খেয়াল ও জনপ্রিয় গানের আজাদ রহমান
গত কয়দিন ধরে একটি পত্রিকার জন্য সঙ্গীতজ্ঞ আজাদ রহমান স্যারের বাংলা খেয়াল গান নিয়ে লিখছিলাম বুঁদ হয়ে। লকডাউনে এই তো সুযোগ। নিজের পুরাতন আনাড়ি লেখাকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলার অফুরান সময়কে কাজে লাগানোর জন্য এরকম লকডাউন খুব জরুরীও ছিল। কিন্তু এখন হাত আর চলতে চাইছে না। কবি, ও লেখক, সম্পাদক শ্রদ্ধেয় রাজু আলাউদ্দিন ফোনে জানালেন, 'তুমি যার জন্য লিখছিলে, লেখাটা সাজাতে গিয়ে দেরী করে ফেললে, তোমার সেই লেখাটা আর আজাদ রহমান স্যার পড়তে পারলেন না। তিনি চলে গেছেন'। ধূমকেতুর মত আছড়ে পড়লাম যেন বিষাদ ভরা সিন্ধুর গভীরে। ভেবেছিলাম আর লিখবো না। তবুও লিখছি। আজাদ রহমানের বহুগুণের কথা এতক্ষণে অনেকেই লিখে ফেলেছেন। তাঁর সিনেমায় প্রবেশের কথা, জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলোর কথা, তাঁর বাণী ও সুরারোপিত কিম্বা পরিচালিত জনপ্রিয় সিনেমার গানগুলোর কথা এতক্ষণে দেশের ঘরে ঘরে মুখে মুখে আলাপের মতন বাজছে হয়ত। এমন কি তাঁর বহু সাধনায় গড়া বাংলা খেয়াল গানের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, আছেন তারাও নিশ্চয়ই বিমর্ষ চিত্তে সেসব নিয়ে লিখে ফেলেছেন শ্রদ্ধা জ্ঞাপনে। দেশবরেণ্য সংগীতজ্ঞ আজাদ রহমান আর নেই -এমন শিরোনামে পত্রিকার খবর এতক্ষণে চারিদিকে রটে গেছে।
তিনি এমন একজন মরমী গীতিকবি ছিলেন যার প্রজ্ঞার আলো হয়ত ঐসব প্রচারিত গানের চেয়েও বাংলা খেয়াল গানের বন্দিশে অধিক প্রজ্বলিত। কারণ, বাংলা খেয়াল গান ছিল তাঁর সংগ্রাম এবং একান্ত সাধনা। আর অন্যান্য জনপ্রিয় গানগুলো ছিল সরাসরি জীবিকার সাথে সম্পৃক্ত। সেখানে একান্ততার কিছু নেই। একদিকে সংগীত সাধক আজাদ রহমান, আরেকদিকে জীবিকার স্বার্থে সংগীত ব্যবসায়ী আজাদ রহমান। উভয় ক্ষেত্রেই তাঁর অনন্য ভূমিকা এবং দক্ষতার নিপুণতা তাঁকে অতুলনীয় করে রেখেছে কালের ঘরে। 'জন্ম আমার ধন্য হলো মা গো' -গানটিতে বাংলা গানের শিকড়ের সুর যেমন নিংড়ে প্রয়োগ করছেন, তেমনি তাঁর রচিত বাংলা খেয়াল গানের বন্দিশ বা বাণী নিংড়ে পাওয়া যায় বাঙালীর চিরায়ত দর্শন- মানবধর্মবাদ। বাউল ঘেঁষা এই মরমিবাদকে তিনি রাগরাগিণীর ছাঁচে ফেলে ধ্রুপদী আসরে তুলে এনেছে অত্যন্ত নিপুণতার সাথে:
রাগ নট ভৈরব
জ্ঞান জ্যোতি জ্বালাও ভুবনে
ভেদ ভাবনা দূর করো
সত্য সুন্দর আসুক জীবনে ।
পবিত্র আলোর পরশে
কলুষ কালিমা ধ্বংস হোক
দ্বিধা দ্বন্দ্বের বাধা ভেঙ্গে
ধরণী সুমতি জাগাও সবার মনে ।।
রাগ ইমন
করো মানব হওয়ার সাধনা
করো, সুরতাল সঙ্গীতে আরাধনা ।
স্রোষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানব
নিজের দোষে হয়ো না দানব
দূর করো ভেদ ভাবনা ।।
রাগ মেঘ
এসো ঘন বরষা
ধরণীর পবিত্রতা রক্ষা করো
ভাসিয়ে নিয়ে যাও সব জঞ্জাল
শান্তি সুখের দাও ভরসা ।।
'মনেরও রঙে রাঙাব', 'এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি', 'ও চোখে চোখ পড়েছে যখনই', 'ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়', 'ভালোবাসার মূল্য কত', এসব গান যেমন বাংলাদেশের সাধারণ মানুষের কাছে চিরদিন বেঁচে থাকবে, তেমনি বাংলা গানের ইতিহাসে ধ্রুপদী সংগীত ধারায় আজাদ রহমানের বন্দিশসমূহ মার্গীয় ভূমিকা পালন করবে। বাংলা খেয়াল গানের ধারায় নবদিগন্ত তিনি উন্মোচন করেছেন বাংলা খেয়াল গানের সম্ভার সৃষ্টি করে। বাংলার ইতিহাসে আর কেউ এত সমৃদ্ধি আনতে পারেনিনি বাংলা খেয়াল গানে। বাংলা একাডেমি থেকে দুই খণ্ডে প্রকাশিত হয়েছে আজাদ রহমানের লেখা সংগীত বিষয়ক বই বাংলা খেয়াল।
