খাটো ছবির আন্দোলনে সেই দুজন মানুষ
আমাদের একটা সিনেমা করবার দল ছিল। শুধু সিনেমা বানাবার বলি কেন, দেখারও দল ছিল। একটু একটু করে দলটা গড়ে উঠছিলো অনেকদিন ধরেই। অনুষ্ঠানিক রূপ পেল '৮৬ সনে–যে বছর সংগঠন হিসেবে শর্ট ফিল্ম ফোরাম যাত্রা শুরু করে। দলটির সাথে আমার যোগাযোগ ঘটে আরো দু'বছর পর। মনে পড়ে, '৮৮ সনের গোড়ায় আমি কেবল নই, এখন জার্মানপ্রবাসী প্রামান্যচিত্রকার বুলবুল (শাহীন দিল রিয়াজ), কানাডায় বসবাসরত শাকিল হান্নান, সরোয়ার জাহান সহ আরো কেউ কেউ — যারা সিনেমা বানানোকেই জীবনের প্রথম প্রেম ভেবে নিয়েছিল, তারা সংগঠনটির সাথে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে পড়ি। তখন ফিল্মকে রীতিমতো অস্ত্রই ভেবেছিলাম। অবস্থাটা এমন ছিল, সন্ধেবেলা তোপখানা রোডে ঋত্বিক ফিল্ম সোসাইটির অফিসে ছবি প্রদর্শনীর কাজে ব্যস্ত –টিকিট সংগ্রহ, খামে ভরা, পোস্ট করা ইত্যাদি। আর দিনের বেলাটা কাটতো ৪৬ নিউ এলিফ্যান্ট রোডে। যেখানে একই কক্ষে মোরশেদুল ইসলামের বিজ্ঞাপনী অফিস, শর্ট ফিল্ম ফোরামের কার্যালয় আবার শর্ট ফিল্ম ফেস্টিভালেরও কাজ চলে।
একসাথে কাজ করছেন তারেক মাসুদ ও মিশুক মুনীর (নরসুন্দর)
এই আঙিনায় পা দিয়ে প্রথম থেকেই দুজন মানুষকে ভাল লেগে গেল। তানভীর ভাই বা মোরশেদুল ইসলাম আগে থেকেই চেনা–কারণ তারা শর্ট ফিল্ম নির্মাতা। আগামী আর হুলিয়ার নির্মাতা হিসেবে তখন তাদের দেশজোড়া পরিচিতি। গোটা আশির দশক জুড়ে এরশাদবিরোধী আন্দোলনের যে কোনো আয়োজনে এই দুটো ছবি ব্যাপকভাবে দেখানো হয়। এই দুজন সংগঠনের নেতৃত্ব দিতেন। কিন্তু কাছের মানুষ হিসেবে আমরা পেলাম দুজন তারেককে–তারেক মাসুদ ও তারেক শাহরিয়ার। কী দুর্ভাগ্য–তাদের কেউই আজ আর নেই।
কারণও ছিল। সংগঠনটি হবে স্বল্পদৈর্ঘ্য নির্মাতাদের সংগঠন–সেটাই ছিল কথা। কিন্তু তানভীর ভাই আর মোরশেদুল ইসলাম ছাড়া অন্য নির্মাতাদের কোনো ধরনের সাংস্কৃতিক পরিচয় প্রায় ছিল না। হঠাৎ করেই '৮৮ সনের মাঝামাঝি ইসমাইল হোসেন নামের এক ছবিনির্মাতা আরো ক'জনকে সাথে নিয়ে চলে গেলেন শর্ট ফিল্ম ফোরাম ছেড়ে। কাজেই তানভীর আর মোরশেদ ছাড়া এই দলে নির্মাতা থাকলেন আর একজন–এনায়েত করিম বাবুল। যিনি তখন পুনে ফিল্ম ইন্সটিটিউটে অধ্যয়নরত। আর তারেক মাসুদ–যাকে অনেকেই ঠাট্টা করে বলতেন–'সিনেমা দেরিতে'; বিশেষতঃ ফিল্ম সোসাইটর লোকেরা তো বলতো বটেই। তিনি তখন শিল্পী সুলতানের ওপর একটা ছবির কাজ করছেন। করেই চলেছেন, ছবি আর শেষ হয় না। প্রায় ন'বছর লেগেছিল এ ছবি শেষ করতে। ফরাসি Cinema Verite আন্দোলনকে ব্যঙ্গ করে অনেকে তাকে সিনেমা দেরিতে টাইটেল দিয়েছিল। তাই সংগঠনে দুটো দল গোড়া থেকেই ছিল–এক দল নির্মাতা। আর এক দল–যারা হয়ে উঠতে চাইছেন, কিন্তু নানা কারণে পারছেন না। তারেক মাসুদ যদি বলি ছিলেন এই দলের অঘোষিত নেতা, বোধ করি ভুল বলা হবে না। যদিও সামনের সারিতে থাকবার কারণে দু'দিকেই তাল মেলাতে হতো তাকে।
