২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুতে থামে না কোন কবির জীবন

alfred_khokon

Published : 30 Aug 2016, 01:12 PM

Updated : 02 Sep 2022, 08:35 PM

Image
shahid-alfred

প্রথমে স্বেচ্ছানির্বাসনে বিদেশ-বিভূঁইয়ে, তারপর দেশে ফেরার তীব্র আকুতি থাকা সত্ত্বেও শারীরিক অসুস্থতার কারনে ফিরতে না পারার একবুক বেদনা নিয়ে সুদীর্ঘ পঁয়ত্রিশ বছর প্রবাস জীবন পাড়ি দিয়েছেন তিনি! আশির দশকে বন্ধুদের প্রতি অভিমান করে (তাঁর ভাষায়) দেশ ছেড়েছিলেন। ২০১৪ সালে আমেরিকার জ্যামাইকায় কবির ফ্লাটে বসে কয়েক ঘন্টা আড্ডা হল। এই আড্ডাইটাই আমার সঙ্গে তার প্রথম ও শেষ দেখা। দুজনেরই জরুরী কাজ থাকা সত্ত্বেও কাজের কর্মসূচী কেড়ে নিতে পারল না আমাদের এই আড্ডার সময়। মাত্র ঘন্টা চারেক। তবু মনে হল চার ঘন্টা যেন চার মিনেটেই শেষ হয়ে হাওয়ার মত উড়ে গেল। আর মনে হল কত যুগের পরিচিত আমরা দুজন! বড় ভাই আর ছোট ভাই মিলেমিশে বসে আছি বাংলা কবিতার বাড়িতে।
শহীদ কাদরীর সঙ্গে আমার দেখা হওয়ার ঘটনাটা বলি। কাজের প্রশ্নে আমেরিকার বিভিন্ন রাজ্যে ব্যস্ততম ১৮ দিন কাটিয়ে নিউইয়র্কে ফিরলাম ১৮ সেপ্টেম্বর। ২৩ তারিখ ফিরব দেশে। সম্ভবত ওইদিনই অস্টরিয়ার একটি গেস্ট হাউসে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। পরদিন বাংলা কাগজগুলির প্রায় সবকটিতেই আমার ছবিসহ আমেরিকা ভ্রমণের খবর ছাপে। আর ওই দিন হঠাৎ একটি ফোন পাই আমার মোবাইল ফোনে। নারী কণ্ঠ। এটা কি কবি আলফ্রেড খোকন। আমি বললাম হ্যাঁ। আপনি? অপরপ্রান্ত থেকে বললেন, ভাই আমি নীরা ভাবী, শহীদ কাদরীর স্ত্রী। লিপি আমাকে তোমার নম্বরটা দিল বলে তোমাকে পেলাম। শহীদ তোমার খবর পেয়েই বলে যাচ্ছে– 'ছেলেটা কবে এসেছে, কোথায় থাকছে, কি করছে, কে জানে। আমি তো চলতে পারি না। পারলে ওকে গিয়ে নিজেই একবার নিয়ে আসতাম।' শহীদের কাছে তোমার কথা এভাবে শোনার পর ভাবলাম তোমাকে একটা ফোন দিই। যদি তোমার সময় হয় এখানে আসার। শহীদ বলেছে তুমি আসলে ওর ভাল লাগত। আমি তৎক্ষনাৎ নীরা ভাবীকে কথা দিই। এটা তো আমার কাছে পরম পাওয়া হবে। আমি আসব।

