২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

জো উইন্টারের চোখে জীবনানন্দ: আধুনিকতাবাদী, আবার একইসঙ্গে চিরকালীনও

মোস্তাক শরীফ মোস্তাক শরীফ

Published : 17 Feb 2021, 02:22 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


ব্রিটিশ কবি, সাহিত্য সমালোচক ও অনুবাদক জো উইন্টার জীবনানন্দের কবিতার অনুবাদকদের মধ্যে অন্যতম। জন্ম ১৯৪৩ সালে লন্ডনে। ১৯৬৭ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত লন্ডনের সেকেন্ডারি স্কুলি ইংরেজির শিক্ষকতা করেছেন। ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত কোলকাতায় ছিলেন। এ পর্যন্ত Beautiful ও Naked Lonely Hand নামে জীবনানন্দের কবিতার দুটি অনুবাদ গ্রন্থ রচনা করেছেন তিনি। এছাড়া তিনি মূল থেকে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ও লিপিকা ইংরেজিতে অনুবাদ করেছেন। বর্তমানে তিনি সাসেক্স-এ শিক্ষকতা করছেন। বর্তমান লেখাটি Naked Lonely Hand বইয়ের ভূমিকাংশের ইষৎ সংক্ষেপিত অনুবাদ। লেখাটি ইংরেজি থেকে অনুবাদ করেছেন কথাসাহিত্যিক ও অনুবাদক মোস্তাক শরীফ। বি.স

জীবনানন্দ দাশের (১৮৯৯-১৯৫৪) সমসাময়িক কেউ একজন তাঁকে 'নির্জনতম কবি' আখ্যা দিয়েছিলেন। নিজের কবিতার স্বনির্বাচিত এক সংকলনের মুখবন্ধে এ অভিধার বিরোধিতা করেছিলেন জীবনানন্দ, একইসঙ্গে নস্যাৎ করেছিলেন তাঁকে ও তাঁর কবিতাকে শ্রেণিবিভাজনের যেকোনো প্রয়াসকে। কবির কথায়, এসব দৃষ্টিভঙ্গি 'সঠিক, তবে আংশিকভাবে। নির্দিষ্ট কোনো কবিতা বা স্থানের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য, আমার সমস্ত রচনার ক্ষেত্রে নয়।' কবি ও কবিতাকে নানা শ্রেণিতে গণ্ডিবদ্ধ করা অনুচিত। সিদ্ধান্ত দেয়া বা সাধারণীকরণের যেকোনো প্রচেষ্টাই এর খাঁটিত্বকে বরবাদ করে দেবে। জীবনানন্দের ক্ষেত্রে একথা ভীষণভাবেই খাটে। 'নির্জনতম কবি'র তকমাটি এখনও সেঁটে আছে তাঁর নামের সঙ্গে, হয়তো আরো বেশ কিছুদিন থাকবে। আমি বরং খানিকটা দ্বিধার সঙ্গেই জীবনানন্দকে চিহ্নিত করতে চাই 'অনুভূতির কবি' হিসেবে। তাঁর কবিতার নিবিষ্ট পাঠ এমন এক সত্তার সঙ্গে আমাদের পরিচয় ঘটিয়ে দেয় যে বস্তুত নিজেকে ছাড়া আর কাউকে চেনে না, অথচ এ না চেনার মধ্যেই বাইরের দুনিয়াকে চিনে নেয় দারুণ প্রাঞ্জলতায়। লেখার ধরন আর চিন্তার আবিষ্টতার কোনো কোনো বৈশিষ্ট্যের বিচারে জীবনানন্দ আধুনিকতাবাদী, আবার একইসঙ্গে চিরকালীনও।

