২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

মনজুরে মওলা: কাপুরুষ কোনোদিনই হয় না তো কবি

রাজু আলাউদ্দিন

Published : 22 Dec 2020, 10:16 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


আমাদের লেখক জীবনের শুরুতে যেভাবে শামসুর রাহমান, আল মাহমুদ, সৈয়দ হক, আবদুল মান্নান সৈয়দের কথা শুনেছি, মনজুরে মওলার কথা তেমনটা শুনতে পাইনি। 'কবি' হিসেবে তো নয়ই। তার নাম শুনেছি বেশ খানিকটা পরে, সেও যতটা না লেখক বলে, তার চেয়ে বেশি এক জাঁদরেল সচিব হিসেবে। এতই জাঁদরেল যে তার সামনে যাওয়ার সাহস কখনো করিনি। অন্য লেখকদেরকে দেখার জন্য যে-রকম আগ্রহ তৈরি হয়েছিল, তাকে মুখোমুখি দেখার আগ্রহ তাই তৈরি হয়নি কখনো। তাছাড়া মনজুরে মওলা আশির দশক পর্যন্তও লেখক হিসেবে তেমন আলোচিত কেউ ছিলেন না–যদ্দূর মনে পড়ে। যদিও ততদিনে তার বই, বিশেষ করে 'নিমগ্ন, কি করে পার' কিংবা 'মাটি হেরে যায়' নামক কাব্যগ্রন্থ দুটে পড়ার সুযোগ হয়েছে। পড়েই বুঝেছি বেশ অন্য রকম কন্ঠ, ভিন্ন রকম এক বিন্যাসের কাব্যরুচির প্রতিভূ। আপত শীতল, প্রায় নিরুত্তাপ, কিন্তু হরিণ-শিংয়ের মতো এঁকেবেকে উঠে যাওয়া এক কোমল শিখা। কিন্তু এসব তখনও সাহস করে বলতে শুনিনি কাউকেই, কারণ, এক মান্নান সৈয়দ ছাড়া তার কবিতার প্রতি গভীর মনোযোগ দিয়ে তাকাবার সুযোগ পাননি কেউ-ই। তার সচিব-পরিচয়টি এতই প্রবল ছিল যে তার নিচে চাপা পড়েছিল মনজুরে মওলার লেখক-পরিচয়টি। সচিব-পরিচয়টিও প্রবল হওয়ার কারণ, তিনি অন্যসব সচিবদের মতো ছিলেন না। অত্যন্ত মেধাবী, সৃষ্টিশীল আর অসম্ভব রকমের কর্মদক্ষ একজন মানুষ। পাকিস্তান আমলে বাঙালিদের মধ্যে তিনি অল্প কয়েকজন সিএসপিদের একজন। আজকের দিনে অগা-মগাদের মতো বিসিএস পাস করা কেউ নন। অথচ এই জাঁদরেল সবিচ নিজের পদ ও প্রবল ব্যক্তিত্বকে 'ব্যবহার' করে লেখক হিসেবে প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার জন্য বিন্দুমাত্র তৎপর ছিলেন না। ফলে যা হবার তা-ই হয়েছে– মুক্তাসদৃশ লেখক পরিচয়টি সচিব নামক ঝিনুকের মধ্যে লুকায়িত রয়ে গেছে। কোনো রকম হল্লা না করে সারা জীবন নিরবে মুক্তা ফলিয়ে গেছেন লেখক মনজুরে মওলা।