কিন্তু আসব বললেই তো আর আসা যায় না। কোথায় থাকেন, কত দূর, কিভাবে যাব– এই সব বাস্তবতা এসে ভিড় করে মাথার ভিতর। কারণ আমেরিকার এক টাকা মানে আমার পকেটের আশি টাকা। সর্বদাই মাথার ভিতর একটা ক্যালকুলেটর ঘুরতে থাকে, মানি কনভার্ট করার জন্য। যাই হোক। ফোন রেখে আরেক বন্ধুর কাছে জানতে চাইলাম অস্ট্ররিয়া থেকে জ্যামাইকার দূরত্ব। বন্ধু বলল, আপনি কি কবি শহীদ কাদরীর ওখানে যাবেন? আমি অবাক। তিনি বললেন, 'আমি চিনি ওনাকে। ভাল মানুষ, বড় কবি। আপনাকে আমি নিয়া যাব চিন্তার কিছু নাই। জ্যাম না থাকলে যেতে ৪০ মিনিট লাগবে। ওই দিকটায় একটু জ্যাম থাকে।' আমি বন্ধু জামানকে বললাম, ২০ তারিখ কথা দিয়েছি। আমি তো ২২ তারিখ দেশে ফিরে যাব। ওই দিন না হলে আর হবে না। তিনি বললেন, 'আরে মিয়া কবির লগে কবির দেখা হবে না কি কন। দরকার হয় টিকিট ক্যান্সেল হবে।' জামানের ভাবসাব, পার্সোনালিটি সবই আলাদা। এই বাঙালি যুবক আমেরিকার রাস্তায় একটা লাল রঙের হ্যামার চালায়। বেশ সৌখিন মানুষ। তবুও মন উসখুস করতে থাকল। কারণ অনেক পরিচিত বন্ধুর সঙ্গে দেখা করতে না পারার বেদনার বোঝা তৈরি হয়েছে ইতোমধ্যেই। তাই মনের মধ্যে হারাই হারাই অবস্থা বিরাজমান। বুঝি শহীদ ভাইয়ের সঙ্গেও এভাবে না-দেখা করেই চলে যেতে হবে।
আমার সময়ের অর্থাৎ নব্বুইয়ের দশকে যে যে কবিদের আত্মপ্রকাশ, তাদের সঙ্গে কবি শহীদ কাদরীর প্রকাশ্য দেখা হয়নি। জীবিতকালে সব নামী-দামী করি সঙ্গেই আমাদের প্রজন্মের দেখা হয়েছে। শুধু শহীদ কাদরীর সঙ্গে কারো দেখা হয়নি। নাসির আলী মামুনের আধেক আলো- আধেক আন্ধারের একটি সাদা কালো পোর্ট্রেটই আমাদের কাছে কবি শহীদ কাদরীর দৃশ্যমান অবয়ব।
২০১৪ সালে সপ্তাহে তিন দিন ডায়ালিসিসের জন্য হাসপাতালে যেতে হত শহীদ কাদরীকে। তাই আগেরদিন ডায়ালিসিস থাকায় ২০ তারিখ আমি যেন ১১টার পরে আসি বলে নীরা ভাবী ফোন দিয়ে জানালেন। আমি বলেছিলাম ৯টায় যাব। যাই হোক, জ্যাম আর গাড়ি পার্কিং না পাওয়ায় আমি ১টায় কবিগৃহে পৌঁছলাম। শহীদ ভাই বললেন, 'তুমি আসবে বলে ৯টা থেকে বসে আছি।' আমি বললাম, ভাবী তো আমাকে ১১টার পরে বলল। 'ওরা বেশি সতর্ক। আরে তুমি এতদূর থেকে এসেছ, তার আবার টাইম কিসের।' শহীদ ভাইয়ের চোখে জল। দীর্ঘ দিন বাপের বাড়ি না-যেতে পারা বধূরা যেমন বাপের বাড়ীর কাউকে দেখলে আবেগাপ্লুত হন, শহীদ ভাইয়ের সঙ্গে স্বদেশের দীর্ঘ বিরহের এই দৃশ্যটা যেন তেমনই।
শহীদ ভাই তার দরাজ গলায় ডাক দিলেন এইদিকে আসো ভাই। আমি গিয়ে বসলাম তাঁর কাছাকাছি। এটাই আমার প্রথম দেখা! সুদীর্ঘ পঁয়ত্রিশ বছর প্রবাসে জীবন পাড় করছেন তিনি! আশির দশকে বন্ধুদের প্রতি অভিমান করে (তাঁর ভাষায়) দেশ ছেড়েছিলেন তিনি।
সেদিন তাঁর সঙ্গে বাংলা কবিতা প্রসঙ্গে নানান ভ্রমণ হল আমার। দেশভাগের আগে ও পরে। আমাদের সময়ের কবি ও কবিতা নিয়ে তার মনোভাব। তার সমকাল, বন্ধুত্ব । শামসুর রাহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, আলাউদ্দিন আল আজাদ, ফজল শাহাবুদ্দিন, ওমর আলীর কবিতা। তাঁর জন্মভূমি কলকাতার কথা। গ্রামহীন এক পটভূমিতে বেড় ওঠার কথা। পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাহিত্যে আলাদা বৈশিষ্ট্যকে শণাক্ত করার কথা। সঞ্জয় ভট্টাচার্য, বুদ্ধদেব বসুর কথা।
আধুনিক বাংলা কবিতার পূর্ণাঙ্গ সংকলন সম্পাদনার কথা। বললেন অন্যভাষা সাহিত্যের প্রতি অধিকাংশ ইংরেজ সাহিত্যিকদের ব্রাম্মন ভাবের কথা। টেলিভিশন প্রডিউসার হিসেবে তাঁর বাংলাদেশ টেলিভিশনে ৪ বছরের কাজের প্রসঙ্গ। তারপর সুকান্ত-সলিল-সুমন প্রসঙ্গ। দেশে ফিরে আসতে না-পারার কথা। তাঁর কবিতার প্রসঙ্গ। নব্বুই দশকের কবিতা নিয়ে তার উপলব্ধি ও উচ্ছ্বাস। এবং আশ্চর্য নব্বুইয়ের প্রিয় কবিদের লিষ্ট। কয়েকজনের বই তার জ্যামাইকার বাসায়। ইতিহাসের এইসব ঘটনা ও দৃশ্যাবলি আমাকে মুগ্ধ করে রাখল অনেকক্ষণ।

