২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

মওলা ভাই, কিছু কথা বাকি ছিলো

তুষার দাশ

Published : 21 Dec 2020, 04:21 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


আরও এক মহানক্ষত্রের পতন ঘটলো। বেশ খানিকটা নীরবে আর আমাদের মতো, তাঁর কিছুটা ছোট্ট এক পরিধির কিছু কাছের লোকের তীব্র আশংকার ভেতর। করোনার নৃশংসতা নিয়ে বলার কিছু নেই। কিন্তু করোনা, তাঁকে পরাস্ত করতে পারেনি, ম্যাসিভ হার্ট এ্যাটাকে তিনি জীবন-বৃন্তচ্যুত হয়েছেন, এমনটাই শোনা গেলো। এক রঙহীন ধূসর সত্য হলো এই মৃত্যু। এই মৃত্যুকে এড়ানোর উপায় নেই, কিন্তু না থাকার শূন্যতাকে আমরা ভরাতে চাই আমাদের সময়-গণ্ডী-ছাড়ানো কর্মের ভেতর দিয়ে–সে ব্যক্তিক হোক আর সামষ্টিক, যা-ই হোক না কেন।
মনজুরে মওলা কবি ছিলেন। আপাদমস্তক। মনজুরে মওলা প্রাবন্ধিক ছিলেন। তত্ত্বে-তথ্যে অনবদ্য। রবীন্দ্র-বিশেষজ্ঞ ছিলেন। সম্পাদনা করেছেন পত্রিকা ও কবিতার নানা গুরুত্বপূর্ণ সংকলন। আমলা ছিলেন। প্রেষণে এসেছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে। অনেক জরুরি কাজ করে দিয়ে গেছেন গুছিয়ে। সাহিত্যিক দ্বৈরথে আটকে যাওয়া বহু বছরের জমানো অজস্র পান্ডুলিপিকে বই আকারে রূপ দিয়ে গেছেন। গ্রন্থ প্রকাশের নানা ধারা তৈরি করেছেন বিষয় ও জীবনীভিত্তিক। বাংলা একাডেমিতে থাকা অবস্থায় তো বটেই, বাংলা একাডেমির বাইরেও মূর্ধণ্যকে দিয়েও সেই বিপুল-ব্যাপক ধারা বজায় রেখেছিলেন। তাঁর মহাপরিচালনায় বাংলা একাডেমিতে সেই সময়ে যেসব কর্মযজ্ঞ শুরু ও সম্পাদিত হয়েছিলো, তাতে এক বিশেষ সুরুচির ছাপ তিনি রেখে গিয়েছেন। তাঁর আমলে প্রকাশিত বইগুলোর দিকে তাকালে আমার কথার সত্যতা পাওয়া যেতে পারে।

তাঁর নিজের লেখালেখির বাইরে আরও যেসব সম্পাদনা-কর্ম আছে, সেগুলোর দিকে তাকালেও আমরা অনায়াসে বুঝে নিতে পারি তাঁর কর্মদক্ষতা। আর একজন স্বপ্নদ্রষ্টা হিশেবে তাঁর কর্ম-পরিকল্পনার সুস্পষ্ট সুরুচিপূর্ণ ছাপের ভেতর দিয়ে ক্রমাগত উন্নততর কিছু একটা জাতিকে উপহার দেয়াই ছিলো লক্ষ। এরকমই একটা সংকলন সম্পর্কে দু'চারটি কথা এ সুযোগে বলে নেয়া দরকার। আমাদের এখানে যে ক'টা কবিতা সংকলন হয়েছে– সেটা যতটা না কবিতার সংকলন, তার চেয়ে বেশি রাজনৈতিক, মানে সাহিত্যের নোংরা রাজনীতির সংকলন। আর কোনো কোনোটা ব্যক্তিগত সংকীর্ণ রাজনীতির স্বেচ্ছাচারিতায় কলুষিত, অতএব যাচ্ছেতাই সংকলন। সাহিত্য যে উদারতা ও বড়ো হার্দিক পরিসরের উন্মোচনের ব্যাপার– তা মানুষকে গ্রহণ করার, বর্জনের কুৎসিত অভ্যাসকে পরিত্যাগের ব্যাপার, যতোটা পারা যায় 'সহিত', 'সংগ', প্রয়োজনে সংঘ (দলাদলি অর্থে নয়) গড়ে তোলার ব্যাপার– এটা আমরা ভুলে থেকে চরম নস্টামির ব্ল্যাকহোলে সাহিত্যকে ঢুকিয়ে দিয়েছি। ওখান থেকে আলো ঠিকরানোর আর কোনো উপায় রাখিনি। একটি অতল গহ্বরের সীমাহীন কদাকার গর্ভ থেকে এটাকে টেনে তোলার কাজে, কর্মের ভেতর দিয়ে নিভৃতে-নীরবে যে কজন মানুষ, সংবেদনশীল ও সৃষ্টিশীল ব্যক্তিত্ব নিজের কাছে অঙ্গীকারে ঋদ্ধ হয়েছিলেন, প্রয়াত কবি-প্রাবন্ধিক-অনুবাদক-সংকলক-সম্পাদক-রবীন্দ্রবিশেষজ্ঞ মনজুরে মওলা ছিলেন তাঁদের অন্যতম একজন।

