২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

যিনি ক্রমাগত বেড়ে ওঠেন লড়াইয়ে

belayat_mamun

Published : 27 Aug 2011, 11:50 AM

Updated : 03 Oct 2022, 11:27 AM

১২ আগস্ট বিকালে আমি তারেক ভাইকে ফোন করেছিলাম। বেশ কিছুদিন পর। প্রায় দুইমাস হবে তারেক ভাইয়ের সাথে আমার কথা হয়নি। এর মাঝে তিনি দেশের বাইরে ছিলেন কিছুদিন। আরিচা মহাসড়কে পড়ে থাকার ঠিক আগের দিন বিকালে ফোন করতেই উচ্ছ্বসিত তারেক ভাই–'কী খবর তোমার?'

তাঁকে বললাম, আমি তাঁকে নিয়ে লিখতে চাই, তাঁর কোনো নির্দিষ্ট ছবি নিয়ে নয়। তাঁর প্রায় ৩৫ বছরের চলচ্চিত্রযাত্রা নিয়ে, তাঁর প্রবণতা, মনোভাব এবং ইচ্ছা ও অভিপ্রায় নিয়ে, তাঁর সমস্ত সৃষ্টিকর্ম নিয়ে, ব্যক্তি তারেক মাসুদকে নিয়ে।

Image
tmbk.jpg


কুষ্টিয়ায় তারেক মাসুদ। ছবি. বি. করিম।
শুনে একেবারে শিশুর মত খুশি হয়ে উঠলেন। বললেন, 'আমাকেই নিয়েই লিখছ না, আরোও কাউকে কাউকে নিয়েও লিখছ।'

বললাম, 'আপনাদের চারজনকে নিয়েই লিখব। মোরশেদ (মোরশেদুল ইসলাম) ভাইকে নিয়ে লিখেছি। এরপর আপনাকে নিয়ে লিখব। তারপর মুরাদ (মানজারে হাসীন মুরাদ) ভাইকে নিয়ে লিখব, শেষে তানভীর (তানভীর মোকাম্মেল) ভাইকে নিয়ে লিখব।' আরো বললাম, 'লেখাগুলো বেঙ্গল বারতা নামে একটি মাসিক কাগজে প্রকাশিত হবে।'
——————————————————
কিছু সাংবাদিক দেখতাম তারেক ভাইয়ের কিংবা আমাদের কর্মীদের সাথে তর্ক করতেন। তারা বলতেন, 'আমরা সাংবাদিক, আপনাদের নিউজ করি, আমরা কেন টিকেট কেটে ছবি দেখব?' তারেক ভাইকে বলতে শুনতাম, 'নিউজ করা আপনার দায়িত্ব। আপনি তো দয়া করে আমাদের নিউজ করেন না। যদি আপনার মনে হয় আপনি আমাদের নিউজ করেন বলে বিনামূল্যে ছবি দেখতে পারবেন তাহলে আপনি নিউজ করবেন না। তবুও টিকেট ছাড়া আমি আমার ছবি দেখতে দেব না।'
——————————————————
শুনে হাসলেন। বললেন, 'আমাদের দেশে কেউ মরে গেলে তারপরে যা একটু-আধটু লেখা হয়। বেঁচে থাকতে কেউ কাউকে নিয়ে লিখতে চায় না। আমার সম্পর্কে মানুষ কী ভাবছে তা আমি মরে গেলে লিখলে তা তো আমার জানার কোনো সুযোগ থাকবে না। ভালো যে তুমি আমি বেঁচে থাকতেই লিখতে আগ্রহ দেখাচ্ছ।' আমাকে বললেন, 'মোরশেদকে নিয়ে লেখাটা কবে প্রকাশিত হবে?'

বললাম, '১৫ না হয় ১৬ তারিখ (আগস্ট ২০১১)।'

তিনি বললেন, 'তাহলে ১৬ তারিখ বিকালে হাতে সময় নিয়ে চলে আসো। অনেক কথা আছে, তোমার আমার বন্ধু রাশেদ দেখানোর অভিজ্ঞতাটা কেমন হল তাও শুনব। কিছু নতুন বিষয় ভাবছি। বুঝতে পারছ? একেবারে নতুন কিছু ভাবনা আছে, সেগুলো তোমার সাথে শেয়ার করব। বিকাল ৩টায় একটা ফোন করো। ফোন করে চলে আসো।'

এই তো সেদিনকার কথা। সমস্ত কথাগুলো কানে তাঁর ভরাট, হাস্যময় কণ্ঠস্বরের সাথেই ধ্বনিত হচ্ছে। সেই তো তাকে নিয়ে লিখছি, শুধু কি আমি, কতজনই তো লিখছে, কিন্তু কোথায় তিনি?

২
তারেক ভাইয়ের সাথে আমার ঘনিষ্ঠতা ২০০৫ সাল থেকে। আমি তখন বিশ্বসাহিত্য কেন্দ্রের 'চলচ্চিত্র চক্রে'র সাথে যুক্ত। সেই বছর কেন্দ্র থেকে আমরা একটি ২ দিনের কর্মশালার আয়োজন করেছিলাম। কর্মশালার বিষয় ছিল 'রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে সত্যজিতের চলচ্চিত্র'। কর্মশালাটি তারেক ভাই করিয়েছিলেন। সেই কর্মশালা আয়োজনের মধ্য দিয়েই তারেক ভাইকে আমার কাছে থেকে জানার এবং বোঝার সুযোগ তৈরি হয়। তারেক ভাই এমন সুন্দর এবং সরলভাবে রবীন্দ্রনাথ ও সত্যজিতের আন্তঃসম্পর্ক বুঝিয়ে ছিলেন যা আজও মনে ও মগজে গেঁথে আছে। সেই কর্মশালার পর থেকে নানা প্রয়োজনে, কারণে-অকারণে তারেক ভাইয়ের বাসায় যেতাম। ফোন করতাম। তারেক ভাইও ফোন করতেন নতুন কী করছি তা জানার জন্য। নতুন কোনো কিছু করা যায় কিনা তেমন ভাবনা জানানোর জন্য।

৩
তারেক ভাই সব সময় চেষ্টা করতেন কীভাবে আরো ভালো ভাবে বাংলাদেশে চলচ্চিত্রচর্চার পথ প্রশস্ত করা যায়। কীভাবে দেশের চলচ্চিত্রের গুণগত এবং পরিমাণগত দিকের উন্নয়ন করানো যায়। যে কারণে তারেক ভাইয়ের মধ্যে একধরনের সামগ্রিক পরিস্থিতি উন্নয়নের তাগিদ লক্ষ করতাম। তিনি কেবল চলচ্চিত্র নির্মাণের কথা ভাবতেন না, এর প্রদর্শন, বিতরণ এবং দর্শকের ভালো লাগা-না লাগা নিয়েও ভাবতেন। আবার চলচ্চিত্র নির্মাণ, বিতরণ-প্রক্রিয়ার বাইরে চলচ্চিত্র চর্চা, চলচ্চিত্র সংসদ আন্দোলন, চলচ্চিত্র সংরক্ষণ, চলচ্চিত্র শিক্ষার বিষয়ে তিনি গুরুত্ব দিয়ে ভাবতেন। বলতেন, 'আমাদের সব বিষয়ে উন্নতি করতে হবে। সব কিছুই লাগবে যদি আমরা একটি ফিল্ম ওরিয়েন্টেড নেশন হতে চাই।' বলতেন, 'আমাদের শুধু ভালো নির্মাতা পেলেই চলবে না, ভালো দর্শক লাগবে, ভালো প্রদর্শক লাগবে। ভালো সিনেমা হল লাগবে, ভালো প্রজেকশন, সাউন্ড সিস্টেম লাগবে। আমাদের চলচ্চিত্র ইন্সটিটিউট লাগবে ভালো ও মেধাবী নির্মাতা এবং কলাকুশলী তৈরি করার জন্য। ভালো সমালোচক, দর্শক এবং সৃজনশীল চলচ্চিত্রের জন্য চলচ্চিত্র সংসদ আন্দোলন লাগবে। নির্মিত চলচ্চিত্র ভবিষৎ প্রজন্মের প্রয়োজনে সংরক্ষণের জন্য ফিল্ম আর্কাইভ লাগবে। চলচ্চিত্র চর্চার জন্য চলচ্চিত্র কেন্দ্র লাগবে। ভালো এবং মন্দ ছবির সমালোচনার জন্য গুণী সমালোচক লাগবে।'

