২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলিসুফিয়া কামাল: আমাদের মননে সাহসে চেতনায়

বেবী মওদুদ

Published : 20 Jun 2011, 12:10 AM

Updated : 02 Sep 2022, 08:37 PM

Image
igal_2.gif

………
বেগম সুফিয়া কামাল (১৯১১–১৯৯৯), ১৯৫৪
………

সুফিয়া কামালের একশতম জন্ম বার্ষিকীতে আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমার কাছে তিনি একটি গ্রন্থসম স্মৃতি। তিনি আমার মায়ের মত অভিভাবক ছিলেন, আমাকে বকতেন, আদর করতেন, পরামর্শ চাইলে দিতেন, নিজের জীবনের কত কথাই না বলতেন। এছাড়াও সমাজ ও দেশের নানা বিষয় নিয়েও তাঁর সঙ্গে আলোচনা হত।

মৃত্যুর আগেও নিয়মিত কাগজ পড়তেন ও রেডিওতে খবর গান শুনতেন। টিভিতে ভালো কোনও অনুষ্ঠান থাকলে দেখতেন। সাহিত্য, সাংস্কৃতিক ও ছাত্রদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও যেতেন। ঝড়-জলোচ্ছাস-বন্যা-দুর্ভিক্ষ যেখানেই হোক ত্রাণসামগ্রীসহ সঙ্গীদের নিয়ে সুফিয়া কামালের উপস্থিতি আমাদের উজ্জীবিত করে তুলতো। মানুষ তাঁকে দেখার জন্য, তাঁর কথা শোনার জন্য ভিড় করে থাকতো।

Image
baby-apa-sufia-k.jpg


সুফিয়া কামালের সাথে লেখক

ঢাকায় ও বাইরে জেলা-গ্রাম-গঞ্জ যেখানে তাঁর সঙ্গে সভায় মিছিলে থেকেছি, দেখেছি কী বিপুল শক্তি তাঁর ছিল। আমাদের তারুণ্যের সময় তিনি ছিলেন এক উজ্জল আদর্শ । তাঁর স্নেহময় ছায়ায় আমরা মঙ্গল ও কল্যাণের শিক্ষা নিয়েছি, দীক্ষা নিয়েছি কাজ করে যাবার। শেষজীবনে অসুস্থতার কারণে বাইরের কোনও অনুষ্ঠানে যেতে পারতেন না। পহেলা বৈশাখে রমনা বটমূলে, শহীদ মিনারে ফুল দিতে যেতে না পারায় দুঃখ করতেন। এজন্য চোখের কোণে অশ্রুও আমি দেখেছি।

সুফিয়া কামালকে আমি প্রথম চিনি পঞ্চম শ্রেণীর পাঠ্যবইয়ে তাঁর লেখা 'পল্লীস্মৃতি' কবিতাটি পড়ে, যার পংক্তি এখনও আমার মনে আছে। ছোটবেলা থেকেই আমার জীবন শহরে কেটেছে, তাই তাঁর পল্লীস্মৃতি আমাকে ভীষণ আকৃষ্ট করে। এ বয়সেই 'পথের পাঁচালি' পড়ার দুঃসাহস হয়। সুতরাং পল্লীর প্রকৃতির প্রতি তখন থেকেই আমার আকর্ষণ। নিজেও কবিতা লেখার চেষ্টা করতাম। তখন আমার মায়ের কাছে শুনলাম, আমার জন্মের সময় কবি সুফিয়া কামাল তাঁর কাছে ছিলেন। তিনিই আমাকে প্রথম কোলে নিয়ে স্নেহ চুম্বন ও আর্শীবাদ করেন। আমার মা তাঁকে বলেছিলেন, 'দোয়া করবেন যেন আপনার মত হয়।" মায়ের কাছে একথা শোনার পর আমি তাঁকে আদর্শ হিসেবে অনুসরণ করি। আমি যখন রাওয়ালপিন্ডিতে কলেজে পড়ি, তখন আমরা একটা ছাত্র সংগঠন গড়ে তুলি 'পূর্ব পাকিস্তান ছাত্র পরিষদ' নামে। আমরা একটা হাতে লেখা সাইক্লোস্টাইল পত্রিকা প্রকাশ করি 'প্রবাসী' নামে। আমি ঢাকায় ছোটদের পত্রিকায় নিয়মিত লিখতাম। 'সবুজ পাতা'র সম্পাদকের কাছ থেকে সুফিয়া কামালের ঠিকানা নিয়ে তাঁকে একটা চিঠি লিখলাম আমাদের পত্রিকার জন্য কবিতা চেয়ে, কিন্তু কোনও পরিচয় দিলাম না। তিনি কবিতা পাঠালেন এবং সুন্দর একটা চিঠি লিখেছিলেন যার একটি বাক্য আমার এখনও মনে আছে। তিনি লিখেছিলেন, 'কোন কাজই ফেলে রাখতে হয় না। যত ছোট বা বড়ই হোক শেষ করে ফেলতে হয়।' আমি তাঁর মধ্যেও এর রূপায়ন দেখেছি।

