২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

আদিওস মায়েস্ত্রো

ইউসুফ বান্না

Published : 16 Aug 2020, 09:16 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


'পিকাসো বেঁচেছিলেন ৯৩ বছর, আমি তার চেয়ে এক বছর বেশি বাঁচতে চাই, পিকাসোকে টেক্কা দিতে হবে না!'
কথাটা ঠাট্টাচ্ছলেই তিনি বলতেন, বলতেন তার অসম্ভব জীবনীশক্তির জোরে।

কিন্তু তা আর হল কই! এই সমাচ্ছন্ন মহামারীর অশনি সংকেতে ৮৯ তেই চলে গেলেন প্রিয় শিল্পী মুর্তজা বশীর।

মুর্তজা বশীর স্যারের কাজের সাথে আমার প্রথম পরিচয় চিত্রশিল্প দিয়ে নয়, তার লেখা ফিকশন দিয়ে।
করোনা যেমন মুর্তজা বশীর স্যারকে নিয়ে গেল, তেমনই এ প্যান্ডেমিকের কারণেই সদ্য বন্ধ হওয়া নীলক্ষেতের কিংবদন্তিতূল্য সেকেন্ডহ্যান্ড বইয়ের দোকান মোস্তফা মামার 'বইঘর'-এ এক বিকেলে বই ঘাটতে ঘাটতে পেয়ে যাই পেপারব্যাকে ছাপা তার 'আলট্রামেরিন' উপন্যাসখানা। সাবলীল ভাষায় লেখা এক শিল্পীযশপ্রার্থী যুবকের আত্মকথন। স্বাদুপাঠ্য বইটি পড়ে শেষ করি সে রাতেই। বইটি পড়ে আমার এলিস বি টক্লাস, অর্থাৎ গার্ট্রুড স্টাইনের লেখা ১৯২০ এর প্যারিস এবং তার বিখ্যাত নিবাসে নিয়মিত সদ্য আঁকা ছবি দেখাতে নিয়ে আসা পিকাসোর কাহিনী মনে পড়ে যায়। ছাত্রাবস্থায় কলকাতাবাস কালে শিল্পী হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া এক তরুণের যুবাবয়সের একটা ছোট্ট কালখণ্ডকে তিনি ধরেছেন সেমিঅটোবায়োগ্রাফির স্টাইলে। গদ্যের কলমের উপর তার দখল সেখানে লক্ষ্যণীয়, এই সৃজনশীল মানুষটির মূল কাজের জায়গা সাহিত্য নয়, তার মুন্সিয়ানা চিত্রকলায়। তার সে আখ্যানে প্যাশন আছে, আছে কনভিকশন, আর তার সাথে আছে বিড়ম্বিত জীবন—যেখানে যাপনের কথকতায় জড়িয়ে পড়েছে প্রেম, ইনফ্যাচুয়েশন, এবং সংবেদনশীল একজন মানুষের অনুভুতির সুক্ষ্ণ তারের কাঁপন।

এরপর ধীরে ধীরে তার কাজের সাথে, তার শিল্পযাত্রার অধ্যয়নপর্বে ইউরোপবাস, পিকাসো ও কিউবিজম নিয়ে তার নিজস্ব অভিজ্ঞতা, কিউবিজমের পরিণত পর্বে এনালিটিকাল কিউবিজমের পরে সিন্থেটিক কিউবিজমে তার মৌলিক অবদান, ভাষা আন্দোলন থেকে নিয়ে একাত্তরকে কেন্দ্র করে তার আঁকা অসাধারণ সব পোস্টার ও পেইন্টিং, অতঃপর তার শিল্পচর্চার মূল জায়গা ও তাই নিয়ে তার নানান এচিভমেন্টের সাথে পরিচয়।

ঠিক তিনফিট বাই দুইফিটের ক্যানভাস আঁটার মত ছোট্ট সরু একটা ঘর, তার শেষপ্রান্তে ইজেলে দাঁড় করানো প্রায় সমাপ্ত একটা ক্যানভাস, তার সামনে তুলি আর প্যালেট হাতে কাজের ফাঁকে ক্যামেরার দিকে তাকিয়ে শিল্পী—মুর্তজা বশীর স্যারের কাজ নিয়ে রেট্রোস্পেক্টিভ ছবির বইটাতে থাকা যুবা বয়সে তার স্টুডিওর এই ফটোগ্রাফটা মনে গেঁথে আছে আজও। ছবিটা দেখামাত্র মনে হয়, একজন মায়েস্ত্রো হয়ে ওঠা কর্মবীর উদীয়মান শিল্পীর এটায়ার বুঝি এরমই হওয়া প্রয়োজন।

