২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

শঙ্খজীবন: চলে যাওয়া যার ফিরে আসার জন্য

হামীম কামরুল হক

Published : 21 Apr 2021, 02:07 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


শঙ্খ ঘোষের আলোকচিত্র: রাজু আলাউদ্দিন
এ এক আশ্চর্য বিষয়– আমার সবচেয়ে প্রিয় কবিদের একজন শঙ্খ ঘোষ, তাঁর প্রয়াণে শোক জাগছে না, বরং শোক ছাপিয়ে জাগছে ভালোবাসা ও শ্রদ্ধার বিপুল স্রোত। আর এ জন্য তিনিই দায়ী। আমাকে তিনি ও তাঁর কবিতা এবং গদ্য এভাবেই প্রস্তুত করে রেখেছিল। হাফিজের কবিতায় আছে( সৈয়দ শামসুল হক অনূদিত) :" চিরকালীন বার্তা পড়ো! /চোখের পানি ফেলো না ফের।" ফলে জীবনে সব ক্ষতি ও ক্ষতে সামনে মধ্যে কেন্দ্রে কীভাবে দাঁড়াতে হয় শঙ্খ ঘোষ শিখিয়ে গেছেন। তাঁকে নিয়ে কোনো ক্ষতির বোধ তৈরি হচ্ছে না। বরং আরো গভীর নিবিড়ভাবে পাওয়ার দিকে নতুন করে প্রত্যয় জাগছে।
তাঁর কবিতা প্রথম মনে পড়ার মতো আমার সামনে হাজির করেছিলেন প্রশান্ত মৃধা। কবিতার নাম ছিল " যমুনাবতী"। তখন আমি বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে, প্রশান্তদা দ্বিতীয় বর্ষে। বলেছিলেন, এমন নারীবাদী কবিতা খুব কম আছে।
" যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে/ যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে /বিষের টোপর নিয়ে।/যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে/ দিয়েছে পথ, গিয়ে।"
আত্মা সত্তা আলোড়িত হলো। এরপরই শামীম রেজার কাছে পাঁজরে দাঁড়ের শব্দ আর তারপর গান্ধর্ব কবিতাগুচ্ছ নিয়ে কত কথা। শামীম ওই দুটো বই হাজার কি না জানি না, কিন্তু কতবার যে পড়েছে, কোনো হিসাব নেই।
শঙ্খ ঘোষের "আয়ু" কবিতাটি হয়ে উঠল জীবনের মন্ত্র। তাঁর একটির পর একটি গদ্যের বই শব্দ আর সত্য , জার্নাল , বইয়ের ঘর থেকে পরে ছোট ছোট বই কবির বর্ম কি হওয়ার দুঃখ একবার পড়ার পরও সাধ মেটেনি।
সন্দীপন চট্টোপাধ্যায়কে নিয়ে লেখা গদ্যে তিনি আবার অন্য মানুষ। আলাদা কিন্তু শঙ্খ ঘোষই। এভাবে বিচিত্র বিষয়ে বিচিত্র মানুষ নিয়ে তাঁর কবিতা এবং গদ্য।
আমাদের সমকালে মহত্তম ও শুদ্ধতম কবি ও লেখকের নাম শঙ্খ ঘোষ। কিন্তু তিনি কোনোভাবেই গজদন্ত মিনারবাসী কবি ছিলেন না। ছিলেন না দলকানা, কোনো মতবাদে ধামাধরা মানুষ। নিশ্চয়ই তাঁর মানুষী দুর্বলতা কিছু তো ছিল। কারণ তিনি ছিলেন আদ্যন্ত মানুষ।

তাঁর কবিতা আমার জীবনযাপনের অংশ। কত কত বার ফিরে গেছি তাঁর কবিতার কাছে। নিহিত পাতাল ছায়া মুগ্ধ করেছিল। পাঁজরে দাঁড়ের শব্দ কি গান্ধর্ব কবিতাগুচ্ছ–বার বার ফিরে ফিরে পড়ছি এই বই দুটো। শ্রেষ্ঠ কবিতার বইটি সবসময় পড়ার টেবিলে রেখেছি। প্রাণে টান পড়লেই খুলে পড়েছি। যেভাবে পড়ি হাফিজ রুমি রবীন্দ্রনাথকে। পড়ি চিরায়ত বইগুলি।
"কী হবে সেই কবিতা দিয়ে যদি তা না বাঁচায় জীবন ও মানুষকে?"— এমনটাই বলেছিলেন চেশোয়াব মিউশ। শঙ্খের কবিতা জীবনশঙ্খের মতো। প্রতিদিন কাজে লাগে, কিন্তু তাতে কোনোমাত্র ধার কমে না। জীবনকে করে তোলে শঙ্খজীবন, প্রতি দিন হাজারো অশুভের ভেতর বেজে ওঠে তাঁর শুভবোধের সুর।
তাঁকে নিয়ে শোক নেই। তাঁর চলে যাওয়া আরো বিপুল বিস্তারে ফিরে আসার জন্য।
তাঁর জন্য শ্রদ্ধা ও ভালোবাসা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে।
শঙ্খ ঘোষের মৃত্যু আমাদের শোক নয়, শক্তি দিক।
জয়তু শঙ্খ ঘোষ।