তাঁর জীবৎকালে বাংলার (বর্তমান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ) সাংস্কৃতিক পরিমণ্ডলে একচ্ছত্র প্রভাব ছিল রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) নামে এক অসাধারণ সাহিত্য প্রতিভার। রবীন্দ্রনাথের কালে অন্য কারো কবি হিসেবে পরিণতিপ্রাপ্তি কল্পনা করাও কিছুটা কঠিন ছিল। বাংলার সাহিত্যভুবনে তিনি দীর্ঘ ছায়া ফেলেছিলেন–এভাবে বললে কম বলা হয়। অল্প কয়েকজন ব্যতিক্রমকে বাদ দিয়ে নির্দ্বিধায় বলা যায়, সুউচ্চ থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত বাংলার সকল মানুষ রবীন্দ্রনাথকে ভালোবাসতেন। তাঁর রচনার সম্ভারও বিপুল, সাহিত্যকুশলতায় তিনি অনন্য, লেখনীর মাধ্যমে যে বার্তা দিয়েছেন তা সঞ্জীবনী সুধার মতোই ক্লান্তিহরা। সম্ভবত এখানেই জীবনানন্দের সঙ্গে তাঁর যত অমিল। কারণ জীবনানন্দ যা বলতে চাইছেন সেটিও সতেজ বটে, তবে জীবনানন্দ যেখানে আধুনিকতাবাদী, রবীন্দ্রনাথ সেখানে সনাতনের অনুসারী। দুজনের পার্থক্যটা বস্তুত দুটি যুগের। চার দশকেরও বেশি সময় জীবিত রবীন্দ্রনাথকে পেয়েছেন জীবনানন্দ, অথচ উপলব্ধির বিচারে দুজনের মধ্যে দূরত্ব যোজন যোজন। রবীন্দ্রনাথের ছায়াটি যেন অস্তগামী সূর্যের, অন্যদিকে কবি হিসেবে জীবনানন্দের বিকাশের মধ্যে আছে এক ধরনের অনিবার্যতা, যা তাঁকে ভিন্ন এক জনগোষ্ঠী বা ব্যক্তিত্বের ভিন্ন এক পরিসরের মুখপাত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যুবক টি. এস. এলিয়টের মতোই জীবনানন্দের কবিজীবন ছিল চিন্তাশীল এক মানুষের মৌলিক ভাবনার ধারক, যেটি আকৃতি দিয়েছিল নতুন এক সংবেদনশীলতাকে, সৃষ্টি করেছিল বাস্তব এক দৃষ্টান্ত যা ছিল সত্যিকার অর্থেই নবীন। এমন দৃষ্টান্ত প্রচুর আলোড়ন সৃষ্টি করতে পারে বটে, তবে ভাষাকে আবেষ্টন করে আছে যে চেতনা তার গভীরে প্রোথিত হতে এর দীর্ঘ সময় লেগে যেতে পারে। পশ্চিমবঙ্গেও তাই ঘটেছে। সন্দেহাতীতভাবে মহান এক কবি হিসেবে জীবনানন্দের স্বীকৃতি জুটেছে অতি সম্প্রতি, এবং তাঁর কাব্যশৈলী নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। রবীন্দ্রনাথসহ জীবনানন্দের পুর্বসুরীদের অনেকেই যে কাব্যদর্শনকে গ্রহণ করেছেন সেখানে সত্য ও সুন্দর সমপর্যায়ভুক্ত। জীবনানন্দও তাই, তবে সত্য ও সুন্দরের সঙ্গে আরেক অংশীদারকে যুক্ত করেছেন তিনি–বেদনা।