তারেক ভাইয়ের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বিষয়ে একটি স্পষ্ট, পরিষ্কার ধারণা ছিল। তিনি বেড়ে উঠেছিলেন চলচ্চিত্র সংসদ আন্দোলনের মধ্য দিয়ে। আমৃত্যু এই আন্দোলনের সাথে যুক্তও ছিলেন। আমরা সবাই জানি, ইন্ডাস্ট্রির সাথে চলচ্চিত্র সংসদ আন্দোলনের একটি অমোচনীয় বিরোধ আছে। এই বিরোধ চলে আসছে প্রায় ৪৫ বছর ধরে। বিরোধের কারণ কখনও আদর্শিক, কখনও নন্দনতাত্ত্বিক, কখনও স্রেফ মুনাফা বানিজ্যের কারণে। এই বিরোধ ধারণ করেই তারেক ভাই বাংলাদেশের চলচ্চিত্রের সামগ্রিক অবস্থা বিকাশের বিষয়ে পরিষ্কার, স্পষ্ট এবং কার্যকর চিন্তার সূত্র আবিষ্কার করেছিলেন। আমরা জানি, যদিও তারেক ভাই বিকল্পধারার চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পুরোধা কিন্তু তিনি নিজেকে একজন স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতা বলে দাবি করতেন। তিনি কখনও আমাদের ইন্ডাস্ট্রির চলচ্চিত্র ধারায় প্রবেশ করেননি। আমরা তাঁকে জানি বলেই বলতে পারি, তিনি কখনও ইন্ডাস্ট্রির মধ্যে প্রবেশ করতেনও না। কিন্তু তিনি ইন্ডাস্ট্রির ভালোই শুধু চাইতেন না, ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার প্রয়োজনে সবকিছু করতে প্রস্তুত ছিলেন। করতেনও। তিনি বলতেন, 'আমার বিরোধ ওখানে যেসব ছবি তৈরি হয় তার সাথে। তাই ইন্ডাস্ট্রির যে নিজস্ব সিস্টেম আছে তাঁকে ক্ষতিগ্রস্ত করার তো কিছু নেই। ওখানকার যেসব মানুষ কুৎসিত সব ছবি বানাচ্ছে তাদেরকে প্রতিরোধ করতে হবে। তাদের শেখাতে হবে, বোঝাতে হবে। আবার ঐ লোকগুলোই বা কী করতে পারে। এই রাষ্ট্র তো চলচ্চিত্র শিক্ষার কোনো ব্যবস্থা করেনি কখনও। যেখানে মানুষ শিখতে পারে। ফলে যেভাবে যে পারছে, সেভাবে কিছু একটা করে খেয়ে-পরে বেঁচে থাকার চেষ্টা করছে। এই তো। কিন্তু যে দর্শক এখনও ছবি দেখতে চায়, যাঁরা এখনও সিনেমা হলে এসে চলচ্চিত্রের সম্ভাবনাকে বাঁচিয়ে রেখেছে তাদের নিয়ে ভাবতে হবে। ঐ দর্শকরাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সিস্টেমকে এখনও বাঁচিয়ে রেখেছে।'

ইন্ডাস্ট্রির বাইরে যদি একটি কার্যকর চলচ্চিত্র চিন্তার আন্দোলন না থাকে তাহলে যে শূন্যতা তৈরি হবে, সেই শূন্যতার মাঝেই একটি অরাজক পরিস্থিতির উদ্ভব হতে পারে এমন কথাও তিনি বলতেন। তারেক ভাই বলতেন, 'এই যে আমাদের ছবি দেখতে অনেক মানুষ এখন আসে, আমরা যাঁরা আমাদের ছবিতে গান রাখি না, নাচ রাখি না, বিপুল ভায়োলেন্সে ভরে দিই না চলচ্চিত্রের পর্দা, তারপরও এত দর্শক কেন আসে? কারণ আমরা এই দর্শক নিজেরাই তৈরি করেছি। চলচ্চিত্র সংসদ আন্দোলনই এই দর্শক তৈরি করেছে। দর্শকদের মনে ভালো ছবির যে আকাঙ্ক্ষা তৈরি করতেই আমাদের জীবনের সর্বোচ্চ সময় আমরা ব্যয় করেছি, আমাদের অগ্রজেরা করেছেন এবং আমাদের অনুজ তোমাদেরও তা করতে হবে। শিল্পের পথে স্বল্পদৈর্ঘ্য কিছু নেই। সবই মুক্তদৈর্ঘ্য। কত সময় লাগতে পারে তা কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না।'

৪
আমরা যখন ২০০৬ সালে 'ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি' গড়ে তুলেছিলাম, তখন তারেক ভাই অভিনন্দন জানিয়েছিলেন। বলেছিলেন, 'আশা করি তোমরা নতুন সময়ের কণ্ঠস্বর হয়ে উঠতে পারবে।' যেহেতু এর আগের বছর তারেক ভাইয়ের করানো বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মশালায় আমরা মুগ্ধ ছিলাম, তাই তাঁকে দিয়ে আমরাও একটি কর্মশালা ম্যুভিয়ানা থেকে করানোর প্রস্তাব সেই ২০০৬ সালেই দিয়েছিলাম। তিনি তখন মহাব্যস্ত। তবুও তিনি বারবার সময় দিয়েছেন, কী করা যায় তা নিয়ে আলোচনা করেছেন। প্রতিবার তাঁর কাছে যেতাম তাঁকে দিয়ে কীভাবে একটি কর্মশালা করানো যায় সেই বিষয়ে কথা বলতে, কিন্তু তিনি প্রতিবারই অন্য অনেক আলোচনা করে, দেখা যেত নতুন কিছু ধারণা, ভাবনা এবং পরিকল্পনা ধরিয়ে দিতেন। নিজে ধরা দিতেন না।