কবিতা যেমন লিখেছেন, তেমনি লিখেছেন অসংখ্য প্রবন্ধ, করেছেন গবেষণা– এলিয়ট ও রবীন্দ্রনাথ নিয়ে। রবীন্দ্রনাথ নিয়ে বিভিন্ন লেখককে দিয়ে তিনি রবীন্দ্রনাথের নানান বিষয়ে লিখিয়ে নিয়েছেন ১৫০টি গ্রন্থ। এর আগে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালনের সময় (৩১ -১২-৮২ থেকে ১১-৩-১৯৮৬ পর্যন্ত) 'বাংলা একাডেমি গ্রন্থ মেলা'কে 'অমর একুশে গ্রন্থমেলা'র মতো জাতীয় চেতনায় রূপান্তর এবং 'ভাষা শহীদ গ্রন্থমালা' নামে নানান বিষয়ে ১০১টি বিভিন্ন লেখককে দিয়ে লিখিয়ে নেয়া ছিল এক আশ্চর্য ঘটনা। অনেকেই যারা আগে লেখেননি বা লিখলেও বাংলায় লেখেননি, যেমন বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, এরকম বহুজনকে দিয়ে লিখিয়ে তিনি লোভনীয় বিষয় ও সংস্করণে যে-বইগুলো বের করেছিলেন তা আজও আমাকে বিস্মিত করে। এগুলো ছাড়াও 'বাংলা সাহিত্যের ইতিহাস' নামে আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথাও উল্লেখ করা উচিত যেটি তার সময়ে প্রকল্প হিসেবে গৃহীত হয় এবং প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল ড. আনিসুজ্জামানের সম্পাদনায়। সাহিত্যের প্রচলিত ইতিহাস গ্রন্থগুলোর চেয়ে এটি ছিল একেবারেই ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ। এরকম আরও বহু উদ্যোগ আছে। অর্থাৎ, শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি যে কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন তা এই কর্মবিমুখ, অলস, ফাঁকিবাজ, অদক্ষ ও পরশ্রীকাতর বাঙালির সাধারণ পরিচয়ের সঙ্গে কোনোভাবেই মেলে না। সচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে তার দায়িত্বপালনের যে সাফল্যগাথা আমরা শুনতে পাই, তা যে মিথ্যে নয় সেটা এই বাংলা একাডেমিতে তিন বছরের দায়িত্বপালনের কর্মকাণ্ড থেকে সহজেই অনুমান করে নেয়া যায়।

কিন্তু লেখক এবং সম্পাদক হিসেবে তার এমন কিছু অবিস্মরণীয় কৃতিস্তম্ভ রয়েছে যা গড়পরতা বাঙালির চরিত্রকে ভেদ করে গড়ে উঠেছে। গোয়েন্দাগল্পের ইতিহাস, এলিয়ট নিয়ে গবেষণা, ইবসেন অনুবাদ, সুধীন দত্তের 'দশমী'
কাব্যগ্রন্থ নিয়ে নষ্টনীড় নামে আস্ত একটি প্রবন্ধের বই রচনা এবং রবীন্দ্রনাথ নিয়ে তার একাধিক গ্রন্থ তো আছেই। তার আরেকটি দুঃসাহসী কাজ ১৯৮৬ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত শ্রাবণ নামে একটি সাহিত্যপত্রিকা প্রকাশ। দুঃসাহসী বলছি এই কারণে যে ওই পত্রিকায় নির্ভয়ে প্রবীণ ও সমসাময়িক লেখকদের কোনো কোনো গ্রন্থের এমন সব বিধ্বংসী আলোচনা প্রকাশিত হয়েছিল যা আগেপরে আর খুব একটা দেখা যায়নি। আলোচনাগুলোয় লেখকের নাম অবশ্য উহ্যই থাকতো। তবু আমাদের আর কোন পত্রিকা সাহসের সাথে এমন আলোচনা প্রকাশের সাহস দেখাতে পেরেছে? মনজুরে মওলা পেরেছিলেন সম্পাদক হিসেবে। সম্পাদক, প্রাবন্ধিক, গবেষক, অনুবাদক ও প্রশাসক হিসেবে মনজুরে মওলার এই যে অনন্য পরিচয়গুলো উল্লেখ করা হলো, আশ্চর্যের বিষয়, এসবের বাইরে গিয়ে তার কবি-পরিচয়ের দিকে ‍খুব কম লেখক-সমালোচকই ফিরে তাকিয়েছেন। অথচ কবি হিসেবে মনজুরে মওলার বৈশিষ্ট্য তো দূরের কথা, তাকে কবি বলেই আমরা মনোযোগের কেন্দ্রে কখনো দেখতে চাইনি।

তার কবিতা উচ্চকন্ঠের ছিল না, ছিল অন্তর্লীন এক অনুভূতির মানচিত্র। প্রচলিত যুক্তিশৃঙ্খলার শাসনকে উপেক্ষা করে তার কবিতা মর্মরিত হয়ে উঠেছিল খানিকটা বিরোধাভাস আর পরাবাস্তব রঙিন উচ্চারণে। বিরোধাভাস ও বৈপরীত্যের প্রতি তার এক গভীর আকর্ষণ ছিল, সেটা তার 'মাটি হেরে যায়' কাব্যগ্রন্থে প্রবলভাবে উপস্থিত। এই বইয়ের উৎসর্গ কবিতাটি পড়ে পাঠক হিসেবে চমকে উঠেছি অনুভূতির সততায় আর অভয়াগ্নিতে; শুধু তাই নয়, কবিতা হিসেবেও এটি অনন্য:

মিনুকে–
এই সব লেখা
কিছু নয়। ভালোবাসি
স্টিরিও, রঙিন টি-ভি, গাড়ি।
যে দালান নিজে থেকে হাতে এসে যায়,
ভালোবাসি। ছেলেকে মেয়েকে নয়। কোনো
মানুষকে নয়।
কাপুরুষ কোনোদিনই
হয় না তো কবি।