জীবনানন্দের জন্ম ও বেড়ে ওঠা বরিশালে। তৎকালীন পূর্ববঙ্গের এ শহরের অবস্থান এখন বাংলাদেশে। কলকাতার প্রেসিডেন্সি কলেজে ইংরেজি পড়েছেন, কলকাতা, দিল্লী ও বরিশালের কলেজে পড়িয়েছেন। সাংবাদিকতা করেছেন কিছুদিন, বহুদিন ছিলেন বেকার। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বটে, তবে দু পক্ষের তরফেই ছিল অপূর্ণতার বোধ। দুটি সন্তানের জন্ম দিয়েছিলেন। দেশভাগের পর পাকাপাকিভাবে চলে যান কলকাতায়। মৃত্যু হয় ৫৫ বছর বয়সে, রাস্তা পেরোনোর সময় ট্রামের ধাক্কায়। আ পোয়েট অ্যাপার্ট নামে জীবনীগ্রন্থে জীবনানন্দের জীবনকে চমৎকারভাবে বিশ্লেষণ ও বর্ণনা করেছেন ক্লিনটন বি. সিলি। তবে তিনশো পৃষ্ঠার জীবনী কিংবা একটিমাত্র অনুচ্ছেদ–কোনোটিরই সাধ্য নেই কবির জীবনযন্ত্রণাকে সংজ্ঞায়িত, এমনকি স্পর্শ করারও। কেবল জীবনানন্দের লেখাই করতে পারে এই কাজ।
শিল্পের ভুবনকে গভীরভাবে, বলা যায় তীব্র ক্ষোভের সঙ্গে কাঁপিয়ে দেয়া আধুনিক মানবাত্মা সম্বন্ধে অনেক কথাই বলা যায় যার প্রেরণা সৃষ্টি নয়, ধ্বংস। নানাসময় নানা নামে পরিচিত এই কালাপাহাড়ি প্রবণতাকে আধুনিক নন্দনতত্ত্বে মাত্রাতিরিক্ত প্রভাব ফেলার সুযোগ করে দেয়া হয়েছে। গত কয়েক দশক ধরে দাপটের সঙ্গে টিকে থাকলেও আদতে এ প্রপঞ্চটি ক্ষণস্থায়ী। ধ্বংসের এই তাড়নার পাশাপাশি পরিণত আরেকটি তাড়নাও সক্রিয়, যা হচ্ছে আবদ্ধ অন্তরাত্মাকে উপলব্ধির প্রয়াস। এ প্রয়াসের স্ফূরণ ঘটেছে নানা ক্ষেত্রে; বলা যায় বিশেষ একটি স্নায়ুতন্ত্রের উন্মোচন ঘটিয়েছে এটি। কখনও কখনও এই দুই প্রবণতা যুগপৎও কাজ করেছে, তবে তার প্রভাব ছিল ক্ষণস্থায়ী। পরিণত তাড়নাটি যখন কদর্যতার চোখে চোখ রেখে তাকিয়েছে তখনও মুখ ফেরায়নি সুন্দরের দিক থেকে। প্রকৃত আধুনিকতাবাদীর জন্ম হয়েছে তখনই, এবং তিনি নিঃসঙ্গ। বিশ শতকের বিশ্বে শিল্পের নানা রূপের ব্যাখ্যাকারদের মধ্যে জীবনানন্দকে সবচেয়ে তাৎপর্যময় বলে চিহ্নিত করা যেতে পারে। বিশৃঙ্খল, অসংবদ্ধ আর উদ্ভটের মধ্যে নিজের দৃষ্টিকে আটকে রাখেননি তিনি। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা অসম্পূর্ণতার প্রান্তগুলোকে চষে বেড়ানোর ক্ষমতা ছিল তাঁর, ক্ষমতা ছিল সুন্দরের পরিপূর্ণ উদঘাটনের।

যেহেতু দুটি পক্ষকে আমাদের সামনে উপস্থাপনের প্রয়াসে নিজের শৈলীকে পাল্টানোর দরকার হয়নি তাঁর, আমাদের সামনে তিনি উপস্থাপন করেছেন একটি সম্পূর্ণ পৃথিবী। এর পেছনে কাজ করেছে চরিত্রের প্রবল এক দৃঢ়তা। জীবনানন্দের জীবনের প্রধানতম বৈশিষ্ট্যও বলা যায় এটিই–অস্তিত্বের স্বর্গ ও নরক–দু'য়ের প্রবল আকর্ষক শক্তির কাছে নিজেকে সমর্পণের সাহস, দুটোর কোনোটিকেই প্রত্যাখ্যান না করে। আর এখানেই নিহিত আছে বেদনা। প্রকৃত আধুনিকতাবাদীর মতোই, যুগাত্মার অনুসন্ধিৎসু তাড়না তাঁকে পরিচালিত করেছে, তাঁকে সহ্য করতে হয়েছে এ অনুসন্ধিৎসার অনিবার্য ফল-প্রবল এক নিরানন্দময়তা। তবে সংযুক্ত ও অংশভুক্ত হবার এক তৃপ্তিরও স্ফূরণ ঘটেছে তাঁর মধ্যে, ফলে তাঁর কবিতায় পাওয়া যায় বিশ্বরূপের দর্শন।