Image
workshop-on-abbas-kiarostami.jpg

……..
আব্বাস কিয়ারোস্তামির কর্মশালায় তারেক মাসুদ, অন্যদের সঙ্গে
…….
২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত আমরা অনেক কর্মশালার আয়োজন করেছি তারেক ভাইয়ের দেয়া ভাবনা নিয়ে, পরিকল্পনা থেকে উদ্বুদ্ধ হয়ে, কিন্তু তাঁকে কোনোভাবেই রাজি করাতে পারছিলাম না। ২০০৮ সালে যখন তাঁর কাছে আব্বাস কিয়ারোস্তামিকে নিয়ে একটি কর্মশালা আয়োজন করতে চাই জানিয়েছি, তখন তিনি রাজি হলেন নিজে থেকেই। বুঝলাম এত দিন তিনি এমন বিষয়ের অনুসন্ধানে ছিলেন যা নিয়ে তিনি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কথা বলতে, বোঝাতে কিংবা বোঝানোর ভেতর দিয়ে নিজেও বুঝতে। সেই সময় থেকেই শুরু। ২০০৮ সাল থেকে ২০১০-এর অক্টোবর পর্যন্ত আমরা আব্বাস কিয়ারোস্তামির কর্মশালার তারিখ ৫ বার নির্ধারণ করেছি। দুইবার কর্মশালার পোস্টার ছেপেছি। কিন্তু বারবার তারেক ভাই সময় পেছাতে বলতেন। বলতেন ব্যস্ততা একটু কমুক, একটু সুস্থির হয়ে নেই, তারপর কর্মশালাটি করব। কিন্তু তারিখ দিয়েও বারবার পেছাতে বাধ্য হচ্ছিলাম বলে আগ্রহী লোকজন বিরক্ত হচ্ছিল। কিন্তু আমি তো নিরুপায়। তারেক ভাই সময় না দিলে তো হচ্ছে না। এই করতে করতে তারেক ভাই ২০০৯-এর ডিসেম্বর মাসের শেষ দিকে কর্মশালাটি করবেন বলে চূড়ান্ত সময় দিলেন। তাও ঠিক থাকলো না। আমিও নাছোড়বান্দা হয়ে লেগেছিলাম। সেই কর্মশালাটি অবশেষে ২০১০-এর অক্টোবর মাসের ২১, ২২ ও ২৩ তারিখে অনুষ্ঠিত হয়। যাঁরা সেই কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন, তাঁরা জানেন যে, তারেক ভাই সেই কর্মশালায় শুধু আব্বাস কিয়ারোস্তামিকে বোঝাননি, তিনি পুরো ইরানি চলচ্চিত্রই বুঝিয়েছেন। বিশ্বচলচ্চিত্রের প্রেক্ষাপটে কেন ইরানি চলচ্চিত্র আলাদা সেই দিক নিয়েও গভীর আলোচনা করেছেন। শুধু অংশগ্রহণকারীরা যে সে কর্মশালায় তারেক ভাইয়ের কাছ থেকে শিখেছেন তা তো নয়, আয়োজক আমিও প্রাণভরে শিখেছি, জেনেছি। মনে পড়ে, আব্বাস কিয়ারোস্তামির প্রথম জীবনের ছবি কোরাস তারেক ভাই আমাদের দেখিয়ে ছিলেন, এই ছবিটা একদম পাওয়া যায় না। একটি ভিএইচএস কপি তারেক ভাইয়ের কাছে ছিল, সেইটা দেখানোর জন্য ভিএইচএস প্লেয়ার যোগার করার কী যে দৌঁড়ঝাপ আমাদের করতে হয়েছে তা আর বলা মত নয়। ঢাকায় একটি ভালো ভিএইচএস প্লেয়ার যে এত দুষ্পাপ্য হয়ে গেছে তা কোরাস দেখার এই চেষ্টার কারণে প্রথম উপলব্ধি করেছিলাম। এই আব্বাস কিয়ারোস্তামির কর্মশালা নিয়ে এর দীর্ঘসূত্রিতার জন্যই কিনা কে জানে, এত ঘটনা মনে পড়ছে, সব তো আর লেখা যায় না। তবে একটি বিশেষ ঘটনা মনে পড়ছে, যা থেকে তারেক ভাইয়ের একটি বিশেষ পরিচয় হয়ত জানা যাবে। যেমনটি আমি এখনও সেই ঘটনাটি মনে করে অবাক হয়ে যাই। তারেক ভাই ২০১০-এর আগস্টে নিউইয়র্কে ছিলেন। তিনি আমেরিকায় যাওয়ার আগে অক্টোবরে যে কর্মশালাটি হবে সে তারিখ চূড়ান্ত করে গিয়েছিলেন। আগস্টের একদিন সকালে (এখন তারিখটি মনে পড়ছে না) আমার ফোন বেজে উঠলো। তখন ভোর ৬টা/৭টা হবে। নম্বরটা অপরিচিত ছিল, আমি 'হ্যালো' বলতেই তারেক ভাই বলে উঠলেন, 'বেলায়াত, আমি তারেক ইউইয়র্ক থেকে বলছি।' আমি তো ভীষণ চমকে গেলাম। তারেক ভাই আমাকে কেন যে 'বেলায়াত' নামে ডাকতেন তা আমি জিজ্ঞেস করবো-করবো করেও কখনও করা হয়নি। সবাই সাধারণত আমাকে মামুন নামেই ডাকে। আমি তাঁর কুশলাদি জিজ্ঞেস করার পর তিনি বললেন, 'শোনো আমি এখন আব্বাসের (আব্বাস কিয়ারোস্তামি) সাথে আছি। তাঁকে আমি বলেছি যে তোমরা তাকে এবং তাঁর ছবি নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছ। সে খুব খুশী। সে কর্মশালার সময় বাংলাদেশে আসতে চায় । তোমরা ওকে অ্যাফোর্ড করতে পারবে? আমি বলেছি তোমাদের আর্থিক সামর্থে্যর কথা। ও বলছে, বাংলাদেশে ওর ঐ তিন দিন থাকার ব্যবস্থা করলেই হবে। বাকি সব ও নিজেই ব্যবস্থা করবে। পারবে?'

আমি হতচকিত হয়ে গেলাম। বুঝতেই পারছিলাম না তারেক ভাইকে কী বলবো। আব্বাস কিয়ারোস্তামি তাঁকে নিয়ে হতে যাওয়া কর্মশালায় নিজেই আসতে আগ্রহ দেখাচ্ছেন! কিন্তু আমাদের সেই সামর্থ্য কোথায়, যে তাঁকে বাংলাদেশে এনে স-সম্মানে তিন দিন রাখব। আমরা তো ঘরের খেয়ে বনের মোষ তাঁড়াই। আমাদের সামর্থে্যর দৌঁড় তারেক ভাই কি জানেন না? আমি কোনো ভাবে তারেক ভাইকে বললাম, 'তারেক ভাই, আপনি তো জানেন আমাদের অবস্থা। আর তাছাড়া এভাবে কি আমরা তাঁকে এনে সামলাতে পারব সব কিছু।'

তারেক ভাই বুঝলেন। না বোঝার কিছুই নেই। আমি আজ যে-পথে হাঁটি সে-পথে তিনিও হেঁটেছেন ৩০ বছর আগে।

৫
আমি অনেকদিন আগে থেকেই চেষ্টা করছিলাম চলচ্চিত্র বিতরণের জন্য আমাদের একটি নিজস্ব নেটওয়ার্ক গড়ে তুলতে। ঢাকায় এই কাজটি খুব কঠিন হলেও ঢাকার বাইরে কঠিন নয়, তুলনামূলক সহজও। ফলে দেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের মাধ্যমে চলচ্চিত্র সংসদের চলচ্চিত্র বিতরণ ব্যবস্থা নিয়ে কাজ করছিলাম। সবার সাথে কথা বলে নানা যুক্তি দিয়ে বিষয়টির গুরুত্ব ও প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করছিলাম। অনেকেই একমত হয়েছিলেন, অনেকের অনেক প্রশ্ন ছিল। এই চলছিল। ২০১০-এর আগস্টের পর তারেক ভাই দেশে যখন ফিরেছেন তখন আমি কিয়ারোস্তামির কর্মশালা নিয়ে তাঁর বাসায় যাই। অনেক দুঃখ এবং ক্ষোভ নিয়ে তারেক ভাই আমাকে সেদিন জানালেন, রানওয়ে ছবিটা তিনি সব কাজ শেষ করে নিয়ে এসেছেন। কিন্তু ঢাকায় অনেকে তাঁকে বলছে, এই ছবি নাকি সেন্সর বোর্ড আটকে দিতে পারে! যদিও সেন্সর বোর্ডের রানওয়ে আটকানোর মত কোনো উপাদান এই ছবিতে নেই। সেই দিন এও শুনেছিলাম যে রানওয়ে ঢাকার একটি বড় পরিবেশনা প্রতিষ্ঠান পরিবেশন করতে চায়।