এই সব
লেখা কিছু নয়। প্রেম নেই,
স্নেহ নেই, মানুষের কাছে
কোনো ঋণ নেই।
সব মিছেমিছি
সবই মিছেমিছি।

ছেলেকে মেয়েকে নয়? কোনো মানুষকে নয়? প্রেম নেই, স্নেহ নেই, মানুষের কাছে কোনো ঋণ নেই? এবং সবই মিছেমিছি? মনজুরে মওলা এই উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের সুগঠিত বিশ্বাস ও সংস্কারকে মুহূর্তে ভেঙে খানখান করে দেন। অন্তর্গত এক নিহিলিজমের অকপট এই অভিব্যক্তি আমাদের অভ্যস্ত রুচিকে ‍বিব্রত করে। এ যেন কামুর আউটসাইডার-এর সেই মের্সাউল্ত, কিন্তু মনজুরে মাওলা শুধু নির্বিকারই নন, বরং মের্সাউল্ত-এর চেয়েও আরেক কাঠি সরেস: 'মিছেমিছি'। তিনি যে বলেছেন 'কাপুরুষ কোনোদিনই হয় না তো কবি।'-এই উক্তিকেই তিনি সামগ্রিক উচ্চারণের মাধ্যমে মূর্ত করে তুলেছেন।

মনজুরে মওলার কবিতা যদি একটু সতর্কতার সাথে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে তিনি বাংলা কবিতার প্রবহমান কোনো স্রোতেই নিজের গা ভাসিয়ে দেননি। তিনি মহৎ কবি কিনা সে নিয়ে সংশয় হয়তো থাকবে, তবে তার কন্ঠ ও চারিত্র যে প্রচলিত নান্দনিক ধারণাসমূহকে অনেকক্ষেত্রেই লঙ্ঘন করেছে তার উদাহরণ দেখা যাবে কাব্যগ্রন্থগুলোয়।
তিনি যে উজানের অভিযাত্রী, বিপ্রতীপের বীরোত্তম, তার নজির ছড়িয়ে আছে তার অসংখ্য উচ্চারণে:

অন্য পারে যারা যায়, তাদেরও কি প্রেম প'ড়ে থাকে
এ পারের ধুলোমাটি, এ পারের শব্দময় ঘরে?
আমার তো ইচ্ছে করে চ'লে যাই ভাঙা মাঠ ছেড়ে
যেখানে আলোর চেয়ে অন্ধকার বেশি মধুময়

আলোর চেয়ে অন্ধকার বেশি মধুময়? মনজুরে মওলা আলোকে, যেমনটা মধুসূদন 'রামায়ন'-এর ভিলেন রাবণকে 'মেঘনাধবদ কাব্য'-এ নায়ক করে তুলেছিলেন, এ যেন তেমনই এক অভিপ্রায় যাকে তিনি বীরত্বে রাঙিয়ে দিতে চেয়েছেন তার একাধিক কবিতায়। এই কবিতারই শেষদিকে তিনি বলেছেন:

অন্ধকারই আলো।
জীবনের চূর্ণস্রোত
অন্ধাকারে ব'য়ে-ব'য়ে যায়;
অন্ধকারে স্বপ্ন-সাধ সত্য হ'য়ে ওঠে;
অন্ধকারে চেনা যায় মানুষের মুখ।

মনজুরে মওলা বাংলা কবিতায় অস্তিত্ব ও বিশ্বাসের পেছনের দরজাকেই প্রধান করে তুলতে চেয়েছিলেন। পেছন মানে যে পলায়ন নয়– এই বিশ্বাসকে তিনি যে-স্বতঃস্ফূর্তায় কাব্যময় করে তুলেছিলেন তা আর কাউকেই ওরকমটা করতে দেয়া যায়নি। এইখানটাতেই মনজুরে মওলার অনন্যতা।

মনজুরে মাওলার 'মাটি হেরে যায়'-এর আশ্চর্য এক কবিতা 'প্রতীক্ষা'। যে-বৈপরীত্যের কথা আমরা খানিকটা শীর্ণ রেখায় টেনে দিয়েছিলাম, যে-বিরোধাভাসের স্বর্গ আমরা মনজুরে মওলায় দেখতে পাই তা পরাবাস্তব মাধুর্যে গভীর সারল্যে নিয়ে হাজির হয়েছে উল্লেখিত কব্তিাটিতে:

নরকের অগ্নি জ্বলে স্বর্গের শরীরে।
মৃত্যুর দেয়ালে মৃত্যু।
সে আগুনে পিটিয়ে-পুড়িয়ে পুষ্পের গড়ন;
প্রোজ্জ্বল স্প্রে করে রঙ জ্যোতির্ময় লোক।
যখন সে পুষ্প নামে পৃথিবীতে,
নিভৃত বৃষ্টির শাদা ভোর।
যদি কেউ
সূর্যকে রক্তিম করতে ভুলে যায়,
আমার দু'চোখ জুড়ে ভোলে,
নদীর প্রাকৃত রীতি অনুমান করে
পৌঁছে যাবো অগ্নি্জ্বলা স্বর্গের সাগরে,
স্বর্গের সুরভি গেরা নারকী শহরে।
মৃত্যুর দেয়ালে মৃত্যু।
সেখানে কখন যাবো,
লাল কোনো দিনে?

এই কবিতাটি পড়তে গিয়ে এখন মনে হলো তিনি অজ্ঞাতে– অবশ্যই তা অজ্ঞাতে, এবং অজ্ঞাতে হওয়ায় আমাদেরকে তা আরও বেশি স্পৃষ্ট করে– নিজের এক অনুপম সমাধিলিপি রচনা করে গিয়েছিলেন। 'মৃত্যুর দেয়ালে মৃত্যু'–এটুকু আমাদেরকে অতটা অশ্চর্য করবে না বটে, কিন্তু ' সেখানে কখন যাবো,/ লাল কোনো দিনে?'– লাল? এলান পো'র `দ্য মাস্ক অব দ্য রেড ডেথ'-এর কথাই যেন মনে করিয়ে দেয়। এই গল্পে রেড ডেথ-এর মধ্যদিয়ে যে-মহামারীর উল্লেখ করেছিলেন এলান পো, মনজুরে মওলা ঠিক তেমনই এক মহামারীর 'লাল কোনো দিনে'ই আমাদেরকে ছেড়ে চলে গেলেন, নিজেরই মৃত্যুদিনটির ভবিষ্যদ্বক্তা হয়ে। তবে মৃত্যুকে তিনি পরিশেষ ভাবেননি, ভেবেছেন অন্য এক জীবনের প্রারম্ভ হিসেবে। মাটি হেরে যায় গ্রন্থের নাম কবিতাটিতে আমরা সেই ইঙ্গিত দেখতে পাবো:

আমাদের চলাফেরা
চুপ হ'য়ে আসে,
আমাদের
ঢেকে দ্যায় মাটি।
তবু
আমরাই দূর্বা হই,
আমরাই চাল বেয়ে
কুমড়ো হয়ে ফুটি।

মাটি হেরে যায়।
মাটি হেরে যায়।।

হ্যাঁ, মনজুরে মাওলা, তিনি ঠিকই বলেছেন– মাটি কেন হেরে যায় সেটা তার আগে আর কেউ এভাবে বলেনি। তিনি প্রথম মৃত্যু দিয়ে, প্রজ্জ্বোল এক মৃুত্যু দিয়ে, অদম্য এক মৃত্যু দিয়ে দেখিয়ে দিলেন অন্য এক জীবনের উন্মেষ– ‍যে-জীবন দূর্বা আর কুমড়োর রূপ পরিগ্রহণ করে। তার আগে, আল মাহমুদ বলেছিলেন মরণে পরে শুধু কবরের বুকে উঠৈ আসে ঘাস, তারপর হাসে ইতিহাস। কিন্তু তিনি আমাদেরকে শুনালেন অন্য এক সত্য: মৃত্যু মানে মৃত্যু নয়; রূপান্তর, অন্য এক জীবন: দূর্বা আর কুমড়োর মধ্য দিয়ে জীবনের উত্থান। তিনি এই অদম্য জীবনের বিজয়ী বীর। আমাদের মন ও মননের বীরোত্তম। তিনি যে বলেছেন কাপুরুষ কোনোদিনই হয় না তো কবি– তার প্রথাবিরোধী বয়ান আর দুঃসাহসী উপলব্ধির সেই নমুনাকেই যেন তুলে ধরেছেন এই উক্তির মাধ্যমে। মাটি হেরে যায়, মাটি হেরে যাবে, কিন্তু আমাদের অন্তরে বিজয়ী হয়ে বেঁচে থাকবেন তিনি।