একজনকে কবি হিশেবে অস্বীকার করার জন্যে একটি সংকলন হতে পারে– এটা খুবই-স্বাভাবিক এদেশে, এমন সাহিত্য-দেশটিই যেন আমরা চেয়েছিলাম। আমি যে কতো বড়ো কবি– সংকলনে আমার একগাদা চতুর্থ শ্রেণীর লেখা সংকলন করে প্রধান দু'-চারজনকে রেখে, আর যাদের দ্বারা আমি পরিবেষ্টিত থাকি, তাদের রচনা দিয়েই সংকলনের কাজ সেরে নিই। আবার, আমি যে মহা-কবিতা-বোদ্ধা– এটা প্রমাণের জন্যেও একেবারে সংকীর্ণ অর্থে আমার পছন্দের কবিদের কবিতা নিয়ে সংকলন সাজাই– বিদেশি কবির হাতে সেসব কবিতা তুলে দিই, বাংলাদেশের সেরা কবিতা হিশেবে। সবগুলোর মধ্যে চতুরতা, চটুলতা, সংকীর্ণতা, হীনম্মন্যতা বিদ্যমান। সেসব সংকলন আবার বিদেশের বাংলা পড়ানো বিশ্ববিদ্যালয়ের কোনো কোনোটাতে পড়ানো হয়– এই সংকীর্ণ গৌরবে চোখমুখ রাঙা হয়ে উঠতে দেখেছি সম্পাদকদের কাউকে কাউকে। আমার সহপাঠী ও বন্ধু ড. রফিকউল্লাহ খান একুশে প্রকাশনী থেকে বাংলাদেশের কবিতার একটা সংকলন করেছিলো। সে নিজে এক সময় কবিতা লিখলেও পরবর্তী পর্যায়ে কবিতার দৌড়ে ছিলো না বলে, তার পক্ষে একটা নিরপেক্ষ অবস্থান নেয়া সম্ভব হয়েছিলো। কিন্তু ওই গ্রন্থে সে অনেক বেশি গুরুত্ব দিয়েছিলো তরুণদের। কিন্তু তারপরও ঐ সংকলনটির গ্রহণযোগ্যতা ছিলো অনেক বেশি। অন্যদিকে এক ক্ষুরধার যৌক্তিকতার ভেতর দিয়ে কবি মনজুরে মওলার করা সংকলনটি বাংলাদেশের কবিতার একটি সুবিশাল মানচিত্রকে ধারণ করে একটি প্রায় সম্পূর্ণ পরিণতির দিকে নিয়ে গিয়েছিলো। এখানে একটি চমৎকার সম্পাদকীয়তে তিনি তাঁর সংকলনের পক্ষে অনেক তত্ত্ব ও তথ্য প্রদান করেছেন। অনেক সংকলনে সম্পাদকীয় নামে যা লেখা হয়েছে, সেগুলোকে সামান্য মুখবন্ধ বলতেও বাধে। অনেকে আবার নিজের কবিকৃতির চরম অসাফল্যের কারণে সমসাময়িক কবিদের বঞ্চিত করে তথাকথিত বিতর্কও এড়াতে চেয়েছেন বলে আমরা জেনিছি। এর সবটাই ভয়ংকর রাজনীতি। নোংরা রাজনীতি। যে পরিমাণ কবি ও কবিতাকে তিনি তাঁর সংকলনে গ্রহণের উদাহরণ রেখেছেন– (আমাদের সমসাময়িক কিছু কবি তাঁর অনিচ্ছায় বাদ পড়ে যাওয়া সত্ত্বেও, যার প্রতিবাদে কবিদের নামোল্লেখ করে আমি তাঁকে তাঁর বাসায় বসে সমালোচনা করেছিলাম), সেটা পুরোটাই তাঁর উদারতার আখ্যান। তর্ক পছন্দ করতেন। এই ব্যাপারে সব তর্কের তিনি জবাব দিয়েছিলেন হাসিমুখে। তাঁর শ্রাবণ নামক ত্রৈমাসিক পত্রিকার সম্পাদনার কথাও এই সূত্রে মনে পড়ছে। বাংলাদেশের নৈতিক বুদ্ধিবৃত্তি-চর্চায় সমালোচনাকে ধরা হয় এক বিষফোঁড়া হিশেবে। আমরা যারা দু'-চার লাইন লিখি– তারা সবাই প্রয়োজনে বা অপ্রয়োজনে গোদাক্রান্ত– তাই তারা সমালোচনা নামের বিষফোঁড়াটা গ্রহণে অক্ষম– লিখেই রবীন্দ্রনাথ-জীবনানন্দ নিদেনপক্ষে বিনয়-উৎপল ইত্যাদি ভাবতে অভ্যস্ত, আর কথাকার হলে তিন বাঁড়ুজ্জ্যের একজন বা দয়া করে সমরেশ বসু পর্যন্ত নিজেকে নামাতে পারে, কথা বা বাক্য ঠিকমতো লিখতে না পারলেও কথাশিল্পীর নিচে কাউকে উল্লেখ করাও হারাম। এমন প্রেক্ষাপটে বাছাই করা বই নিয়ে সমালোচকদের নাম না ছাপিয়ে বইগুলোর সমালোচনা-অংশটুকুই শুধু ছাপানোর জন্য 'শ্রাবণ' বেরুলো। অর্থাৎ সব দায় সম্পাদক নিজ ঘাড়ে নিলেন। ওটা মনজুরে মওলা না হলে সম্ভব ছিলো না।