যা হোক ছবিটা বর্তমান সরকারের প্রশাসনের কিছু মানুষের আন্তরিক সহযোগিতায় সেন্সরের লালফিতা মুক্ত হয়েছিল। সম্ভবত রানওয়ে তারেক ভাইয়ের একমাত্র ছবি যা সেন্সর বোর্ড কোনো ঝামেলা ছাড়াই মুক্তি দিয়েছে। অক্টোবরের ২ তারিখে তারেক ভাই শাহবাগের পাবলিক লাইব্রেরিতে রানওয়ের উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করেন। সেখানে প্রথমবার ছবিটা দেখেছিলাম। ছবিটা দেখে আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমি তারেক ভাইকে বলেছিলাম, দারুণ সাহসী এবং চলমান সময় নিয়ে নির্মিত আমাদের দেশের সম্ভবত সেরা ছবি রানওয়ে। কী অসাধারণ ফটোগ্রাফি ছবিটার। আমাদের দেশের কেউ কখনও এত চমৎকার ফটোগ্রাফি কি আর কোনো ছবিতে এর আগে দেখেছে? মোরশেদুল ইসলামের চাকা ছাড়া আর কোনো ছবির কথা তো এ মুহূর্তে মনে পড়ছে না।

আমাদের কর্মশালাটি অক্টোবরের ২৩ তারিখে শেষ হওয়ার পর তারেক ভাইয়ের বাসায় গেলাম ২৫ তারিখ। সেদিন তারেক ভাই ভীষণ উত্তেজিত এবং রেগে ছিলেন। তিনি কথা বলার সময় তাঁর রাগ গোপন করতে পারছিলেন না। রাগের কারণ তিনি বললেন, যে পরিবেশনা প্রতিষ্ঠানটি ছবিটি পরিবেশন করার কথা সেই পরিবেশক নাকি তারেক ভাইকে জানিয়েছেন ছবিটি খুব সুন্দর, কিন্তু ছবিটা সিনেমাহলে চালালে জঙ্গিরা হলে বোমা মারতে পারে। তাই পরিবেশক ভয় পাচ্ছেন ছবিটা মুক্তি দিতে। তো সেই পরিবেশক তারেক ভাইকে বলেছেন রানওয়ে ছবির মধ্যকার সিনেমা হলে বোমা হামলার দৃশ্যগুলো বাদ দিতে। আর এইসব কারণেই তারেক ভাই ভীষণ উত্তেজিত এবং রেগে আছেন। তিনি হতাশার সাথে বলছিলেন, রানওয়ে নির্মাণ করতে গিয়ে তিনি ঢাকায় তেঁজকুনি পাড়ায় তাঁর তিন কাঠার মত জমি ছিল তা বেঁচে দিয়েছেন। সে টাকার সাথে ব্যাংক লোন নিয়ে তারপরে তিনি ছবিটা নির্মাণ করেছেন। এখন যদি এই ছবির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে তাহলে তিনি কী করবেন? আমিও কিছুটা হতাশ হয়ে পড়লাম তারেক ভাইয়ের কথা শুনে। আমাদের এই দেশে সৃষ্টিশীল মানুষদের ভোগান্তির শেষ নেই। সেইদিন আমি তারেক ভাইকে চলচ্চিত্র সংসদের মাধ্যমে সারাদেশের কমপক্ষে ১৫টি জায়গায় রানওয়ের বাণিজ্যিকভাবে প্রদর্শনের সম্ভাবনার কথা বলি। তিনি কিছুটা সন্দেহ নিয়ে বলেন, 'সত্যি, ১৫ টি জায়গায় দেখানো সম্ভব?' আমি তাঁকে বলেছিলাম, 'সম্ভব। তবে ভীষণ পরিশ্রমের কাজ। কারণ এই বিষয়টি এখনও আলাপ-আলোচনার স্তরেই আছে। বিষয়টি কতটুকু কার্যকর হবে তা কাজে না নামলে বোঝা যাবে না। তবে স্থানীয় পর্যায়ে চলচ্চিত্র সংসদগুলো তৈরি আছে।'

তারেক ভাইয়ের এইভাবে চলচ্চিত্র বিতরণ বিষয়ে অভিজ্ঞতা সম্ভবত বাংলাদেশে সবচেয়ে বেশি। আমরা জানি, মুক্তির গান বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে দেখানো হয়নি। সেটাও তারেক ভাই এই রকম স্বাধীনভাবেই করেছিলেন। কিন্তু মুক্তির গান এতটা বাণিজ্যিক ভিত্তিতে দেখানো হয়নি, যতটা আমরা রানওয়ের ক্ষেত্রে করতে চাইছিলাম। আর তাই এর একটি সাংগঠনিক সাপোর্টের প্রয়োজন ছিল। আর তাছাড়া আমাদের শুধু রানওয়ে প্রদর্শনের দিকটিই প্রধান ছিল না, এর সাথে স্থানীয় চলচ্চিত্র সংসদগুলোর সামর্থ্য বৃদ্ধির জন্য যত্নশীল হওয়ার দিকটিও ছিল। যাতে চলচ্চিত্র সংসদগুলো আরো বেশি জনসম্পৃক্ত হতে পারে। তারা যেন স্থানীয় পর্যায়ে বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে কাজ করার মত সক্ষমতা অর্জন করতে পারে। তাই প্রায় প্রত্যেক জায়গায় রানওয়ে প্রদর্শনীর পাশাপাশি সেখানকার চলচ্চিত্র সংসদের জন্য ছোট কর্মশালার আয়োজন থাকত। যাতে সংসদের কর্মীরা তারেক ভাইয়ের কাছ থেকে কিছু বিষয়ে আলাদা করে ধারণা পেতে পারেন। তারেক ভাই বলেছিলেন, 'পরিশ্রম করতে তিনি ভীত নন। যদি এই প্রক্রিয়ায় আমরা সফল হই তাহলে বাংলাদেশে চলচ্চিত্রের জন্য আমরা নতুন একটি রাস্তার জন্ম দিতে পারব।'

আমরা আমাদের প্রাথমিক পরিকল্পনায় সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং কুষ্টিয়াকে রাখলাম। আমরা চূড়ান্ত করলাম সারা দেশে টিকেটের দাম হবে ৩০ টাকা। সেই দিন আমি অনেক উত্তেজনা নিয়ে বাসায় ফিরেই যোগাযোগ করতে শুরু করি জেলায়-জেলায় থাকা চলচ্চিত্র সংসদগুলোর সাথে। প্রায় সবাই রাজি হয়। এরপরের দিন প্রদর্শনীর তারিখগুলো আমরা চূড়ান্ত করি। শুরুতে সিলেটে দেখানোর কথা থাকলেও আমরা চট্টগ্রাম থেকে শুরু করি। তারেক ভাই প্রজেক্টরসহ যাবতীয় কিছুর ব্যবস্থা নিজেই করেন। সংসদগুলোর সাথে আমাদের কথা হয় আয়োজনের জন্য যা-যা প্রয়োজনীয় খরচ তা আমরা প্রদর্শনীর লব্ধ আয় থেকে দিয়ে দেব। যেহেতু এই প্রচেষ্টায় রানওয়ে প্রথম চলচ্চিত্র আর তারেক ভাই তাঁর পুরো ইউনিট নিয়ে প্রদর্শনীর জন্য কাজ করবেন, তাই চলচ্চিত্র সংসদগুলো এই প্রদর্শনী থেকে কোনো টাকা পাবে না। সব চলচ্চিত্র সংসদ সাগ্রহে এই প্রস্তাবে রাজি হয়। চট্টগ্রামে যখন তারেক ভাই প্রদর্শনীর উদ্দেশ্যে পৌঁছান তখনও আমাদের ধারণা ছিল না তারেক ভাই কী শুরু করতে যাচ্ছেন! প্রদর্শনীর দুই দিন আগে চট্টগ্রামে পৌঁছে পুরো শহরের এমন কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নেই যেখানে একদিনের মধ্যে না গেছেন। তারেক ভাইয়ের এইসব কর্মকাণ্ডের যে কী গতি তা না দেখলে বিশ্বাস করা যাবে না। প্রত্যেক স্কুলের প্রতিটি ক্লাসে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে তিনি গেছেন ছবির প্রচারণা করতে, ছবি দেখতে আসার দাওয়াত দিতে। কোনো কিছু তাঁকে আটকাতে পারত না। তুমুল গতিতে তিনি একের পর এক ক্লাসে ঢুকছেন। ছাত্র-ছাত্রী-শিক্ষকদের প্রদর্শনীতে আসার জন্য দাওয়াত দিচ্ছেন। হাসি মুখে শিশু-কিশোর সবার সাথে হাত মেলাচ্ছেন। তাদের অনুরোধে ছবি তুলছেন। অটোগ্রাফ দিচ্ছেন। আমরা তাঁর গতির সাথে কুলিয়ে উঠতে পারছিলাম না। প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের দাওয়াত দিলেন। সাংবাদিক সম্মেলন করলেন। মিলনায়তনের পর্দায় নতুন করে রং করালেন। মিলনায়তনের সাউন্ড সিস্টেম পরীক্ষা করলেন। যাতে প্রদর্শনের বিন্দুমাত্র ত্রুটি না থাকে। সবই একদিনে! একদিনে এত কাজ করা যায় তা তারেক ভাইয়ের সাথে থেকেই বুঝেছি।