খাতাপত্রে ঋত্বিক ফিল্ম সোসাইটিতে নাম লেখালেও বন্ধু শাকিল হান্নানের কারণে জহির রায়হান চলচ্চিত্র সংসদের কাজেও যোগ দিতাম কখনো-সখনো। ভাবটা এই–যেন সব ভাল কাজেই থাকা লাগবে। প্রায়শ সন্ধ্যার পর এলিফ্যান্ট রোড বা টি.এস.সি থেকে চলে যেতাম ফুলার রোডে তন্ময় (আসিফ মুনীর)দের বাসায়। সেও তখন জহির রায়হান ফিল্ম সোসাইটির কাজে ওতপ্রোতভাবে জড়িত। এভাবেই একদিন পরিচয় হয়ে গেল মিশুক ভাইর সাথে। তিনি তখন জাদুঘরে অডিও ভিস্যুয়াল কর্মকর্তা হিসেবে কাজ করছেন। আরো জানলাম এস এম সুলতানকে নিয়ে ছবি করবার ভাবনায় তারেক মাসুদের সাথে মিশুকও সম্পৃক্ত। সাজেদুল আউয়াল শামীম ভাইও যে এই ছবির কাজে শুরুর পর্বে যুক্ত ছিলেন সেটি আরো পরে জেনেছি। একটা সময় দেখা গেল তন্ময়ের সাথে দেখা করতে যত না যাই, তার চাইতে বেশি যাচ্ছি মিশুক ভাইয়ের কাছে।
'৮৮ সনে প্রথম শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের সময় উৎসব কমিটির সম্পাদক তারেক মাসুদ আর সভাপতি ছিলেন আলমগীর কবির। তিনি তখন দীর্ঘ অসুস্থতা কাটিয়ে বেশ চনমনে। মিটিংয়ে আসেন নিয়িমিত–অনেক সিদ্ধান্ত হয়। কাজের জন্যও চলে দৌড়ঝাপ। অফিসিয়াল কাজগুলো চলে মূলতঃ তারেক ভাইয়ের তত্ত্বাবধানে। তার সহযোগী আমরা ৭-৮ জন কর্মী। কেউ কেউ প্রায় পুরো সময়ই ৪৬ নিউ এলিফ্যান্ট রোডে কাটাই। কারো কারো আগমন ঘটে ক্লাস বা পড়া শেষ করে। ২৪ ঘণ্টার প্রায় পুরোটাই যেন কাটে সিনেমার চিন্তায় আর স্বপ্নে। ঘনিষ্ঠতা বাড়ে সরোয়ার জাহান, শাকিল হান্নান, শাহীন দিল রিয়াজ বুলবুল আর জুনায়েদ হালিমের সাথে। কখনো কখনো রাজু (জাকির হোসেন রাজু), টুটুল এদেরও পাই। প্রায়শই দল বেঁধে ছবি দেখতে যাবার ঘটনা ঘটে। সেটি যে কোনো ফিল্ম সোসাইটির প্রদর্শনীই হোক। সিনেমা দেখবার জন্য আমাদের এই বেয়াড়া আকর্ষণের কারণে এক পর্যায়ে স্বনামখ্যাত খসরু ভাই (মুহম্মদ খসরু) তার ফিল্ম সোসাইটির প্রদর্শনীতে পাহারাদার বসাতে উদ্যোগ নিয়েছিলেন। যদিও এ নিয়ে আমাদের আমোদের কমতি ছিল না। খসরু ভাইর সাথে অবশ্যি পরে আপোস করে নিয়েছিলাম। তারেক শাহরিয়ার তখনো এই আঙিনায় অনিয়মিত। মাঝে মাঝে কেবল বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে আসেন। যদিও বছর খানেক পর এই ৪৬ নিউ এলিফ্যান্ট রোড হয়ে ওঠে তার বিকল্প আবাস।
তারেক মাসুদ তখন পুরোদস্তুর ব্যস্ত উৎসবের কাজ নিয়ে। এর মাঝে দু'দিন আদম সুরত-এর কাজও করে এলেন। বন্ধু জুনায়েদ তাকে সহযোগিতা করতো ছবির কাজে। আবার সন্ধ্যা বা রাতে কখনো কখনো চলে যান বিশ্বসাহিত্য কেন্দ্রে। সুলতানের ওপর ছবি করছেন। পাশাপশি চিত্রনাট্য লেখার কাজও করছেন। জিজ্ঞেস করলে বলতেন, এক্সারসাইজ করা লাগে না! এক সন্ধ্যায় গেলাম তার সাথে। বাংলা মোটরের কাছে জোহরা মার্কেটের পেছনে এক রেস্তোরাঁয় বসে দেখি জামাল বাবু তার ডিকটেশনে স্ক্রিপ্ট লিখছেন। সম্ভবতঃ জীবনানন্দ দাশের 'শিকার' কবিতা থেকে করা তার চিত্রনাট্য এ সময় প্রকাশিত হয় লিটল ম্যাগাজিন গান্ডীব-এ। বাবু বাংলাদেশ বিমানে চাকুরি করতেন। কিন্তু তারেক ভাই ও শর্ট ফিল্ম ফোরামের কাজে ছিলেন নিবেদিতপ্রাণ। তারেক মাসুদ তাকে সম্বোধন করতেন–জাহাজ বাবু। জানা গেল নামটি ক্যাথরিনের দেয়া। সে উড়োজাহাজের পাছা পরিষ্কার করে, তাই নাম–জাহাজ বাবু। এ জাতীয় বহু রসিকতা আর স্যাটায়ার ছিল তারেক ভাইয়ের সহজাত।