১৯৮৫-র ফেব্রুয়ারিতে আমার প্রথম বই বেরোয় বাংলা একাডেমি থেকে। তিনি তখন মহাপরিচালক। বড়ো সব পরিকল্পনায় হাত দিয়েছেন। ভেতরের দিক থেকে আর বাইরের দিক থেকে সমানে ঘটিয়ে চলেছেন পরিবর্তন। বাংলা একাডেমির মূল দালানের চেহারাটা পুরোটাই বদলে গেলো– ফিরে এলো এক আশ্বর্যময় রূপ– ঝক্ঝকে তকতকে এক নতুন বাংলা একাডেমি। স্বপ্ন যেন দেখতে জানতে হয়- শিখতে হয় শৈশব থেকে স্বপ্ন দেখার মহান কারুকাজ। স্বপ্নদ্রষ্টা-কর্মী-শিক্ষক পিতার সন্তান– তাঁরও যেন কর্মযজ্ঞ আর স্বপ্নের শেষ নেই। ভাষা-শহীদ গ্রন্থমালার বই বেরুবে– ১০০টা। ১০০টা বিষয়। তরুণ, প্রধান কেউই বাদ গেলো না– সবাইকে যুক্ত করলেন তাঁর এই মহাকর্মযজ্ঞে। শিল্পবিপ্লব, মায়া আজটকে সভ্যতা, গণযোগাযোগের বৃত্তান্ত থেকে শুরু করে সক্রেটিস মহোদয়– কেউই বাদ গেলেন না মওলা ভাইয়ের তালিকা থেকে– বেরোতে থাকলো নতুন সিরিজ–জীবনী গ্রন্থমালা। মওলা ভাইয়ের পর গেলেন আমার শিক্ষক জনাব আবু হেনা মোস্তফা কামাল। তিনিও সেই কাজের স্রোতে নিজেকে যুক্ত করে মওলা ভাইয়ের কাজকে অনেকটাই প্রসারিত করে দিলেন সামনের দিকে।

