২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যু তাঁর মৃত্যু নয়

d_moniruzzaman

Published : 20 Jan 2014, 08:45 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

তিনি নেই, তবু তাঁর কথা রয়ে গেছে । ১৯৫৭-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেও যেমন শুনেছিলাম তাঁর কথা । তিনি নেই, তবু আছেন; মুখে মুখে এক গল্পে । মানতে পারি নি সে গল্পটা । এ কেমন কথা,- বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রটি গেটে দাঁড়িয়ে সিগ্রেট বিক্রি করছে । কেন এই অভিনব বিদ্রোহ! সরকার তাঁর চাকুরি নিষিদ্ধ করে দিয়েছে এ তারই প্রতিবাদ । কারণ ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়ে তিনি জেলে গিয়েছিলেন । তিনি সরকার বিরোধী । ইতিহাস বিভাগের ফার্স্টক্লাস ফার্স্ট পাওয়া ছাত্রটির জন্য চাকুরি নেই? মাতৃভাষার পক্ষে কথা বলেছিলেন, তাই সে অপরাধ এতই ? তিনি চলে গেলেন বিলেতে । অক্সফোর্ডে হাই সেকেন্ড ক্লাস নিয়ে (বদরুদ্দিন উমর প্রমুখেরাও এই ফল করতে পারেন নি সেকালে ।)এবং একই সাথে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরে এসে শিক্ষকতায় যোগ দেন রাজশাহীতে । সেখান থেকে আইনি জগতে থিতু হলেন অবশেষে ভাগ্যের বিড়ম্বনাকে পেছনে ফেলে ধীরে ধীরে উঠে এলেন সৌভাগ্যের কূলে । জীবনটা কেটেছিল তাঁর এমনি । মৃত্যুও কেড়ে নিল তাঁকে চিকিৎসাবিহীন । প্রজ্ঞান-তীর্থে তবু তিনি অমৃত্যু ।

তিনি আর কেউ নন, যথাশব্দ, মিত্রাক্ষর, আইন শব্দকোষ, মাতৃভাষার সপক্ষে রবীন্দ্রনাথ, কোরাণসূত্র, গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ প্রভৃতি অসাধারণ সব গ্রন্থের লেখক বিচারপতি বাংলাদেশের সঙ্কটকালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান ।

আমি তাঁর সামনাসামনি হই চট্টগ্রামের লাভলেনের এক অনুষ্ঠানে । থাকি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে । বিকেলের বাসে শহরে এসে বইপাড়া ঘুরে লাভলেনে যখন পৌঁছলাম তখনও তেমন কেউ এসে পৌঁছোন নি । মাগ্রেবের পরে হাবিবুর রহমান সাহেব তাঁর লম্বা শরীরটা নিয়ে সাধারণ পায়জামা পাঞ্জাবি পরে আস্তে অকুস্থলে এসে ঢুকলে অটোগ্রাফ নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়লো ছাত্র-ছাত্রীসহ আরও অনেকেই । তাঁর খুব কাছেই আমি বসেছিলাম । অটোগ্রাফ নেওয়ার ঠেলাঠেলিতে উঠে যাচ্ছিলাম, তিনি কি ভেবে আমার দিকেও খাতা বা কিছুর জন্য হাত বাড়ালেন । আমি খানিকটা চমকে গেলেও বুঝলাম তিনি প্রায় যান্ত্রিকভাবেই এবং অভ্যস্ত কায়দায় কাজটা করছেন । বল্লাম, আমার কাছে তো কোনও নোটবই-টই নেই, নতুন এই বইটা কিছুক্ষণ আগে কিনেছি, এতে আপনার একটা সই থাকলে স্মৃতিস্বরূপ রেখে দোব । তিনি জানতে চাইলেন কী বই এটা । বইয়ের লেখক আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের নাম দেখে তিনি ভাষার কথা বলতে লাগলেন । আমার সাথে কথা বলছেন বলেই হয়তো ছাত্ররা একটু জায়গা করে দিয়ে ছিল । আমি বল্লাম, শুনেছি আপনি সব কিছুই কার্ডে তুলে রাখেন । ড. ভুঁইয়া ইকবালকে একবার আপনার কার্ডগুলি দিয়ে দিতে চেয়েছিলেন । তিনি বইটা ওলটাতে ওলটাতেই বললেন, কার্ডে অনেক সুবিধা । ও অভ্যাস এখনও আছে । তবে যা যা ভাবি তা তো আর লেখা হয়ে ওঠে না । অনেক কিছু শুধু স্ংগ্রহের জন্যই লেখা হয় । ওর গুরুত্ব ওখানেই শেষ হয়ে যায় ।' ভাবলাম বইটার আখ্যাপত্রেই তিনি একটা সইটই করে দেবেন । দেখলাম তিনি তা না করে শেষ পৃষ্ঠার সাদা অংশে বেশ সময় নিয়ে এক প্যারার মত তাঁর একটা তাৎক্ষণিক চিন্তার কথা ধরে ধরে লিখলেন । আমি মনে মনে বা বুঝি তাই বললাম, একদিন আমি থাকবো না, বইটা কোনও লাইব্রেরিতে থাকবে তখন । আপনিও চলে যাবেন, কিন্তু আপনার গল্প থেকে যাবে ।

অবসর গ্রহণের পর আমার বইয়ের প্যাকেটগুলির ভেতর থেকে সুকুমার সেন এবং সুনীতিকুমারের বই ভরা প্যাকেটটা আমার দেশের বাড়িতে খুঁজে পাওয়া গেল না । নিয়ে আসার পথে কিছু জিনিষ হারানো যায় । হারানো প্যাকেটটির মধ্যে ওই বইটি ছিল । বইটি নেই, থাকলো শুধু গল্পটাই ।