'৮৭-'৮৮ সনে পর পর দু'বার বন্যায় গোটা দেশ ভেসে গিয়েছিল। মতিঝিল চলে গিয়েছিল পানির তলায়। বন্যার মাঝেই উৎসবের কাজ চলতো। '৮৮ র বন্যার সময় ছবি দেখিয়ে বন্যার্তদের জন্য ত্রাণ চাইবার একটা আয়োজন হয়েছিল। বাহাদুর শাহ পার্ক, মহাখালী, বঙ্গবন্ধু এভিনিউ সহ কয়েকটি জায়গায় শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে উম্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
এ সময় তারেক ভাইয়ের টানে বিশ্বসাহিত্য কেন্দ্রেও নিয়মিত হয়ে পড়ি বলা চলে। '৮৮-র শেষ দিকে এক ছুটির দিনে তার সহযোগিতা নিয়ে কেন্দ্রে প্রথমবারের মতো সিনেমা দেখাবার আয়োজন হয়। বন্ধু শাকিল, বুলবুল সহ আমরা কয়েকজন বিশ্বসাহিত্য কেন্দ্রের তখনকার সমন্বয়ক লিয়াকত আলী ভাইকে রীতিমতো জোর করেই এই ছবি দেখাবার প্রক্রিয়ায় জড়িয়ে ফেলি। আয়োজনটির নেপথ্যে কে আছেন, লিয়াকত ভাই সেটি টের পেয়েছিলেন নিশ্চয়ই। তখন ঢাকায় কোনো ভিডিও প্রজেক্টর ছিল না। তাই লিয়াকত ভাইয়ের বাসার টিভি সেটটি রীতিমতো হাইজ্যাক করা হয় এ কাজে। মনে আছে, বার্গম্যানের একটি ছবি ছাড়াও সারাদিনে আরো ৩-৪টি প্রামাণ্যচিত্র দেখানো হয়েছিল। পাকিস্তানের কবি ফয়েজ আহমদ ফয়েজের ওপর বিলেতের চ্যানেল ফোর নির্মিত ছবিটির কথা এখনও মনে আছে।
এ সময় গাণ্ডীব লিটল ম্যাগাজিনের সব লেখক ও কবিদের সাথেই পরিচয় ও সখ্য গড়ে ওঠে। যদিও তাদের কাউকে ঠিক হঠকারী বলে মনে হয়নি। মনে পড়ে গল্পকার সেলিম মোরশেদের 'সুব্রত সেনগুপ্ত' গল্প অবলম্বনে করা 'সুব্রত সেনগুপ্ত ও সমকালীন বঙ্গীয় সমাজ' নামে তারেক ভাইর করা চিত্রনাট্যটির কথা। গল্প আর চিত্রনাট্য দুটোই গাণ্ডীব-এ প্রকাশিত হয়েছিল। নকশাল আন্দোলনের ছোঁয়া থাকায় গল্পটি তো বটেই, অভিনবত্বের কারণে চিত্রনাট্যটিও তখন অনেককে আকৃষ্ট করেছিল। এসবের পেছনে যে গাণ্ডীব-সম্পাদক তপন জ্যোতি বড়ুয়া আর প্রকাশক হোসেন হায়দার চৌধুরীর প্রশ্রয় ছিল–সে কথা না বললেও চলে।
তারেক ভাইর তখন অবস্থা অনেকটা–যেখানে রাত সেখানেই কাৎ। মনে পড়ে এক রাতে শর্ট ফিল্ম ফোরাম থেকে উৎসবের কাজ শেষে বেরিয়ে কোথায় থাকবেন সেই চিন্তায় পড়া গেল। পুরান ঢাকার ইংলিশ রোডে এখন জার্মান প্রবাসী চলচ্চিত্রকার বুলবুলদের পরিবারিক হেটেল 'বুলবুল'-এ ঠাই পেলেন। পরদিন শুনি ভয়াবহ অভিজ্ঞতা তার। মাঝরাতে হোটেলের লোহার জানালার কপাট বিকট শব্দে ঘরের ভেতর পড়ে যায়–তাতে ঘুম তো বটেই রীতিমতো প্রাণ যাবার দশা হয়েছিল। ক্যাথরিন এ সময় কিছুকাল আমেরিকা ফিরে গিয়েছিল। এলো বন্যার পর। তারপর একদিন তারা দুজনে কাজী অফিস থেকে বিয়ের কাজ সেরে এলো। কাজী অফিসে বিয়ে করতে গিয়ে কী কী হলো তার বিবরণ দিতে শুরু করায় রীতিমতো হাসির ধুম পড়েছিল আমাদের মাঝে। ভুলে গেলে চলে না ততদিনে এরশাদ সাহেবের কল্যাণে আমরা দেশে একটা রাষ্ট্রধর্ম পেয়ে গেছি। সে সময় কিছুকাল তারেক ভাই উত্তরায়ও আবাস গেড়েছিলেন। ওই দিককার যাতায়াত তখন করুণ। পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যেত না বললেই চলে। সে সময় এক রাতে ওদের দুজনকে মুড়ির টিন মার্কা লক্কর ঝক্কর এক বাসের রীতিমতো ছাদে তুলে দিতে হয়েছিল। সে সব নিয়েও পরে অনেক রসিকতা করেছি আমরা।