মুর্তজা বশীর শতভাগ বাঙালি শিল্পী। একদম নিজের মত করে, এরমক অরিজিনালিটি দিয়ে বাঙালিয়ানাকে চিন্তা থেকে ক্যানভাসে নিয়ে আসা শিল্পী হিসেবে মুর্তজা বশীর সত্যিই অনন্য।

এছাড়াও বাংলাদেশের মাস্টার আর্টিস্টদের ভেতর ভার্সেটিলিটির জায়গায় নিঃসন্দেহে মুর্তজা বশীর স্যারের ধারে কাছে আসবার মতন কেউ নেই। ছবি আঁকার পাশাপাশি, কবিতা, ছোটগল্প এবং উপন্যাস লিখে গেছেন নিজ মর্জিমতো।

তার কাজের ক্ষেত্রে ট্রান্সপারেন্সির জায়গাটা ছিল রীতিমত বিস্ময়-জাগানিয়া। কখনো কারও সমালোচনার তোয়াক্কা করেননি। উল্টো রসিকতা করতেন। নিজ মৃত্যু নিয়েও ঠাট্টা করতেন অনায়াসে। খবরের কাগজের শিরোনাম হতে চাওয়া এই মানুষটিকে বয়স কখনোই কাবু করতে পারেনি। নানান সময়ে তার ব্যাপারে পড়েছি, তাকে নিয়ে গল্প শুনে অবাক হয়েছি তার কর্মদানবতা দেখে। বয়স যতই হোক, মনের দিক থেকে তিনি ছিলেন তীব্র তিরিশের সদা যুবক একজন সৃজনশীল মানুষ।

ওনাকে নিয়ে গল্প শুনেছি, কবিতা লিখবেন বলে মনস্থির করলে পরে তিনি কবিবন্ধু শামসুর রাহমানের কাছে গিয়ে বলেছিলেন, তুমিতো কবিতা লেখ। কবিতা কিভাবে লেখে আমায় এক্টু বাতলে দাও তো!
শুধু এই বলেই ক্ষান্ত হননি তিনি, বরং কবিতা লিখে দেখিয়ে দিয়েছেন যে তিনিও শব্দের সাথে শব্দের ঘটকালি করে বিয়ে দিতে সক্ষম।

চিত্রশিল্পের ক্ষেত্রে তার ইতিহাসকেন্দ্রিক উপলক্ষ্য ছবি যেমন আছে, তেমনই আছে মহাকাব্যিক বিস্তার নিয়ে থাকা তার দেয়াল আর প্রজাপতি সিরিজের এবস্ট্রাক্ট কাজগুলো।
এছাড়াও তার আঁকা বিভিন্ন ভঙ্গিমার সালঙ্কারা কি অনাড়ম্বর নারীকেন্দ্রিক কম্পোজিশনগুলো—অনেকটাই মনোক্রম ও মিনিমাল প্যালেটে করা ছবির ফিমেল ফিগারগুলো শতভাগ বাঙালিয়ানা বৈশিষ্ট্যের পেলবতা নিয়ে সমুজ্জল। ছবিগুলো যেন সত্যিকার অর্থেই 'এ দেশে শ্যামল রং রমনীর নাম শুনেছি'র কথা মনে করিয়ে দেয়। বিমূর্ত কাজের পাশাপাশি তার ফিগারেটিভ কাজগুলো তাই ইকুয়ালি এলিগেন্ট।

মাতিস যেভাবে চড়া রঙে মোটা দাগে অনেকটা শিশুতোষ সারল্যমাখা রেখা দিয়ে নারীমুখ আঁকতেন, আবক্ষ ছবিগুলোতে নারীদেহের পরিধান যেমন নিজেতে নিজেই একটা স্টাইল স্টেটমেন্ট তৈরি করত — যা কিনা আমার মতে একান্তই ফরাসী বৈশিষ্ট্যমণ্ডিত; বশীর স্যারও সেম এপ্রোচে ম্যাচিউরড ড্রয়িংএ নারীমুখ ও শাড়ি পরিহিতা যে ফিগারগুলো এঁকেছেন ঘরের ইন্টেরিওরের প্রেক্ষাপটে, সেগুলোও একান্তভাবেই বাঙালি।