মওলা ভাই চালু করেছিলেন এক বড়ো গবেষণা বৃত্তির। এক বছর গবেষণা করবেন একজন প্রকৃত গবেষক। মাসে তাঁকে সেই পঁয়ত্রিশ বছর আগে দেয়া হবে দশ হাজার টাকা করে। বাকি আরো দশ হাজার টাকা গবেষণার আনুষঙ্গিক খাতে। বছরে সর্বমোট ১ লক্ষ ৩০ হাজার টাকা। তাঁর এই বড়ো স্বপ্ন মার খেলো প্রার্থী পছন্দে মারাত্মক ভুল হওয়ায়। জীবনে যিনি এক ঘন্টা সাকুল্যে গবেষণা করেননি, তাঁকে দেয়া হলো সেই গবেষণাবৃত্তি। তাঁকে জুরি কমিটিতে থাকতে বলা হয়েছিলো। তিনি সেটা অস্বীকার করে প্রার্থী হয়েছিলেন এবং বৃত্তি পেয়েছিলেন গবেষণার জন্যে। বাংলা একাডেমিকে গছিয়ে দিয়েছিলেন তাঁর বহু পুরোনা এক নাটকের অনুবাদ। গবেষক হিসেবে তিনি একটা ছোট্ট নতুন ভূমিকা লিখেছিলেন। প্রার্থী এবং মহাপরিচালক– দু'জনকেই তীব্র সমালোচনা করে নানা কথা শুনিয়েছিলাম। দু'জনেই হাসিমুখে মেনে নিয়েছিলেন আমার তির্যক সব মন্তব্যাদি– কারণ দু'জনের কাছেই পেয়েছিলাম আজীবন স্নেহ-প্রশ্রয়। ওই বৃত্তি বাংলা একাডেমি সেই একবারই দিয়েছিলো। আমি যেমন মাঝেমধ্যে বাংলা একাডেমি যেতাম ডিজির রুমে আড্ডা দিতে, চা খেতে– তাঁর অবসরের পর মওলা ভাইও আসতেন আমার কাছে, আমাদের ধানমণ্ডীর অফিসে। চা-কফি খাওয়ার ফাঁকে ফাঁকে আড্ডা হতো। তাঁর কবিতা আর নানা বিষয় নিয়ে কথা হতো। নতুন বই বেরোলে উপহার হিসেবে দিতে আসতেন। এই সেদিনও তাঁর আপাতত প্রকাশিত শেষ কবিতার বইটি ড্রাইভার দিয়ে পৌঁছে দিয়েছিলেন। নিয়মিত ফোন করতেন। খোঁজ নিতেন। নানান সরেস জোক শোনাতেন। আমি এপারে, আর ওপারে ফোনে তাঁর হাসি। তরুণদের সঙ্গে সাধ্যের মধ্যে যতোটা পেরেছেন যোগাযোগ রক্ষা করে চলতেন। মনে করি – এ এক ভয়ংকর গুণ, এ যুগে। আমরা দিশেহারা, হতাশ ও মুখ ফিরিয়ে নেয়ার একটা সময়ে ঢুকে গেছি। কিন্তু তিনি ছিলেন ব্যক্তিগতভাবে সংযোগে প্রায় দুর্ধর্ষ এক সেনাপতি। ব্যক্তিগত পছন্দ ও পক্ষপাত যে আমার প্রতি অনেকটাই ছিলো– সেটা বুঝতে পারতাম। আমাকে বাসায় দাওয়াত দিয়ে নিজে প্রায় অচল অবস্থায় কাজের লোক নিয়ে বাজারে যেতেন আমার জন্যে নিষিদ্ধ মাংশ (!) সংগ্রহ করতে। খিচুড়ি সহযোগে সেই মাংশ (আমার প্রিয়) বহুবার আনন্দ সহকারে গ্রহণ করেছি। ঢাকা ক্লাবেও অনেক অনেকবার আমাদের আড্ডা হয়েছে। আমাকে পরে ফোন করে ক্লাবে ডেকে নিতেন। আগে দেখা হলে আমাকে দল থেকে আলাদা করে নিয়ে আড্ডা দেয়াটা খুব পছন্দ করতেন। তাঁর কবিতা কেমন লাগে– জিজ্ঞেস করতেন বারবার। দু'জন কবিতে বিশেষভাবে নিমগ্ন থেকেছেন আজীবন–রবীন্দ্রনাথ ও এলিয়ট। সুধীন্দ্রনাথ দত্তকে তিনি পছন্দ করতেন। আসলে সামগ্রিকভাবে কবিতাই তাঁর অরাধ্য ছিলো– সঙ্গে নাটকও।