স্মৃতি সত্তায় মনজুরে মওলা

পঞ্চাশ বা ষাটের প্রধান প্রায় সব লেখকের সঙ্গেই সেই আশি বা নব্বুইয়ের দশকেই আমার মুখোমুখি পরিচয় হয়েছিল, কিন্তু মওলা ভাইয়ের সাথে সেটা ঘটলো এই গত বছরে। অথচ তাকে নিয়ে আমার দুটি প্রসন্ন স্মৃতির জন্ম সেই ১৯৯২ এবং ৯৪ সালে। ২৮ বছরের মধ্যে তার সাথে মাত্র একবারই দেখা হয়েছে। অথচ একটু উদ্যোগী হলেই তার সাথে দেখা হতে পারতো ৯৯ সালের আগে। কিন্তু উদ্যোগ নেয়া হয়নি আমার স্বভাবের ভীরুতার কারণে। তার সম্পর্কে যা শুনছিলাম তাতে করে সাহস হয়নি তার সাথে দেখা করার। আগেই বলেছি তিনি জাঁদরেল আমলা হিসেবে পরিচিত। আমি এরকম মানুষকে একটু ভয় পাই। কিন্তু তার নানা গুণ ঠিকই আকর্ষণ করতো, প্রলুব্ধ করতো তার সাথে পরিচিত হওয়ার ব্যাপারে। আমাদের সে-সময়ের নিত্যদিনের আড্ডার সঙ্গী কবি সরকার আমিনের সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক ছিল– সেটা আমি জানতাম। আমি তখন হোর্হে লুইস বোর্হেসের সব ধরনের লেখার একটি বিপুল আয়োজন নিয়ে মেতে আছি। আমার কেন যেন মনে হলো মওলা ভাইয়ের হাতে বোর্হেসের কয়েকটি কবিতার অনুবাদ অন্তর্ভুক্ত করতে পারলে বেশ হতো। বন্ধু আমিনকে আমার এই দুঃসাহসী অভিপ্রায় জানাতেই সে বললো, আপনি কবিতাগুলো ফটোকপি করে দেন, আমি তাকে পৌঁছে দেয়ার ব্যবস্থা করছি। আমি মোটেই ভাবিনি তিনি আমার এই আবদার রক্ষা করবেন, তবে মৃদু আশাও ছিল এই কারণে যে আমিন বললে হয়তো অনুবাদ করেও দিতে পারেন। সত্যি সত্যি তিনি অনুবাদ করে দিয়েছিলেন এবং দ্রুতই। আরও মজার ব্যাপার হলো অনুবাদগুলো কম্পোজ করিয়ে সেগুলোর প্রিন্ট করে দিয়েছিলেন। সেই অনুবাদগুলো পেয়ে আমি তো রীতিমত অভিভূত। আর এত চমৎকার ছিল সেই অনুবাদগুলো যে আমি পড়তে গিয়ে অনুবাদক হিসেবে তার দক্ষতা ও সংবেদনশীলতায় বেশ মুগ্ধ হয়েছিলাম। এই অনুবাদের সূত্রেও তার সাথে হয়তো একবারের জন্য হলেও সাক্ষাৎ হতে পারতো। হয়তো আমিনকে বললেই সেটা সম্ভব হতো। কিন্তু আমি অতটা সাহস তখনও সঞ্চয় করতে পারিনি।