Image
at-ctg-tour-with-runway.jpg

…….
রানওয়ে সফর, চট্টগ্রামে।
……..
প্রদর্শনীর দিন চট্টগ্রামের থিয়েটার মিলনায়তনে আক্ষরিক অর্থেই শহর ভেঙে পড়ল। এক শো শেষ হওয়ার আগেই আর এক শো'য়ের সব টিকিট শেষ হয়ে যায়! তারেক ভাইয়ের আনন্দ দেখে কে? তিনি পারলে প্রত্যেক দর্শকের সাথে হাত মেলান, ছবি তোলেন তাদের সাথে। অটোগ্রাফ দেন। ছবি কেমন হল জিজ্ঞেস করেন, কী ভীষণ ব্যস্ততায় তিনি দর্শকদের একের পর এক প্রশ্নের উত্তর দেন। ছবি দেখে, হল থেকে বের হয়ে কেউ এসে পা ছুঁয়ে সালাম করে তো, কেউ জড়িয়ে ধরে! এমন ভিড়ের মধ্যেও মুখ লুকানো কোনো দর্শক হয়ত দূরে দাঁড়িয়ে, সাহস পাচ্ছে না কাছে আসার, তাকেও তারেক ভাই দেখেন, তার কাছে যান। জিজ্ঞেস করেন কেমন লাগল ছবি? এর মধ্যেই ছুটে মিলনায়তনের ভেতর যান, দেখেন সব ঠিক আছে কি-না? পরের শো'য়ের প্রস্তুতি সব ঠিকঠাক আছে কি না? এই সব দেখেই আবার এসে বসে পড়েন টিকিট কাউন্টারে, নিজেই বেঁচেন টিকিট। দর্শকরা যখন হলে ঢুকবে অথবা বেরুবে, নিজেই দাঁড়ান গেটকিপারের ভূমিকায়। খেয়াল রাখেন কোনো মেয়েকে বিরক্ত করছে কিনা কোনো দুর্বৃত্ত। আজ যখন ভীষণ কষ্টের বেদনা নিয়ে এই লেখা লিখছি তখন কেন তাঁর জন্য কাঁদছি তারও ব্যাখ্যা বুঝে যাই অনায়াসে! বুঝে ফেলি কেন এই চলচ্চিত্র-পাগল অসাধারণ মানুষটার জন্য কাঁদছে সমগ্র বাংলাদেশ!

৬
আমাদের চট্টগ্রাম অভিযান ছিল কল্পনার চেয়েও সফল। আমরা এত উৎসাহিত বোধ করছিলাম যে, আমাদের তর সইছিল না সিলেটে কত তাড়াতাড়ি যাব। চট্টগ্রামে রানওয়ে প্রদর্শনীর আয়োজক ছিল চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র। সিলেটে প্রদর্শনীর আয়োজন করে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি, চোখ ফিল্ম সোসাইটি এবং প্রান্তিক পর্ষদ নামে একটি সাংস্কৃতিক সংগঠন। যে জেলায় রানওয়ের প্রদর্শনী থাকত সেখানে আমি প্রদর্শনীর একদিন আগেই চলে যেতাম। যাতে আয়োজনের ত্রুটি অন্তত সাংগঠনিক পর্যায়ে না থাকে। আমার আগে তারেক ভাই তাঁর কোনো না কোনো সহকারীকে পাঠিয়ে দিতেন সব কিছুর প্রস্তুতি জানতে-বুঝতে। সিলেট শহরের কেন্দ্রস্থলে সিলেট মিলনায়তনে রানওয়ের তিন দিনব্যাপী প্রদর্শনী ছিল চট্টগ্রামের চেয়েও সফল এবং কার্যকর। কেননা চট্টগ্রামের মিলনায়তনের আসন সংখ্যা ছিল ২০০। আর সিলেটে ৫৫০। সিলেটেও প্রতিটি শো ছিল দর্শকে পূর্ণ। এখানেও তারেক ভাই সকল প্রকার জনসংযোগ চালিয়েছেন। গেছেন প্রত্যেক স্কুলে, কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে। প্রজেক্টর তো তারেক ভাই সাথে করেই নিয়ে আসতেন। সিলেট মিলনায়তনের সাউন্ড সিস্টেম খারাপ ছিল বলে ঢাকা থেকে সাউন্ড সিস্টেম আনিয়েছেন। পর্দায় রং করিয়েছেন। কোনো কিছুতেই তিনি বিন্দু মাত্র ছাড় দিতেন না। একটি মজার ব্যপার হল, তারেক ভাই যেসব পোস্টার, কার্ড নিয়ে এসেছিলেন রানওয়ের প্রচারের উদ্দেশ্যে, সেগুলো দেয়ালে দেয়ালে সাঁটানো হয়নি। তারেক ভাই সিদ্ধান্ত নিলেন ছবির পোস্টার বিক্রি করা হবে। তখন তিনি পোস্টারের উপর তাঁর অটোগ্রাফ দিয়ে ১০ টাকা করে পোস্টার বিক্রি করতে দিলেন টিকিট কাউন্টারে। ছবি দেখতে আসা দর্শকরা দে-দারসে পোস্টার, কার্ড কিনতে শুরু করেন। আরো একটি বিষয় আমার ভালো লেগেছিল যা আমাদের সকলের জন্য দারুণ শিক্ষণীয়। তারেক ভাই কাউকে টিকিট ছাড়া মিলনায়তনে ঢুকতে দিতেন না। সে যেই হোক। নিজে গেটে দাঁড়িয়ে এক এক করে টিকিট ছিঁড়তেন। অনেক সাংবাদিক, প্রশাসনের লোকজন, স্থানীয় রাজনৈতিক দলের লোকজন অনেক সময় দেখেছি টিকিট ছাড়াই ছবি দেখতে ঢুকতে চাইতেন। তারেক ভাই গেটে দাঁড়িয়ে তাদের আটকাতেন। বলতেন, 'আমার ছবি আপনাদের বিনামূল্যে দেখতে দেব না। আমাদের ছবি বানাতে অনেক কষ্ট হয়। কষ্ট হয় দেখাতে। আপনারা কেন বিনামূল্যে ছবি দেখতে চান?'