প্রকৃতির নানা অনুষঙ্গ যেন বিশেষ অধিকারবলে প্রবিষ্ট হয় তাঁর লেখায়। যে বৃক্ষ, তরুলতা, স্রোতস্বিনীকে সঙ্গী করে বেড়ে উঠেছেন, তার দৃশ্য ও শব্দের ভুবনই জীবনানন্দের কবিতার ভিত্তিভূমি। বলা হয়, প্রকৃতি তাঁর রচনার একটি চরিত্র হিসেবে এসেছে। জীবনানন্দের কবিতায় প্রকৃতির সবই আছে–স্বতন্ত্র সত্তা, স্বকীয় এক মেজাজ; কেবল নেই কণ্ঠস্বর। জীবনানন্দ তাঁর নিজের কণ্ঠ ধার দিয়েছেন প্রকৃতিকে। ইংরেজি সাহিত্যে এর তুলনীয় কিছু দেখা যায় না। তাঁর মৃত্যুর পর প্রায় ষাটটি সনেটের এক অসাধারণ সংগ্রহের খোঁজ মেলে, কবির ভাইয়ের সম্পাদনায় সনেটগুলো 'রূপসী বাংলা' শিরোনামে প্রকাশিত হয়। প্রতিটি সনেট পেত্রার্কীয় ঢঙে নিখুঁতভাবে অন্ত্যমিলযুক্ত, আবার একইসঙ্গে আধা-বিশৃঙ্খল, দীর্ঘ একটি বাক্য হিসেবেও দেখা যায়। কবিতাগুলো মধ্য ত্রিশের দশকে লেখা (কবির নিজের বয়সও তখন তাই) এবং বিশ বছরেরও বেশি সময় লুকানো ছিল লোকচক্ষুর আড়ালে। কারণ হিসেবে কবির লজ্জাকেই মুখ্য বলে ধরে নিতে হয়। বেদনার্ত আত্মাকে জনসমক্ষে উন্মুক্ত করা এক জিনিস, কিন্তু ভালোবাসার সুমিষ্টতার স্বীকারোক্তি একবারেই ভিন্ন জিনিস। মানুষের সাহচর্যে অস্বাভাবিক রকমের আড়ষ্ট থাকতেন জীবনানন্দ। অনেক কবিতায় পরিতৃপ্তির যে বহিঃপ্রকাশ ঘটেছে তার মধ্যেও দ্বিধাগ্রস্ততার একটা ভাব আছে, যেন এ তৃপ্তি সতর্ক, অনুসন্ধিৎসু একটি হৃদয়ের। তবে 'রূপসী বাংলা'য় দ্বিধা বা অনিশ্চয়তার লেশমাত্র নেই। বস্তুত একটি প্রেমের কবিতা এটি, যেখানে কবিহৃদয়ের আকাঙ্ক্ষার বস্তুটি কবির জন্মভূমি।

কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ঝরা পালক (১৯২৭)। কবিতার নতুন এক শৈলীর দেখা মেলে এ কাব্যগ্রন্থে, তবে অভাব রয়েছে পরিপক্বতার। এরপর এল ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬), পরিপূর্ণভাবে পরিণত এক কবির দেখা মিলল এতে, এবং একইসঙ্গে দেখা মিলল প্রকৃত কবিতারও। চল্লিশের দশকে এল তিনটি বই–বনলতা সেন, মহাপৃথিবী ও সাতটি তারার তিমির। কবির মৃত্যুর পর প্রকাশিত হলো রূপসী বাংলা (১৯৫৭) ও বেলা অবেলা কালবেলা (১৯৬১)। জীবনানন্দের বিপুল সংখ্যক কবিতা অসংখ্য বাঙালির মুখস্থ, যা রীতিমতো বিস্ময়কর। মাঝবয়সের নিচে যাদের বয়স তাদের মধ্যে জাদুকরি জনপ্রিয়তা জীবনানন্দের। তাঁর 'বোধ' কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯২৯ সালে, একটি সাহিত্য পত্রিকায়। এ কবিতার উপজীব্য একটি ব্যাধি, চৈতন্যের এক ধরনের বিদ্রোহ। বিশ শতকের গোড়ায় নির্বাসনমুক্তির আনন্দে বিশ্বজুড়ে মুক্তবুদ্ধির যে জয়গান, তারই রেখাপাত ঘটেছে এই বিদ্রোহে। একই সংকলনে পাই 'অবসরের গান' কবিতাটি। পল্লীজীবনের আলস্যভরা অবসন্নতার অসাধারণ উদযাপন এ কবিতাটি। এর মর্মমূলে ছড়িয়ে থাকা লঘুচিত্ত বিষন্নতা যেন 'বোধ' কবিতার প্রবল আন্তর-রূপায়ন থেকে অনেকটাই দূরে। বাংলা ভাষায় সবচেয়ে বেশি পরিচিত প্রেমের কবিতা 'বনলতা সেন'–এতটাই যে কবিতাটির নাম কবির নামের সমার্থক হয়ে গেছে রীতিমতো। রাস্তায় পরিচিতিজনদের মধ্যে সম্ভাষণ বিনিময়ের মতোই অনেকটা। অন্তহীন এক অনুসন্ধান আর আবিষ্কারের তাড়না আছে কবিতাটির মধ্যে, এবং প্রবলভাবে আবহ-নির্ভর। তবে এই আবহের ভিত্তি বাঙালির সংস্কৃতি, এ কারণে কবিতাটি সর্বান্তকরণে অনুধাবন করতে হলে অবাঙালিদের অর্জন করতে হবে বিশেষ এক জ্ঞান। বনলতা সেন নামের এই নারীর অস্তিত্ব বাস্তবে আছে কি নেই কেউ নিশ্চিত নয়; এ কবিতা তাঁকে অস্তিত্ব দিয়েছে। জীবনানন্দের কবিতা পড়তে গিয়ে কারো 'আধুনিকতার ফাঁদে' পড়ার দরকার হয় না। তাঁর কবিতা-শৈলীর আছে নিজস্ব একটি কণ্ঠস্বর, আছে স্বকীয় ব্যক্তিত্বের ছাপ। অধিকাংশ লেখকের ক্ষেত্রে এখানেই আমাদের থেমে যেতে হয়। ঘুরে দেখবার মতো আর কোনো সৈকত নেই, কাজেই সাহিত্যসিদ্ধিও থেকে যায় প্রবলভাবে সীমাবদ্ধ। জীবনানন্দের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি তা নয়। তিনি এমন এক ভুবনকে আমাদের সামনে হাজির করেন যেটিকে আবিষ্কারের পন্থার ওপর নির্ভর করতে হয় না, একবার উপলব্ধ হয়ে গেলে 'পন্থা'কে ছাড়িয়ে যা ধারণ করে মহত্তর ও ভিন্নতর এক রূপ। 'নগ্ন নির্জন হাত' নামের কবিতাটি দৃষ্টি নিবন্ধ করেছে সূর্যাস্তে। সম্ভবত এই একটিমাত্র কাজ মানুষকে পশু থেকে আলাদা করার ক্ষেত্রে অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি ভূমিকা রেখেছে। তবে এ সূর্যাস্ত নতুন। এমন স্পষ্টভাবে না হলেও এ কাজটি জীবনানন্দ বারবার করে যান। কখনো একটি বেড়াল, হাওয়ার রাত, রাস্তায় তিনটি ভিখারি অথবা শকুন। এভাবেই অবশেষে একটা উপলব্ধি জাগে যাকে সত্য বলে বোধ হয়। কখনো আবার ব্যাপারটা এতটা স্পষ্ট নয়। সামান্য একটা অনুভূতি, একটু চেনা চেনা ভাব। তবে কবি ঠিকই দূর সৈকতে পৌঁছান। কিছু একটা বলার আছে তাঁর।