সামরিক শাসনামলে মেরুদন্ড সোজা রেখে চাকুরি করা যথেষ্ঠ কঠিন ছিলো। আমরা জানি যারা পারে তারা আপোষের ভেতর দিয়ে গা ভাসিয়ে চলে। কিন্তু যারা একটু ব্যক্তিত্ব বজায় রেখে চলতে চায়, তাদের নানা আমলাতান্ত্রিক প্যাঁচ ও কূটকৌশল অবলম্বন করতে হতো। আইন দেখানোর চেষ্টা, যেন যুযুৎসার প্যাঁচ। এসব গল্প অনেক হয়েছে তাঁর সঙ্গে। শেলী ভাইয়ের সঙ্গে। হাসতে হাসতে নেশা ছুটে যেতো দু'জনের সঙ্গে বসলে। একটা লক্ষ করবার মতো বিষয় ছিলো– তিনি পারতপক্ষে ইংরেজি বলতেন না– চেষ্টা করতেন নিজের পড়াশোনার ব্যাপারটাকে যতটা সম্ভব লুকিয়ে রাখতে। সহজ গল্পে সাধারণ ঔৎসু্ক্য নিয়ে সবার কথা শুনতেন। অন্যান্যরা বেশ সমীহ করে কথা বললেও আমি ওই বিষয়টা থেকে দূরেই ছিলাম। কারণ, অন্যরা আমাদের দু'জনের এক ধরনের বন্ধুতার ব্যাপারটা খুব একটা বুঝতে পারতো না। আমরাও উদাসীন থাকতাম– কিন্তু আড্ডাটা জমজমাট হতো। আপ্যায়নে মওলা ভাই অনেক আন্তরিক ছিলেন। বাসায় যখনই গেছি, কখনো মনে হতো না আমি অতিথি। উনার সবই ছিলো সহজ, অনাড়ম্বর– 'তোমার নিজেকে তুমিই সাহায্য করো'–বলে সব দেখিয়ে দিতেন, জলের বোতল, বরফ ও অন্যান্য আনুষঙ্গিক দ্রব্যাদি–পানীয়-খাদ্য ইত্যাদি।

উনি অনেকক্ষণ শুনতেন। তারপর তাঁর মতামত জানাতেন। সৌজন্যবোধে মওলা ভাই অনেককেই টেক্কা দিয়েছেন। কিন্তু তাঁর কিছু বন্ধুর সঙ্গে আমাকে ঢাকা ক্লাবে এক আসরে লাউঞ্জে পরিচয় করিয়ে দেয়ার সময় তাঁদের বন্ধুদের আলোচনা ও আড্ডার ভাষা আমাদের কলেজ-বিশ্ববিদ্যালয়ের জীবনের ভাষাকেই মনে করিয়ে দিচ্ছিলো। সবাই তখনই সত্তরোর্ধ বয়েসের। অজস্র খাদ্য-পানীয়-আড্ডার পাশাপাশি ততোধিক উচচ্স্বর হাসি, সেদিন লম্বা জীবনের গোপন রহস্যকে নতুন করে আমার সামনে উন্মোচিত করেছিলো। সেই রাতে এক পরিপূর্ণ আনন্দ নিয়ে বাসায় ফিরেছিলাম।

মওলা ভাইদের মতো মানুষদের সংখ্যা এক সময় আমাদের সমাজে ব্যাপক পরিমাণেই ছিলো। ধীরে ধীরে সেটা কমতে শুরু করেছে। আমাদের হাতে তাঁদের গুঁজে দেয়া মশাল আমরা আর কতকাল বইতে পারবো জানি না। স্বচ্ছ দৃষ্টি, দৃষ্টিভঙ্গীর প্রগতিশীলতা, জ্ঞানের প্রতি প্রবল তৃষ্ণা, উচ্চস্বরের 'আমি আমি' না-করার শিক্ষা, সর্বোপরি মানবিক উদারতার, সহযোগিতার যে হাত তাঁরা আমাদের প্রতি বাড়িয়ে ধরেছিলেন, তা থেকে শিক্ষনীয় বহু কিছু আমরা পেয়েছি। একটা সমাজে বহুকে নিয়ে, সবাইকে নিয়ে একটা চমৎকার পরিবেশ সাজানোর যে অনন্যতা তাঁর মধ্যে দেখেছি, সেটা এক কথায় অসাধারণ! তাঁর সঙ্গে যাঁরা মিশেছেন, আড্ডা দিয়েছেন, প্রত্যেকেই এ ব্যাপারে আশা করি একমত হবেন।