১৯৬৭ সালের এপ্রিল মাসে ঢাকায় আসার পর আমি তাঁকে প্রথম দেখি। ধানমণ্ডি ৩২ নং রোডের শেষ মাথায় 'সাঁঝের মায়া' বাড়িটির বাঁশের গেট খুলে ঢুকতেই যেন এক বাংলার পল্লীতে ঢুকলাম। ফুল ও ফল গাছে ভরা এই সবুজ ছায়াশীতল বাড়িটিতে যখনই গিয়েছি যেন শান্তির সুবাস পেয়েছি। মাটি আর ঘাসে ভরা পথটি ধরে পায়ে পায়ে হেঁটে একতলা বাড়িটির সিঁড়ির পাশে লজ্জাবতী গাছটি একবার ছুঁয়ে তার সব পাতা লজ্জায় ঢেকে দিতাম। দরজা প্রায়ই খোলা থাকতো। বারান্দায় বসে কখনও তিনি একা বসে বই পড়তেন। কখনও বা কামাল চাচা, টুলু-লুলুর সঙ্গে বসে গল্প করছেন। বলতেন, 'বৃষ্টি হলে এখানে বসে থাকতে খুব ভালো লাগে। বৃষ্টির পানি, মাটি ও ঘাস পাতার কী সুন্দর একটা গন্ধ ভেসে আসে।' শেষ দিকে বেশির ভাগ সময় নিজের ছোট্ট ঘরটিতে বসে বা শুয়ে থাকতেন। বাইরের দরোজা খোলা। একটা দুটো পাখি উঠোনে বসে আছে। শীত বিকেলের শেষ রোদটি মুছে মুছে যাচ্ছে, তিনি চেয়ে চেয়ে দেখতেন। মুখখানা তাঁর মমতায় ভরা থাকতো, আর সেই চাঁপা ফুলের মতো হাসিটি যারাই দেখেছেন, কারুর পক্ষেই ভুলে যাওয়া সম্ভব নয়।

তাঁর কাছে প্রথম যেদিন গেলাম, মুগ্ধ হয়ে চোখ ভরে দেখলাম। মায়ের মমতায় ভরা মুখখানা, জননীর প্রতিকৃতি। আমি তাঁর পায়ে হাত দিতেই বুকে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে আশীর্বাদ করলেন। বললেন, 'এসো এসো, সেই জন্মের সময় দেখেছি, আজ বড় হয়েছ দেখছি।' এরপর যখনই তাঁর কাছে গিয়েছি, তাঁর এই স্নেহ ভালোবাসায় সর্বদা আপ্লুত থেকেছি। সেই ১৯৬৯ সালে তাঁর জন্মদিনে আমি সাপ্তাহিক ললনার জন্য তাঁর একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। তাঁকে অনেক সময় রাতে ফোন করে কবিতা লিখে রাখতে বলেছি যেন সকালে গিয়ে পাই। সকালে না যেতে পেরে বিকালে গেলে মিষ্টি করে বকতেন, "আমাকে দিয়ে রাত জেগে কবিতা লেখালেন আর উনি এলেন বিকাল বেলায়।" তাঁর স্নেহ ভালোবাসার কথা কখনও মুছে ফেলতে পারবো না। তিনি আমার আত্মার যেন পরমাত্মীয় হয়ে ওঠেন। যখনই প্রয়োজন পড়তো, মন খারাপ করতো, তাঁর কাছে গিয়ে বসতাম, কত কথা, কত স্মৃতি তাঁকে জড়িয়ে রেখেছে সর্বদা।