Image
in-sylhet-auditorium.jpg

…….
সিলেটে রানওয়ে সফরে তারেক মাসুদ। অডিটোরিয়ামে বসে আছেন।
…….
এই কথা বলার পর অনেককেই দেখতাম টিকেট কেটেই হলে গিয়ে ঢুকছেন। তবে কিছু কিছু সাংবাদিক দেখতাম তারেক ভাইয়ের কিংবা আমাদের কর্মীদের সাথে তর্ক করতেন। তারা বলতেন, 'আমরা সাংবাদিক, আপনাদের নিউজ করি, আমরা কেন টিকেট কেটে ছবি দেখব?' তারেক ভাইকে বলতে শুনতাম, 'নিউজ করা আপনার দায়িত্ব। আপনি তো দয়া করে আমাদের নিউজ করেন না। যদি আপনার মনে হয় আপনি আমাদের নিউজ করেন বলে বিনামূল্যে ছবি দেখতে পারবেন তাহলে আপনি নিউজ করবেন না। তবুও টিকেট ছাড়া আমি আমার ছবি দেখতে দেব না।'

৭
আমরা সিলেটের পর খুলনায় রানওয়ে নিয়ে যাই। খুলনা ফিল্ম সোসাইটি খুলনা জাদুঘর মিলনায়তনে প্রদর্শনীর আয়োজন করে। চট্টগ্রাম এবং সিলেটের মতই খুলনায় রানওয়ে ব্যাপক দর্শক আনুকূল্য পায়। এমনিতেই খুলনা শহর সাংস্কৃতিক দিক দিয়ে অগ্রসর। এখানকার দর্শকরা ছবি দেখে যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন তা ভিন্নতর ছিল। দারুণ অনুপ্রেরণাদায়ক ছিল দর্শকদের প্রতিক্রিয়া। খুলনায় গিয়ে আমি প্রথমদিন পল্লব ভাইয়ের বাসায় ছিলাম। তারেক ভাই, ক্যাথরিনসহ তারেক ভাইয়ের পুরো ইউনিট উঠেছিলেন খুলনার 'আভা সেন্টারে'। 'আভা সেন্টার'টি নতুন বিল্ডিং। তাই ঠাণ্ডা একটু বেশিই ছিল। এমনিতেই শীতের সময়। সে যে-কারণেই হোক তারেক ভাইয়ের শিশুপুত্র নিষাদ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। তারেক ভাই সবকিছু ছেড়ে-ছুড়ে পুত্রকে নিয়ে পড়েন। ডাক্তার দেখানোর পরও তারেক ভাই শান্ত হচ্ছিলেন না। আমি তারেক ভাইকে বলেছিলাম পল্লব ভাইয়ের বাসার কথা। পল্লব ভাই যেমন চমৎকার মানুষ, ঠিক তেমনি তার বাসা। বাসার পাশেই একটি বিশাল পুকুর। দারুণ সুন্দর পরিবেশ। তারেক ভাইকে বললাম, তিনি নিষাদকে নিয়ে পল্লব ভাইয়ের বাসায় গিয়ে থাকতে পারেন। ওখানটা তুলনামূলক ভালো হবে নিষাদের জন্য। তারেক ভাই ক্যাথরিনের সাথে আলোচনা করে পল্লব ভাইয়ের বাসায় চলে গিয়েছিলেন আর আমি পল্লব ভাইয়ের বাসা থেকে 'আভা সেন্টারে' তারেক ভাই যে রুমে ছিলেন, সেখানে উঠি।

তারেক ভাই, আমি, খুলনা ফিল্ম সোসাইটির শুভ, ডা. পার্থ এবং প্রসূন রহমানসহ খুলনা ফিল্ম সোসাইটির কর্মীদের সাথে জাদুঘর চত্বরে বসে চলচ্চিত্র সংসদ আন্দোলন, দেশের চলচ্চিত্রের সামগ্রিক অবস্থা ইত্যাদি বিষয়ে যে আড্ডাটি হয়েছিল, তার প্রত্যেকটি কথাই পরিষ্কার মনে আছে। তরুণ সংসদকর্মীদের যেকোনো প্রশ্নের কী স্পষ্ট, সরাসরি উত্তর দিয়েছিলেন তারেক ভাই! প্রাসঙ্গিক কারণেই এখনও একটি প্রশ্নের উত্তর খুব বেশি করেই মনে পড়ছে। উপস্থিত কোনো একজন কর্মী প্রশ্ন করেছিলেন, 'চলচ্চিত্র সংসদ কেন চলচ্চিত্রের বাণিজ্যিক প্রদর্শনীর আয়োজন করবে?' প্রশ্নটি আমাকে করা হয়েছিল, কিন্তু তারেক ভাই আমাকে বললেন তিনি প্রশ্নটির উত্তর দেবেন। তিনি বলেছিলেন, 'চলচ্চিত্র সংসদের প্রথম থেকেই বাণিজ্যিকভাবে প্রদর্শনীর আয়োজন করা উচিত ছিল। কিন্তু আমরা ভুল করেছিলাম সে সময়। আমরা বিনামূল্যে ভালো ছবি দেখানোর চেষ্টা করেছিলাম। যাতে ভালো ছবির দর্শক তৈরি হতে পারে। কিন্তু বিনামূল্যে ছবি দেখতে দেখতে দর্শকদের স্বভাবটাই খারাপ হয়ে গেছে। তারা এখন মনে করে ভালো ছবি মানেই ফ্রি দেখা যাবে। এটা তো অন্যায়। চলচ্চিত্র নির্মাণ করতে তো অনেক টাকা, শ্রম, সময় এবং মেধা লাগে। এটা তো ফ্রি হতে পারে না। চলচ্চিত্র সংসদই ফ্রি ছবি দেখানো শুরু করেছিল, আবার সংসদগুলোকেই দর্শকদের বর্তমান স্বভাবটা বদলাতে হবে। দর্শকদের বোঝাতে হবে ভালো ছবি ফ্রি দেখা যাবে না, বরং এর বেশি বেশি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।'

৮
খুলনার প্রদর্শনীর পর কুষ্টিয়ায় প্রদর্শনী করার কথা। তারেক ভাই দ্বিধায় ছিলেন কুষ্টিয়ায় যাবেন কিনা? কারণ ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ সদ্য গঠিত হয়েছিল। তাদের প্রথম বড় অনুষ্ঠানই ছিল রানওয়ে প্রদর্শনীর আয়োজন করা। তারেক ভাইয়ের প্রথমত কিছু শঙ্কা ছিলই। খুলনায় থাকতেই আমরা আলোচনায় বসলাম। আমি তারেক ভাইকে বলেছিলাম, "যে কারণে পরিবেশক রানওয়ে হলে মুক্তির বিষয়ে গড়িমসি করেছিল, ভয় দেখিয়েছিল, সেটা তো ইতিমধ্যেই অবান্তর প্রমাণিত হয়েছে। এতগুলো জায়গায় এত এত দর্শক ছবিটা দেখলো কোথাও তো কোন সমস্যা হল না। বরং সকলেই ব্যাপক প্রশংসা করেছে সব জায়গায়। তাই যদি আমরা কুষ্টিয়ার প্রদর্শনীটি ঠিকভাবে করে আসতে পারি, তাহলে আর কারো কথাতেই ভীত হওয়ার কারণ থাকবে না।" তারেক ভাই বুঝলেন। তিনি কুষ্টিয়ায় প্রদর্শনীর তারিখ চূড়ান্ত করলেন।