মাত্র কয়েকটি স্তবকের শক্তিতে বিপুল জনতাকে নৈঃশব্দ্যে ডুবিয়ে দেয়ার ক্ষমতা আছে জীবনানন্দের; এ ক্ষমতার পরিচয় মেলে 'হায় চিল' কবিতায়। বাংলা কবিতাকে ভালোবাসেন এমন মানুষমাত্রই-পাশ্চাত্যের চেয়ে বাংলায় অক্ষরজ্ঞানসম্পন্ন মানুষের মধ্যে এ হার বিস্ময়কররকমের বেশি–যেন এ কবিতাটিকে হৃদয়ে গেঁথে রেখেছেন। কবিতাটি থমকে দেয়, প্রতিধ্বনি তোলে অন্তঃকরণে। এমন উদাহরণ অজস্র যেখানে মাত্র দু'টি বা কয়েকটি স্তবকের মাধ্যমে ব্যাখ্যার অতীত এক প্রতিক্রিয়া তিনি সৃষ্টি করেন পাঠকের মননে। আছে এমন অনেক দীর্ঘ কবিতা যেগুলো পাঠককে আটকে ফেলে জাদুকরি এক ঘোরের মধ্যে। এমনই একটি কবিতা 'আট বছর আগের একদিন'। আত্মহত্যার একটি ঘটনা। পড়া শেষ হলে আমরা জানতে পারি কেন ঘটল এই ঘটনা–যদিও জানি না কী জানলাম, কীভাবে জানলাম। শেষ যে কবিতাটির কথা আমি উল্লেখ করতে চাই সেটির শিরোনাম '১৯৪৬-৪৭'। জানা ও দেখার ব্যাপ্তির কথা বিচার করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রচিত কোনো ভাষার আর কোনো কবিতা এটির পাশে দাঁড়াতে পারে বলে আমার মনে হয় না। অংশত দেশভাগের ফলে সৃষ্ট ভয়াবহতা, অংশত বাংলার সাধারণ মানুষ এ কবিতার উপজীব্য। একটি নির্দিষ্ট সময়ের এটি, আবার কেবল সেই সময়ের গণ্ডিতেই আবদ্ধ নয়। এ কবিতায় মানুষের ক্ষুদ্রতার কথা আছে, আছে অস্তিত্বের সংকট এবং উপলব্ধির সীমায়িত ভুবনে বিশ শতকের বেদনার্ত অন্বেষণের কথা। প্রাচীন ঈশ্বরেরা কেউ বেঁচে নেই, তাই বলে হতাশারও কিছু নেই। কবিতাটির মনে দাগ কাটার মতো শেষ অনুচ্ছেদে দুটো অন্ধকারের কথা আমরা জানি। একটি হচ্ছে সর্বব্যপ্ত এক অন্ধকার, যেখানে মানুষ নিজেই নিজেকে অন্তরীণ করেছে, অন্যটি এক শুভ অন্ধকার। আপাতদৃষ্টিতে তারা সর্বদা বিচ্ছিন্ন, তবে শেষমেষ, কবিতার দেবদারু-শাখা যেন পরম ক্লান্তিতে মিলিয়ে দেয় দুই অন্ধকারকে। জীবনানন্দ বাস্তববাদী–তাঁর চেয়ে নিরাবেগ কেউ নেই, তবে একইসঙ্গে তিনি দয়ার্দ্রও।


সমসময়ের আরেকজন প্রকৃত কবি নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)। নতুন কোনো কাব্যভাষা নির্মাণের চেষ্টা করেননি তিনি। ভালোবাসা, স্রষ্টা, মাতৃভূমি, নানা বিষয়ে সহজাত দক্ষতায় রচনা করেছেন কবিতা ও গান। ছিলেন বেপরোয়া ও বহির্মুখী–স্বভাবে জীবনানন্দের বিপরীত। অনেকেই তাঁকে মনে করে যুদ্ধংদেহী, তবে সংকীর্ণতার লেশমাত্র ছিল না তাঁর মধ্যে। তাঁর শব্দবিন্যাসের অনায়াস সৌকর্যের মধ্যে রবীন্দ্রনাথের ছোঁয়া আছে। নজরুল এখন বাংলাদেশের জাতীয় কবি। রবীন্দ্রনাথ, নজরুল ও জীবনানন্দের পর অনেক কবিই এসেছেন, দৃষ্টি ও রচনাভঙ্গীর বিচারে সনাতনী ও নিরীক্ষাধর্মী উভয় ধরনের কবিই আছেন তাঁদের মধ্যে, তবে তাঁদের কারো প্রভাবই দীর্ঘস্থায়ী হয়নি। ইংল্যান্ড ও বাকি সব জায়গাতেও কিন্তু তাই। জীবনানন্দের একটি বিখ্যাত উক্তি আছে–'কেউ কেউ কবি'। অন্তর্গুঢ় একটি নিয়ন্ত্রণ, যার কাছে ভাষা সহজে এসে নিজেকে সমর্পণ করে, সেই নিয়ন্ত্রণের শক্তি সব কবি আয়ত্ত করতে পারেন না। অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন সবকিছুই যেন বড় বেশি চেষ্টাকৃত, বড় বেশি বায়বীয়। একজন প্রকৃত কবিই কেবল পারেন মনের সারবত্তাকে বিচ্ছিন্ন করতে, সেটিকে একটি রূপ দিতে এবং অন্যকে সে রূপ উপলব্ধি করাতে। এ এক সহজাত প্রক্রিয়া; তবে বড় দুষ্প্রাপ্য। জীবনানন্দের শৈলী এ প্রক্রিয়ার কথা স্মরণ করিয়ে দেয় আমাদের, যেটি তাঁর মধ্যে আসে অনায়াস সহজতায়। তাঁর কবিতা এমন সব বাক্যে পরিপূর্ণ যেগুলো এমনকি নিঃশ্বাস নেয়ার জন্যও থামে না, আছে এমন সব শব্দের একত্র সমাহার যেগুলো রীতিমতো উদ্ভট, কিন্তু কার্যকর। আছে পরিশীলিত শব্দ থেকে অকস্মাৎ গ্রাম্য-উপশব্দে বিচরণ, পাঠককে যা ধাক্কা দেয় আবার একইসঙ্গে মনে গেঁড়েও বসে।