আমরা তো রোকেয়াকে দেখিনি, রোকেয়ার লেখা পড়ে পড়ে তাঁর আদর্শের কন্যা হতে চেষ্টা করেছি। আমরা সুফিয়া কামালকে দেখেছি, তার কথা শুনেছি, তার সাহস ও শক্তির ছায়ায় উজ্জীবিত হয়েছি–গঠনে ছোট অথচ কোমল-কঠোরে তিনি ছিলেন অনেক বড় মাপের একজন মানুষ। প্রাতিষ্ঠানিক শিক্ষার্জন করতে পারেন নি তাঁর সময়ের অবরোধ প্রথার কারণে। এজন্য একটা দুঃখবোধ তাঁর ছিল। কিন্তু সদিচ্ছা, আগ্রহ ও সাহস সেই অবরোধের বেড়াজাল ভেঙ্গে তাঁর জ্ঞানের সাধনাকে প্রসারিত করেছে। মায়ের কাছে অক্ষরজ্ঞান লাভ, তারপর সাহিত্য পড়তে পড়তে তিনি কবিতা লেখা শুরু করেন, পত্রিকায় প্রকাশিত হলে খুব দ্রুত কবি খ্যাতি লাভ করেন। তাঁর স্মৃতি কথায় লিখেছেন "….. নাহার কলকাতায় এল, তখন নাহার বোরখা পরত। ওই বেগম রোকেয়ার এখানেই নাহারের সাথে আমার প্রথম দেখা। আজীবন আমরা দু'জনে বন্ধুভাবে একসাথে কাজ করেছি। শামসুন্নাহার মাহমুদকে বেগম রোকেয়া একসময় দুঃখ করে আমার কথা বললেন যে, ওই মেয়েটিও যদি ম্যাট্টিকটা পাশ করত, তবে ওত কবি হয়ে গেছে ওত ফুল কবি। আমাকে ডাকতেন 'ফুল কবি' বলে। তা ফুল কবি হয়েও সমাজের কাজ করতে হবে। এইটা উনি আমাকে বলেছিলেন। তিনি বলেছেন, দেখ, বেশি লেখাপড়া শিখবার দরকার নেই। ম্যাট্টিক পাশ করেছে নাহার, সে বি.এ পড়বে, এম. এ. পড়বে জজ ম্যাজিস্ট্রেট হবে, যাই হবে সেটাই আমরা আশা করি। কিন্তু তোর মধ্যে সেই আশাটা না করলেও তুই যে কবি হয়েছিস, তুইও সমাজের কাজ করতে পারবি। তোর লেখার ভেতর দিয়ে সমাজকে জাগিয়ে তোল। এই কথাটা উনি আমাকে বলেছিলেন। আমার চোখে পানি আসছে। এত সুন্দর করে কথাটা বলেছিলেন। বড় আদর করতে হবে। উনি বলতেন আমরা এইটাত চাইনা যে, মেয়েরা স্বাধীন হবে মানে কি? যে স্বাধীনতা আমাদের ইসলাম দিয়েছে, সেই স্বাধীনতাটুকু আমাদের মেয়েদের থাকবে লেখাপড়া শেখা একসাথে, মেয়ে-ছেলের সমতা, সমান অধিকার থাকবে, সমান দায়িত্ববোধ, এইটা ত ইসলামের কথা।" (সেকালে আমাদের কাল: সুফিয়া কামাল)