Image
in-kustiya.jpg

…….
রানওয়ে সফর, কুষ্টিয়া।
…….
তারেক ভাই কুষ্টিয়া পৌঁছানোর একদিন আগে আমি সেখানে যাই। আমি সেখানে গিয়ে প্রথম রাতটি বিশ্ববিদ্যালয়ের হলে থেকেছিলাম। পরে বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে আমাদের জন্য রুমের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে থেকে ছিলাম প্রদর্শনীর বাকি দিনগুলো। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন বিশাল, প্রায় ১৪০০ আসনবিশিষ্ট। একদম আধুনিক এবং নতুন। প্রদর্শনীর প্রথম দিন রাতেই রানওয়ের বড় ব্যানার চুরি হয়। আমরা বুঝতে পেরেছিলাম কারা ব্যানার চুরি করেছিল। আমি, প্রসূন রহমান, সাজ্জাদ, নিউইর্য়কপ্রবাসী চলচ্চিত্রকর্মী আতিক, পান্নাসহ আমরা সবাই তারেক ভাইয়ের নিরাপত্তা নিয়ে উদ্ধিগ্ন হয়ে পড়ি। এ ঘটনা দ্রুত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয় পুলিশের এসপি ফোর্স নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। আমাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ডরমিটরি এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তারেক ভাইকে ডরমিটরিতে না থেকে শহরের গেস্ট হাউজে থাকার জন্য অনুরোধ করেন। কিন্তু তারেক ভাই সেখানেই আমাদের সাথে থাকবেন বলে তাদের জানান। ফলে পুলিশের সংখ্যা ডরমিটরি এলাকায় আরো বাড়িয়ে দেয়া হয়।

পরদিন প্রদর্শনী যখন শুরু হবে, তখন আমরা অবাক হয়ে গিয়েছিলাম ছাত্র-ছাত্রীদের উপস্থিতি দেখে। ১৪০০ আসনের মিলনায়তনটি কানায় কানায় ভরে গিয়েছিল, দাঁড়িয়ে হলেও ছবি দেখার জন্য শ'দুয়েক ছাত্র-ছাত্রী অনুরোধ জানাতে থাকে মিলনায়তনের বাইরে থেকে। আমরা এতটা আশা করিনি। এর মধ্যেই একটি অদ্ভুত দৃশ্য আমাদের চোখে পড়ে। মিলনায়তনের ভেতরে দেখি পাঁচ-ছয় জন ছেলে খবরদারি করছে ছেলেদের একপাশে এবং মেয়েদের আরেক পাশে বসানোর জন্য। কিন্তু কিছু কিছু ছেলে প্রতিবাদ করছিল যে তারা আলাদা আলাদা বসবে না। ফলে ছবি শুরুর আগে একটি হট্টগোলের মত পরিস্থিতি তৈরি হয়। বিষয়টি তারেক ভাইকে জানানো মাত্র তিনি মিলনায়তনের ভেতরে গিয়ে মাউথপিসটি নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে বললেন, 'এখানে যে কেউ যেখানে খুশি বসতে পারবেন। ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা বসার কোনো প্রয়োজন নেই। আপনারা পাঁচ মিনিটের মধ্যে যে যেখানে খুশি বসতে পারেন।' ঘোষণাটি দেয়া মাত্র একটি চমৎকার দৃশ্য তৈরি হল। মিলনায়তনটির একপাশে ছেলেরা এবং একপাশে মেয়েরা বসে ছিল। মিনিটের মধ্যে দেখা গেল ডাকাডাকি, ফোন করা, ছোটাছুটি শুরু হল। দেখা গেল বেশির ভাগ মেয়ে এবং ছেলে একসাথে বসে পড়ছে। আলাদা আলাদা বসার চেষ্টাও করছে না। এই রকম অদ্ভুত অভিজ্ঞতা নিজে না দেখলে বিশ্বাস করা কঠিন। সমাজের ভেতরে নানা বিধিনিষেধের বেঁড়াজালে কত সূক্ষ্ণভাবে যে স্বাভাবিক বিষয়কে অস্বাভাবিক করে রাখা হয়েছে, তা না দেখলে বোঝা যায় না, বিশ্বাস করা তো দূরের ব্যাপার।
প্রথমদিন প্রত্যেকটি প্রদর্শনী এমনি ভাবেই দর্শকে পূর্ণ ছিল এবং ছেলে-মেয়েরা একত্রে বসে ছবি দেখতে পেরেছিল। যা নাকি ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ঘটল! সে দিনের প্রদর্শনী শেষে তারেক ভাইকে ডরমিটরিতে থাকতে নিষেধ করতে শুরু করল পুলিশের বড় বড় কর্তারা। ঢাকা থেকেও অনেকে ফোন করে বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে থাকতে তারেক ভাইকে নিষেধ করছিল। সকলের অনুরোধেই তারেক ভাই সে রাতে ঢাকা ফিরতে চেয়েছিলেন। শীতের সময় ছিল। সন্ধ্যার পর থেকে অনেক কুয়াশা থাকায় রাস্তা ঠিক নিরাপদ মনে হয়নি আমাদের। আমি, আতিক এবং সাজ্জাদ, তারেক ভাইকে সে রাতে ঢাকা ফিরতে নিষেধ করলাম। রাস্তার কুয়াশার অবস্থা দেখে তারেক ভাইও তেমন সাহস পেলেন না। ফলে সে রাতে তিনি ঢাকা না ফিরে কুষ্টিয়া শহরে আতিকদের বাড়িতে থাকলেন। পরদিন ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

আমরা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতেই ছিলাম। প্রদর্শনীর দ্বিতীয় দিনও যথারীতি মিলনায়তন ভরে গিয়েছিল। তারেক ভাই ঢাকা থেকে ফোনে মিলনায়তনের মাউথপিসের মাধ্যমে দর্শকদের অভিনন্দন এবং ধন্যবাদ জানান ছবি দেখতে আসার জন্য। ইসলামী বিশ্ববিদ্যালয়ে রানওয়ে প্রদর্শনীর বিষয়টি সেসময় জাতীয় দৈনিকগুলোতে গুরুত্বসহ ছাপা হয়। দর্শকদের এত বিপুলভাবে রানওয়ে দেখতে আসার ঘটনাটি সবারই দৃষ্টি আকর্ষণ করেছিল। কুষ্টিয়া থেকে ফেরার পর তারেক ভাই তাঁর বাসায় ডেকে আমায় জানান যে, সারা দেশের সফল প্রদর্শনীগুলোর কারণে এখন পরিবেশক যেকোনো সপ্তাহে সিনেমা হলে রানওয়ে মুক্তি দিতে ইচ্ছুক। সেদিন তারেক ভাই হাসতে হাসতে বলেছিলেন, 'আমরা এইসব পরিবেশকদের চেয়ে কম দক্ষ নই। আমরা আমাদের ছবি তাদের চেয়েও বেশি ভালোভাবে বিপুল দর্শকের কাছে পৌঁছানোর সামর্থ্য রাখি।'

কথাটি আক্ষরিক অর্থেই সত্য। তা সাম্প্রতিক বাংলাদেশের বড় বড় বাজেটের ছবির পরিবেশন বা বিতরণের ফলাফল দেখেই বোঝা যায়। মনের মানুষ নামের ব্যয়বহুল ছবিটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল মাত্র ৬ টি সিনেমাহলে। মেহেরজান ছবিটিও তেমনি। এ দুটি তো ৩-৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছবি। আর ঢাকায় নির্মিত নিয়মিত মুক্তি পায় যে বাণিজ্যিক ছবিগুলি, সেগুলোও মাত্র ৪-৫ টি সিনেমা হলে মুক্তি পায়। সেক্ষেত্রে রানওয়ের প্রায় ১৬-১৭টি জায়গায় প্রদর্শনী হয়েছে। রাজধানী ঢাকা বাদেই সারাদেশে এই প্রদর্শনীগুলো সফল এবং কার্যকর হয়েছিল। যা নতুন একটি সময় এবং বাঁকের ইঙ্গিতবহ। রানওয়ের পর মোরশেদুল ইসলাম নির্মিত আমার বন্ধু রাশেদ ছবিটি তারেক ভাইয়ের দেখানো পথে ইতোমধ্যেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৪টি জায়গায় সফল প্রদর্শনীর আয়োজন করতে পেরেছি। সামনের দিনগুলোতে হয়ত আরো ব্যাপকভাবে এই আয়োজন করা যাবে, যে পথে তারেক ভাই প্রথম পথিক ছিলেন।