আরও একবার সুযোগ এসেছিল তার সাথে দেখা করার। ১৯৯৩ সালে বাংলা একাডেমি থেকে আমার অনুবাদে টেড হিউজের নির্বাচিত কবিতা গ্রন্থটি বেরিয়ে গেছে। এই বইয়ের প্রকাশও এক ঘটনা বটে, তবে আমি সেই ঘটনার কথা তখনও জানতাম না, জেনেছি মাত্রই কয়েক বছর আগে স্বয়ং সেই সময়ে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ হারুন-উর-রশিদ-এর মুখ থেকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কেউ কেউ নাকি উষ্মা প্রকাশ করেছিলেন এই বলে যে রাজু আলাউদ্দিন আবার টেড হিউজের কী অনুবাদ করবে। টেড হিউজের সে কী জানে। অর্থাৎ রাজু আলাউদ্দিনের তো টেড হিউজ অনুবাদ করার কোনো যোগ্যতা নেই। আপনাদের যাদের বই বের হয়েছে বাংলা একাডেমি থেকে তারা ভালো করেই জানেন যে প্রকাশিতব্য পাণ্ডুলিপি দুজন পরীক্ষকের কাছে যায় এবং পরীক্ষক সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই হয়ে থাকেন বিদ্যাবুদ্ধির বলে। আমার পাণ্ডুলিপিটিও গিয়েছিল তাদের কাছে। যথারীতি বাধারও সম্মুখীন হয়েছিল। মহাপরিচালক নাকি জানিয়েছেন কোথায় কোথায় ভুল করেছে তারা যেন সেটা দেখিয়ে দেন। জানি না সেটা তারা করেছিলেন কিনা। কিন্তু বইটি পরে ঠিকই বেরিয়েছিল। আমি তখন লেখক হিসেবে হাটিহাটি পা পা। ওই বইয়ের প্রকাশ আমার জন্য হয়ে উঠেছিল রীতিমত শ্লাঘার বিষয়। শুনেছি হারুন স্যার নাকি প্রবীণ অনেক অধ্যাপক ও লেখকের কাছে বলে বেরিয়েছেন আমার অনুবাদের কথা, অবশ্যই প্রশংসার সাথে। এককার আমিনের মাধ্যমে হারুন স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম তার কক্ষে। ঢুকে দেখি সেখানে শিল্পী কাইয়ুম চৌধুরী। আমাকে দেখিয়েই তিনি কাইয়ুম চৌধুরীর উদ্দেশ্যে বললেন, "এই ছোকরা টেড হিউজের কবিতার দারুণ অনুবাদ করেছে। আমি রীতিমত মুগ্ধ। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যা পারেনি, ও তা করে দেখিয়েছে। আমরা বইটা এবার বের করছি।"–এরকম আরও কিছু শংসা ও স্নেহ মেশানো উক্তি। কাইয়ুম ভাই বেশ খানিকটা কৌতূহল নিয়ে তাকালেন এবং ওই তাকানোর মধ্যে ছিল তারিফের এক অনুক্ত আবরণ। আমি প্রশংসায় খুব নার্ভাস হয়ে যাই। বুঝে উঠতে পারি না কিভাবে সামলাবো এমন পরিস্থিতি। তো এরকম ছিল ওই বইটি নিয়ে মূল পরিস্থিতি। বইটি বের হওয়ার পর–বাংলা একাডেমির রেওয়াজ অনুযায়ী–এটাকে বিষয় করে মেলা চলাকালে কোন একদিন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি ভয়ে ভয়ে সেই অনুষ্ঠানটি দেখার জন্য শোতৃমণ্ডলীর একেবারে পেছনের সারিতে বসে আছি। আলোচনা মানেই ধোলাই। যদ্দুর মনে পড়ে সেই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন ড. মাহবুব সাদিক, ফেরদৌস আজীম এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আরেক প্রফেসর, এই মুহূর্তে তার নাম মনে পরছে না।

বিস্ময়কর সত্য হলো, ওই অনুষ্ঠানে সভাপতি ছিলেন কবি মনজুরে মওলা। আমি পেছন থেকে আলোচকদের আলোচনা শুনছিলাম মনোযোগ দিয়ে। আলোচকদের প্রত্যেকেই আমার অনুবাদের 'দুর্বলতা' নিয়ে কথা বলছিলেন, আর মাঝেমধ্যে গুজে দিচ্ছিলেন একটু আধটু প্রশংসার প্রসাদ। অনুবাদে দুর্বলতা নিশ্চয়ই ছিল, কিন্তু তারা যতটা নিন্দুকের মতো ওই দুর্বলতাকে প্রকট করে তুলে ধরেছিলেন সেটা ততখানি নয়। এখন সময়ের দূরত্বে এসে বুঝতে পারি ওই বইয়ে দুএকটি কবিতায় ভুল না থাকলেও অনুবাদে লাবণ্য ও সংবেদনশীলতার কিছু ঘাটতি অবশ্যই ছিল, যথায়থ শব্দ প্রয়োগের ব্যত্যয় ছিল নিশ্চয়ই। কিন্তু আলোচকরা ওই দুর্বল জায়গাগুলোকেই আক্রমণের লক্ষ করে তুলেছিলেন। একমাত্র ব্যতিক্রম ছিলেন ড. মাহবুব সাদিক। তিনি ওই দুর্বলতাকে চিহ্নিত করলেও বাকি সব কবিতায় আমার সাফল্যকে সহৃদয়তার সাথে উল্লেখ করেছিলেন। আলোচকদের নিন্দামন্দ শেষে বাকি আছে সভাপতির ভাষণ। ভেবেছিলাম, মনজুরে মওলাও নিশ্চয়ই অন্যসব আলোচকের মতোই আমাকে নিন্দার ছুরিতে ছিন্নভিন্ন করে ছাড়বেন। ভাবলাম নিজেকে আহত করার দৃশ্যটা না হয় আর না-ইবা দেখি,বরং চলে যাই। কিন্তু যাই যাই করে শেষ পর্যন্ত রয়ে গেলাম সভাপতির ভাষণটি শুনবার জন্য। সভাপতির ভাষণ দেয়ার জন্য মনজুরে মাওলাকে আহবান জানালো হলো। তিনি চেয়ার থেকে উঠে ডায়াসে দাঁড়ালেন, এদিকে আমি ‍দুরুদুরু বক্ষে শেষবারের মতো আক্রান্ত হওয়ার জন্য মনোবল নিয়ে অপেক্ষা করছি। প্রথামাফিক আলোচক ও আয়োজকদেরকে ধন্যবাদ জানালেন তিনি। বাকিটা বাংলা একাডেমির প্রতিবেদন থেকে ‍তুলে দিচ্ছি:

সভাপতির ভাষণে জনাব মনজুরে মওলা বলেন, টেড হিউজের কবিতা অনুবাদ করে রাজু আলাউদ্দিন পথিকৃতের কাজ করেছেন, যার জন্য তিনি আমাদের সবার কৃতজ্ঞতা লাভ করতে পারেন। এমন একটি কাজ করার চেষ্টা যাদের করার কথা তাঁদের দ্বারা এটি আদৌ সম্ভব বলে মনে করি না। রাজু যে কাজটি করেছেন তা অনুবাদ বলি না। রাজুর এটি নিজের লেখা যা বহুদূরের আরেকজন শিল্পীকে মনে করিয়ে দেয় এরকম ভাবা হলে তাঁর প্রতি সুবিচার করতে আমরা সক্ষম হবো।
তিনি বলেন, রাজু কবিতা নিয়েছেন টেডের বিভিন্ন বই থেকে। কবিতাগুলোর মূল শিরোনাম যদি উল্লেখিত হতো তবে আগ্রহী পাঠকদের জানা সহজ হতো।
জনাব মনজুরে মওলা বলেন, অনুবাদ সহজ কাজ নয় কারণ আবেগ অনুভূতি ও কবির চেতনাকে সঠিকভাবে অনুবাদ করা জটিল কাজ। জনাব রাজু আলাউদ্দিন টেড হিউজের নির্বাচিত কবিতা অনুবাদ করে একটি জটিল কাজ সম্পন্ন করেছেন। এজন্য আমি তাঁকে আান্তরিক ধন্যবাদ জানাই। বাংলা একাডেমী এই মূল্যবান গ্রন্থটি বের করে সকলের ধন্যবাদার্হ হয়েছেন।

তার এই ভাষণ শুনে আমি রীতিমত আপ্লুত! যে-মানুষটিকে মনে মনে কঠোর প্রকৃতির বলে অনুমান করেছিলাম, দেখছি তিনিই সবচেয়ে হৃদয়বান ও সহানুভূতিশীল। নিন্দার কাটাগুলোকে তিনি উপড়ে ফেলে আমার হাতে তুলে দিলেন প্রশংসার এক সুভাসিত গোলাপ। ওই দিনই প্রথম তার সম্পর্কে আমার ধারণা পুরোপুরি বদলে গিয়েছিল। আর মনে মনে লজ্জিত বোধ করছিলাম তার সম্পর্কে ভুল ধারণা পোষণ করার জন্যে। শরীরে ও মনে স্ফূর্তির জোয়ার নিয়ে সেদিন বাসায় ফিরেছিলাম। দূর থেকে তার প্রতি জানিয়েছিলাম কৃতজ্ঞতা। কিন্তু তারপরও মওলা ভাইয়ের সাথে দেখা করার ইচ্ছে হলেও সংকোচবশত সেটা আর হয়ে ওঠেনি। সেই সুপ্ত ইচ্ছার বাস্তবায়ন ঘটলো বন্ধু আমিনের উদ্যোগে গত বছর তারই গৃহে।