রোকেয়া নারী জাগরণের যে প্রদীপটি জ্বালিয়ে দিয়ে যান, সুফিয়া কামাল তা দেশব্যাপী ছড়িয়ে দিয়ে যান। নারী শুধু শিক্ষার্জন করেই বসে থাকেনি, সে তার জ্ঞান ও দক্ষতা দিয়ে আজ সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছে। বিংশ শতাব্দীর শুরুতে রোকেয়ার সঙ্গী ছিলেন সুফিয়া ও শামসুন্নাহার, আর শতাব্দী শেষে সুফিয়ার পেছনে আমরা লক্ষ লক্ষ নারীকে সংগঠিত হতে দেখি নারীর অধিকার আদায়ের লক্ষ্যে।

সুফিয়া কামাল তাঁর সময়ের একজন খ্যাতিমান কবি ছিলেন। রবীন্দ্রনাথ ও নজরুলসহ সকলের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন। শুধু কবিতা লিখেই বসে থাকেননি। সমাজের ডাকে, জনকল্যাণের স্বার্থে, দেশের রাজনৈতিক আন্দোলনে, মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে, সাংস্কৃতিক আন্দোলনে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তিনি রাজপথে জনগণের মাঝে এসে দাঁড়িয়েছেন। বিবেক সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে তিনি একাত্ম হয়েছেন দেশ ও জাতির মুক্তির লড়াইয়ে স্বাধীনতার দাবিতে। তাঁর বুদ্ধিমত্তা, সাহস ও মমত্ববোধ তাকে পরিচালিত করেছে সমাজের প্রতি দায়িত্ব পালনে–এখানেই তাঁর মহত্ব।

১৯১১ সালের ২০ জুন তাঁর জন্ম (১০ আষাঢ় ১৩১৮ সন), ১৯৯৯ সালের ২০ নভেম্বর তাঁর মৃত্যু। আটাশি বছর বয়স পর্যন্ত তিনি আমাদের কাছে ছিলেন চলমান ইতিহাস হিসেবে। দীর্ঘ জীবনের নানা অভিজ্ঞতা, জীবনযাপনে অনেক টানাপোড়েন সত্ত্বেও বিংশ শতাব্দীর একজন আদর্শ শুদ্ধতম বাঙালি হিসেবে সর্বজনশ্রদ্ধেয় মানুষ হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। আজ তাঁর শততম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে, অথচ তিনি নেই। আটাশিতম জন্মবার্ষিকীতে তাঁর উজ্জ্বল উপস্থিতি আমাদের মনে আছে। ফুলে-ফুলে, গানে-গানে শ্রদ্ধায় ভালোবাসায় আমরা তাকে স্মরণ করেছি। দেখেছি আনন্দ ও খুশি ভরা মুখখানা, শান্ত-স্নিগ্ধ কোমল-কঠোরে সাহসে-শক্তিতে অটল। তিনি আমাদের কাছের মানুষ, মনের মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা অশ্রু ভারাক্রান্ত হয়েছি, শোকাচ্ছন্ন হয়েছি সত্য, কিন্তু তাঁর সেই চাঁপা ফুলের হাসিভরা মুখখানা আমাদের চোখ থেকে মুছে যায়নি, আমাদের মন থেকেও মুছে যায়নি তাঁর স্মৃতি। তিনি যুগ ও কালকে উত্তীর্ণ হয়ে সদা জাগ্রত হয়ে থাকবেন আমাদের মননে-সাহসে-চেতনায়।
১৬ জুন ২০১১

লেখকের আর্টস প্রোফাইল: বেবী মওদুদ
ইমেইল: baby.maudud@gmail.com

——–
ফেসবুক লিংক । আর্টস :: Arts

Image
free counters