৯
আমি চলচ্চিত্র সংসদের মাধ্যমে স্বাধীন এবং সৃজনশীল চলচ্চিত্রের একটি বিতরণ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছিলাম, সেই চেষ্টার প্রথম কার্যকর উদাহরণ রানওয়ে। তারেক মাসুদ এই প্রয়াসের নির্মাতা। তিনি শুধু চলচ্চিত্র নির্মাতা হিসেবেই তাঁর ভূমিকার কথা চিন্তা করতেন না। চলচ্চিত্র-সংশ্লিষ্ট যেকোনো কাজ তিনি করতেন হাসিমুখে, চলচ্চিত্রের প্রয়োজনে যেকোনো বিষয়ে শ্রম দিতেন অক্লান্তভাবে। সারাদেশে যখন রানওয়ে প্রদর্শনীর জন্য ছুটে চলেছেন, তিনি কি শুধু ছবি দেখিয়েছেন, তিনি স্বপ্ন দেখতে শিখিয়েছেন, কীভাবে স্বপ্নপূরণ করতে হয় তা যেন নিজেকে জ্বালিয়ে মশাল বানিয়ে অন্যদের জন্য দৃষ্টান্ত করে তুলেছিলেন। তাঁর সাথে সব সময় সব বিষয়ে আমার মতের মিল হত না। অনেক সময় আমি তাঁর অনেক ব্যাখ্যা মানতে পারতাম না। আমি আমার বিপরীত মত তুলে ধরতাম। তিনি শান্তভাবে শুনতেন, আমাকে বোঝাতেন। তাঁর মাথায় হাজারো আইডিয়া গিজ গিজ করত, সারাক্ষণ একটার পর একটা আইডিয়া বলতেন। প্রত্যেকটি নতুন হত আগেরটির তুলনায়। তিনি আমাকে 'সংগঠনহীন সংগঠন' করার কথা বলতেন। বলতেন, 'এখন যেভাবে তুমি কাজ করছ, তার চেয়ে আরো বেশি কাজ করতে পারবে আরো কম সময়ে, কম শ্রমে।' আমি বলতাম, "তারেক ভাই, এটা করতে পারলে তো আমারই ভালো হত। কিন্তু তা কি সম্ভব? আমাদের দেশে যেখানে ভালো ভাবে সংগঠন গড়ে তোলার, তাকে কার্যকর রাখারই স্মৃতি নেই। সেখানে 'সংগঠনহীন সংগঠন' কতটুকু ফলপ্রসূ হবে। এই ধারণা প্রয়োগ করতে গেলে আমরা সংগঠিত হওয়ার বদলে আরো বিচ্ছিন্ন হব একে অপরের থেকে।"

তিনি বলতেন, 'এখন হয়ত সম্ভব নয় কিন্তু খুব তাড়াতাড়ি তোমাকে এই কনসেপ্টে আসতেই হবে, যদি তুমি কর্মক্ষম থাকতে চাও।' এমন আরো কত ধারণা-ভাবনা তিনি বিনিময় করতেন। তিনি সবসময় সাবধান হতে বলতেন, গোছাতে বলতেন নিজেকে। বলতেন, 'স্বাধীন ভাবে কাজ করতে হলে সব বিষয়ে সাবধান থাকতে হবে। কেউ কিন্তু স্বাধীন মানুষ, স্বাধীন সংগঠন কিংবা স্বাধীন দেশ পছন্দ করে না। পরাধীন করতে চায়। তাই সাবধান হতে হবে প্রতি মুহূর্তে।'

যখনই দেশের বাইরে থেকে ফিরতেন বাসায় ডাকতেন। বলতেন, 'বুঝলে দারুণ সব ব্যাপার ঘটছে!' একবার বললেন, 'নিউইয়র্কে স্বাধীন ধারার ফিল্ম-মেকাররা বিভিন্ন অ্যাপার্টমেন্টের ছাদে পর্দা লাগিয়ে ছবির প্রদর্শনীর আয়োজন করছে। পুরোপুরি বাণিজ্যিকভাবে। এভাবেই তাদের ছবির লগ্নিকৃত টাকা তুলে আবার নেমে পড়ছে নতুন কোনো র‌্যাডিকেল বিষয়ে সিনেমা করতে।'

ফলে যখনই তারেক ভাইয়ের সাথে দেখা হত, একেবারে নতুন রকম কিছু ভাবনায় উজ্জ্বীবিত হয়ে উঠতাম। ভাবনার দিগন্তগুলো তারেক ভাইয়ের সান্নিধ্যে বিস্তৃত হত। ভীষণ উপকৃত হতাম। এখন ঘটে যাওয়া বাস্তবকে আর ফেরানো যায় না বলেই আমাকে মেনে নিতে হচ্ছে ১৩ আগস্ট ২০১১-এ এই বিশালদেহী মানুষটা আরিচা মহাসড়কে মহাপ্রস্থান করেছেন! আমি তাঁকে যতখানি চিনি, জানি এবং বুঝি তাতে তিনি এভাবে প্রস্থানের মানুষ নন। তিনি জীবনে অনেক লড়াই করে, সংগ্রাম করে নিজেকে তৈরি করেছিলেন, তাঁর প্রস্তুতি ছিল জীবনব্যাপী, অনেক দূর নিজে যাবেন বলে, বাংলাদেশকে বিশ্বময় ছড়িয়ে দেবেন বলে। তিনি কেন এ অসময়ে চলে যাবেন? তিনি যেতে চান নি, আমরা তাঁকে খুন করে ফেলে রেখেছিলাম সেই মহাসড়কে। আমরা কে এই স্বাপ্নিক, পরিশ্রমী, লড়াকু মানুষটার খুনী নই–যে একাই একটি জাতির চলচ্চিত্র-শিল্পকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে শুরু করেছিলেন? বাংলাদেশ যা হারালো তা হয়ত আগামী বহু বছরেও পূরণ হবে না। হয়ত আবার ৪০-৫০ বছর পর এমন দেশকে ভালবাসার এবং দেশের ভালো-মন্দকে নিজের হৃদয়তন্ত্রীতে বেঁধে নেয়ার মত একজন চলচ্চিত্রকারের আবির্ভাব হতে পারে। নাও পারে। কিন্তু আমি যা হারালাম ব্যক্তিগতভাবে, তা এই জীবনে পূরণ হবার নয়। বর্তমানের হিপোক্রেসিচর্চার সংস্কৃতিতে আমি হারালাম এমন একজন বন্ধু, শিক্ষক, বড় ভাইকে যিনি হৃদয়ের বেদনার মূল্যকে খাটো করে দেখতেন না। আর আমার অপরাধও ক্ষমার অযোগ্য তাঁর কাছে। আমি সংগঠনের দায়িত্ব পালনের জন্য আমার এই 'খুন' হয়ে যাওয়া প্রিয় মানুষটার দেহের সঙ্গে তাঁর শেষযাত্রায় শামিল হতে পারিনি। তাঁকে আমার শেষ বিদায় জানানোর সময় হয়নি, তাঁর স্মরণসভা আয়োজনের ব্যস্ততায়!

লেখকের আর্টস প্রোফাইল: বেলায়াত হোসেন মামুন
ইমেইল: bhmamun@gmail.com

—
ফেসবুক লিংক । আর্টস :: Arts

Image
free counters