তিনি ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা রেখে প্রতি বছর ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত বাংলা খেয়াল উৎসব প্রবর্তন করেছেন। প্রায় পনেরো ঘণ্টা ধরে আজাদ রহমানের বাংলা ধ্রুপদ, বাংলা খেয়াল, বাংলা ঠুমরী, বাংলা দাদরা, বাংলা কাজরী ইত্যাদি দিয়ে সাজানো বাংলা মার্গ সংগীতের আসর চ্যানেল আই টেলিভিশন প্রচার করে। সাধারণত বাঙালী আত্মভোলা যতটা, ততটাই আবার বিদেশী ভক্ত হিসেবে ইতিহাসের নানান বাঁকে সাক্ষ্য রেখেছে। আবার নতুন একটা রোগও আধুনিক কালের শুরুর দিকে বাঙালীকে গ্রাস করেছিল। সে রোগ থেকে আজও মুক্তি পায়নি। রোগটি হল, নতুনের প্রতি উন্মাদনা। পুরাতনকে আগলে নতুনকে বরণ করার অভ্যেস হয়নি বলে নিত্য নতুনের ভিড়ে আদি শেকড়টা যে কবে হারিয়ে ফেলেছে -তা এখন ইতিহাস মাত্র। কিন্তু চ্যানেল আই টেলিভিশন আজাদ রহমানের বাংলা মার্গ সংগীতকে যথার্থ মাইল ফলকে পরিণত করেছে প্রচারের মাধ্যমে। জীবনের অর্ধশত বছরই তিনি ব্যয় করেছেন বাংলার মার্গ সংগীতের সম্ভার সৃষ্টির পেছনে। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনেও আজাদ রহমান চিরজীবী হয়ে থাকবেন তাঁর এই বাংলা মার্গ সংগীতের পেছনে অক্লান্ত পরিশ্রমের জন্য।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সংগীত পরিচালক আজাদ রহমান ১৯৪৪ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে হিন্দুস্তানি খেয়াল গানের ওপর উচ্চ শিক্ষা গ্রহণ করে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। কলকাতার জনপ্রিয় বাংলা ছবি 'মিস প্রিয়ংবদা'র গানে সুরারোপ করে চলচ্চিত্রের গানে তাঁর পথচলা শুরু হয়। এই ছায়াছবিতে তাঁর সুরারোপিত গানে কণ্ঠ দিয়েছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও আরতি মুখোপাধ্যায়। অজিত চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, অমর বিশ্বাসসহ জনপ্রিয় অভিনেতারা এই ছায়াছবিতে কাজ করেছেন। বাংলাদেশের চলচ্চিত্রে তিনি প্রথম সংগীত পরিচালনা করেন বাবুল চৌধুরী পরিচালিত 'আগন্তুক' ছবিতে। এরপর 'বাদী থেকে বেগম', 'এপার ওপার', 'পাগলা রাজা', 'অনন্ত প্রেম', 'আমার সংসার', 'মায়ার সংসার', 'দস্যুবনহুর', 'ডুমুরের ফুল', 'মাসুদ রানা'সহ ছবির সংগীত পরিচালনা করেছেন তিনি। নায়করাজ রাজ্জাক পরিচালিত 'অনন্ত প্রেম' ছায়াছবির 'ও চোখে চোখ পড়েছে যখনই' গাজী মাজহারুল আনোয়ার রচিত এই বিখ্যাত গানটির সুর করেছিলেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন জনপ্রিয় শিল্পী খুরশিদ আলম ও সাবিনা ইয়াসমিন। বাংলাদেশে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে তিনি নির্মাণ করেছিলেন 'গোপন কথা' নামের ছায়াছবিটি।
তাঁর মৃত্যুর সংবাদে বিষাদ সিন্ধুতে আছড়ে পড়লেও, ভাবছি কিংবদন্তীরা তো অমর। প্রকৃত সংগীত সাধকরা ঈশ্বর আরাধনা করেন সুরের সাধনায়। সংগীত সাধক আজাদ রহমান যিনি একাধারে সংগীত পরিচালক, সিনেমা, বিজ্ঞাপন নির্মাতা, সুরকার– তিনিও তো ঈশ্বর সাধনা করেছেন সংগীত সাধনার মধ্য দিয়ে। যা তাঁর রচনায় স্পষ্ট। হয়ত তিনি আজ তাঁর আরাধ্য ঈশ্বরের কাছে পৌঁছে গেলেন। কিন্তু তাঁর কোন মৃত্যু নেই। তাঁর কর্মের প্রতি জানাই শ্রদ্ধা চিরন্তনী।