ছবিতে কি আঁকছো তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হল ছবিটাকে তার মোটিভ ধরে কদ্দুরপর্যন্ত টেনে নিয়ে যাওয়া যেতে পারে তার প্রচেষ্টা! অর্থাৎ, কাজ যাই হোক — ড্রয়িং কি ফুলস্কেল অয়েল পেইন্টিং — প্রতিটি কাজের বেলা এম্বিশনটা থাকতে হয় সর্বোচ্চ। এই ব্যাপারটি আমি শিল্পী মুর্তজা বশীর স্যারের কাজের বেলায় প্রবলভাবে লক্ষ্য করি ও নিজের কাজে এই চিন্তা চর্চার চেষ্টা করি।

'হয় ফেমাস হও, নয় নটোরিয়াস, মিডিওকার হয়ো না'— বহু আগে পড়া কোন এক জাতীয় দৈনিকের সাক্ষাৎকারে বলা মুর্তজা বশীর সারের এই কথাটি সেই সময়ে আমায় যে কি পরিমান মোটিভেট করেছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এ কথাটা এখনো ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে নিজেকেসহ অন্যকে প্রায়শই বলি।

ওনাকে নিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আলোচনায় পিকাসোর চেয়েও আমি মাতিসের সাথে এসোসিয়েট করি বেশি।
এর কারণ, মাতিসকে যেমন বিংশ শতাব্দীর সেরা ড্রাফটস্ম্যান বলা হয়—বাংলাদেশের মাস্টার আর্টিস্টদের ভেতর কথাটা মুর্তজা বশীর স্যারের বেলাতেই খাটে।

ওনার ড্রয়িং এর হাত যে ইশ্বরিত শক্তিধর তা ওনার সতীর্থ শিল্পী থেকে নিয়ে আমার মত ভক্ত ইস্তক সব্বাই একবাক্যে স্বীকার করতে বাধ্য।

স্যারের প্রয়াণের খবরটা পেয়ে ইন্সট্যান্ট ইম্পালসের বশে লিখছি এ লেখা, ওনাকে নিয়ে কথা আর বাড়াবো না…. আমার ব্যাক্তিগত মুর্তজা বশীর আবিস্কারের কথা বলতে গেলে সাতকাহন হয়ে যাবে। তাই ওনার সাথে আমার প্রথম ও শেষ মুখোমুখি সাক্ষাতের গল্পটা বলে লেখাটা শেষ করি।

সময়টা বোধয় ২০০৯ কি ২০১০ হবে, স্থান আলিয়াস ফ্রঁসেস। তখনও আমি আর্ট নিয়ে লিখতে শুরু করিনি। কোন এক গ্রুপ একজিবিশিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসেছিলেন।
অনুষ্ঠান শেষের বেশ খানিকটা পরে আলিয়াসের ভেতরদিকের গ্যলারিসংলগ্ন খোলা চত্বরের কোনার এক টেবিলে দেখলাম উনি বসে। আমার সাথে ছিল কবি অরুনাভ সরকারের সাংবাদিক পুত্র সুগত সরকার, মানে পাপু ভাই। বশীর সারের সাথে আলাপ নেই জেনে আমায় উনি পরিচয় করাতে নিয়ে গেলেন, ওনাকে পাপুভাই ছোটবেলা থেকেই নিজ বাড়িতে আড্ডা দিতে আসতে দেখেছেন, ফলে পুত্রবৎ স্নেহ করেন তাকে। দেখা হতেই খুব প্রাঞ্জলভাবে বসতে বলে একগাদা কথা বল্লেন তার বন্ধু কবি অরুনাভ সরকারের কুশল জিজ্ঞাসাসূত্রে।

আমার দেয়ার মত পরিচয়তো ছিলনা তখন। সদ্য কিছু লিটল ম্যাগে কয়েক গুচ্ছ কবিতা প্রকাশিত হয়েছে কেবল।

আমি স্যারের পাশে তাই চুপটি করে বসে ওনাকে লক্ষ্য করছিলাম, আর পাপু ভাই আংকেল সম্বোধন করে আলাপ চালিয়ে যাচ্ছিলেন।