কবিতার অনুবাদ নিয়ে দু-একটি কথা বলেই প্রসঙ্গটি শেষ করি। কবিতার ক্ষেত্রে শব্দের আভিধানিক অর্থ এক জিনিস, আর শব্দের প্রবাহ যে অর্থ নিয়ে আসে সেটি ভিন্ন জিনিস। পরের অর্থটিই কবিতার সুমিষ্টতা, যা একইসঙ্গে কবিতার পেশীও বটে। শব্দ-স্থাপত্যের এক উপহার এটি, যেন জীববস্তুর সংবেদনশীলতা, একে অবজ্ঞা করলেই অনুবাদকের বিপদ। আজকাল এটা বলাই কেতাদুরস্ত যে, কবিতার আকৃতিকে নতুন করে তৈরি করা যায় বটে, তবে ফল যা দাঁড়ায় তা অসম্ভবরকমের বিসদৃশ। বলা হয়, মোটামুটিভাবে নির্দিষ্ট দিকটি দেখিয়ে দিলেই চলে। এবং এভাবেই যা হওয়ার কথা ছিল কবিতার গভীরে ডুব তা হয়ে যায় হালকা সাঁতার। কেবল মূল কবির প্রতিই নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঠকদের প্রতিও অবিচার করা হয় এর মাধ্যমে। কেতাদুরস্তি ধ্বংস করে আত্মাকে। কবিতার ক্ষেত্রে নিপাট ডুব কী জিনিস আমরা ভুলেই গেছি। কবিতার গভীরে প্রবেশের একটাই পথ আছে এবং সেটি তার 'ফর্ম' তথা আকৃতির মধ্য দিয়ে, তা সে আকৃতি যেমনই হোক না কেন। অন্ধের মতো ছকের নকল করা অনুবাদকের কাজ নয়, তবে কবিতার গতিশক্তির মধ্যে প্রবেশ করার একটি উপায় পাঠককে দিতেই হবে–কেবল আভিধানিক অর্থের অনুসরণের মাধ্যমে যা করা কিছুতেই সম্ভব নয়। ধ্বনির একটি ভাস্কর্য আছে, সে ভাস্কর্যের নির্মাণ সম্পূর্ণ হলে সেটি প্রবাহিত হবে। আমি রবীন্দ্রনাথসহ বহু কবির কবিতাই অনুবাদ করেছি। তবে জীবনানন্দের মতো আর কারো কবিতাই আমার মনে এমন প্রগাঢ় ছাপ ফেলে যায়নি। জীবনানন্দের কবিতা আঁচড় কাটতে কাটতে যায়, যন্ত্রণা দেয়, এবং তারপর পাঠককে অধিকার করে নেয়। বাঙালি জীবনানন্দের ব্যাপারে আবেগপ্রবণ। আমরা যাই করি না কেন, অবচেতনা হচ্ছে তার চালিকাশক্তির একটি অংশ। জীবনানন্দের কবিতায় আমরা সেই শক্তি ও তার ব্যবহারকে দেখতে পাই।