার হয়ে প্রগতির পিঠের ওপর
দারুণ মসৃণভাবে এগিয়ে চলেছে–
আর্তনাদ আর রক্তপাতে-ভরা অন্ধকার-প্রিয়
মধ্যযুগের দিকে তাই পরবাস।'
কবিতার বিশ্লেষণে তিনি বলেন, 'এই কবিতায় কেন তিনি পরবাসে গেছেন তা তিনি তার যুক্তিতে তুলে ধরেছেন, তা সবার কাছে গ্রহণযোগ্য হবে, তা হয়তো হবে না। কেননা অনেক কবি উল্লিখিত বিরূপ পরিস্থিতির মুখোমুখি হয়েও পরবাসে যাননি, কেউ হয়তো ভালো এবং আরও নিরাপদ সুযোগ পেয়েও যাননি! এইখানে কবির বিবেচনাবোধ মানতেই হবে, তা হয়তো তিনি বলেননি কিন্তু পাঠক হয়ে আমরা তা গ্রহণ করতে পারি বা নাও পারি। তবে, এই কবিতায় কবির সংবেদনাকে আমরা প্রশ্ন করেও এক ধরনের কৌতূহল ও চিহৃযুক্ত ইশারা অনুভবে টেনে আনতে পারি।'
শহীর কাদরীর ক্ষীণ লেখার গাঢ় টান তুলে পিনু বলেন, 'তাঁর স্বল্পলেখা ইচ্ছে করে কিনা– জানি না! নাকি জীবনের বহুবিধ কারণে আরও বেশি লেখা হয়ে ওঠেনি, তাও হয়তো আমরা সেভাবে বলতে পারবো না। তবে, আরও কবিতা, আরও অন্য ধরনের লেখা তাঁর কাছ থেকে পেলে আমরা হয়তো আরও পাঠস্পৃহা মিঠাতে পারতাম।'
কবির এই মৃত্যু সম্পর্কে কবি গোলাম কিবরিয়া পিনু বলেন, 'তার আকস্মিক মৃত্যু স্বাভাবিকভাবে আমাদের বেদনাবিহ্বল করেছে, কেননা তাঁকে ও তাঁর কবিতা আমরা ভালোবাসি। তার কবিতাগুলো আবার পড়ছি। তার সম্পর্কে বিভিন্ন বিবেচনা ও বোধও কাজ করছে। তার কবিতা নিয়ে ভাবছি ব্যক্তিগতভাবে।'