কবি হিশেবে তাঁর দ্যুতি ততটা প্রকাশিত হতে পারেনি, অনেকটা তাঁর নিজের স্বভাবের কারণে। চাইলে, অন্যান্য আমলা-কবিদের মতো তিনিও মিডিয়া ব্যবহার করে তাঁর কবি-প্রতিভার ব্যাপারে বেশ খানিকটা গরিমার অধিকারী হতে পারতেন। সেটা না করাতে তাঁর গুরুত্ব কবি হিশেবে আমাদের কাছে খুব একটা কমেনি, বরং বেড়েছে। সমীহ-জাগানিয়া বেশ কিছু কবিতা লিখেছেন। আজ সকালেও তাঁর পাঁচটা কবিতা পড়লাম মুক্তিযুদ্ধ নিয়ে-একদম অন্যরকম- তাঁর মতোই। সরাসরি না বলেও যে অন্যরকম করে বলা যায়, সেটা তিনি দেখিয়েছেন। এখানে ব্যক্তিগত কবিতাও তাঁর আছে কিছু–একেবারে কাছের লোকদের নিয়ে লেখা। 'শ্যাওলা ও ডিঙ্গি' আর 'পুড়ে পুড়ে' আমাকে উপহার দিয়েছিলেন। আমি লিখেছিলাম রিভিয়্যু মতো কিছু একটা। পরে একটা বই (কবিতার)নিয়ে এসেছিলেন হাতে করে, আমার সেই সময়কার অফিসে উপহার দেবেন বলে, ধানমণ্ডীতে। কফি খেতে খেতে গল্প বলেছিলেন বইটার প্রচ্ছদকাহিনী নিয়ে। কাইয়ুম ভাই করার কথা ছিলো প্রচ্ছদ। কিন্তু কেবলই ঘোরাচ্ছেন তিনি। একবছর পার করলেন। পান্ডুলিপি নিয়ে বসে থাকলেন কবি। এর পর ধৈর্যহারা হয়ে নিজেই বসে গেলেন নিজের প্রচ্ছদ করতে। হলুদের উপর কটা শাদা দাগ। আর কবিতার বইয়ের প্রচ্ছদ। যেন এক মজার প্রতিবাদ। কিন্তু আজ সকালে পড়া কবিতা পাঁচটিতে কবি যেন শব্দের রঙেই ছবি এঁকেছেন। তুলি হাতে মনজুরে মওলার একটা ছবিও কল্পনা করে নিলাম আমি। শফেদ পাঞ্জাবী আর চেক লুঙ্গি পরা কবি, চোখে ভারী পাওয়ারের চশমা–ছবি আঁকছেন–একটা টান দিয়ে একটু পেছনে এসে দেখছেন, টানটা ঠিক হলো কিনা।
ব্যক্তিত্বের পাশাপাশি রসবোধের সমন্বয় আমাদের কম লোকের মাঝেই দৃশ্যমান। হয় তাঁরা তাঁদের মহাব্যক্তিত্বের গুরুগম্ভীর অপ্রকাশের ভারে চ্যাপ্টা হয়ে আছেন আগাগোড়া আর নয়তো রসের ফোয়ারায় এমন নিমগ্ন যে রসের অতলে তলাতে তলাতে আর উঠতেই পারছেন না। তাই একটা সুসামঞ্জস্য দরকার আমাদের চরিত্রে আর রচনায়। রবীন্দ্রনাথে সেটা ছিলো (finest possible balance), তিনি সেটা পেয়েছিলেন। তিনি রবীন্দ্রনাথে মজেছিলেন যুক্তির শৃঙ্খলে। আর হয়ে উঠেছিলেন আমাদের পরম এক সুহৃদ। কিন্তু মওলা ভাই, আপনার শেষ কবিতার বইয়ের ব্যাপারে বলার তো কিছু ছিলো। সে সব তো আর বলা হলো না!