ওনার হাতে জ্বলন্ত সিগারেট, বেনসন, হাত ইষৎ যেন কাঁপছে। 'এখনো স্মোকিং ছাড়লেন না? আপনার না ডাক্তারের নিষেধ?'
এই প্রশ্নে কিশোরের মত উত্তেজিত হয়ে তিনি বল্লেন, 'কই নাতো! আমাকে ডাক্তার ঢালাও সিগারেট টানার পারমিশান দিয়েছেন। আমিতো ধোয়া গিলিনা। মুখে নেই, ছেড়ে দেই। এতে ক্ষতি তো হচ্ছে না কিছু! 'এই বলে উনি সিগার বা চুরুটের স্টাইলে একবার ধোঁয়া ছেড়ে দেখালেন।
'আসলে জানো তো, ধোঁয়াটা মেইন না। মেইন হল, দি এক্ট অফ স্মোকিং। সিগারেট এক্টস এজ এ ফ্রেন্ড ইন সলিটুড।'
বশীর স্যারের এই কথাটা আজও মনে আছে, তার এ কথার সত্যতা আমি নিজ জীবনাভিজ্ঞতা থেকে বুঝেছি।

একলা আছি যখন, কাগজ সামনে নিয়ে কলম কিংবা তুলি হাতে বসে সৃষ্টির আতুরলগ্নে, যে সময় একজন শিল্পী বা লেখক সর্বতোভাবে একা— তখনই সিগারেটের প্যাকেট খুঁজে নিয়ে তার থেকে এক্টা সিগারেট বের করে ম্যাচ বা লাইটার দিয়ে ধরানোর আয়োজনটা মগজে নিকোটিনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ডিস্ট্রাকশনটা অনেকটাই সাদা কাগজ ভরাট করার বিশাল চাপ থেকে কিছুটা হলেও রিলিফ দেয়, আর দু'আঙুলের ফাঁকে জ্বলন্ত শলাকা ধরে আছি, মুখে পুরে টানছি, ধোঁয়া ছাড়ছি, ছাই ফেলছি এশট্রেতে — এই পুরো ব্যাপারটাতেই সিগারেটের সাথে স্মোকারের একটা পারপেচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কাজ করে। এই বোঝাপড়ার সাথে যিনি লেখেন বা আঁকেন, এবং সঙ্গত কারণেই সময়ে সময়ে মস্তিষ্ককে ধোঁয়াচ্ছন্ন করবার তৃষ্ণাতাড়িত হন— তিনিই সবচেয়ে ভালো রিলেট করতে পারবেন।

সব মিলিয়ে খুব বেশি হলেও পনেরো কি বিশ মিনিট ছিলাম স্যারের পাশে বসে, এ পুরো সময়টাতে উনি সাতটা সিগারেট পোড়ালেন। প্রায় সিগারেটই আধেক টেনেই এশট্রেতে গুঁজে দিচ্ছিলেন যেন নিকোটিন নয়, আগুন আর দু'আঙ্গুলের ফাঁকে ধুম্রশলাকা ধরে থাকাতেই তার আসক্তি।

আমি তাকে তীক্ষ্ণচোখে চেয়ে দেখছিলাম। বয়স্ক একজন মানুষ, স্বনামধন্য শিল্পী, আমি তার এই সিগারেট ধরানো আর কৈশোরের নিষিদ্ধ কাজের আনন্দের জন্য টানা সিগারেটের ধোঁয়া ছাড়ার মত ছেলেমানুষি কাণ্ডতে তার ভেতরকার শিল্পমানসের একটা দিক স্পষ্ট বুঝেছিলাম যে, তা হল তার ভেতরকার অস্থিরতা।

শিল্পী মুর্তজা বশীর সারের সাথে একমাত্র সাক্ষাতের সেই ঘটনাটা আমার আজীবন মনে থাকবে একটাই কারণে— তার ভেতরে দেখা আমার নিজের অন্তঃকরনের অস্থিরতা।

অস্থিরতাই আমার একমাত্র ট্রেইট যা দিয়ে এক শব্দে আমার শিল্পসত্তাকে প্রায় পুরোটা ব্যাখ্যা করা যায়। আমার যাবতীয় সৃষ্টিকর্মের পেছনে প্রেরণা ও উদ্যোমের প্রায় বারো আনা জায়গা জুড়ে রয়েছে এই অস্থিরতা।

একজন শিল্পীর মৃত্যু নেই, বিশেষত সেই শিল্পী যখন মুর্তজা বশীর।

তিনি তার কাজ দিয়ে এই কথাটাকেই পাকাপাকিভাবে নিশ্চিত করে গেছেন।
খুব গুরুত্বপূর্ণ কাউকে সমাহিত করতে যেমন তোপধ্বনি দাগা লাগে, নিজ কগ্নিযেন্সের কাছে দায়বদ্ধ প্রিয় মানুষকেও বিদায় জানাতে আয়োজন করা লাগে।
আমার এ লেখাটি তারই আয়োজন বলেই জানবেন, হে মায়েস্ত্রো,

আপনাকে বিদায়ী সালাম।