আলোকচিত্র: সরকার আমিন

বন্ধু ব্রাত্য রাইসু আমি আর আমিনসহ সেদিন গিয়েছিলাম তার আজিমপুরের বাসায়। সন্ধ্যা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত ছিল সেই দীর্ঘ আড্ডা। সেদিন তাকে বলেছিলাম, আপনার সাথে এই সাক্ষাৎ হতে পারতো অনেক বছর আগেই, কিন্তু লোকমুখে আপনার সম্পর্কে যে-ভীতিসঞ্চারী ভাবমূর্তি তৈরি হয়েছিল সেই কারণে আপনার সাথে সাক্ষাতের সাহস করিনি। তিনি আমার কথা শুনে হো হো করে হেসে উঠেছিলেন। নিশ্চিতভাবেই তিনি আমার কথায় কৌতুক অনুভব করেছিলেন। আমি আশ্চর্য হয়েছিলাম এটা দেখে যে যে-মানুষটি সম্পর্কে ওই ধারণা, তিনি কিনা তার ঠিক বিপরীত। আপ্যায়নে সৌজন্যে, রসিকতায় আর আড্ডায় রীতিমত প্রাণউপচানো এক ব্যক্তিত্ব। আমার খুব খারাপ লাগছিল এমন একজন জাঁদরেল লোক আজ হুইল(চেয়ার)বন্দী। ব্যাধি তার মুখের শ্রীকে খানিকটা হরণ করে নিয়েছে। কিন্তু আশি বছরেও তিনি কী অদম্য প্রাণশক্তিতে বলীয়ান। এই বয়সেও তরুণদের সাথে সোমরস আর খাদ্যে তিনি স্ফূর্তিময়। নানান ব্যঞ্জনে তিনি সেদিন আমাদেরকে আপ্যায়ন করেছিলেন আন্তরিকতার সাথে। মনে মনে ভাবছিলাম এই শার্দুল যিনি নানান জায়গায় অবাধে ছুটে বেরিয়েছেন; আজ তিনি বন্দী। কিন্তু তেজ আজও অক্ষুন্ন। এখ্ন তিনি শিশুর সৌন্দর্যে অন্য এক মাধুর্যে নীত হয়েছেন। সেদিন এলিয়ট আর রবীন্দ্রনাথ নিয়ে খুব কথা হচ্ছিল। এলিয়টে তিনি ছিলেন হাফেজ। রবীন্দ্রনাথেও। বিদ্যার একটা বিভা ভেতরে থেকে উদ্দীপ্ত করে রাখতো তাকে–সেটা ওই আড্ডাতে আরও স্পষ্ট হয়ে উঠেছিল। আজকাল যদিও দূরে কোথায়ও গিয়ে আড্ডা বা আপ্যায়নে যোগ দেয়া হয়না, কিন্তু মওলা ভাইয়ের আড্ডায় যাওয়ার লোভ দূরত্বকে পরাস্ত করার মতো ছিল। ইচ্ছেও ছিল যেন ঘন ঘন আড্ডাটা হয়। কিন্তু এরই মধ্যে করোনার প্রাদুর্ভাব আমাদেরকে গৃহস্থ করে দিয়েছে। তবে মাঝেমধ্যেই ফোনে কথা হতো তার সাথে। কখনো কোনো সাহিত্য বা সাহিত্যিক বিষয়ে তথ্যের তাগিদে, কখনো বা নিছকই সৌজন্যের সূত্রে। এরই মধ্যে হঠাৎ গত নভেম্বরের ৫ তারিখে বন্ধু কবি তারিক সুজাত জানালো মওলা ভাই ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন করোনায় আক্রান্ত হয়ে। তারিক এও জানালো তার আত্মীয় স্বজনরা তাকে যতটা সেবাযত্ন বা সময় দেয়া উচিৎ তা তারা দিতে পারছেন না। এই কথাটা শোনামাত্রই মনে পড়ে গিয়েছিল মওলা ভাইয়ের সেই উৎসর্গ কবিতাটির অংশ:

ছেলেকে মেয়েকে নয়। কোনো
মানুষকে নয়।

এসবই কি তার আগাম উপলব্ধি? জানি না । তারিকের কাছ থেকে সংবাদটা শুনবার পরদিনই মওলা ভাইকে ফোন করেছিলাম। তিনি কল ধরলেন। সৌজন্যমূলক যা যা বলার তা বলার মাঝখানেই তিনি বললেন, কথা বলতে তার কষ্ট হচ্ছে, অর্থাৎ শ্বাসকষ্ট হচ্ছিল। আমি তখন বললাম,ঠিক আছে মওলা ভাই, তাহলে পরে কথা হবে। এখন আর কথা বলে আপনাকে কথা বলতে বাধ্য করছি না। আপনি সুস্থ হয়ে উঠুন। আমি পরে কল দেবো। আমি বেশ কয়েকদিন পরে কল দিয়েছিলাম। পরপর কয়েকদিন কল দিয়েও তাকে পাচ্ছিলাম না। সবশেষে জানতে পারলাম কেন তিনি আর কল ধরছিলেন না। তিনি মৃত্যুর কয়েকদিন আগে থেকেই আইসিইউতে। নিয়তি তাকে ব্যস্ত রেখেছিল দ্বিতীয় জন্মের প্রস্তুতির জন্য, যে-জন্মে তিনি দূর্বা কিংবা কুমড়ো হয়ে ফুটে উঠবার ভবিষ্যদ্বাণী করেছিলেন। সুপুরুষ ও সাহসী এক কবি এই জন্মের খোলস ছেড়ে অন্য এক জন্মের দিকে এগিয়ে গেলেন। আপনাকে দ্বিতীয় জন্মের জন্য অভিবাদন আর এই জন্ম থেকে প্রয়াণের কারণে শোকার্ত প্রণতি।