অবশেষে ডিসেম্বরের গোড়ায় সেই কাঙ্ক্ষিত শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো। মাসটি বাঙালীর বিজয়ের মাস–সেই চিন্তা থেকেই এই আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানের পর আলমগীর কবির ও তারেক মাসুদ দৌড়ালেন এয়ারপোর্টের দিকে। কারণ কলকাতা থেকে চলচ্চিত্র সমালোচক ও তাত্ত্বিক গাঁস্ত রোবের্জ আসবার কথা। কবিরের গাড়িতে দুজনের সাথী হয়েছিলাম। সারা পথ জুড়ে কত আলাপ। কবির ভাই আফসোস করে বললেন, একটা মানুষকে তোমরা আনতেই পারলা না। বুঝলাম মুহম্মদ খসরুর কথা বলছেন। গাস্ত রোবের্জ যে তারেক মাসুদকে বেশ স্নেহ করতেন, সেবারই টের পেলাম সেটা।
'৮৮ সনে সেই উৎসব চলাকালে তারেক ভাই একটা বিশেষ মিশনে বেরিয়েছিলেন একদিন। সৌভাগ্যক্রমে তার সঙ্গী হয়েছিলাম আমিও। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ভারতীয় প্রামাণ্যচিত্রকার সুকদেব নির্মিত অনবদ্য ছবি নাইন মান্থস টু ফ্রিডম উদ্ধারের মিশন। ছবিটি সেবারই প্রথম বাংলাদেশের মানুষ দেখতে পায়। প্রায় তিনদিন ভারতীয় দূতাবাসের নানা শাখায় ধর্না দিয়ে শেষ পর্যন্ত খবর মিললো দূতাবাসের সামরিক এ্যাটাচের বাসায় ছবিটির একটি প্রিন্ট রয়েছে। ১৬ ডিসেম্বর সকাল বেলা সেই ছবি অবশেষে প্রদর্শিত হলো। দেখলাম অনেক দর্শকই ছবি দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না। বিশেষতঃ শেষ দৃশ্যটির কথা ভোলা যায় না। কী ভয়াবহ নৃশংসতা পাকিস্তানিরা চালিয়েছিল, এ ছবি দেখে তা বোঝা যায়। জানি না, এই ছবিই তারেক মাসুদকে অরো ক'বছর পর মুক্তির গান ছবি নির্মাণে অনুপ্রেরণা দিয়েছিল কি না। যে রকম গেরিলা কায়দায় ছবিটি উদ্ধার করা হয়েছিল, তেমনি গোপনীয়তার সাথে তা ডিএফপিতে (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর) নিয়ে গিয়ে তার ডিউপ নেগেটিভ করে তা বাংলাদেশে প্রদর্শনের উপযোগী করে তোলা হয়। ছবিটি উদ্ধারের কৃতিত্ব যেমন তারেক মাসুদের তেমনি তা সংরক্ষণের জন্য আলমগীর কবিরের সাহসী উদ্যোগকে সাধুবাদ না দিলেই চলে না। কারণ, সরকারী এই প্রতিষ্ঠানটি তখন স্বৈরশাসক এরশাদের প্রপাগান্ডার কাজেই ব্যস্ত থাকতো।
জানুয়ারি ১৯৮৯। এক দুঃস্বপ্নের কাল বলা যাবে এই মাসটিকে। বাংলাদেশে বিকল্পধারার সিনেমার অভিভাবক আলমগীর কবির মমার্ন্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই মাসে। তার গাড়িটি নগরবাড়ি ঘাটে পার্ক করেছিল ফেরিতে উঠবার জন্য। ঘাতক ট্রাক এসে এক ধাক্কায় তাকে যমুনা নদীতে ফেলে দেয়। মনে পড়ে অন্য অনেকের মতো তারেক ভাইয়েরও বেদনা ভারাক্রান্ত মুখ। অগ্রজ এই চলচ্চিত্র নির্মাতার মৃত্যু অনেকের মতো তাকেও স্তব্ধ করে দিয়েছিল। তখন কি ভেবেছিলেন তারেক মাসুদ, দু'দশক পর তারও এভাবেই মরতে হবে। অভিনেত্রী ফিরোজা রহমান টিনার মৃত্যু হলেও অলৌকিক ভাবে সেদিন বেচে যান মোরশেদুল ইসলাম ও তার স্ত্রী।