এর মধ্যে তার স্ত্রী নীরা পাশের ঘর থেকে জানাল– শহীদ ভাই আড্ডাতে ১০ হাজার টাকার প্রাইজ পাইছে বিউটি বোর্ডিং থেকে। আমি তাকে বললাম কিন্তু আপনার তাড়ায় তো আর আড্ডা দেয়া যাচ্ছে না? নীরা ভাবি বললেন– এই জন্যেই তো পুরস্কারের কথাটা তোমায় বললাম। ওটা আমার মাথায় আছে না। আমাদের আলাপকালে তিনি একটু পরপর তাড়া দিচ্ছিলেন কবিতা সন্ধ্যায় যাবার জন্য। তাঁর বাসার নিচে কমিউনিটি হলে প্রতি মাসে তিনি একটি কবিতা সন্ধ্যার আয়োজন করতেন এবং নিজেই এর সঞ্চালক ছিলেন। শহীদ ভাই অনেক জোড়াজুড়ি করে আমাকে নিয়ে মঞ্চে উঠলেন এবং আমেরিকা প্রবাসী লেখক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্নজনকে পরিচিত করালেন আমাকে। তাঁর অনুরোধ অন্তত একটি কবিতা পাঠ করে যেন আমি যাই। তাঁর এই অনুরোধ রেখে আমি মঞ্চ থেকে চলে আসলাম, কবিতা সন্ধ্যা চলতে থাকল, এই চলমান স্মৃতির স্থবির হওয়ার কথা ছিল না। শহীদ ভাইকে কথা দিয়েছিলাম ২০১৬-এর শুরুর দিকে আরেকবার যাব। তখন দীর্ঘ আড্ডা হবে। নব্বুই দশকের কবিদের বইগুলি দেব। শহীদ ভাই কিন্তু কথা রেখেছেন, তাঁর অনেক অপেক্ষা ছিল। কিন্তু এত বেশি অপেক্ষা তো করা তাঁর পক্ষে সম্ভবপর ছিল না। তাই নিজেই দেশে ফিরে আসলেন। জীবিত থাকাকালে গত পঁয়ত্রিশ বছর ধরে ইচ্ছে থাকা সত্ত্বেও দেশে আসতে পারলেন না। অথচ মৃত্যুতে সব ঘুচিয়ে তিনদিনের মধ্যেই তিনি স্বদেশে হাজির। অদ্ভুত! শহীদ ভাই এবার আপনি নিজেই দেখা করতে এলেন! বড় ভাই তো তা-ই করে। তোমাকে স্যালুট মাই ডিয়ার পোয়েট।

Image
Flag Counter