প্রিয় মানুষ আলমগীর কবিরের মৃত্যুর ক'মাস পর তারেক ভাই আমেরিকা চলে গেলেন। যাবার আগে করলেন আহ, আমেরিকা নামের একটি ছবি। স্বপ্নের দেশ আমেরিকা যাবার দরোজাটি সেই প্রথমবারের মতো বাংলাদেশের মানুষের জন্য খুলে যায়–ও.পি. ওয়ান নামের ভিসা পদ্ধতির কারণে। বাঙালীর আমেরিকা যাবার অদম্য এই বাসনা নিয়েই তারেক মাসুদের ছবি। মিশুক ভাই এ ছবিরও ক্যামেরাম্যান। একদিন তারেক ভাইর হাতিরপুলের বাসায় গিয়ে দেখি, বন্ধু জুনায়েদ হালিম ইন্টারভ্যুগুলোর লিখিত রূপ দিতে ব্যস্ত। টেপ চালিয়ে শুনতে গিয়ে ভারি মজা পেলাম। গার্মেন্টসকর্মী থেকে কোটিপতির স্ত্রী, কিম্বা সরকারী প্রথম শ্রেণীর কর্মকর্তা থেকে গ্রামের কৃষক–কে নেই স্বপ্নের আমেরিকা যাত্রায়। তারেক মাসুদের অপেক্ষাকৃত কম আলোচিত ও প্রদর্শিত এই ছবিটির ভাগ্য পরবর্তীতে কী হয়েছিল, তা আর জানা হয় নি।
মিশুক ভাইর সাথে যোগাযোগটা তখন নিয়মিতই হতো। '৮৯ সনে শর্ট ফিল্ম ফোরাম 'কৃষ্ণ নগরে একদিন' নামে একটি ওয়ার্কশপ ছবি নির্মাণের পরিকল্পনা করে। জার্মান প্রামাণ্য চিত্রকার ক্রিস্তব হুবনার সেই ছবির তত্ত্বাবধান করেছিলেন। মিশুক ভাই ও বেবী ইসলাম এ ছবিতে ক্যামেরার কাজ করেন। প্রত্যক্ষভাবে কাজ না করলেও অনানুষ্ঠানিক নানা আলাপে যোগ দিতাম ছবির টিমের সাথে। ততদিনে আদম সুরত,আর চাক্কীর কাজ করে ১৬ মিমি-এ হাত পাকিয়ে ফেলা মিশুক ভাইকেও সত্যিকার অর্থে বিকল্প এই ধারার ছবির চিত্রগ্রাহক বলে মনে হতো। পরবর্তীতে ১৬ মিমি-এ আরো একাধিক ছবির চিত্রগ্রহণের কাজ তিনি করেন।
নব্বই দশকের গোড়া থেকেই মিশুক ভাই বিবিসি সহ নানা বিদেশী টিভি চ্যানেলগুলোর জন্য মাঝে মাঝে কাজ করতেন। এ সময় নানা কাজে তার সাথে দেখাও হতো। একদিন জানালেন, শিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ে। সাংবাদিকতা বিভাগ ইলেকট্রনিক জার্নালিজম কোর্স চালু করছে। ভবিষ্যতে নাকি বৃটিশ কাউন্সিল ভবনটিকেও এ কাজে লাগানো হতে পারে। শিক্ষকতা শুরুর পরও মাঝে মাঝে তার ডিপার্টমেন্টে যাওয়া হতো। যতদূর জানি, প্রায় এক দশক টিকেছিল তার এই শিক্ষকতার জীবন।
'৯৪-'৯৫ সনের দিকে দেশে বেসরকারী উদ্যোগে বিটিভির জন্য নাটক নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। এ জাতীয় অনেকগুলো নাটকের চিত্রগ্রহণের কাজ মিশুক ভাই করেছিলেন। দুয়েকটি কাজে তার সহযোগী হবারও সৌভাগ্য হয়। নির্মাতাদের সীমিত বাজেট আর কারীগরী সীমাবদ্ধতা সত্বেও লাইটিং, কম্পোজিশন, ক্যামেরার কাজ ইত্যাদি ক্ষেত্রে মিশুকের নানা উদ্ভাবনী প্রচেষ্টার কমতি ছিল না।
তারেক মাসুদ ফিরলেন '৯৩-'৯৪ সনে। ফেরা না বলে পুনঃপ্রত্যাবর্তন বলা চলে একে। মানুষটা যে ওখানে গিয়েও থেমে থাকেন নি–তা আগেই টের পেয়েছিলাম। '৯১ সনে এরশাদহীন বাংলাদেশে ২য় শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হলো তার এনিমেশন ছবি 'গণতন্ত্র মুক্তি পাক'। ৯ মিনিটের এই সেল এনিমেশন ছবিটি তখন খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। পরে সাথে করে নিয়ে এসেছিলেন আরো একটি ছবি: 'ইউনিসন'। সাড়ে চার মিনিটের ছবিটি মূলতঃ নানা ধর্মের সিম্বল আর ইমেজ নির্ভর একটি এনিমেশন ফিল্ম।
যুক্তরাষ্ট্রে প্রবাসের সময়ও শর্ট ফিল্ম ফোরামের জন্য ১৬ মিমি ক্যামেরা আর সম্পাদনা মেশিন সংগ্রহ আর তা দেশে প্রেরণে তার প্রাণান্তকর চেষ্টার কথা অনেকেই জানে। '৯১ ও '৯৩ সনের শর্ট ফিল্ম ফেস্টিভালের জন্য ছবি বাছাইয়েও তিনি সূদূর আমেরিকায় বসেই সহযোগিতা করেন। এসব কাজে তার সঙ্গী ছিল ক্যাথরিন।
তারেক ভাই দেশে ফেরার কিছুদিনের মধ্যেই টের পেলাম–এ এক ভিন্ন মানুষ। সম্ভবতঃ নিউইয়র্কের কসমোপলিটন সংস্কৃতি আর বাস্তবতা তাকে পাল্টে দিয়েছিল। তার এই আমেরিকানাইজড ভাব-ভঙ্গি দেখে অনেকে টিটকারিও করতো। কিন্তু বিস্ময়ের তখনো বাকি ছিল। কাবুলিওয়ালার ঝোলা থেকে বের করবার মতো তিনি জানান দিলেন তার নতুন ছবি মুক্তির গান-এর কথা। এ যেন কলম্বাসের আমেরিকা আবিষ্কার। জানা গেল লিয়ার লেভিনের কথা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর যিনি প্রায় ২০ ঘণ্টার প্রামাণ্য ফুটেজ যক্ষের ধনের মতো দুই দশক ধরে সংরক্ষণ করছিলেন। মনে পড়ে, ১৯৯৪ সনের ডিসেম্বরে অধুনালুপ্ত বিচিত্রায় বর্তমানে বিবিসিতে কর্মরত বন্ধু সাংবাদিক মিজানুর রহমান খান এই মুক্তি প্রতিক্ষীত ছবি নিয়ে বিস্তৃত এক কভার স্টোরি করলেন। জেগে উঠলো গোটা দেশের মানুষ। আমরা তার প্রতিদিনের বন্ধুরা আগেই জানতাম। এবার দেশজুড়ে ছড়িয়ে পড়লো নিউইয়র্কের এক বাড়ির বেসমেন্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই প্রামাণ্য দলিল হেলায় পড়ে থাকবার খবর। আর তা থেকে কী করে ছবি তৈরি হচ্ছে–সে কথাও জানলো সকলে ।
মুক্তির গান আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল '৯৬ তে–স্বাধীনতার রজত জয়ন্তীর বছরে। কিন্তু তার আগেই দেশজুড়ে ছবি নিয়ে আলোচনা। এই প্রচারের কায়দাটা ততদিনে তারেক ভাই বুঝে ফেলেছিলেন। ফলে মুক্তির গান তার জন্য এক লহমায় যেন ছোট্ট একটি গণ্ডী পেরিয়ে স্টারডমের বিশাল দরোজা উন্মুক্ত করে দিল। ক্রমশঃ দেখছিলাম, মানুষটা একটু একটু করে অচেনা হয়ে যাচ্ছেন। কখনো কখনো তার আচরণে কষ্টও পেয়েছি। এটি শুধু আমার নয়, নিশ্চয়ই আরো কোনো কোননো বন্ধুর ক্ষেত্রে হয়েছে।
তবে এই ছবি তাকে তারকাখ্যাতি দিলেও ছবির নির্মাণ ও পরবর্তীতে তা রিলিজ করতে গিয়ে তারেক মাসুদের ক্ষোভ, বেদনা, দুঃখ আর অর্থকষ্টের খবরগুলো অনেকেই জানতো না। 'আর্টফিল্মের' এক প্রযোজক যিনি দেশে ভাল ছবির নির্মাতা খুঁজে পান না বলে কলকাতা থেকে পরিচালক এনে ছবি নির্মাণ করান–সেই ব্যক্তি তারেক ভাইর ছবিটি রিলিজ করবার দায়িত্ব নিতে অঙ্গীকার করেও শেষ মুহূর্তে হঠাৎ করে অনাগ্রহ দেখাতে শুরু করেন। মুক্তির গান-এর মুদ্রণ সহ যাবতীয় কারিগরি কাজ প্রায় পুরোটাই নিউইয়র্কে করা হয়। কাজেই এই বিপুল খরচের অর্থ যোগাড়ে তখন তারেক মাসুদের 'মাথার ঘায়ে কুত্তা পাগল'-এর মতো অবস্থা। একদিকে নিউইয়র্ক থেকে ক্যাথরিন ল্যাবের পাওনা পরিশোধে তাগাদা দিচ্ছেন, অন্যদিকে তারেক ভাই ছবির জন্য অর্থ সংগ্রহে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। কত মানুষের কাছে যে এসময় তাকে যেতে হয়েছিল–সে গল্প প্রায়ই শুনতাম।
অনেক কাঠ-খড় পুড়িয়ে অবশেষে মুক্তি পেল মুক্তির গান। তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান অডিওভিশন থেকেই ছবি মুক্তির উদ্যোগ নেয়া হলো। পাবলিক লাইব্রেরি উপচে পড়লো দর্শক। মধ্যবিত্ত ছবি দেখে না–এ ছবি যেন তা ভুল প্রমাণ করলো। এরপর তারেক ভাই ছবি নিয়ে বেরুলেন ঢাকার বাইরে। দেশজুড়ে চললো প্রদর্শনী। কখনো কখনো খোলা মাঠেও দেখানো হয়েছে এ ছবি। নানা জায়গায় এ ছবির শিল্পীরাও হাজির থেকেছেন। নানারকম কমেন্টস আসে। সেখানেও তার আরেক উদ্ভাবনী খেলা। পরের ছবি মুক্তির কথা নির্মাণের মাল-মশলাও সংগৃহীত হলো এ ছবি প্রদর্শনীর মাঝ দিয়ে।
মুক্তির কথাতেও তার ক্যামেরাসঙ্গী মিশুক ভাই। এ ছবি এক অর্থে আমাদের মুক্তিযুদ্ধের সাব-অলটার্ন সংস্করণ বলা চলে। কথ্য ইতিহাসের কায়দায় তোলা এ ছবির কোনো কোনো সিকোয়েন্স নিয়ে আপত্তি থাকলেও অনেক দর্শককেই ছবিটি আকৃষ্ট করেছিল।
এরপর মাটির ময়না তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। তখন ব্যক্তিগত জীবনযাপনের নানা ব্যস্ততা ও আরো নানা কারণে তার সাথে নিয়মিত যোগাযোগ ঘটতো না। তারপর অন্তর্যাত্রা করলেন, ২-৩ বছর পর ছোট্ট ছবি নরসুন্দর–যে ছবিটির গল্প তার কাছেই বহুবার শুনেছিলাম সেই নব্বই দশকের গোড়ায় যখন আমেরিকা থেকে ফিরেছেন। আর সর্বশেষ করলেন–রানওয়ে।
গেল সাত-আট বছরে যোগাযোগ প্রায় অনিয়মিতই হয়ে উঠেছিল। সম্ভবতঃ ২০০৩-এ একবার বাংলাদেশের প্রামাণ্যচিত্র বিষয়ক একটি গবেষণাধর্মী লেখার প্রয়োজনে তার সাথে ক'দিন টানা আলাপ হয়। একদিন কথায় কথায় জানালেন, তথাকথিত এই –'শর্টফিল্ম', মুক্তদৈর্ঘ্য ইত্যাদি শব্দে তিনি আর বিশ্বাস করেন না। তার ভাবনায় এটি আসলে Independent cinema। তার যুক্তি আংশিক মেনে নিয়েও সেদিন অনেক তর্ক করেছিলাম তার সাথে। শেষে ভাল লাগছিল এই জন্য যে তিনি ব্যাপারটি সিরিয়াসলি নেন নি।
মনে পড়ে এই 'খাটো ছবি' কথাটিও তারই নামকরণ। আমরা যখন শর্ট ফিল্ম, অল্টারনেটিভ ফিল্ম ইত্যাদি শব্দ নিয়ে ক'টকচালি বেশি করছি, তিনি রীতিমতো টিটকারি দিয়েই বলেছিলেন–'তোমরা তো সব খাটো ছবির নির্মাতা। যারা এই ছবি বানায় তাদের সাইজ দেখ না।' তার এই অর্থবহ ইঙ্গিত অনেককেই প্রবল হাসির খোরাক দিয়েছিল। শুধু 'খাটো ছবি' কেন–একবার এক বন্ধু ছবি করলেন। ২০ মিনিট ব্যাপ্তির পুরো ছবির প্রায় ১৪-১৫ মিনিট জুড়েই ছবির মূল চরিত্র দৌড়ে চলেছে। তারেক ভাই এর নাম দিলেন–'দৌড় ভিত্তিক চলচ্চিত্র'। এটিও নাকি বাংলাদেশে এ জাতীয় ছবির একটা বৈশিষ্ট্য। সে নিয়েও ৪৬ নিউ এলিফ্যান্ট রোডের শর্ট ফিল্ম ফোরাম অফিসে প্রবল হাসাহাসি আর রসিকতা হয়।
গেল বছর এক বিকেলে ফিল্ম আর্কাইভের এক অনুষ্ঠানে যাচ্ছেন–শেরাটনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই আলাপ। আমার সাথে তখন তার পুরনো বন্ধু ইউনিসেফে কর্মরত সাইদ মিল্কীও ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় বললাম, 'আমি আপনাদের এ জগতের মানুষ নই আর।' স্বভাবসুলভ খোঁচা দিয়ে সেদিন বলেছিলেন, 'এতদিন পর বুঝলা।' সেদিন খানিক আহত হলেও পরে ভেবেছি তার কথাই হয়তো সত্যি। কারণ জীবনপণ করেই কাজ করতে এসেছিলেন সিনেমায়। আমরা অনেকেই তার স্ট্রাগলটা কাছ থেকে দেখেছি, কিন্তু অতটা desperate হইনি কখনো। নিজের কাজটা তুলে আনবার বেলায় তারেক ভাই প্রচণ্ড স্বার্থপর ছিলেন। হয়তো অনেক সৃজনশীল মানুষই তেমনটা হয়ে থাকেন। কিন্তু তার এই স্বার্থপরতাই তাকে সৃষ্টির স্বাদ দিয়েছে। আর বাংলাদেশ পেয়েছে মুক্তির গান, মুক্তির কথা, মাটির ময়না, অন্তর্যাত্রা কিম্বা রানওয়ের মতো ছবি।
তারেক মাসুদের সাথে না হলেও মিশুকের সাথে যোগাযোগটা সম্প্রতি নতুন করে তৈরি হয়েছিল আবার। মাঝে এক দশক দেশে ছিলেন না। বন্ধু তন্ময়ের কারণে খবর পেতাম কী করে তার জীবন ওয়াশিংটন আর কানাডার টরেন্টো করে কাটছে। এর আগে 'একুশে টিভি' চালুর সময় তার পরিশ্রম আর দায়িত্বের কথা তো এখন সবাই বলে। তখন অবশ্যি নিয়মিত যোগাযোগ হতো না। কিন্তু এক দশকের প্রবাস জীবন কাটিয়ে দেশে যে ফিরেই আসবেন ভাবিনি। হৃদয়ের গভীরে এখনও গেঁথে আছে সেই হাসিটি। গেল মাসে এটিএন নিউজ-এ তার অফিসে দেখা করতে গেলাম। তারপর অফিস থেকে বেরিয়ে দুজনে চলে গেলাম কফি শপ Barista-য়। কফি খেতে খেতে কত আলাপ সেদিন। বেশির ভাগ জুড়েই টেকনিক্যাল নানা বিষয়। বুঝলাম নতুন অফিসের বস হিসেবে রীতিমতো জড়িয়ে গেছেন। তাদের টিভি স্টেশনে প্রচারিত একটা নিউজ নিয়ে কথা হলো–বললেন 'এসব চাপ তো আসবেই। পাত্তা দেই নাকি এইসব।' বেমক্কা প্রশ্ন করে বসেছিলাম, যদি বেশি ঝামেলা হয়? তার উত্তরটাও যেন রেডি–'কী আর হইবো, যামু গিয়া।'
আজ ভাবি কী অবলীলায় সেদিন বলে ফেলেছিলেন কথাটি মিশুক ভাই। প্রায় আড়াই দশক আগে শহীদ মুনীর চৌধুরীর ফুলার রোডের বাসায় প্রথম দিনের পরিচয়েই যে মানুষটিকে বড্ড আপন আর দিলখোলা মনে হয়েছিল–শেষ দেখায় সেই হাসিটিই লেগেছিল তার মুখে। সেদিন অফিসে তাড়া ছিল বলে আমাকে ফেলেই চলে গেলেন। কিছু কাজের কথা হয়েছিল সেদিন, শুনে বললেন, চলো সময় করে একদিন বসবো।
ঘোর কাটে নি এখনও। মনে হয় দুঃস্বপ্ন দেখছি যেন। জেগে উঠে দেখবো সব ঠিক আছে। পত্রিকায় খবর পাবো, তারেক ভাইয়ের নতুন ছবির শ্যুটিং অনেক দূর এগিয়েছে। মিশুকের সাথে দেখা করতে একদিন অফিসে যাবো। তারপর আবার Barista- য়। তুমুল আলাপ আর আড্ডা হবে, হাসি আর মাঝে মাঝে রসিকতাও থাকবে। কেবল থাকবে না দুঃস্বপ্নটা। এই দুঃস্বপ্নের কাল কেমন করে কাটাবে ক্যাথরিন। তারেক মাসুদের হয়ে উঠবার পেছনে সবচাইতে বড় অবদান যার। আর সজ্জন মানুষ মামুন ভাই–ঢালী আল মামুন। দু'দশক আগে তারেক ভাইর কারণেই যার সাথে পরিচয়, আলাপ। নানা সময়ে তার প্রদর্শনী আর ইন্সটলেশন দেখে কেবল মুগ্ধ হতাম। কবে ফিরতে পারবেন তিনি স্বাভাবিক জীবনে।
চোখের জলেই ধুয়ে যাবে সব–তারেক মাসুদের স্টারডম কিম্বা স্যাটায়ার। মিশুকের সেই মন ভোলানো মুচকি হাসি, স্বতস্ফূর্ততা। হোটেল 'বুলবুল'-এ কি তারেক ভাই আরেকটি রাত যাপন করবেন। কোনো এক রোদ ঝলমলে দিনে মিশুকের সাথে দেখা করতে তারেক-ক্যাথরিন কি ফুলার রোডের বাসায় যাবেন আরেকবার? ক্যাথরিনের চোখে রোদ চশমা দেখে মিশুক কি বলে উঠবে আবার–'গোরে গোরে মুখপে কালা কালা চশমা।'
এসবই এখন কল্পনা। ৪৬ নিউ এলিফ্যান্ট রোড হাওয়ায় মিলিয়ে গেছে। আর তারেক মাসুদ-মিশুক মুনীরের স্মৃতিই কেবল বেঁচে আছে এখন। আছে বেদনা, দীর্ঘশ্বাস আর চোখের জল। একটা প্রবল ক্রোধ আর ক্ষোভ কেন থাকবে না সেই সাথে। ওদের দুজনকেই জিজ্ঞেস করি না কেন?
লেখকের আর্টস প্রোফাইল: তারেক আহমেদ
ইমেইল: bulbultareq@gmail.com
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts
